মজার গণিত

অনেকেই বলেন, গণিতকে ভয় পাই। আমার কিন্তু কখনো সে রকম মনে হয় না। আসলে আমাদের আমলে শিক্ষকেরা স্কুলেই এমন সুন্দরভাবে গণিত বুঝিয়ে দিতেন যে বড় বড় যোগ-বিয়োগ হেসে-খেলে করে ফেলতাম। আমরা খেলার মতো করে গণিত শিখেছি। যেমন ১০০০ থেকে যেকোনো একটি বড় সংখ্যা চট করে বিয়োগ করতে হবে। এর একটা খুব সহজ নিয়ম আছে। সেটি হলো, যে সংখ্যাটি বিয়োগ করতে হবে তার বাঁ পাশ থেকে প্রতিটি অঙ্ক (ডিজিট) ৯ থেকে বিয়োগ করি, কিন্তু শেষ অঙ্কটি বিয়োগ করি ১০ থেকে। তাহলেই বিয়োগ ফল পাওয়া যাবে। যেমন ১০০০ - ৮৭৯ = ? আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে (৯ - ৮) = ১, এরপর (৯ - ৭) = ২ এবং সবশেষে (১০ - ৯) = ১। সুতরাং ১০০০ - ৮৭৯ = ১২১! যদি ১০০০ থেকে ১০০০-ই বিয়োগ করতে হয়, তাহলে আর এই নিয়মের দরকার নেই, বিয়োগফল তো শূন্য। আর পাটিগণিতের সাধারণ নিয়মে ১০০০ থেকে ১০০০-এর চেয়ে বড় কোনো সংখ্যা বিয়োগ করা কঠিন, কারণ বিয়োগফল তো হবে ঋণাত্মক। সেটা এই নিয়মে পড়বে না। যদি সে রকম বিয়োগ করতেই হয়, তাহলে সহজ নিয়ম হলো বড় সংখ্যাটি থেকে ১০০০ বিয়োগ করে বিয়োগফলের আগে একটি বিয়োগ চিহ্ন বসিয়ে দিতে হবে। যেহেতু ১০০০ সংখ্যাটির তিনটি অঙ্কই শূন্য এবং অপরটি ১, তাই যেকোনো সংখ্যা থেকে ১০০০ বিয়োগ করতে হলে চোখের পলকেই ফল বের করে বলে দেওয়া যায়। যেমন: (১০০০ - ১৫৩৪) = - (১৫৩৪ - ১০০০) = - ৫৩৪!
আপনি বন্ধুর দাওয়াতে গেছেন। তাদের মনোযোগ আকর্ষণের জন্য বললেন, ৬১৭৪ একটি ম্যাজিক সংখ্যা। সবাই বলে উঠল, কীভাবে? কী জাদু আছে এই সংখ্যায়? এর মধ্যে তো এমন কোনো ছন্দও নেই। আপনি বললেন, একটু সবুর করো, দেখোই না কী মজা! এরপর আপনি বন্ধুদের হাতে কাগজ-কলম ধরিয়ে দিয়ে বললেন, সবাই যার যার ইচ্ছেমতো চার অঙ্কের একটি করে সংখ্যা লেখো। এর অন্তত একটি অঙ্ক অন্যগুলোর চেয়ে আলাদা হতে হবে। এবার অঙ্কগুলো বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে লেখো। একে বিপরীতক্রমে সাজাও এবং আগের যে সংখ্যাটি তুমি পেয়েছ, সেটি থেকে বিয়োগ করো। এরপর বিয়োগফলটিকে আবার বড় থেকে ছোট হিসাবে লিখে বিপরীতক্রমে সাজিয়ে বিয়োগ করো। এভাবে একই নিয়মে কয়েক ধাপ করার পর দেখা যাবে, প্রত্যেকেই শেষ পর্যন্ত ৬১৭৪ ম্যাজিক সংখ্যাটিতে পৌঁছে গেছে! যদিও বন্ধুরা সবাই একই সঙ্গে ম্যাজিক নম্বরটি পাবে না। একেকজন একেক সংখ্যা লেখার কারণে কেউ দুই ধাপ, কেউ হয়তো তিন বা চার ধাপে সংখ্যাটি পাবে। যেমন ধরা যাক, একজন লিখেছে ৩৮৫৬ সংখ্যাটি। একে প্রথমে বড় থেকে ছোট সাজিয়ে লিখলে সে ৮৬৫৩ সংখ্যাটি পাবে। বিপরীতক্রমে সাজিয়ে লিখলে হবে ৩৫৬৮। বিয়োগ করলে হবে (৮৬৫৩ - ৩৫৬৮) = ৫০৮৫। একে বড় থেকে ছোট সাজিয়ে লিখলে পাব ৮৫৫০। বিপরীতক্রমে সাজিয়ে পাব ০৫৫৮। বিয়োগ ফল (৮৫৫০ - ০৫৫৮ ) = ৭৯৯২। একে বড় থেকে ছোট সাজিয়ে লিখলে পাব ৯৯৭২। বিপরীতক্রমে সাজিয়ে লিখলে পাব ২৭৯৯। বিয়োগফল (৯৯৭২ - ২৭৯৯) = ৭১৭৩। একে আবার বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাব ৭৭৩১। এর বিপরীতক্রম সংখ্যাটি হবে ১৩৭৭। বিয়োগফল ( ৭৭৩১ - ১৩৭৭) = ৬৩৫৪। একে আবার বড় থেকে ছোট সাজাই একং একই নিয়মে বিপরীতক্রমে সাজিয়ে বিয়োগ করে পাব (৬৫৪৩ - ৩৪৫৬) = ৩০৮৭। এর পরবর্তী ধাপে একই নিয়ম অনুসরণ করে পাব (৮৭৩০ - ০৩৭৮ ) = ৮৩৫২। এর পরের ধাপে (৮৫৩২ - ২৩৫৮) = ৬১৭৪, ম্যাজিক সংখ্যা! অন্য কোনো সংখ্যা নিয়ে এই নিয়মে বিয়োগ করে করে দেখুন, প্রতিবারই এই ম্যাজিক সংখ্যা ৬১৭৪ পাবেন।
[email protected]