>অনলাইনে প্রথমআলো (prothom-a* o.com) নিয়মিত পড়া হয় ২১০টি দেশ ও অঞ্চল থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। গত কয়েক দিনে মতামত ও সংবাদের প্রতিক্রিয়ায় করা বাছাই কিছু মন্তব্য প্রকাশিত হলো
মোদি-খালেদার বৈঠকের পর দুশ্চিন্তায় জামায়াত
সেলিম জাহিদ, জুন ১৩, ২০১৫
* মত
পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি জামায়াত ছাড়া বিএনপিও রাজনৈতিকভাবে মৃত। এটা অস্বীকার করার মানে বাস্তবতা অস্বীকার করা। আর মোদিজির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক নিয়ে জামায়াতের দুশ্চিন্তার কিছু নেই। কার কী ভূমিকা তার খতিয়ান ভারতের কাছে ভালো করেই আছে। মাত্র ৪৫ মিনিটের বৈঠকে কিছুই হয় না। যা হবে সেটা সুদূর অতীত, বর্তমান, ভবিষ্যতের ওপর নির্ভর করেই হবে। আন্তদেশীয় রাজনীতি এত ঠুনকো নয়।
কফিল
* দ্বিমত
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ আন্দোলনের না হোক নির্বাচনী জোট করলে সঙ্গী আর বিএনপি সেই একই জোট করলে জঙ্গি? আসল মাজেজা হলো দেশের ৬০-৭০টা সংসদীয় আসনে আওয়ামী লীগ-বিএনপির ভোটের ব্যবধান মাত্র পাঁচ হাজার! বিএনপি-জামায়াত নির্বাচনী জোট করলে সেই ৭০টি আসনে জামায়াতের ভোট যোগ হয়ে আওয়ামী লীগ ফেল করে। আর সেই জন্যই আওয়ামী লীগের মনে এমন জামায়াত-আতঙ্ক!!
কবির
* অন্যমত
রাজনীতি যখন গণমুখী হয়, জনকল্যাণমুখী হয়, তখন এর-ওর সঙ্গে জোট করার বা গাঁটছড়া বাঁধার তেমন একটা দরকার পড়ে না, দিনে দিনে দলীয় কর্মকাণ্ডের দৃশ্যমানতায় জনগণ ওই দলের পতাকার তলে সমবেত হতে থাকে। আর ওই রাজনীতিই যখন ক্ষমতাকেন্দ্রিক হয়, তখন জনগণের কথা ভাবা হোক বা না হোক, প্রকৃত নীতি-আদর্শ পাশে সরিয়ে রেখে, কুটিল পথে দলগুলো অগ্রসর হতে থাকে, যেমন আমাদের দেশে ধর্মাশ্রয়ী জামায়াতে ইসলামী স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করলেও একসময় স্বাধীনতার পক্ষশক্তির দাবিদার একটা দল তাদের সঙ্গে যুগপৎ সরকারবিরোধী আন্দোলন করেছে, বর্তমানে অপর একটা বড় দল তার সঙ্গে জোটবদ্ধ হয়ে আছে। এমনও শোনা যায়, স্বাধীনতার পক্ষশক্তির দাবিদার ওই দলটা জামায়াতকে তার বর্তমান জোট-মিত্র থেকে খসানোর জন্য নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। বড় দল দুটোর উচিত তাদের বর্তমান এই উল্টো স্রোতের রাজনীতির স্ট্র্যাটেজি থেকে ফিরে আসা আর জামায়াতের উচিত স্বাধীনতাযুদ্ধে তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতির স্বাভাবিক পথে ফিরে আসা।
মাহতাব হোসেন
একটি ব্যর্থ রেসের ঘোড়ার আত্মহত্যার গল্প
ফারুক ওয়াসিফ, জুন ৭, ২০১৫
* মত
সরকারের দোষ ধরা কি পাপ? সরকারের কি কোনো দায়িত্ব নেই? এত পাস কাটানো মানসিকতা কেন?
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যে কত ভয়াবহ দুর্নীতিগ্রস্ত আর অপশিক্ষার আঁধার, তা কি নতুন করে বলতে হবে! ২০০৯ সালের পর থেকে আমরা ক্রমান্বয়ে মেধাহীন জাতিতে পরিণত হচ্ছি।
সমস্যা যাদের দ্বারা সৃষ্টি হয়, সমাধানের উপায় তারাই ভালো জানে। সুতরাং সমস্যার সমাধানে আপনাদেরই এগিয়ে আসতে হবে। পাশ কাটিয়ে কত দিন থাকতে পারবেন?
আসমি
* দ্বিমত
পরিহাস, ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ২ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ২০ হাজার। শতাংশে হিসাব করলে মাত্র ৮ শতাংশ। এ পরিসংখ্যান দিয়ে কি বলা যাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান ধ্বংস হয়ে গেছে? পাবলিক পরীক্ষা এবং ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এক নয়। মানসম্পন্ন শিক্ষার জন্য পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। বাংলাদেশে শিক্ষায় বিনিয়োগ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে (২ শতাংশ) কম। লেখক এত কম বিনিয়োগে মানসম্পন্ন শিক্ষা কেন প্রত্যাশা করেন?
জহিরুদ্দিন মাহমুদ
* অন্যমত
অভিভাবকদের দোষারোপ না করে সেই ব্যবস্থাকে দোষারোপ করুন, যা মা-বাবাদের বাধ্য করে তাঁদের সন্তানদের ভেড়ার দলের মতো চালাতে। কোনো মা-বাবাই চান না, তাঁরা নিজেরা জীবনে যে কষ্ট করেছেন, সন্তানেরাও সেসব কষ্টের ভেতর দিয়ে যাক। শিক্ষার্থীদের ভবিষ্যতের দায়িত্ব সামষ্টিক। শিক্ষামন্ত্রী চেষ্টা করেছেন কিন্তু তা কোনো কাজে আসেনি। আমাদের তাই আবার চিন্তাভাবনা করা উচিত। বছরের পর বছর ধরে অসুস্থ প্রতিযোগিতার যে ইঁদুর দৌড়ের সংস্কৃতি আমরা তৈরি করেছি, তার জন্য তো দায়ী আমরাই।
ইমরুল
ভারত–বিরোধিতা বনাম দেশপ্রেম
আসিফ নজরুল, জুন ১২, ২০১৫
* মত
এমন রাজনীতি হয়ে গেছে এখন যেন স্বদেশ–বিরোধিতা করে হলেও ভারত–বিরোধিতার অপবাদ যেন গায়ে না লাগে, তার জন্য মরিয়া সবাই। ফেলানীদের সীমান্তে মারার প্রতিবাদ
করে যাওয়া িক ভারত–বিরোধিতা, না স্বদেশ রক্ষার কথা বলা? ভারতকে অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ না করতে বলা কি ভারত–বিরোধিতা, না স্বদেশ রক্ষা? নদীর পানির ন্যায্য হিসাব দাবি করা কি ভারত–বিরোধিতা? বিশাল বাণিজ্য অসমতা দূর করার দাবি তোলা কি ভারত–বিরোধিতা? শান্তি বাহিনীকে লালন-পালন না করতে বলা কি ভারত–বিরোধিতা? সুন্দরবনের কাছে বিদ্যুৎকেন্দ্র না করার কথা বলা কি ভারত–বিরোধিতা?
দেশের স্বার্থ রক্ষার ইস্যুর চেয়ে ‘ভারত–বিরোধিতা’ ইস্যুকে যদি আমরা মাত্রাতিরিক্ত প্রাধান্য দিই, তাহলে একসময় দেশের স্বার্থ নিয়ে কথা বলার কেউ থাকবে না, যদি না আবার ভারতবিরোধী অপবাদে পড়তে হয়, এই ভয়ে!
রাশেদ আনাম
* দ্বিমত
সত্যিকার দেশের স্বার্থে কথা বলা আর উসকানিমূলক ভারত–বিরোধিতা এক বস্তু নয়। যদি তা-ই হতো তাহলে ‘ভারত–বিরোধিতা’ কথাটা এত উচ্চারিত হতো না। আর এ ধরনের ভারত–বিরোধিতা যে আসলে কোনো কাজের না, বিএনপির ব্যর্থ ভারতনীতি তার প্রমাণ। বিএনপির রাজনীতির শুরু থেকেই এই ভারত–বিরোধিতাই ছিল একমাত্র পুঁজি।
কী লাভ হয়েছে তাতে? উল্টো দেশ নানাভাবে সর্বক্ষেত্রে তুলনামূলক শক্তিশালী ভারতের কাছ থেকে বঞ্চিত হচ্ছিল। বরং আওয়ামী লীগ কূটনীতি, আন্তর্জাতিক আদালত ও আপসরফার মাধ্যমে এক রকম বন্ধুত্বমূলক সম্পর্ক দিয়ে দেশের জন্য বিভিন্ন অর্জন এনে দিচ্ছে; যা সমুদ্র বিজয়, সীমান্ত চুক্তিতে প্রমাণিত হয়েছে। কিছুটা সময় নিলেও তিস্তাসহ অন্য সমস্যাগুলোও একদিন সমাধান হবে, কারণ পেছন থেকে টেনে ধরার মতো লোকজন তো সেখানেও কম নেই!!!
আন্দালিব খান
* অন্যমত
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, কিংবা নিজের নাক কেটে পরের যাত্রা সুগম করা কোনোটাই ভালো নয়। প্রতিবেশীর সঙ্গে উইন-উইন সম্পর্ক রাখতে হলে দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্ব দরকার। নেতিবাচক ইস্যুকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেশের ভয়ানক ক্ষতি করতে কুণ্ঠাবোধ করে না।
শহিদুল আলম