মধ্যরাতের জাতক স্বাধীন ও কাগজের কন্যা ইতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকে নিয়ে হরিচরণ (মাঝে) যাবেন ভারতে, মামা থেকে যাবেন বাংলাদেশে
মাকে নিয়ে হরিচরণ (মাঝে) যাবেন ভারতে, মামা থেকে যাবেন বাংলাদেশে

মধ্যরাতের জাতকেরা
স্বাধীনতার যে মহান সূর্যের জয়গান গাওয়া হয়, স্বাধীন হওয়ার লগ্নে কিন্তু তার দেখা মেলে না। উদয় হওয়ার আগে স্বাধীনতা থাকে অন্ধকারের আঁতুড়ঘরে। উপমহাদেশে স্বাধীনতার আরেক নাম দেশভাগ ও দেশত্যাগ। সেটাও ঘটে মধ্যরাতেই। ভারত ও পাকিস্তান স্বাধীন হয়েছিল মধ্যরাতে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাও এসেছিল মধ্যরাতে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের ‘স্বাধীনতাও’ এল গত ৩১ জুলাই মধ্যরাতে। এটাও সাতচল্লিশের দেশভাগ ও স্বাধীনতার আগস্ট মাস। স্বাধীনতার মধ্যরাতে যাদের জন্ম খ্যাতনামা সাহিত্যিক সালমান রুশদির ভাষায় তারা মিডনাইটস চিলড্রেন—মধ্যরাতের জাতক। ৩১ জুলাই পেরোনো ১ আগস্টের প্রথম প্রহরে, রাত সাড়ে ১২টায় দাসিয়ারছড়ার বালাকারি গ্রামের নুরে আলম ও নাজমার ঘরেও এক পুত্র জন্মাল। মধ্যরাতের এই জাতকের নাম ‘স্বাধীন’।
প্রতিটি স্বাধীনতায় সিংহভাগ মানুষ দেশ পেলেও দেশ হারাতেও হয় কারও কারও। সাতচল্লিশের দেশভাগ যতজনকে উদ্বাস্তু করেছিল, মানবের ইতিহাসে তা নজিরবিহীন। উদ্বাস্তু হয়েছিল ১ কোটি ৪০ লাখ, দাঙ্গায় নিহত ২ থেকে ৫ লাখ। ব্যাপারটা নদীর এক কূল ভেঙে অন্য কূল গড়বার মতো।
দেশ হারিয়ে পাওয়া দেশ
এ রকমই দ্বিধাদীর্ণ দাসিয়ারছড়ার মোহন্ত পরিবার। তাদের এক কূল ভাঙছে বাংলাদেশে, আরেক কূল জাগছে ভারতে। পরিবারের অর্ধেকটা থাকছে এপারে, অর্ধেকটা যাবে ওপারে। পেছনে রেখে যাবেন জমি, স্মৃতি, আত্মীয়স্বজন ও প্রতিবেশী। রেখে যাবেন দেশের মায়া: জন্ম, বিবাহ ও বেড়ে ওঠার চিহ্নগুলো। দেশ ছেড়ে তাঁরা যাচ্ছেন দেশ পেতে। যদিও দুই দেশ কত আলাদা! এই দেশেতে শিকড়, সেই দেশেতে ভবিষ্যৎ। আশায় বসত করে তাঁরা এবার দেশান্তির হবেন।
দাসিয়ারছড়া ‘স্বাধীন’ হলো ১ আগস্ট। সেদিন খুব আনন্দ হয়েছিল হিন্দু-মুসলিম সবার। তবে ২০ আগস্ট সন্ধ্যায় হরিকে মনে হলো কিছুটা অনিশ্চয়তাদীর্ণ। কালিরহাট বাজার থেকে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে তাঁর বাড়ি যাচ্ছি। অন্ধকারে মানুষটার মুখ দেখা যায় না। স্পষ্ট শুকনা গলা শোনা যায়। বলছিলেন আশারই কথা। ওপারে দুই বোনের বিয়ে হয়েছে। বাবা-মায়ের বংশের বেশির ভাগই ওপারে। সেটাই ভরসা। বললাম, এখানেই তো জন্ম, কেন যাবেন? হরিচরণ উত্তর করেন, ‘ভারতেই ছিলাম ভারতেই তো যাব। করিডর দিলে তো যাইতে হইত না। করিডর দেয় নাই, বিনিময়ে যারা যাইতে চায় তাদের সুবিধা দিছে। তবে সরকারের আশা করি না, ওখানে গিয়ে ডেভেলপ হব। সবার যা গতি হবে আমারও তাই গতি।’
ততক্ষণে আমরা চলে এসেছি টিনের চালার ছোট্ট বাড়িতে। চুলায় রান্না চড়েছে। বারান্দায় বেঞ্চে বসে কথা হচ্ছিল। মা ও দুই ভাইয়ের পরিবার নিয়ে হরিচরণেরা যাবেন। থেকে যাবেন দুই মামা। হরিচরণেরা কাগজের মানুষ। যদি ছিটমহলে বসবাসের কাগজ ঠিক থাকে, জমির দলিল ঠিক থাকে, তাহলে ভাগ্যের সঙ্গে লড়তে পারবেন। ইতিমধ্যে জাল ও আসল দলিলের মারামারি শুরু হয়ে গেছে। এখন তাঁরা অপেক্ষায় আছেন, ভালোয় ভালোয় কাগজের ছাড়পত্র পেলে হয়।
রক্তের টান বনাম দেশের টান
হরিচরণের তিন মেয়ে: চন্দনা, আল্পনা ও ইতি। চন্দনাই বড়, ১৪-১৫ হবে বয়স। হরির দুই বোনের বিয়ে হয়েছে ভারতের কোচবিহারে। সংখ্যালঘু নারীর অনিরাপত্তার অনেক দৃশ্যমান ও অদৃশ্য কারণ রয়েছে। ছিটমহলের নাগরিক বিনিময়ের সুযোগ না হতো যদি—ধরে নেওয়া যায়—এই তিন বোনের বিয়েও ওপারেই হতো। যখন ভারতের কাঁটাতার ছিল না, তখন দেখা-সাক্ষাৎ সহজ ছিল, পাস-কাগজ ছিল। এখন সেই দিন নেই। দেশভাগের পর থেকেই উপমহাদেশের সংখ্যালঘুদের আত্মবিশ্বাস কমতে কমতে তলানিতে ঠেেকছে।
যে জন্য হরিচরণ যাবেন, সে জন্যই তঁার মামারা যাবেন না। মামার নাম মধুসূদন মোহন্ত। কেমন দিন আসছে জিজ্ঞাসিলে বললেন, ‘সব মালিক জানে। এটা তো জন্মস্থান, জন্মভূমি। আমিও তো আর একা না। আরও যে লাখ লাখ হিন্দু আছে, তাদের কী হবে? সবাই বাঁচলে আমরাও বাঁচব। যদি এই দেশে মানুষ থাকতে পারে, আমরাও থাকতে পারব। মুসলমান বাঁচলে আমরাও বাঁচব।’
মধুসূদনের সংকট দুদিকেই, ‘যেতে গেলে তো সম্পদ বেচতে হবে। অনেক লস দিতে হবে।’ তাহলেও চূড়ান্ত বিষয় হলো তাঁর দুই মেয়ে ও এক ছেলে। মেয়ে দুটির বিয়ে হয়েছে পাশের গ্রামে। ছেলে ঢাকায় ছোট চাকরি করে। এঁদের রেখে কীভাবে যাবেন! আক্ষেপ
তবু থাকে, ‘ভাগনেরা গেলে কমজোরি হয়ে যাব!’ জন্মভূমির প্রতি মায়ার চেয়েও বড় মায়া সন্তান। হরিচরণেরা যেমন রক্তের
টানে দেশ ছাড়বেন, মধুসূদনেরাও তেমন রক্তের টানেই থেকে যাবেন। গন্তব্য ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক।
নিরন্তর দেশভাগের টানাপোড়েন
দাসিয়ারছড়ায় প্রায় সাড়ে সাত শ হিন্দুর বাস। ভারত সরকারের দেওয়া ‘অপশন’-এর বরাতে যাচ্ছেন মাত্র আড়াই শ জন—এঁদের ১৮৪ জন হিন্দু। সাতচল্লিশের দেশভাগের সময়ও এ রকম অপশন দেওয়া হয়েছিল। ‘যাওয়া’ কিংবা ‘থাকা’র সিদ্ধান্ত তাঁদের হলেও, এই ‘অপশন’ কি তাঁরা চেয়েছিলেন? নাকি তাঁদের চাওয়া ছিল একত্রে থাকার অপশন? কিন্তু ঔপনিবেশিক শাসন, সাম্প্রদায়িক ভোটের রাজনীতির খেসারত তাঁদেরই দিতে হয়। জাতিরাষ্ট্রের সংহত ও শক্তিশালী ‘হয়ে-ওঠার’ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তাঁদের জীবন। সুতরাং যাকে ‘অপশন’ বলা হচ্ছে, তার পেছনে থাকছে রাষ্ট্র ও রাজনীতির এমন কিছু দায়, যার জন্য এই ভুক্তভোগী মানুষেরা মোটেই দায়ী নয়। এই ইতিহাস এই রাজনীতি আর এই গণতন্ত্র সংখ্যাগুরুর দম্ভকে সামাল দিতে পারে না। সংখ্যালঘুর জান-মাল ও মর্যাদা রক্ষা করতে পারে না। দেশভাগ, সংসারভাগ ও হৃদয়ভাগ তাই চলতেই থাকে।
ছিটমহলী জীবনের জাদুঘর
ছিটমহলের মানুষের রাষ্ট্রবোধ বিচিত্র। তারা ভারত-বাংলাদেশ দুইকেই আপন মনে করত। তাদের স্লোগান ছিল: ‘মুজিব–ইন্দিরা চুক্তি/ছিটবাসীর মুক্তি!’ দাসিয়ারছড়ায় মুজিব-ইন্দিরা চুক্তির স্মরণে মুজিব-ইন্দিরা মহাবিদ্যালয় করা হবে। তৈরি করা হবে মুজিব-ইন্দিরা স্মৃতি জাদুঘর। এপারের নেতা গোলাম মোস্তফার বন্ধু ওপারের দীপ্তিমান সেনগুপ্ত। দীপ্তিমানের বাবা দীপক সেনগুপ্তের নামেও রাস্তা হবে দাসিয়ারছড়ায়। গত জানুয়ারিতে উভয় নেতা দুই দেশের দুই শহরে টানা ২৭ দিন অনশন করেন। অনশন ভাঙতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি এলে মোস্তফার দাবি, ‘ওপারে আমার ভাই দীপ্তিমানকে রেখে আমি ভাত খাব না!’ এখন এই দুই ভাই মিলে ছিটমহলের জাদুঘর করবেন। ছিটজীবনের স্মৃতি ও আন্দোলনের স্মারক থাকবে সেই জাদুঘরে। যারা চলে যাবে, তাদের স্মৃতি ও কথা, ছবি ও তথ্য কী থাকবে সেই জাদুঘরে?
দেশবোধ তো মানসিক ব্যাপার। মনের রঞ্জনরশ্মিতে তোলা ছবি ওঠানো গেলে হয়তো দেখা যেত, সেখানে সুখের সঙ্গে মিশে আছে দুঃখ, প্রাপ্তির আনন্দের খোপে ঢুকে আছে হারানোর হাহাকার। সেই মনছবিতে মানুষ ও মাটির ছাপই জ্বলজ্বল করত। রাষ্ট্র-রাজনীতি-অর্থনীতি সেখানে ছবির ফ্রেমের মতোই বহিরাগত।
স্বাধীনের জন্ম, ইতির বিদায়
বৃষ্টি ধরে এসেছে। হরিচরণের বউ চা আনলেন, মা পান-সুপারি দিলেন। ব্যাটারিচালিত চীনা ল্যাম্পের মৃদু আলোয় আমরা চুপ করে বসে আছি। ওঘর থেকে ভেসে আসছে গুনগুন এক সুর—সন্ধ্যা আরতির মতো। বললাম, কে গায়? ‘আমার ছোট মেয়ে ইতি’, হরিচরণের উত্তর।
ছয় বছরের ইতির বিষণ্ন গুনগুন বাইরের বৃষ্টির সঙ্গে মিলিয়ে গেল। আমরা চলে আসছি। গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, মুনীরুদ্দীন, হাবিব ও মধুসূদনেরা থাকবেন, ইতিদের ইতি ঘটবে এ দেশে। হরিচরণ বলে চলেছেন, ‘আমার ঘর তোলার পয়সা ছিল না, এলাকাবাসী বাঁশ-কাঠ দিল। এখানে আমার কখনো সমস্যা হয়নি। কিন্তু যেখানে যাব, জানি না কী হবে! দাদা বলতে পারেন, সত্যিই কি যেতে পারব? জমি বিক্রির কাগজ পাব? সেখানে গিয়ে সুখ পাব?’
স্বাধীনের যখন শুরু ইতিদের তখন শেষ। ইতিহাস কী বলবে একে, ইতির স্বাধীনতা নাকি স্বাধীনতার ইতি? স্বাধীন আর ইতি আর একসঙ্গে বেড়ে উঠবে না। সেদিন থেকেই তারা পরস্পরের কাছে বিদেশি। স্বাধীনতার মধুর আনন্দের মধ্যে ইতির গুনগুনানি সুর তাই বেজেই চলল!
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]