মধ্যপ্রাচ্যের ভাগ্য নিয়ন্ত্রণ করছে কে? রাশিয়া নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? দাঁড়ান পাঠক, এখানেই শেষ নয়, গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলো সবকিছু নিজের পক্ষে টানার চেষ্টা করছে। ইসরায়েল খুবই প্রভাবশালী খেলোয়াড়। আবার আপনি মিসরকেও বাদ দিতে পারেন না। আইএস? সম্ভবত, এই তালিকা ক্রমেই লম্বা হতেই থাকবে। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য সম্পর্কে আমরা আরও অনেক কিছুই শুনব।
মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব-বিবাদ উতরাতে ও নিয়ন্ত্রণে রাখতে চীন কী পরিকল্পনা হাজির করে, তা আমাদের কৌতূহলকে উসকে দিচ্ছে। সর্বোপরি চীন নিজের অর্থনৈতিক সম্ভাবনাকে এত সহজে আলগা হতে দেবে না
ওদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রায়ে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে। তারা হয়তো নিজেদের হিস্যা বাড়ানোর চেষ্টা করছে। সর্বোপরি, ১৫ জানুয়ারি প্যারিসে যে মিডল ইস্ট পিস কনফারেন্স হয়েছে, তাতে ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা নিরসনে দ্বৈত রাষ্ট্রব্যবস্থাকেই সমাধান হিসেবে গ্রহণ করা হয়েছে।
২০১৭ সালটা কেমন যাবে, সে নিয়ে গণমাধ্যমে নানা মতামত, চিন্তা ও ভবিষ্যদ্বাণী পাবেন। এর মধ্যে হাতে গোনা কয়েকটা ছাড়া বেশির ভাগেরই কোনো অর্থ হয় না। কথা হচ্ছে, যত সংবাদ প্রতিবেদন পড়বেন, সেগুলোকে সারবান মনে করার কারণ নেই।
আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে চীনই একমাত্র পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, এই অঞ্চল-বিষয়ক সিদ্ধান্তও সে নেবে। তবে তারা এ নিয়ে গর্ব করছে না। তারা খুব চৌকস ও নিরাপদভাবে খেলে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে চীনও এই অঞ্চলে ব্যাপক অর্থায়ন করেছে; সেটা যেমন তারা অর্থনীতিতে করেছে, তেমনি সমর খাতেও।
এই অঞ্চলকে বেঁধে রাখার ক্ষমতা চীনের আছে। তারা চাইবে না, ইরান ইসরায়েলের সঙ্গে ভুল রোমাঞ্চে মেতে উঠুক। আবার তারা এটাও নিশ্চিত করবে যে ইসরায়েল যেন ইরানের ব্যাপারে আক্রমণাত্মক হয়ে না ওঠে। তার কারণ কী? আপনি কি মনে করেন, এখানে ভালোবাসা হারিয়ে যাওয়ার ব্যাপার ঘটেছে? না। আপনি যদি ভাবেন, এটা কৌশলগত স্বার্থ, তাহলে বলতে হয়, আপনি ঠিকই আন্দাজ করেছেন।
চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড নীতিতে ইরান খুবই গুরুত্বপূর্ণ। আবার ইসরায়েলের বাণিজ্য পথের গুরুত্বও অস্বীকার করা যায় না। এ দুটোই ইসরায়েলের জন্য কৌশলগত স্বার্থ। যদি দেখেন, ইসরায়েলে নৌ-করিডরে চীনা বিনিয়োগ বেড়েছে, তাহলে আশ্চর্য হবেন না। এতে জর্ডান ও মিসর অর্থনৈতিক কেন্দ্রের অংশ হয়ে উঠবে। যদিও সে ক্ষেত্রে জর্ডানের আকাবা বন্দর ও সুয়েজখালকে পরস্পরের পরিপূরক হতে হবে। তবে সর্বোচ্চ সুবিধা নেওয়ার জন্য চীনকে এর পাশাপাশি ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর অ্যাশডড ও ইলাতকে এই পরিকল্পনার মধ্যে ঢোকাতে হবে।
চীন যদি সমুদ্র যোগাযোগের পরিসর বাড়াতে লোহিতসাগরকে ভালোভাবে ব্যবহার করতে চায়, তাহলে তাকে ইসরায়েলের ইলাত বন্দরকেও এই প্রতিযোগিতার মধ্যে দড়াম করে ঢোকাতে হবে।
এতক্ষণ যে প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম, তা শুধু ভবিষ্যতে কী হতে পারে সেটা একনজরে দেখার জন্য। বিষয়টা হচ্ছে, যদি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পকে মধ্যপ্রাচ্যে সফল হতে হয়, তাহলে ইরান, মিসর ও ইসরায়েলের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, দক্ষিণের বাণিজ্য পথ এই উল্লিখিত আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে যুক্ত। যদি কোনো কিছু ঠিকঠাক না যায়, তাহলে এই অঞ্চলে চীনাদের লক্ষ্য ভূলুণ্ঠিত হবে। এটাকে কার্যকর হতে হবে। তাই লক্ষ্যকে খুব ভালোভাবে অনেক কিছু অঙ্গীভূত করতে হবে। চীন এটা নিশ্চিত করবে। কারণ, এতে তার হিস্যা বিপুল।
সম্প্রতি ভূমধ্যসাগরে চীন ও মিসর যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে, তাতে আগামী দিনে কী হবে সে সম্পর্কে বাস্তবসম্মত অন্তর্দৃষ্টি পাওয়া যায়। আরও বেশি কিছুর জন্য অপেক্ষা করুন। পাঠক প্রস্তুত থাকুন, আগামী দিনে চীন ও মিসরের সামরিক সম্পর্ক আরও মজবুত হবে। ইতিমধ্যে চীন মিসরে ৪ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সম্প্রতি মিসর যে নতুন পুঁজির স্বপ্ন দেখছিল, এই বিনিয়োগ তার জন্যই হয়েছে।
ইরানের ব্যাপারও চীনের পরিকল্পনা আছে। চীন ও ইরানের মধ্যে যে ৬ হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে, তার দিকে আমাদের চোখ রাখতে হবে। ব্যাপারটা কৌতূহলোদ্দীপক, কিছুটা আশ্চর্যজনকও বটে; অর্থাৎ চীন ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে মধ্যপ্রাচ্যের কর্তা হয়ে উঠছে। তারা সফলভাবে মিসর, ইরান ও ইসরায়েলকে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের মধ্যে ঢোকাতে পেরেছে।
এই অঞ্চলের মুখ্য স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর চাহিদা মেটানোর সক্ষমতা চীনের আছে। ওয়ান বেল্ট ওয়ান রোড নীতি বাস্তবায়নের সঙ্গে যে অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত আছে, তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিতে পারে।
এখন কথা হচ্ছে, মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব-বিবাদ উতরাতে ও নিয়ন্ত্রণে রাখতে চীন কী পরিকল্পনা হাজির করে, তা আমাদের কৌতূহলকে উসকে দিচ্ছে। সর্বোপরি চীন নিজের অর্থনৈতিক সম্ভাবনাকে এত সহজে আলগা হতে দেবে না।
তাই আসুন, চীনের মধ্যপ্রাচ্যকে বরণ করার জন্য আমরা প্রস্তুত থাকি।
অনুবাদ: প্রতীক বর্ধন, এশিয়া টাইমস থেকে নেওয়া।
কারলি ও’ কোনেল: চীন-বিষয়ক বিশ্লেষক।