মধ্যপ্রাচ্যে এক অদ্ভুত ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে শিয়াদের অবস্থান জোরদার হচ্ছে। দুটি ছবি দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়। একটি হচ্ছে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক চুক্তি হওয়ার পর যে ছবিটি প্রকাশিত হয়েছিল, সেটি। আর দ্বিতীয়টি হচ্ছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মুক্তি দেওয়া সাম্প্রতিক একটি ভিডিও ফুটেজ। এতে দেখা যায়, রাশিয়ার তুপেলভ টিইউ-২২ এম৩ বোমারু বিমান ইরানের হামাদান বিমানঘাঁটি থেকে বেরিয়ে শিয়া ইরান ও সিরিয়ার শিয়া (আলাওয়াইট) ও শিয়া হিজবুল্লাহর শত্রুদের ওপর বোমাবর্ষণ করছে। সুন্নি সৌদি আরব এর জবাবে কী করতে পারে? ব্রিটিশ অস্ত্র দিয়ে ইয়েমেনের বেচারা হুতি শিয়াদের হত্যা করা ছাড়া তারা আর কীই-বা করতে পারছে।
এই পুনর্বিন্যাসের কেন্দ্রে রয়েছে তুরস্ক; বেচারা, ভাগ্যহীন তুরস্ক, যাদের সুলতান এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের রাজনৈতিক পল্টিবাজিকে সাধারণ ঘটনা বানিয়ে ফেলেছেন। রুশ বিমান ভূপাতিত করে তুরস্ক রুশ পর্যটকদের হারিয়েছিল। ফলে সুলতান দ্রুত সেন্ট পিটার্সবার্গে গিয়ে জার ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিরস্থায়ী বন্ধুত্বের ঘোষণা দেন। এরদোয়ান প্রস্তাব দেন, রাশিয়া-তুরস্ক ‘যৌথ অভিযান’ চালিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সুন্নি শত্রুদের হটাবে। ফলে তুরস্ক এক বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। তারা যেমন আইএসকে বোমা মারার জন্য মার্কিন জেট বিমানকে সহযোগিতা করছে, তেমনি রুশ বিমানকেও একই কাজে সহযোগিতা করছে। আর জাবাত-আল-নুসরার ব্যাপারটা কী হবে? একটি গল্প স্মরণ করা যাক। বিস্মৃতপ্রায় ওসামা বিন লাদেনের হাতে আল-কায়েদা গড়ে উঠেছিল, যে সংগঠনটি ইরাক ও সিরিয়া উভয় দেশেই বিস্তৃত হয়েছিল, যেখানে তারা দলের নাম পরিবর্তন করে নুসরা ফ্রন্ট ও কিছুদিন আগে ‘ফাতাহ-আল-শামস্’ রাখে। তারা কখনো আইএসের দলে ভিড়ে যায়, আবার কখনো আইএসের সঙ্গে যুদ্ধ করে। এদের টাকা আসে কাতার থেকে। তারা এখন সিরিয়ার সবচেয়ে পরিচিত গেরিলা বাহিনী। কথা হচ্ছে, আমরা আইএসের মাথা কাটার ভিডিও ফুটেজ নিয়ে আচ্ছন্ন হয়ে আছি, কিন্তু নুসরা ফ্রন্টের ব্যাপারে তেমন নজর দিচ্ছি না।
কিন্তু রুশরা এদিকে নজর দিচ্ছে। সে কারণে তারা পূর্ব আলেপ্পো ও ইদলিব প্রদেশে বোমা ফেলেছে। সিরিয়ার দ্বিতীয় শহরে যে বিদ্রোহীরা ঘাঁটি গেড়েছে, তার বেশির ভাগই আসলে নুসরার দখলে। তারা আলেপ্পোতে মিসরীয় বাহিনীর ঘেরাওয়ের বিরুদ্ধে লড়াই করেছে। তবে তুলনামূলকভাবে নুসরা অধিকতর শক্তিশালী শত্রু। কারণ, তাদের দলে আইএসের চেয়ে বেশি সিরীয় নাগরিক আছে। আইএস হচ্ছে সুন্নি সৌদি আরবের ধ্বজাধারী, আর নুসরা সুন্নি কাতারের।
তুরস্ক ও সুন্নিরা আসলে দুই পরাশক্তির গিরি চাপে পড়েছে। সব অস্ত্র পাচারকারী দেশের যে পরিণতি হয়, পাকিস্তানের মতো, তুরস্কেরও তাই হয়েছে। তারা শুধু আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে যোগ দিতেই বাধ্য হয়নি, জার্মানির ভেতর থেকেও সে আক্রমণের শিকার হয়েছে। জার্মানির গোয়েন্দা সংস্থার এক ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, ‘তুরস্ক ইসলামপন্থী ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর কেন্দ্রীয় প্ল্যাটফর্ম।’
ওদিকে মিসরের সুন্নি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড সিসির হাতে মার খাওয়ার আগে বাশারবিরোধীদের ও গাজার সুন্নি হামাসকে মৌখিক অনুমোদন দিয়েছিল। তারা সিনাইয়ে যখন সিসির সেনাদের বিরুদ্ধে লড়াই করেছিল, তখন নিশ্চয়ই আইএসের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু তুরস্ক এসব সংগঠিত করছে, এটা বলাটা বেশি হয়ে যায়। নিশ্চিতভাবেই জার্মান গোয়েন্দা সংস্থার কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন, ন্যাটোর সুন্নি সদস্য তুরস্ককে ‘সন্ত্রাসবিরোধী’ যুদ্ধে অংশ নিতে হবে, আমাদের সবারই যার অংশীদার হওয়ার কথা। সে কারণে এরদোয়ান আইএসবিরোধী যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার প্রস্তাব দেন, আবার যুক্তরাষ্ট্রকেও মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করার অনুমতি দেন। সবকিছু একই সঙ্গে। ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক, যে আবার ঘটনাচক্রে সুন্নি, তারা এভাবে সুন্নি-শিয়া যুদ্ধে জড়িয়ে গেল। তুরস্কের ভবিষ্যৎ কী?
এরদোয়ান যেমন পুতিনের সঙ্গী হয়েছেন, তেমনি তুর্কি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় বৈঠক করে অঙ্গীকার করেছেন, তাঁদের আলোচনার মধ্য দিয়ে নতুন ঐক্য হবে। রাশিয়া-তুরস্ক-ইরান। মধ্যপ্রাচ্যে অনেকেই মনে করেন, তেহরান ও মস্কো এরদোয়ানকে আগেই সেনা অভ্যুত্থানের খবর জানিয়েছিল। আর অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর পুতিন যখন এরদোয়ানকে ফোন করেন, তখন এরদোয়ানের কাছে তাঁর আবেগের কথা বলেছিলেন।
কুর্দিদের কেন্দ্র করে এই ত্রিমুখী ঐক্য গড়ে উঠতে পারে। রাশিয়া ও ইরান কেউই চায় না, স্বাধীন কুর্দিস্তান নামে নতুন কোনো রাষ্ট্র হোক। পুতিন ছোট জাতিগোষ্ঠীর আলাদা রাষ্ট্র থাক, সেটা চান না। আর ইরানের ঐক্য তো নির্ভর করছে তার নিজের কুর্দি জনগণের ওপর। ‘নতুন’ সিরিয়ায় তারা কেউই কুর্দিদের রক্ষা করতে আসবে না, যারা এখন মার্কিনদের বিশ্বস্ত সেনা। দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দিস্তানের স্বপ্নের সঙ্গে কুর্দিরাও ধূলিসাৎ হয়ে যাক, এরদোয়ান এটাই চান।
সিরিয়ার কোনো প্রদেশ আইএসের কবল থেকে মুক্ত হলে তারা জাতীয় ঐক্যের ওপর জোর দেবে। যুদ্ধের শুরুতে বাশার যখন কোবানির কুর্দিদের প্রতিরোধ যুদ্ধের জন্য তাদের প্রশংসা করেছিলেন, তখন তিনি এই শহরের আরবি নামটা উল্লেখ করেছিলেন, আইন আল-আরব।
মধ্যপ্রাচ্যের দুর্দশাকে যদি মুসলমানদের অভ্যন্তরীণ যুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে ব্যাপারটা স্ববিরোধী হয়ে যায়, যখন এক পক্ষ শত্রুদের সন্ত্রাসী ও আরেক পক্ষ বিরোধীদের স্বধর্মত্যাগী বলে আখ্যা দেয়। ধর্মীয় বিভেদই এসব যুদ্ধের কারণ—পশ্চিমাদের এই ধারণা আরবদের প্রতি ন্যায়বিচার করে না। কিন্তু সৌদি আরব ও কাতারকে এর জন্য অনেক জবাব দিতে হবে। তারা সিরিয়ার বিদ্রোহীদের উসকানি দিচ্ছে। সিরিয়ার সরকার একনায়কতান্ত্রিক হলেও তারা রিয়াদ ও দোহায় কোনো বিপ্লবে সমর্থন দিচ্ছে না। উপসাগরীয় আরবেরা আফগানিস্তানের সুন্নি তালেবান ও সিরিয়ার সুন্নি আইএস ও সুন্নি নুসরাদের সমর্থন দিচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই এদের বিরুদ্ধে। এ নিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত ঐক্য গড়ে উঠছে। ইতিহাসে এই প্রথমবারের মতো শিয়া ইরানিরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েছে। আবার তুরস্কও যোগ দিচ্ছে।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।