নাটোর পল্লী বিদ্যুৎ অফিসের মুখে একটা ছোট্ট লন্ড্রি। একচালা টিনের ঘর। সে ঘরের ভেতরে কুঁজো হয়ে দাঁড়িয়ে একজন ফরসামতো লোক আপন মনে একটি টেবিলের ওপর কাপড় বিছিয়ে ইস্তিরি করে চলেছেন। সুনসান রাস্তা। অফিস ছুটি হয়ে গেছে একটু আগেই। তাই লোকজনের ভিড়ও তেমন নেই। হেমন্তের হিম হিম হাওয়া লাগছে গায়ে। অথচ লন্ড্রির ভেতরে থাকা লোকটার গায়ে মাত্র একটা স্যান্ডো গেঞ্জি। আপন মনে ইস্তিরি ডলে চলেছেন।কাছে গিয়ে ডাক দিলাম, ‘ভাই, শুনেছেন?’‘হুঁ, কাপড় আনছেন?’‘না, আমি কাপড় ধুতে দেওয়ার জন্য আসিনি। হাঁটতে বেরিয়েছি। হঠাৎ আপনার লন্ড্রির এই বোর্ডটার দিকে নজর পড়ল। টুকরো টুকরো অনেক পেপার কাটিং লাগানো। ব্যাপার কী, তাই দেখতে এলাম।’‘বেশ, দ্যাখেন।’ উদাস কণ্ঠে তিনি আবার তাঁর কাজে মনোনিবেশ করলেন। আমি চোখ তুলে সেসব পেপার কাটিংয়ের কিছু পড়ার চেষ্টা করলাম, ‘১০০ বছর বাঁচতে হলে জাপানিদের মতো সবজি ও সামুদ্রিক মাছ খান’, ‘স্ত্রীর ওপর রাগ করে ১৫ বছর ধরে গাছের মাথায় বসে আছে এক ভারতীয় কৃষক’ অথবা ‘দেশে এখন বাটি চালান দিয়েও সত্যিকারের রাজনীতিবিদ পাওয়া যাবে না’—বেশ মজার মজার সংবাদ তো! বিচিত্র সব সংবাদে ঠাসা বোর্ডখানা।পড়তে পড়তে আমার চোখের পলক আর পড়ে না। কিন্তু লোকটা আমার দিকে আর তাকান না। খানিক বাদে জিজ্ঞেস করলাম, ‘নাম কী ভাই, আপনার?’‘আফসার উদ্দিন ওরফে বাবু। বয়স ৪০, বাড়ি মোহনপুর।’‘আমি তো আপনার বাড়ি কোথায়, জিজ্ঞেস করিনি।’‘করেননি। কিন্তু এর পরের প্রশ্নেই তা করতেন। যেমন এর পরের প্রশ্ন করবেন, আমি এসব কেন করেছি অথবা কত দিন ধরে এই পাগলামি করছি।’‘আশ্চর্য! আপনি কী করে বুঝলেন?’‘অ্যালজেব্রা সহজ, পাটিগণিত কঠিন। যে সূত্র জানে সে সহজে অঙ্ক করতে পারে। এখানে যারা লন্ড্রিতে আসে, তাদের অনেকেই কয়েক বছর ধরে আমাকে এসব প্রশ্নই করে যাচ্ছে।’‘হ্যাঁ, ঠিক করে বলুন তো, এই অদ্ভুত শখ আপনার কেন হলো? খবরের কাগজ পড়ে এমন মজার মজার সংবাদের শিরোনাম কেটে কেন এভাবে চোখের সামনে বোর্ডে লাগিয়ে রাখেন?’‘মজা পাই। খবরের কাগজে যত মজার মজার খবর বের হয়, সব পড়ি। সেসব খবর তো পরদিনই লোকচক্ষুর আড়ালে হারিয়ে যায়। আমি সেসব সংবাদের কিছু কিছু সংবাদ দীর্ঘদিন ধরে লোকদের চোখের সামনে ঝুলিয়ে রাখি, যাতে তারা বারবার পড়ে আনন্দ পায়, কিছু পালনীয় কাজও স্মরণ করতে পারে, পড়ে গিয়ে অন্যদেরও বলতে পারে।’ ‘তাতে লাভ কী?’‘লাভ-লোকসান বুঝি না। এসব করে আনন্দ পাই, তাই করি।’ বাবু ভাই এবার সত্যি সত্যি তাঁর ফরসা মুখে একটা আনন্দের হাসি খেলিয়ে দিলেন। ভাবলাম, মানুষের আসলে কত বিচিত্র শখ যে আছে!‘কত দিন ধরে এই কাজ করে যাচ্ছেন?’‘প্রায় ২০ বছর ধইরে করিচ্ছি।’ নাটুরে ভাষায় তাঁর জবাব পেলাম। শুরুটা এক মজার সংবাদ দিয়ে। সামর্থ্য না থাকায় এখনো ঢাকার কোনো বড় কাগজ পড়ার সুযোগ হয় না। মফস্বল থেকে প্রকাশিত বিভিন্ন কাগজ আগে দুই টাকায় কিনতেন, পড়তেন এবং পড়ার পর তার পোস্টমর্টেম করে মজার সংবাদগুলোকে লন্ড্রির বেড়ার সঙ্গে লাগানো একটা কাঠের বোর্ডে আঠা দিয়ে লাগাতেন। বোর্ড ভরে গেলে আবার নতুন নতুন সংবাদের শিরোনামে সে বোর্ড ভরে দিতেন। এভাবেই চলছে তাঁর সংবাদ সংগ্রহ ও অস্থায়ী আর্কাইভের প্রয়াস।ফের বললাম, ‘লোকজন এসব দেখে কী বলেন?’‘ভালোই বলেন। বলেন, তুমি তো বেশ মজার মানুষ। ইত্যাদি তোমারে দ্যাখে না? বলি, মুই হলাম গিয়ে গাঁও-গেরামের মানুষ। ইসব কি আর কিছু কবার না দ্যাখপার মতন বিষয়?’কথার ফাঁকে ফাঁকে আমি তাঁর বোর্ড থেকে আরও কিছু মজার মজার সংবাদ পড়ার চেষ্টা করি, ‘৭৮ কারণে চিনি এড়িয়ে চলুন’, ‘ভালোবাসা দিবসে ভাবিকে চুমু, ২০০ টাকা জরিমানা’, ‘প্রতিদিন ব্যাগে করে নাশতা নিয়ে অফিসে আসেন ইরানের প্রেসিডেন্ট’, ‘বেশিক্ষণ টিভি দেখলে আয়ু কমে’, ‘বিড়ালের নামে ১০০ কোটি টাকার সম্পদ লিখে দিলেন ইতালির এক বৃদ্ধা’ ইত্যাদি ইত্যাদি।বাবু ভাইকে বললাম, ‘কত দিনের পুরোনো সংবাদ এখন আপনার এই বোর্ডে আছে?’‘প্রায় ১০ বছরের পুরোনো সংবাদও এখানে আছে। ওই, ওই যে সংবাদটা দেখছেন ১০০ বছর বাঁচতে হলে...বগুড়ার পেপারে বেরিয়েছিল। আমরাও তো ১০০ বছর বাঁচতে চাই। যদি জাপানিদের মতো শাকসবজি আর সামুদ্রিক মাছ খেলে তা পারা যায়, তাহলে আমাদের সবারই তা করা উচিত। এখানে এসে যারা এসব খবর পড়ে, তাদের অনেককেই এ রকম নানা সংবাদ দেখিয়ে সচেতন হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করি। আমিও সে কাজ করে আনন্দ পাই।’‘আপনি তো অনেক মজার মজার সংবাদ সংগ্রহ করেন। এবার আপনাকেই যদি আমি খবর করে দিই?’বাবু ভাই বিস্মিত হলেন, ‘মানে?’বুঝতে পারলাম, আমাদের দেশে খবর করা মানেই ভয়ংকর কিছু। তাই তাঁকে আশ্বস্ত করে বললাম, ‘না, আপনি যা ভাবছেন, ঠিক তা নয়, আপনার এই শখের কথাটা পেপারে লিখে দেব।’বাবু ভাই এক ভুবনভোলানো হাসিতে যেন উথলে উঠলেন, বললেন, ‘সত্যিই?’মৃত্যুঞ্জয় রায়