মধ্যপন্থার জয় হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান রুহানি বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন, যার অর্থ হলো, বৈরী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁকেই রাজনীতি করতে হবে। ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করেছে। এখন কথা হচ্ছে, তাঁদের সম্পর্ক এই চুক্তিতে কী প্রভাব ফেলবে। ইরানের পারমাণবিক চুক্তিটি প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপ্লবোত্তর ইরানের দীর্ঘমেয়াদি আলোচনার ফল; সেখানে যেমন অগ্রগতি ছিল, তেমনি পশ্চাদ্‌গতিও। জিমি কার্টারের জমানায় শাহের পতন হলে যখন ইরানে মার্কিন দূতাবাসের কর্মীদের এক বছরের বেশি সময় আটকে রাখা হলো, তখন কোনো আশা ছিল না।

এরপর মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও ভাইস প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের জমানায় ইরান-কন্ট্রা কেলেঙ্কারির কারণে পরিস্থিতি জটিল রূপ নেয়। ওই সময় রিগ্যান প্রশাসনের জ্যেষ্ঠ কর্মীরা ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ইরানের কাছে অস্ত্র বিক্রি সহজতর করেন, যদিও তখন অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। ফলস্বরূপ তুলনামূলকভাবে উদার নেতা আকবর হাশেমি রাফসানজানি ১৯৮৯ সালে ক্ষমতায় এসে ইরাকের সঙ্গে যুদ্ধের অবসান ঘটান এবং নানা কায়দায় যুক্তরাষ্ট্রের মনোভাব বোঝার চেষ্টা করেন। এতে বুশের হাত বাঁধা পড়ে যায়।

চূড়ান্ত বিচারে রাফসানজানি ইরাকের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করেন। ইরাকের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় ইরানের অর্থনীতি তখন কিছুটা ঘুরে দাঁড়ায়, যেটা তার এই কর্মসূচির জন্য সহায়ক হয়। কিন্তু রুহুল্লাহ খোমেনির পর কট্টরপন্থী আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালের জুন মাসে প্রধান নেতা হন। তিনিই দেশটিকে ওই পথে ধাবিত করেন। এ সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় শূন্যের কোঠায় চলে আসে। অন্যদিকে বিল ক্লিনটনের নমনীয় প্রশাসন বরফ গলানোর চেষ্টা করলেও ইরান বারবার তা প্রত্যাখ্যান করে।

এরপর পাশার দান উল্টে যায়। মধ্যপন্থী নেতা মোহাম্মাদ খাতামি ১৯৯৭ সালে ইরানের প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রই কট্টরপন্থী অবস্থান নেয়। ২০০১ সালে ৯/১১-এর হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে ‘অশুভ অক্ষের’ অংশ আখ্যা দিয়ে সমালোচনা করেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাক দখল করে ইরানকে পশ্চিমমুখী অগ্রসর হওয়ার সবচেয়ে বড় সুযোগ দেয়। অতঃপর ইরানের আঞ্চলিক কর্তৃত্বের স্বপ্ন নবায়ন করে মোহাম্মদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট হন। তিনি খুব জোশের সঙ্গে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যান।

২০১৩ সালে আহমাদিনেজাদকে হটিয়ে রুহানি ক্ষমতায় আসেন। তখন বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট। ফলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য পরিস্থিতি প্রস্তুত ছিল। দুই বছর যন্ত্রণাদায়ক আলোচনার পর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়, যার বিনিময়ে ক্রমান্বয়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। চুক্তিটি শেষমেশ হয়েও যায়।

বিরোধীরা তর্ক করেন, চুক্তিটি কৌশলগতভাবে ত্রুটিপূর্ণ। প্রকৃত অর্থে এই চুক্তি ইরানকে পারমাণবিক সক্ষমতা বাড়ানো থেকে আটকাতে পারবে না। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সন্তুষ্ট হয়ে চুক্তি অনুমোদন করে দেয়। যাহোক, ট্রাম্প এই চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। চুক্তিটি অনুসমর্থনের সময় যে যুক্তি উঠেছিল, তাঁর উপদেষ্টারাও একই যুক্তি দিয়েছেন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ও তাঁর সমর্থকদের ছাড়া আর কেউ এই পদক্ষেপ সমর্থন করেনি।

তবে ইরান এই চুক্তি মেনে চললে যেহেতু ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে, তাই এটা মেনে চলা তার জন্য লাভজনক। এখন পর্যন্ত তারা সেটা মেনে চলেছে, যদিও তার নেতারা প্রায়ই সীমার শেষ বিন্দু পর্যন্ত চলে যেতে চান। উদাহরণ হিসেবে বলা যায়, এ বছরের জানুয়ারি মাসে তারা মাঝারি মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষে একতরফাভাবে এই চুক্তি বাতিল করা সহজ হবে না। সর্বোপরি এই চুক্তিতে ছয়টি বড় শক্তি জড়িত, যার মধ্যে রাশিয়া ও চীন আছে, যদিও ব্যাপারটা অস্বাভাবিক। এতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যও আছে, যারা যৌক্তিক কারণ ছাড়া নতুন করে অবরোধ আরোপ করবে না। এমনকি আরব বিশ্বের প্রতিনিধি হিসেবে সৌদি আরব গাঁইগুঁই করেও এতে সায় দিয়েছে। মার্কিন কংগ্রেস প্রাথমিকভাবে প্রতিরোধ করলেও মূলত ব্যাপারটা মেনে নিয়েছে। দৃশ্যত মনে হচ্ছে, বিশ্বেও অধিকাংশ দেশ মেনে নিয়েছে, এটা এমন এক ব্যাপার যেখানে নিখুঁত হওয়া মানে ভালোর শত্রু হওয়া। আর ভুল করবেন না, চুক্তিটি সামগ্রিকভাবে ভালো জিনিস। এটা ব্যর্থ হলে বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।

ওদিকে ইরানের সবচেয়ে বড় আঞ্চলিক শত্রু সৌদি আরব দ্রুত পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করবে। তাদের হাতে প্রচুর পেট্রোডলার আছে, এর সঙ্গে তারা পাকিস্তানের জ্ঞান কাজে লাগাবে। অন্যান্য দেশ যেমন তুরস্ক, কুয়েত, মিসর ও আলজেরিয়াও পিছিয়ে থাকবে না। আর এরা পারমাণবিক অস্ত্র বানিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে, এই বাজি ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে ব্যাপারটা আরও জটিল হবে; কারণ, ইরান এমনিতেই অনিশ্চয়তার মধ্যে আছে। এ বছরের জানুয়ারি মাসে ইরানের মধ্যপন্থীদের কুলগুরু রাফসানজানি মারা গেলে দেশটিতে এযাবত্কালের সবচেয়ে বড় মিছিল হয়। খামেনিরও বয়স হয়েছে, তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। অর্থাৎ তাদের শিগগিরই নতুন ধর্মীয় নেতা খুঁজতে হতে পারে। কথা হচ্ছে, ইরানে বর্তমানে খাতামি ও রুহানির মধ্যপন্থীদের যে প্রাধান্য রয়েছে, তাতে কিন্তু অনিশ্চয়তা আছে, কারণ তাদের কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বী যেমন রেভল্যুশনারি গার্ড, কুদ বাহিনী ও ইরানি মিলিশিয়ারাও ক্ষমতা গ্রহণে তৎপর। দেশটির অর্থনীতি অত্যন্ত দুর্বল, তাই তারা নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়লে চরমপন্থীরাই লাভবান হবে।

সংক্ষেপে বলা যায়, ইরানের পারমাণবিক চুক্তি ভেঙে পড়ুক, এ ঝুঁকি পৃথিবী নিতে পারে না। ট্রাম্প তেমন চেষ্টা করলে আমরা হয়তো মৃত্যুর নাচন দেখব।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

রবার্ট হারভে: ব্রিটেনের হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সাবেক সদস্য।