মধ্যপ্রাচ্যের পরবর্তী যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জশকা ফিশার
জশকা ফিশার

উত্তর ইরাকের শহর মসুলের পতনের পর আইএস শিগগিরই অতীতের ব্যাপার হতে পারত। কিন্তু আইএসের পতন ও তার স্বঘোষিত ইরাকি-সিরীয় খিলাফতের পতনের পরও মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এমনকি এতে সিরীয় ট্র্যাজেডিরও অবসান হবে না। বরং এই অঞ্চলের রক্তাক্ত ও বিশৃঙ্খল ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হবে, প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর এই অঞ্চলে যা ঘটেছে, এই নতুন অধ্যায় তার মতোই হবে। কারণ, এখানকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের নিরসন হয়নি। মধ্যপ্রাচ্য এখনো ১৯ ও ২০ শতকের মাঝামাঝি জায়গায় আটকে আছে।

মধ্যপ্রাচ্যের এই দুর্দশায় পশ্চিমা শক্তিরও মদদ আছে। যে সাইকস-পাইকট চুক্তির মাধ্যমে গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অটোমান সাম্রাজ্য পরবর্তীকালে এর ভূমি বণ্টন করেছে, তার উল্লেখ করা হলে আরব বিশ্বে এখনো যেমন উন্মাদনা হয়। আবার এই অঞ্চলে রাশিয়ার জারের ভূমিকাও আমাদের ভোলা ঠিক হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে শুরু করে।

বস্তুত আজ এই অঞ্চলের বিশৃঙ্খলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই মূলত দায়ী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান স্বার্থ হচ্ছে তার তেলের চাহিদা। কিন্তু স্নায়ুযুদ্ধ শেষ হলে অর্থনৈতিক স্বার্থ দ্রুতই কৌশলগত স্বার্থে রূপান্তরিত হয়। তখন তারা পশ্চিমবিরোধী ও সোভিয়েতবান্ধব সরকার গঠনে বাধা দিতে থাকে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সক্রিয় প্রভাব বজায় রাখার চেষ্টায় পরবর্তীকালে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা মৈত্রী গড়ে তোলে। এরপর শেষমেশ তারা সাদ্দাম হোসেনের ইরাকে উপসাগরীয় যুদ্ধসহ দুবার বৃহৎ কলেবরে সামরিক হস্তক্ষেপ করে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপও মধ্যপ্রাচ্যের জন্য গভীর তাৎপর্যবহ। ১৯৮০-এর দশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে জিহাদের নামে যে মার্কিন-সমর্থিত বিদ্রোহ শুরু হয়, তাতে যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও পাকিস্তান তার শত্রুতে পরিণত হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়, দেখা গেল, ১৯ জন হামলাকারীর মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক। পাকিস্তানই তালেবান তৈরি করেছে। নিরাপদে এই দেশে বসেই আল-কায়েদা যুক্তরাষ্ট্র ও পশ্চিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ প্রথম উপসাগরীয় যুদ্ধে সফলতা পেয়েছিলেন। কিন্তু তাঁর ছেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ১২ বছর পর তা মাটি করে দেন। কনিষ্ঠ বুশ যে উপসাগরীয় যুদ্ধ শুরু করেন, তাতে এই অঞ্চলে বিপর্যয় নেমে আসে। জ্যেষ্ঠ বুশ শুধু কুয়েতকে মুক্ত করতে চেয়েছিলেন, তিনি ইরাকের সরকার পরিবর্তন করতে চাননি, কিন্তু কনিষ্ঠ বুশ আরও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। কনিষ্ঠ বুশের চিন্তা ছিল এ রকম যে ইরাকে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে দেশটিকে গণতান্ত্রিক করা, যাতে দেশটি পশ্চিমঘেঁষা হয়। এতে মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খলা টেকসই হয়েছে এবং ইরান প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে।

আর আজ আইএসের পতনের পর মধ্যপ্রাচ্যের ইতিহাস নির্ধারিত হবে সুন্নি সৌদি আরব ও শিয়া ইরানের আঞ্চলিক ক্ষমতা বিস্তারের দ্বৈরথের পরিপ্রেক্ষিতে। এখন পর্যন্ত এই দীর্ঘ খণ্ড খণ্ড যুদ্ধ মূলত প্রক্সির মাধ্যমে হয়েছে। আর এই অঞ্চলে ক্রিয়াশীল দুটি বৈশ্বিক শক্তি ইতিমধ্যে অবস্থান নিয়েছে, যুক্তরাষ্ট্র আছে সৌদি আরবের সঙ্গে আর রাশিয়া আছে ইরানের সঙ্গে।

ইরানের সঙ্গে সৌদি আরবের সরাসরি যুদ্ধ লাগলে নিশ্চিতভাবে বলা যায়, এই অঞ্চলে আগুন লেগে যাবে, যা মধ্যপ্রাচ্যের আগের সব যুদ্ধকে ছাড়িয়ে যাবে। এ ছাড়া সিরিয়ায় এখনো ধিকিধিকি আগুন জ্বলছে, ইরাক গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। ফলে সেখানে আইএস বা তার কোনো উত্তরসূরি সক্রিয় থাকতে পারে। আরেকটি ব্যাপার পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে, সেটা হলো ‘কুর্দি প্রশ্নের’ উত্থান। কুর্দিরা রাষ্ট্র ছাড়াই আইএসের বিরুদ্ধে নির্ভরযোগ্য যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এই নব্য রাজনৈতিক ও সামরিক তাগদ নিয়ে তারা স্বায়ত্তশাসন ও এমনকি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হতে পারে। তুরস্ক, সিরিয়া ও ইরান আক্রান্ত হবে, এতে ন্যায় যুদ্ধ লেগে যেতে পারে। তাদের ভূমি হারাতে হতে পারে।

এই অনিষ্পন্ন প্রশ্ন এবং ইরাক ও ইরানের মধ্যে প্রভাব বিস্তারের দ্বন্দ্ব তীব্র হওয়ায় এই অঞ্চলের পরবর্তী ইতিহাস আর যা-ই হোক না কেন, তা শান্তিপূর্ণ হবে না। হ্যাঁ, যুক্তরাষ্ট্র হয়তো ইরাক যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে, কিন্তু তারা মধ্যপ্রাচ্যের কোনো স্থলযুদ্ধে জিততে পারবে না, যদিও তারা সামরিক শক্তিতে শ্রেষ্ঠ। সে কারণেই ওবামা সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করতে চাননি, এমনকি আকাশ আক্রমণও নয়। ফলে যে শূন্যতা সৃষ্টি হয়, রাশিয়া দ্রুত তা পূরণ করে ফেলে। তার পরিণতি কী হবে, আমরা সেটা জানি। ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের প্রচারণা চালিয়েছিলেন। নির্বাচনের পর তিনি সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন। সৌদি আরবের সঙ্গে তিনি আরও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, একই সঙ্গে ইরানের সঙ্গে বাগাড়ম্বরমূলক লড়াইয়ের মাত্রা বাড়িয়েছেন।

মধ্যপ্রাচ্যের ব্যাপারে শিক্ষালাভ করা ট্রাম্পের জন্য সহজ হবে না। এই অঞ্চল তার জন্য অপেক্ষা করবে না। আশাবাদী হওয়ার মতো কারণ নেই।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

জশকা ফিশার: জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী।