মঞ্জুর কি বলির পাঁঠা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর জেনারেল আবুল মঞ্জুর
মেজর জেনারেল আবুল মঞ্জুর

৩০ মে ১৯৮১, চট্টগ্রাম শহর এক ভৌতিক নীরবতার মধ্যে ছিল। সারা শহরের লোক জানে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়েছে এবং দেশে সেনাবাহিনী অভ্যুত্থান করেছে। অন্তত জিয়া হত্যার প্রথম ২৪ ঘণ্টা এ ধারণা ছিল। কারণ দুটি; প্রথম চট্টগ্রাম বেতার থেকে অনবরত সেনাবাহিনীর অভ্যুত্থান ঘোষণা, আর দ্বিতীয়ত ঢাকা থেকে এর বিরুদ্ধে বেশ বিলম্বিত প্রতিক্রিয়া।
চট্টগ্রামে আমরা যঁারা বেসামরিক সরকারি কর্মকর্তা ছিলাম, আমরা প্রথমে ধরে নিই যে জিয়া হত্যা সামগ্রিকভাবে পরিকল্পিত একটি অভ্যুত্থানের অঙ্গ। এ ধারণা ধীরে ধীরে ভাঙতে থাকে জেনারেল মঞ্জুরের সঙ্গে প্রথম সেদিন দুপুরের সাক্ষাতের পর এবং পরের দিন তাঁর বক্তৃতায়, যা তিনি আমার সভাকক্ষে (চট্টগ্রাম জেলা প্রশাসক) দেন সাংবাদিকদের উদ্দেশে। যে অভ্যুত্থানের সূচনা হয় একজন প্রেসিডেন্টকে হত্যার মাধ্যমে, তা কীভাবে ৪৮ ঘণ্টার মধ্যে বুদ্বুদের মতো মিলিয়ে যায় আর কোনো রক্ত ক্ষয় ছাড়া, এটা বোধ হয় আমরা তলিয়ে দেখার চেষ্টা করিনি।
জেনারেল মঞ্জুর যখন আমাকে আর বিভাগীয় কমিশনারকে ক্যান্টনমেন্টে ডাকেন তখনো আমাদের ধারণা, এটা সমগ্র সেনাবাহিনীর দ্বারা ঘটিত একটি অভ্যুত্থান। জেনারেল মঞ্জুর আমাদের ডেকেছেন হয়তো নতুন সরকার সম্পর্কে বলার জন্য। ধারণা আরও দৃঢ় হলো যখন মঞ্জুরের স্টাফ অফিসার মঞ্জুরের সঙ্গে মিটিংয়ের আগে বললেন যে দেশের সব ক্যান্টনমেন্ট এক জোট, শুধু ঢাকা সদর দপ্তর কিছু গড়িমসি করছে। এটা আমাদের জন্য কোনো সুখবর ছিল না। কারণ, এর অর্থ আরও ভোগান্তি আছে।
জেনারেল মঞ্জুরের সেদিনের বৈঠকের কথা আমি বিশদভাবে আমার বইতে লিখেছি। তবে সেদিনের বৈঠকের আরও কয়েকটি কথা বলতে চাই। প্রথম তিনি যখন বলেন যে একটি নতুন ‘বিপ্লবী সরকার’ গঠিত হয়েছে, তিনি বলতে পারলেন না বা বলতে চাইলেন না সরকারের সদস্য কারা। তাঁর এখানে কী ভূমিকা সেটা ব্যাখ্যা দিয়ে বলেন যে তিনি বিপ্লবী সরকারের একজন মুখপাত্র। তবে তিনি বললেন বেশ জোর দিয়ে যে এটি একটি জাতীয় সরকার এবং সমগ্র সেনাবাহিনী এর পেছনে। 

অথচ তিনি ‘বিগত’ সরকারের দুর্নীতির প্রচুর সমালোচনা করার সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদকে দুর্নীতিপরায়ণ বলে আখ্যায়িত করে বলেন, তাঁকে নতুন সরকার বরখাস্ত করেছে। কিন্তু একবারও জেনারেল জিয়ার কথা মুখে আনেননি। তিনি তাঁর স্বভাববিরুদ্ধ জোর গলায় কথা বলছিলেন আর বারবার দেখছিলেন তাঁর কামরায় পায়চারি দিতে থাকা স্টেনগান হাতে এক সামরিক অফিসারের দিকে। আমরা দুজন বেরিয়ে আসার আগে হঠাৎ মনে হলো এভাবে মঞ্জুর আমাদের বলেন ইংরেজিতে, আপনাদের নতুন সরকারের প্রতি আনুগত্য জানাতে হবে এই কোরআন স্পর্শ করে। কোরআন দেখিয়ে দায়সারাভাবে তিনি চলে গেলেন তাঁর টেবিলে। কিন্তু সে অফিসার আমাদের দিকে তাকিয়ে থাকলেন যতক্ষণ না আমরা কোরআন স্পর্শ করলাম, কী বললাম বা না বললাম মঞ্জুর তা ভ্রুক্ষেপই করলেন না। এই প্রথম আমার সন্দেহ হলো মঞ্জুর কি আসলেই এ অভ্যুত্থানের হোতা?
দ্বিতীয় দিনের ঘটনা ছিল আরও অদ্ভুত। প্রথম বৈঠকে মঞ্জুর আমাকে বলেছিলেন জেলা প্রশাসন সভাকক্ষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান পরদিন দুপুরে। আমি সে অনুযায়ী সবাইকে আমন্ত্রণ জানাই। কিন্তু ইতিমধ্যে ঢাকা বেতার থেকে চট্টগ্রামের অভ্যুত্থানকে একটি সামরিক বিদ্রোহ বলে ঘোষণা করা হয়েছে এবং বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। স্বভাবতই সবার মধ্যে এক আতঙ্ক বিরাজ করছিল, না জানি যুদ্ধ শুরু হয়ে যায়। তবু সভায় অনেকেই আসেন, নগরের সুশীল সমাজ, কিছু ব্যবসায়ী, সরকারি কর্মচারী আর সাংবাদিক।
মঞ্জুর আসেন নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে। নিচতলায় যখন তাঁকে আমি রিসিভ করি, তিনি আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বাংলায় বলেন, ‘কী মিয়া, ভয় পাইছ? সব ঠিক হইয়া যাইব।’ আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না, এই কি কালকের হঠাৎ ভূতে ধরা আসুরিক কণ্ঠের মঞ্জুর, না আমার অনেক পরিচিত অত্যন্ত শিষ্টাচারি মঞ্জুর।
কিন্তু আমাকে আরও চিন্তিত করে তোলে তাঁর সেই সভায় বিভ্রান্তিমূলক উক্তি আর মন্তব্য। তিনি আবারও সমালোচনা করেন আগের সরকারের কিন্তু বললেন না তাঁর কথিত বিপ্লবী সরকার কারা। তিনি আবারও নিজেকে সরিয়ে রাখেন এই সরকার থেকে, বলেন তিনি একজন মুখপাত্র। তিনি বিপ্লবী সরকার কী করবে বা তাদের শাসনকার্য কীভাবে চালাবে, এর সম্পর্কে কিছু না বলে এক বিভ্রান্ত ব্যক্তির মতো অনবরত বলতে থাকলেন কোনো এক বালকের দেশ নিয়ে স্বপ্নের কথা। আমার তখন আবার মনে হলো একজন সামরিক অভ্যুত্থানের হোতা এ ধরনের অপরিকল্পিত এবং অবান্তর কথা বলতে পারেন না। উপস্থিত সবাইকে তিনি হতবুদ্ধি রেখে চলে যান। যাওয়ার আগে তিনি আমাকে বলেন পরদিন যোগাযোগ করতে। সেদিন আর আসেনি।
জেনারেল মঞ্জুর ক্যান্টনমেন্ট ফিরে যাওয়ার পর এক ম্যারাথন সেশনে বসেন তাঁর সব সামরিক অধিকর্তাদের সঙ্গে, যাঁরা তাঁর অধীনে কাজ করতেন। এঁদের মধ্যে কেউ কেউ ছিলেন পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত। এ সভার উদ্দেশ্য ছিল পরিস্থিতি সামাল দেওয়া অন্যান্য ক্যান্টনমেন্টের অধিনায়কদের সাহায্যে। আমি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, কেউ মঞ্জুরের সাহায্যে এগিয়ে আসেননি।
আমরা জানি না মঞ্জুর কী সাহায্য চেয়েছিলেন। তবে এটা অনুমান করা যায় যে সাহায্য অভ্যুত্থানকে সফল করার জন্য নয়। কারণ আমার দৃঢ় ধারণা, মঞ্জুর এ ধরনের অবিমৃশ্যকারী কর্মকাণ্ডের হোতা হতে পারেন না। তিনি হয়তো সহায়তা চেয়েছিলেন তাঁর এবং তাঁর অফিসারদের আত্মসমর্পণের একটা বোঝাপড়ার। সেটা হয়নি, তাই তাঁর সঙ্গী সব সামরিক কর্মকর্তা তাঁকে ফেলে একে একে চলে যান। শেষে গভীর রাতে মঞ্জুরও ক্যান্টনমেন্ট ত্যাগ করেন স্ত্রী-সন্তানদের নিয়ে। তারপর গ্রেপ্তার এবং নিষ্ঠুর হত্যা সম্পর্কে আমি লিখেছি অন্যত্র।
পরিতাপের বিষয়, যে ব্যক্তিকে মরণোত্তর জিয়া হত্যা এবং অভ্যুত্থানের হোতা হিসেবে অভিযুক্ত করা হলো, তাঁকে গভীর রাতে সরিয়ে দেওয়া হলো, যাতে তিনি অভ্যুত্থান বা জিয়া হত্যার প্রকৃত সত্য তুলে ধরতে না পারেন।
জিয়াউদ্দিন চৌধুরী: চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক এবং অ্যাসাসিনেশন অব জিয়াউর রহমান অ্যান্ড দ্য আফটারম্যাথ বইয়ের রচয়িতা।