মধ্যপ্রাচ্যের নতুন শতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিম প্রভাবিত প্রতিষ্ঠানগুলো, যেমন বিশ্বব্যাংক বারবার ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছে—মধ্যপ্রাচ্য কেন স্বশাসনে ব্যর্থ হচ্ছে। এই প্রশ্নটা তারা সততার সঙ্গেই তুলছে, কিন্তু তার মধ্যে আত্মোপলব্ধির অভাব রয়েছে। সর্বোপরি যে একটি কারণে এই অঞ্চলের সুশাসন ব্যর্থ হচ্ছে, তা হলো এখানকার স্বশাসনের অভাব। এই অঞ্চলের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের বারবার হস্তক্ষেপের কারণে পঙ্গু হয়ে গেছে, সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই তা শুরু হয়েছে। আবার কোথাও কোথাও তা আরও আগেই শুরু হয়েছে।
এক শতক যথেষ্ট। ২০১৬ সালে মধ্যপ্রাচ্যের নিজস্ব রাজনীতির শতক শুরু হওয়া উচিত, যার লক্ষ্য হবে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা। ১৯১৪ সালের নভেম্বর মাসেই গত ১০০ বছরের মধ্যপ্রাচ্যের ভবিতব্য নির্ধারিত হয়েছিল, যে সময় অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধে। এর ফলে অটোমান সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যায়, যার অবশিষ্টাংশের ওপর ব্রিটেন ও ফ্রান্স নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ওদিকে ব্রিটেন আবার ১৮৮২ সাল থেকেই মিসর নিয়ন্ত্রণ করছিল, যুদ্ধে জয়ী হওয়ার পর তারা আজকের ইরাক, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরবের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অন্যদিকে ফ্রান্স লেবানন ও সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় আর উত্তর আফ্রিকা আগে থেকেই তাদের নিয়ন্ত্রণে ছিল।
তৎকালীন লিগ অব নেশনসের ক্ষমতা ও আধিপত্যের অন্যান্য উপাদান কাজে লাগিয়ে ওই অঞ্চলের তেল, বন্দর, জাহাজ চলাচলের পথ ও স্থানীয় রাজনীতিকদের পররাষ্ট্রনীতির ওপর ব্রিটেন ও ফ্রান্সের ক্ষমতা নিশ্চিত করা হয়। ব্রিটেন হাশেমীয় হেজাজের আরব জাতীয়তাবাদকে সমর্থন না দিয়ে ইবনে সৌদের ওয়াহাবি মৌলবাদকে সমর্থন দিয়েছে, যারা কালক্রমে সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এই হস্তক্ষেপবাদী ধারা বজায় রাখে। সেটা করতে গিয়ে তারা ১৯৪৯ সালে সিআইএকে দিয়ে সিরিয়ায় সামরিক অভ্যুত্থান ঘটায় এবং তারপর ১৯৫৩ সালে আরেকটি সিআইএ অভিযানে ইরানের মোহাম্মদ মোসাদ্দেগকে ক্ষমতাচ্যুত করে (দেশটির তেলের ওপর পশ্চিমের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য)। সেই ধারা এখনো চলছে, যেমন ২০১১ সালে পশ্চিমারা লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফি এবং ২০১৩ সালে মিসরের আল মুরসিকে ক্ষমতাচ্যুত করে, আর সিরিয়ার বাশার আল–আসাদের বিরুদ্ধে তো এখনো যুদ্ধ চলছেই। গত সাত দশকে যুক্তরাষ্ট্র ও সহযোগীরা তাদের ধামাধরা নয় এমন সরকারকেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সরিয়েছে, এর মধ্যে তারা অভ্যন্তরীণ অভ্যুত্থানেও মদদ দিয়েছে।
পশ্চিমারা আবার এই পুরো অঞ্চলকে সশস্ত্র করতে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছে। এই অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র অনেক সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। আর সিআইয়ের অভিযান ব্যর্থ হলে এই যুক্তরাষ্ট্র ও ইউরোপের শত্রুদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র চলে যায়।

>শিয়া-সুন্নি বিভাজন, আসাদের রাজনৈতিক ভবিষ্যৎ, মতবাদিক বিতর্ক—এগুলো আখেরে অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এর চেয়ে মানসম্মত শিক্ষা, চাকরির দক্ষতা, উন্নত প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমস্যাই অধিক গুরুত্বপূর্ণ

ফলে এখন যখন পশ্চিমা নেতারা জিজ্ঞেস করেন, আরবরা কেন স্বশাসন করতে পারে না, তখন তাদের এই উত্তরের জন্য প্রস্তুত থাকতে হবে: ‘গত এক শতকে আপনাদের হস্তক্ষেপের কারণে এই অঞ্চলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে (আলজেরিয়া, ফিলিস্তিন, মিসর ও অন্যান্য স্থানে নির্বাচনের ফলাফল বাতিল করা)। এর ফলে একসময় বারবার যুদ্ধ লেগেছে, এখন যা দীর্ঘমেয়াদি যুদ্ধে পরিণত হয়েছে। আপনাদের মানববিদ্বেষী হস্তক্ষেপের কারণে সবচেয়ে সহিংস জিহাদিরা হাতে অস্ত্র পেয়েছে, আর বামাকো থেকে কাবুল পর্যন্ত বিস্তৃত এক বধ্যভূমি সৃষ্টি হয়েছে।’
ফলে নতুন এক মধ্যপ্রাচ্য সৃষ্টি করতে কী করতে হবে? আমি এ বিষয়ে পাঁচটি মূলনীতির কথা বলব।
প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যুক্তরাষ্ট্রকে সিআইয়ের গোপন অভিযান বন্ধ করতে হবে। তারা এসব অভিযান চালিয়ে অনেক সরকার উৎখাত করেছে বা তাদের অস্থিতিশীল করেছে। ১৯৪৭ সালে দুটি উদ্দেশ্য নিয়ে সিআইএ গঠিত হয়েছিল, যার মধ্যে একটি ছিল বৈধ (গোয়েন্দা তথ্য সংগ্রহ), আরেকটি ছিল বিপর্যয়কর (মার্কিন স্বার্থের পরিপন্থী দেশের সরকার উৎখাত)। মার্কিন প্রেসিডেন্টের উচিত নিজের নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে সিআইএর এসব গোপন অভিযান বন্ধ করা, তিনি সেটা করতেও পারেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের বিভিন্ন মিশন থেকে সৃষ্ট অপ্রত্যাশিত প্রতিকূল ফলাফল ও বিশৃঙ্খলার ধারাবাহিকতার অবসান ঘটবে।
দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রকে তার পররাষ্ট্রনীতির বৈধ লক্ষ্যগুলো জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। বর্তমানে সে যে মার্কিন নেতৃত্বাধীন ‘ইচ্ছুকদের জোট’ তৈরির মনোভঙ্গি গ্রহণ করেছিল, সেটা শুধু ব্যর্থই হয়নি; এর ফলে যুক্তরাষ্ট্র আইএসকে থামানোর জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছে, সেটাও তার ভূরাজনীতির প্রতিপক্ষদের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।
যুক্তরাষ্ট্র যদি তার পররাষ্ট্রনীতির ভূত–ভবিষ্যৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটের ওপর ছেড়ে দেয়, তাহলে তার অর্জনের ঝোলা আরও ভারী হবে। ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন ইরাকে যুদ্ধের ওপর ভেটো প্রদান করল, তখন তার উচিত ছিল সেই যুদ্ধ শুরু না করা। রাশিয়া তো সব সময় যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দেয়। ফলে যুক্তরাষ্ট্র যখন সিরিয়ার বাশার আল-আসাদকে সরানোর চেষ্টায় রাশিয়ার বিরোধিতার সম্মুখীন হলো, তখনো তাদের উচিত ছিল আসাদকে হটানোর গোপন অভিযানে না যাওয়া। আর এখন পুরো নিরাপত্তা পরিষদই ইসলামিক স্টেটকে রোখার জন্য বৈশ্বিক পরিকল্পনায় শরিক হতে যাচ্ছে, মার্কিন পরিকল্পনায় নয়।
তৃতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে এটা মেনে নিতে হবে যে মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক নির্বাচন হলে ইসলামপন্থীরাই বেশির ভাগ স্থানে জয়ী হবে। অনেকগুলো নির্বাচিত ইসলামি সরকারই ব্যর্থ হবে, একইভাবে লেজে গোবরে করে ফেলা অন্য দেশের সরকারও ব্যর্থ হবে। পরবর্তী নির্বাচনেই তারা পরাজিত হবে, এমনকি রাস্তায় ও জেনারেলদের হাতেও তাদের পরাজয় হতে পারে। কিন্তু ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যদি সেখানে হস্তক্ষেপ করতেই থাকে, তাহলে তার রাজনৈতিক পরিপক্বতা অর্জনের প্রক্রিয়া ব্যাহত হবে। আর এতে কোনো দীর্ঘমেয়াদি সফলতা ও সুবিধা পাওয়া যাবে না।
চতুর্থত, সাহেল থেকে শুরু করে উত্তর আফ্রিকা হয়ে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার স্থানীয়ভাবে বেড়ে ওঠা নেতাদের এটা বুঝতে হবে যে ইসলামি দুনিয়ার জন্য আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার মান। এই অঞ্চলটি তার সমকক্ষ অন্যান্য মধ্য আয়ের দেশের তুলনায় বিজ্ঞান, গণিত, প্রাযুক্তিক আবিষ্কার, উদ্যোগ, ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টিতে অনেক পিছিয়ে আছে। উচ্চমানের শিক্ষা ছাড়া পৃথিবীর কোথাও অর্থনৈতিক সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা যাবে না।
শেষমেশ এই অঞ্চলকে পরিবেশ বিপর্যয়ের ফাড়া কাটিয়ে হাইড্রোকার্বনের ওপর অধিক নির্ভরশীলতা কমাতে হবে। পৃথিবী এখন নিম্ন কার্বন নিঃসরণকারী জ্বালানির দিকে ধাবিত হচ্ছে, সেই পালাবদলের সঙ্গে তাকে খাপ খাওয়াতে হবে। পশ্চিম আফ্রিকা থেকে মধ্য এশিয়া পর্যন্ত এই মুসলমান অধ্যুষিত অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বড় ও জনবহুল শুষ্ক অঞ্চল, যার পাঁচ হাজার মাইল দীর্ঘ এলাকায় পানির স্বল্পতা রয়েছে, সঙ্গে আছে মরুকরণ, তাপমাত্রা বৃদ্ধি ও খাদ্যের নিরাপত্তাহীনতার ভীতি।
এগুলোই আজ মধ্যপ্রাচ্যের সত্যিকারের চ্যালেঞ্জ। শিয়া-সুন্নি বিভাজন, আসাদের রাজনৈতিক ভবিষ্যৎ, মতবাদিক বিতর্ক—এগুলো আখেরে অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এর চেয়ে মানসম্মত শিক্ষা, চাকরির দক্ষতা, উন্নত প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমস্যাই অধিক গুরুত্বপূর্ণ। ইসলামি জগতের সাহসী ও প্রগতিশীল চিন্তকদের কাজ হবে নিজেদের সমাজের মধ্যে বোধোদয় সৃষ্টি করা। আর সারা পৃথিবীর শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা তাদের শান্তিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সৃষ্টি করবে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও হস্তক্ষেপ-উত্তর এক নতুন দুনিয়ার ইশতেহার।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন
জেফরি ডি স্যাক্স: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।