গতকাল সকাল নয়টার দিকে শাপলা চত্বরে পৌঁছে দেখি, মানুষ শাপলার মূল চত্বরের চারপাশে ভিড় করেছে। কী যেন দেখছে সবাই। আমি এগিয়ে যাই। আগের দিন সেখানে ছিল লাখো মানুষের অবরোধ ও বিশাল সমাবেশ। তারপর মাঝরাতে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সুপরিকল্পিত অভিযান চালায়। ভাবছিলাম, হয়তো শাপলার স্থাপত্যশৈলী ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। হয়তো হেফাজতের কেউ রোষে ক্ষিপ্ত হয়ে শাপলার দু-একটি পাপড়ি ভেঙে ফেলেছে। অথবা হয়তো শাপলার নিচের চারপাশের পানির বৃত্তে ভেসে আছে কোনো লাশ।না। কিছু না। শাপলার চারপাশে নিস্তরঙ্গ পানি। মানুষ উঁকি মেরে দেখেই ফিরে যাচ্ছে।আগের সন্ধ্যায় স্টেডিয়াম-গুলিস্তান এলাকায় ভিড় করে থাকা মানুষের চোখেমুখে যে উদ্বেগের ছায়া দেখেছি, তার কিছুই নেই। সবাই যে যার মতো কাজে চলে যাচ্ছে। ১০টার মধ্যে রাস্তায় দু-একটি বাস আর অজস্র রিকশার যানজট লেগে যায়।একটি বেসরকারি অফিসে ঢুকে কর্মকর্তাদের সঙ্গে আলাপ জুড়ে দিই। নারী কর্মীরাও এসে কাজ শুরু করে দিয়েছেন। টেবিলে টেবিলে আগের দিনের অভিজ্ঞতা নিয়ে তাঁরা কথা বলছেন। বিশেষভাবে নারী কর্মীরা বলছেন, কীভাবে তাঁরা আগের দিন বিকেলে অফিস থেকে বেরিয়ে বাসায় গিয়েছেন। সব সময় তাঁদের আতঙ্কে থাকতে হয়েছে। কখন কে তাঁদের দিকে তেড়ে আসে, বলা তো যায় না। যথেষ্ট পর্দা হয়নি বলে অভিযোগ করে কেউ যদি আক্রমণ করে বসে, কে বাঁচাবে?কর্মকর্তারা অনেকটাই যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন।একজন কর্মকর্তা আরামবাগে থাকেন। বড় রাস্তার পাশেই তাঁদের বাসা। তিনি প্রায় সারা রাত জেগে ছিলেন। তাঁর বিবরণ অনুযায়ী রাত পৌনে তিনটায় যৌথ বাহিনী অভিযান শুরুর পর মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই শাপলা চত্বর এলাকা ফাঁকা হয়ে যায়। কোনো মারধর বা বল প্রয়োগ করতে হয়নি। শুধু ফাঁকা গুলি। টিয়ার শেল। সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ। এ ছাড়া তেমন কিছু বাড়াবাড়ি ছিল না।তবে বিস্ময়ে হতবাক হয়েছি বায়তুল মোকাররম এলাকায় এসে। চারপাশে তখনো নিভে যাওয়া আগুনের রেশ। পুড়ে যাওয়া বই ও জিনিসপত্রের ছাইভস্ম থেকে ধোঁয়া বেরোচ্ছে। বায়তুল মোকাররমের উত্তর পাশের গেটের সামনে মুখ থুবড়ে পড়ে আছে একটি পোড়া বাস। ভেতর থেকে পোড়া ধোঁয়া, মবিল-পোড়া গন্ধ বাতাস ভারী করে তুলেছে।ইতিমধ্যে সিটি করপোরেশনের কর্মীরা রাস্তা পরিষ্কার করতে লেগে গেছেন। দুটি বুলডোজার দিয়ে রাস্তায় ফেলে রাখা ইট-পাথর-কংক্রিটের জঞ্জাল সরিয়ে ফেলা হচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ধুয়ে-মুছে পরিষ্কার করছে। পল্টনের মোড় মানুষের চলাচলে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। আগের দিনের ভীতিকর পরিস্থিতির স্মৃতিটুকু সবাই মুছে ফেলেছে।টিকাটুলীর মোড় থেকে শাপলা চত্বর হয়ে পল্টনের মোড় পর্যন্ত এলাকায় সড়ক বিভাজকের ওপর অনেক যত্নে লালিত গাছগুলোর একটিও নেই। দুমড়েমুচড়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বায়তুল মোকাররমে দোকানে শুধু আগুনই দেয়নি ওরা, হামলাও চালিয়েছে। বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ ভেঙেছে, কোথাও লুটপাট করেছে কিছু দুর্বৃত্ত।আজ পর্যন্ত জনস্বার্থে যতগুলো আন্দোলন হয়েছে, তার কোনোটিতে গণ-আন্দোলনের নামে লুটপাটের ঘটনা পাওয়া যাবে না। কারণ, ওই আন্দোলনগুলো ছিল প্রকৃত অর্থেই গণস্বার্থে আন্দোলন। মানুষ গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে। সেখানে দুর্বৃত্তদের কোনো স্থান ছিল না। হেফাজতে ইসলাম বলছে, তাদের কেউ ভাঙচুর করেনি, আগুন দেয়নি, লুটপাট করেনি। এটা নাকি কিছু দুর্বৃত্তের কাজ। কিন্তু আগে কখনো কোনো চিহ্নিত অপরাধী আন্দোলনের নাম ভাঙিয়ে কিছু করার সুযোগ পায়নি।এবার দেখা গেল ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয়েছে। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে দৈনিক পাকিস্তান (দৈনিক বাংলা) ভবন, নয়াপল্টনে মুসলিম লীগ নেতা লস্কর সাহেবের বাসা ও আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকের বাসায় আগুন দেওয়া হয়েছিল, কিন্তু কেউ বাসায় লুটপাট চালায়নি। এবার দেখা গেল, গণ-আন্দোলনের নামে লুটপাটও চলেছে বিচ্ছিন্নভাবে।১৯৮৭ সালে এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনের একপর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দল ও বিএনপির নেতৃত্বাধীন সাত দল ৭২ ঘণ্টার হরতাল ডাকে। প্রথম দিনেই মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। মতিঝিলে এরশাদের যুব সংগঠন যুব সংহতির কার্যালয়ে আগুন দেওয়া হয়। অফিসের আসবাব বাইরে এনে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু কোনো সম্পদ লুটের ঘটনা ঘটেনি।হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অবরোধের যে কথা দিয়েছিল, তা তারা রাখতে ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। তারা বলছে, পুলিশের আক্রমণের প্রতিক্রিয়ায় ও রকম হয়েছে। কিন্তু এর আগে গত ৬ এপ্রিল তারা শাপলা চত্বরে যে সমাবেশ করেছিল, সেখানে তো কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। এবারে কেন হলো?হেফাজতে ইসলাম প্রকৃতপক্ষে ৫ মে রাতে শাপলা চত্বরে অবস্থান করে সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিল। সরকার পতনের কথা বলছিল। কোনো নির্বাচিত সরকার এটা মেনে নিতে পারে না। এটা তাদের বোঝা উচিত ছিল।সরকার বরং অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা বারবার হেফাজতে ইসলামের মূল নেতাদের সঙ্গে আলোচনা করে অবরোধের শান্তিপূর্ণ অবসানের চেষ্টা করছিল। কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি।মাঝরাতের সমন্বিত অভিযানের মাধ্যমে শাপলা চত্বর অবরোধমুক্ত করা হয়েছে। সরকারের হাতে এর বিকল্প কিছু ছিল না। টেলিভিশনে দেখা গেছে, বিভিন্ন ভবনে আশ্রয় নেওয়া হেফাজতে ইসলামের কর্মীরা আত্মসমর্পণের ভঙ্গিতে হাত তুলে বেরিয়ে এসে চলে যাচ্ছেন। কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ দাবি করেছে। কেউ কেউ মনে করেন, পুলিশের অভিযান আরও হিংসাত্মক হতে পারত। মোটামুটি শান্তিপূর্ণভাবে অবরোধমুক্ত করতে পারার কৃতিত্ব পুলিশ ও প্রশাসন দাবি করতে পারে। সাধারণত এ ধরনের অভিযান যতটা সহিংস হয়, এবার তা হয়নি। কিন্তু হতাহতের সংখ্যা কত হয়েছে, তা দেখার বিষয়। যদি তেমন কিছু না হয়ে থাকে, ভালো। তবে কোনো বাড়াবাড়ি হয়ে থাকলে যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা নিতে হবে সরকারকে।এখানে একটা বিষয় বলা দরকার। শাপলা চত্বরে প্রশাসন কেন এ ধরনের সমাবেশ করতে দেয়? মতিঝিল হলো রাজধানীর অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এখানে সরকারি-বেসরকারি বড় বড় ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়। স্টক এক্সচেঞ্জ। তা ছাড়া আছে দুটি সবচেয়ে স্পর্শকাতর প্রতিষ্ঠান। এদের একটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অন্যটি বঙ্গভবন। রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয়ের পূর্বপ্রান্ত শাপলা চত্বর পর্যন্ত বিস্তৃত। এগুলোকে বলা হয় ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই)। কেপিআইয়ের চারপাশে নিরাপত্তার কতগুলো বিশেষ শর্ত রয়েছে। সেখানে এমন কিছু করতে দেওয়া হয় না, যা ওই সব প্রতিষ্ঠানের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অথচ এখানেই বারবার হেফাজতে ইসলাম, বিএনপি বা অন্য সংগঠনকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে।এটা বিপজ্জনক। আজ যদি কোনো সমাবেশ থেকে স্পর্শকাতর দুটি ভবনে হামলা হয়, অথবা যদি স্টক এক্সচেঞ্জে কেউ অভিযান চালায়, তাহলে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। বাংলাদেশের ওপর বিদেশের আস্থা নষ্ট হবে।ভবিষ্যতে আর কোনো সমাবেশ যেন শাপলা চত্বরে না হয়, সরকারকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে।রোববার পল্টন থেকে শাপলা চত্বর পর্যন্ত বিস্তৃত আগুনে পুড়েছে বাংলাদেশ। কারণ, এই আগুন স্পর্শ করেছে বাংলাদেশের অস্তিত্বের প্রধান শর্ত। একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছে। মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমরা অর্জন করেছি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ। শান্তিপূর্ণ বাংলাদেশ। হেফাজতের অবরোধে এর প্রতিটি অর্জন আক্রান্ত হয়েছে।রোববার মতিঝিলের আগুনে শুধু কিছু দোকান বা বই পোড়েনি, পুড়েছে বাংলাদেশ।আব্দুল কাইয়ুম: সাংবাদিক। [email protected]