পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জন্য ৬ অক্টোবর ছিল অন্য রকম একটি দিন। এদিন শহীদ পরিবারের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সূর্যমণি গণহত্যা দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় পৌর শহরের বাংলাদেশ সেবা আশ্রম থেকে একটি শোকযাত্রা বের হয়ে সূর্যমণি বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা প্রশাসন ও শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সূর্যমণি বধ্যভূমি সুরক্ষা কমিটির সভাপতি পরিমল চন্দ্র হালদারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব, শহীদজায়া কনক বালা হালদার, শহীদ পরিবারের সন্তান বিকাশচন্দ্র হালদার, সুনীল মিত্র প্রমুখ।বক্তারা নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে স্বীকৃতি দান, ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার ও সূর্যমণি বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। সকালে সূর্যমণি গ্রামের ওয়াপদা বেড়িবাঁধের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে এসে শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। অনেকে সে রাতের স্মৃতিচারণা করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।শহীদজায়া পারুল বালা হালদারের বয়স এখন ৮০। তিনি বলেন, ‘এখানে আমার স্বামীকে (শহীদ বিরাংশু হালদার) গুলি করে মেরে ফেলা হয়েছে। এই জায়গাটি আমার কাছে তীর্থস্থান। আমার জীবদ্দশায় এখানে একটি স্মৃতিসৌধ দেখে যেতে পারলে মরেও শান্তি পাব।’ কান্নাজড়িত কণ্ঠে শহীদজায়া কনক বালা হালদার বলেন, ‘দ্যাশের লাইগা স্বামী হারাইলাম। গত ৪১ বছরে কেউ একবার খবর লইল না। হেরে (সুধাংশু হালদার) রাষ্ট্র স্বীকৃতিও দেল না।’ কনক বালার বয়স এখন ৮২।সূর্যমণি বধ্যভূমি সুরক্ষা কমিটির সভাপতি পরিমলচন্দ্র হালদার বলেন, ‘স্বাধীনতার চার দশক পার হয়ে গেল। শহীদ পরিবারগুলো এখনো স্বীকৃতি পায়নি। আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি দেশের জন্য চলে যাওয়া শহীদদের একটা স্বীকৃতি দেওয়া হোক।’পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার পূর্বদিকে সূর্যমণি গ্রাম। গ্রামের দক্ষিণে ওয়াপদা বেড়িবাঁধ। ১৯৭১ সালের ৬ অক্টোবর মধ্যরাতে বেড়িবাঁধের স্লুইসগেট-সংলগ্ন খালের পাড়ে ২৪ জন হিন্দু বাঙালিকে গুলি করে হত্যা করে স্থানীয় রাজাকার বাহিনী। সেদিনের সেই বর্বরোচিত গণহত্যা ও লুটতরাজের ঘটনা আজও ভুলতে পারেননি নিহতদের স্বজনেরা। ৬ অক্টোবর ১৯৭১। দিনটি ছিল বুধবার। দিনের শেষে নেমে এল রাতের আঁধার। রাতে উপজেলার সদর ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের মিস্ত্রিবাড়ি ও হালদারবাড়িতে হানা দেয় ৬০-৬৫ জনের একদল সশস্ত্র রাজাকার। প্রত্যক্ষদর্শীরা বলেন, দলটির নেতৃত্বে ছিলেন রাজাকার কমান্ডার ইস্কান্দার আলী মৃধা, মুকুল আহমেদ বাদশা, আনসার আলী খলিফা ও সৈয়দ হাওলাদার। বাড়ির লোকজন তখন গভীর ঘুমে নিমজ্জিত। ঘরের দরজা ভেঙে ঘুম থেকে জাগিয়ে তোলা হয় বাড়ির নারী, পুরুষ ও শিশুদের। সবাইকে বাঁধা হয় দড়ি দিয়ে। এরপর ৩৭ জন পুরুষকে আলাদা করে নারী ও শিশুদের ছেড়ে দেওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজন ছিলেন বিভিন্ন এলাকা থেকে বেড়াতে আসা অতিথি। ওই রাতেই তাঁদের মঠবাড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাতজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৩০ জনকে নেওয়া হয় সূর্যমণি বেড়িবাঁধে। বেড়িবাঁধের স্লুইসগেট-সংলগ্ন খালের পাড়ে ৩০ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। তারপর তাঁদের ওপর গুলি চালায় রাজাকাররা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ২৪ জন নিহত হন। তাঁরা হলেন: জিতেন্দ্রনাথ মিত্র, মুকুন্দ বিহারী মিত্র, সুরেন্দ্রনাথ মিত্র, ফণীভূষণ মিত্র, পরিমল মিত্র, অধির মিত্র, শৈলেন্দ্রনাথ মিত্র, ঝন্টু মিত্র, সুধীর রঞ্জন মিত্র, নগেন্দ্রনাথ কীর্তুনিয়া, সুধাংশু হালদার, বিরাংশু হালদার, মধুসূদন হাওলাদার, প্রিয়নাথ হাওলাদার, অন্নদা হাওলাদার, অনীল হাওলাদার, হরেন্দ্রনাথ মাঝি, মেহন্ত বালা, জিতেন্দ্রনাথ মৃধা, সীতানাথ হাওলাদার, সত্যেন্দ্রনাথ রায়, নিহাররঞ্জন, নগেন্দ্রনাথ গয়ালী ও বীরেন্দ্রনাথ হাওলাদার। গুলিবিদ্ধ হয়ে ভাগ্যক্রমে সন্তোষ মিত্র, জ্ঞানেন্দ্র মিত্র, কিরণ হাওলাদার, জিতেন মাঝি, প্রিয়নাথ বালা ও ক্ষীরোদ মণ্ডল বেঁচে যান।সেই রাতে অলৌকিকভাবে বেঁচে যান প্রিয়নাথ বালা। বিভীষিকাময় সে রাতের ঘটনা মনে পড়লে এখনো শিউরে ওঠেন তিনি। ‘সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। তারপর রাইফেল দিয়ে গুলি করা হলো। গুলি ছোড়ার সময় আমরা ছয়জন খালে পড়ে যাই। ওরা (রাজাকার) মনে করেছিল আমরা সবাই মারা গেছি। এরপর পানিতে ডুব দিয়ে দূরে গিয়ে সাঁতার কেটে প্রাণে বেঁচে যাই’—বলছিলেন ৯০ বছর বয়সী প্রিয়নাথ বালা।ওই রাতে জোছনার আলোয় মিস্ত্রি ও হালদারবাড়ির উঠানে রাজাকারদের তাঁরা চিনতে পেরেছিলেন। সেদিন রাজাকাররা শুধু মানুষ হত্যা করেনি, শিশুখাদ্য পর্যন্ত লুট করেছিল। রাজাকাররা সূর্যমণি বধ্যভূমিতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে সকালে (৭ অক্টোবর) মঠবাড়িয়া বাজারে এসে দম্ভ করে বলেছিল, ‘কয়েকটি পাখি শিকার করে এসেছি।’ কনক বালা হালদার, পারুল বালার মতো শহীদজায়ারা জীবনসায়াহ্নে এসে মুক্তিযুদ্ধে স্বামীর আত্মত্যাগের স্বীকৃতি দেখে যেতে চান। সন্তানেরা চান শহীদ বাবার পরিচয় নিয়ে বাঁচতে।এ কে এম ফয়সালমঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি