মধ্যপ্রাচ্যে তুর্কি আগমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশ্চাত্য এটা বিশ্বাস করে সত্যিই খুশি হবে যে তুরস্ক শেষমেশ সবার অভিন্ন শত্রুকেই আঘাত করছে। এতে সবারই পোয়াবারো হবে। সিরিয়াতে তুরস্কের ১০টি ট্যাংক একযোগে রক্তস্নাত ‘ইসলামিক স্টেট’কে আঘাত করেছে। কিন্তু সিরিয়া ও তুরস্কের বেশি মানুষ এতে বোকা বনবে না। আইএস অনেক দিন ধরেই সিরিয়ার শহর জেরাব্লুসে বসে আছে। কারণ, ব্যাপারটা হচ্ছে, তুর্কি সীমান্তে মার্কিন মদদপুষ্ট কুর্দি ওয়াইপিজি (পিপলস প্রোটেকশন ইউনিট) সেনারাই সুলতান এরদোয়ানের মাথাব্যথার প্রধান কারণ। শুধু আইএসকে হামলা করার জন্য তিনি সিরিয়ায় আসেননি।
এদিকে তুর্কি সেনারা যখন সিরিয়ার সীমান্তে ধেয়ে যাচ্ছিল, তখন সুলতান ওয়াইপিজিকে আইএসের মতো ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। তুর্কিরা বিশ্বাস করেন, এদের সঙ্গে পিকেকে ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির যোগাযোগ আছে, যাদের তুর্কিরা বেশি বিপজ্জনক মনে করেন। অন্য কথায়, সুলতান এরদোয়ান বাশারবিরোধী আইএস ও আইএসবিরোধী কুর্দিদের তুরস্কের শত্রু মনে করেন (কিছুদিন আগে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলার পরও তিনি একই কাজ করেছেন)। আসলে তিনি সিরিয়ায় যুদ্ধ চালানোর যেসব লক্ষ্যবস্তু নির্ধারণ করেছেন, তার মধ্যে শুধু ফেতুল্লা গুলেনের নাম বাদ পড়েছে, যাকে তিনি জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের জন্য দায়ী করেন। অর্থাৎ স্রেফ একটি লক্ষ্য নিয়ে তিনি সিরিয়ায় আসেননি।
এদিকে সুলতান এরদোয়ানের সাম্প্রতিক বন্ধু জার ভ্লাদিমিরের কোনো আপত্তি থাকার কথা নয়। তুরস্ক এক কোপে আইএস ও মার্কিনপন্থী কুর্দি জঙ্গিদের আঘাত করেছে, যদিও সেই আঘাতের তীব্রতা তেমন বেশি নয়, যাকে দুর্বলই বলা যেতে পারে। মস্কো খুব নিষ্ঠার সঙ্গে এসব থেকে দূরে রয়েছে।
সিরীয়দের নিশ্চয়ই বলা হয়েছে বা তারা শুনেছে যে পুতিন তুরস্কের এই আকস্মিক আক্রমণকে সমর্থন করেন। তারা এর প্রতিবাদ জানানোর মতো জায়গায় নেই। কারণ, তাঁদের সরকারি সেনারাই হাসাকে শহরে এই একই কুর্দিদের বিরুদ্ধে কিছুদিন আগে পর্যন্ত লড়াই করছিল, যদিও সেখানে শেষমেশ যুদ্ধবিরতি হয়েছে। এখানেও ওয়াইপিজি সিরিয়ার সার্বভৌম ভূমি দখলের চেষ্টা করছিল।
খুব সহজভাবে বললে, ওয়াইপিজিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা না দিলেও চলে। তারা আইএসবিরোধী যুদ্ধকে কাজে লাগিয়ে সিরিয়ার ভেতরে তুরস্কের সীমান্তের কাছে একটা ভূখণ্ড বের করার চেষ্টা করছে। গৃহযুদ্ধ শেষ হওয়ার আগে তারা চেষ্টা করছে সিরিয়ার যতটা ভূমি দখল করা যায়। কথা হচ্ছে, সিরিয়া যেমন কুর্দিদের কাছে ভূমি হারাতে চায় না, তেমনি তুরস্কও চায় না, তাদের সীমান্তে ছোটখাটো কুর্দি রাষ্ট্র গড়ে উঠুক। বাশারবিরোধী ফ্রি সিরিয়ান আর্মিও (এফএসএ) তুরস্কের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে, যাদের জন্য তুরস্ক জেরাব্লুসে সমরাস্ত্র পাঠাচ্ছে। কিন্তু দামেস্ক এ ব্যাপারে হয়তো তেমন একটা আগ্রহ দেখাবে না। কারণ, সিরিয়ার সরকারি সেনারা অনেক আগেই এফএসএকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছে। ফলে এফএসএর সেনারা যদি তুর্কি অভিযানে ‘শহীদ’ হতে চায় তাতে সিরিয়ার সরকারি সেনাদের তেমন কিছু এসে যায় না।
কিন্তু এসব খবরই আইএসের জন্য খারাপ। আবার ব্যাপারটা গভীরভাবে পরিহাসেরও বটে। কারণ, যে জেরাব্লুসে আজ তুর্কিরা বোমা বর্ষণ করছে, সেই একই জায়গায় টি ই লরেন্স ‘অব অ্যারাবিয়া’ প্রথম বিশ্বযুদ্ধের আগে জীবনের সবচেয়ে সুন্দর কিছু সময় কাটিয়েছেন। যিনি সেখানে কারকামিশের প্রাচীন ধ্বংসবস্তু অনুসন্ধান করেছেন, যেখানে আরবদের সম্পর্কে তাঁর আবেগপ্রবণ ও গভীরভাবে বর্ণবাদী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে।
পরবর্তী সময়ে লরেন্স লেখেন, যাঁরা আরবে থাকেন, তাঁরা সেখানকার ভূমির নিষ্ফলা বৈশিষ্ট্যের কারণে ‘সব রকম মানবীয় আবেগ হারিয়ে ফেলেন। তাঁদের জীবন থেকে দয়া-মায়া যেন সেই নিষ্ফলা জমির মধ্যে হারিয়ে যায়, যেখানে তাঁরা মুখ লুকান।’
আরবদের ‘কষ্ট দেখে আনন্দ’ পাওয়ার কথা বলেছেন তিনি। কথাটা আসলে আইএসের বেলায় খাটে। সম্ভবত, আমাদের চেয়ে তিনিই আইএসের বৈশিষ্ট্য ভালো বুঝতে পেরেছিলেন, যেটা আমরা ঠিক কল্পনাও করতে পারি না। কথা হচ্ছে, তুর্কিরা এখন জেরাব্লুসের ধ্বংসস্তূপের মধ্যে এটা আবিষ্কার করতে পারবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্ট-এর মধ্যপ্রাচ্য প্রতিনিধি।