শাসক জোটে ভেড়ানোর মতো অনেক টোপ থাকে, যার ছিটেফোঁটা বা টুকরা-টাকরা দিয়ে কিছু কিছু দলকে খুশি করা বা কিনে রাখা যায়। তার পরও সংখ্যা কোনো গুরুত্বই বহন করে না, যদি জবাবদিহি না থাকে কারও।আমার জানা আছে, আমি এমন কেউ না, যাঁর কথা কংগ্রেসকে শুনতে হবে। যদি তারা শুনত, তা হলে আমি তাদের পরামর্শ দিতাম—মাঠে নেমে লড়াই করো। বর্তমানে যে অবস্থা, তাতে তারা যদি টিকেও যায়, সেটা ক্ষমতার চেয়ারে সেঁটে থাকামাত্র, দেশ পরিচালনা করা নয়। দলটির সামনে হাজির হওয়া সমস্যাটা মোটেই নতুন কিছু নয়। তিন-চার বছর ধরে তো তারা আলোচনা ও তর্ক-বিতর্ক চালিয়ে যাচ্ছে যে সংস্কার করা হবে কি হবে না। ক্ষমতা হারানোর ভয়ে কংগ্রেস দল এ ব্যাপারে ভিন্ন কিছু করায় সর্বদাই দ্বিধায় ছিল। যা-ই হোক, এখন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাবমূর্তি দলামোচা অবস্থায়। তিনি এখন এক শোচনীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। সত্যি যে সংসদে কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সদস্য সরকার থেকে নিজেদের প্রত্যাহার করায় ক্ষমতাসীন জোট ৫৩৬ সদস্যের লোকসভায় মাত্র ২৫৪টি আসনের অধিকারী। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্বার্থে মুলায়ম সিং যাদবের সমাজবাদী দলের ২২ জন সদস্য কিংবা বহুজন সমাজ দলের নেতা মায়াবতীর ২১ জন সদস্যকে পাওয়ার চেষ্টাই এখন তাদের করতে হবে। সেই লক্ষণই রাজনীতিতে দেখা যাচ্ছে। কংগ্রেস ভালো করেই জানে, এই দুটি দলকে বা তাদের কোনো একটিকে জোটে পেতে হলে কী মূল্য তাদের দিতে হবে। সরকারনিয়ন্ত্রিত কেন্দ্রীয় দুর্নীতি দমন ব্যুরো (সিবিআই) তাদের হাতে মজুদ সব অস্ত্রের ব্যবহার না করে ছাড়বে না। মুলায়ম সিং যাদব ও মায়াবতী উভয়ের বিরুদ্ধেই দুর্নীতির অনেকগুলো মামলা চলছে এবং মাত্রাতিরিক্ত সম্পদের পাহাড় গড়ার অভিযোগেও তাঁরা অভিযুক্ত। মায়াবতী অনেক দিন হলো কংগ্রেস বিষয়ে তেমন সরব নন। কিন্তু মুলায়ম সিং যাদব বলা শুরু করেছেন, কংগ্রেস মানেই দুর্নীতি। এ কথা বলার সময় হয়তো তিনি নিজের কলঙ্কিত ভাবমূর্তির কথা ভুলে ছিলেন। এদিকে ডিএমকে তার ১৮ সদস্য নিয়ে লোকসভায় নিয়মিতভাবে কংগ্রেসকে চোরাগোপ্তা হামলা করার রেকর্ড করে গেলেও এমনিতে তারা মোটামুটি কংগ্রেসের প্রতি অনুগতই রয়েছে। আসল সমস্যা হলো নেতাদের নিয়ে—মুলায়ম সিং এবং উত্তর প্রদেশের মায়াবতী। কংগ্রেসের কি তাঁদের কোনো একজন অথবা উভয়কেই জয় করার মতো কোনো ভাবমূর্তি আর অবশিষ্ট আছে? ক্ষমতা এবং আপসের মধ্যে কোনো একটিকে বেছে নেওয়া কোনো সহজ ব্যাপার নয়। কিন্তু কংগ্রেসকে তার সব সুনামের থেকে এক বিন্দুও বাঁচাতে হলে মার্কিন-ভারত পারমাণবিক চুক্তির পরিস্থিতির মতো ভোটাভুটির মধ্যে গেলে হবে না। কারণ, সেই সামর্থ্যও তার নেই। মুলায়ম সিংকে পেতে হলে কংগ্রেসের তাঁকে ব্ল্যাংক চেকই দিতে হবে। সরকার এখন যে সমস্যায় হিমশিম খাচ্ছে তা হলো, ডিজেলের মূল্যবৃদ্ধি। অবশ্য দাম বাড়ানোর পরও সেখানে সরকারের ভর্তুকি চলবে। দ্বিতীয় অমীমাংসিত বিষয় হলো, ভারতের খুচরা পণ্যের বাজারে বেশ কটি বিদেশি ব্র্যান্ডকে সরাসরি বিনিয়োগ করতে দেওয়া, বাজারটা তাদের হাতে তুলে দেওয়া। হয়তো বিদেশিদের ভারতে খুচরা ব্যবসার চেইন-শপ খুলতে দিলে মানুষকে আর দোকানদারদের খেয়ালমাফিক কেনাকাটা করতে হবে না। বিশেষত, খাদ্যের বাজারে দেখা যায়, এসব খুচরা বিক্রেতা চাহিদা বাড়লেই দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি ঘটায়। সত্যি যে পাঁচ কোটি খুচরা বিক্রেতার সবাই এমনটা করেন না। তাঁদের অনেকেই তাঁদের দায়িত্ব সম্পর্কে সচেতন। কিন্তু মনমোহন সিং যেভাবে তাঁদের সবাইকেই সুযোগসন্ধানী ঠাউরে অর্থনৈতিক পদক্ষেপ নিচ্ছেন, তার জন্য উপযুক্ত রাজনৈতিক সমঝোতা তো তৈরি না করে প্রধানমন্ত্রী আমাদের অজানা এক পরিস্থিতির মধ্যে নিয়ে ফেলছেন। তা হলেও আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি যে এতে যদি পরিস্থিতির অবনতিই হয়, তা হলে কেন একে সংস্কার বলা হচ্ছে? এর মানে কি যাঁরা এর বিরুদ্ধে, তাঁরা সবাই সংস্কারবিরোধী? যে দেশে রাজনৈতিক বিভাজন এতই তুঙ্গে, সেখানে এ ধরনের শব্দ ব্যবহার করা উচিত নয়, যা আরও বিভক্তির জন্ম দেয় এবং উত্তেজনা বাড়ায়। যদি একে চলতি বুলি অনুসারে সংস্কারই বলতে হয়, এর জন্য তো গত তিন-চার বছর সময় পাওয়া গিয়েছিল। তা হলে কেন মনমোহন সিং এ সিদ্ধান্তের জন্য ২০১২ সালের সেপ্টেম্বর মাসকেই সবচেয়ে উত্তম ভেবে বেছে নিলেন, কেন ২০০৮ সালে বা ২০০৪ সালে যখন তাঁরা ক্ষমতায় এসেছিলেন, সে সময়টিকে বেছে নেওয়া হলো না? দ্বিতীয় দফার ক্ষমতার মেয়াদে যখন সরকারের দম ফুরিয়ে আসছে, সে সময় এ রকম পদক্ষেপ নেওয়ার কী মানে? সংসদ নির্বাচন হওয়ার কথা আছে ২০১৪ সালে, এখন থেকে দেড় বছরের কম সময় পর। সমগ্র মেয়াদের যা কিছু ভুলত্রুটি, তা সারিয়ে নেওয়ার জন্য এটা খুবই কম সময়। এটা কি হতে পারে যে এর মাধ্যমে সরকার সাম্প্রতিক কয়লা কেলেঙ্কারিসহ লাগাতার দুর্নীতির কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরাতে এটা করেছে? আমি উচ্চাভিলাষী সংস্কারের চেয়ে দেশ পরিচালনায় অধিকতর স্বচ্ছতা বজায় রাখার পক্ষপাতী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সরকার আর লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না। তাদের জন্য এখন একটাই পথ খোলা তা হলো, বিভিন্ন রকম প্রলোভন ও টোপ দিয়ে ছোট রাজনৈতিক দলগুলোকে কেনার চেষ্টা করা। এবং এখনো সংখ্যায় কিছুই যায় আসে না যদি সরকারের জবাবদিহি না থাকে। আমি তো সে রকম লোক বেশি দেখি না সরকারে। এখন সবাই এটা জানে যে মন্ত্রীরা আমলাদের সঙ্গে হাত মিলিয়ে টাকা বানানোয় ব্যস্ত। অনেক দুর্নীতির খবরই এখনো প্রকাশ্য দিবালোকে আসেনি। গণমাধ্যমের কল্যাণে কিছু কিছু দুর্নীতির ওপর আলো পড়েছে। দুর্নীতির ব্যাপারে কথা উঠলেই সরকারের তরফে বলা হয়, ‘কোনো আর্থিক ক্ষতি হয়নি।’ তারপর দেখা গেল সেটা হয়েছে এবং তার কারণ খোলামেলা দুর্নীতি। যেমন, টুজি স্পেকট্রামের সময় সুপ্রিম কোর্ট এ দুর্নীতি উদ্ঘাটনে কাজ করেছেন। কারণ, এ ব্যাপারে হাঙ্কিপাঙ্কি করা হচ্ছিল। তড়িঘড়ি করে কপাট বন্ধ করতে যখন যাওয়া হলো, তখন দেখা গেল ঘোড়া ততক্ষণে বেরিয়ে গেছে। মনমোহন সিং সরকারের অথবা জওহরলাল নেহরু সরকারের সমস্যা হলো, তারা দৃঢ় হাতে সিদ্ধান্ত নিতে পারে না। তারপর বলা হলো, ভারত নরম পন্থায় চলবে বলে স্থির করেছে। এখন বলা হচ্ছে, এখানে নাকি নীতিগত বিষয়ে পক্ষাঘাতগ্রস্ততা চলছে। আসল ব্যাপার হলো, নিজেদের আত্মবিশ্বাসের অভাব এবং নৈতিক ঘাটতি থেকেই গুরুতর নীতিগত ফয়সালা হতে পারছে না। গুনার মিরডাল দক্ষিণ এশিয়া বিষয়ে গবেষণা করে এশিয়ান ড্রামা নামের একটি বই লিখেছেন। তিনি তাতে বলেছেন, ভারত হলো একটি ‘কোমল রাষ্ট্র’। কারণ, এটা কোনো কিছু করায় বাধ্য করতে পারে না, বরং সব সময় আপসমুখী থাকে। এটা এখন যেমন সত্য, তেমনি সত্য ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়, ১৯৫৫ সালে। মনমোহন সিংয়ের সংস্কার শুরু হয়েছিল ১৯৯১ সালে। তিনি দেখানোর চেষ্টা করেছিলেন, সমাজতন্ত্র ও পুঁজিবাদের মিশ্র অর্থনীতি বেশ কিছু কারণে ঠিকমতো খাপ খাচ্ছে না। এর জন্য দায়ী সনাতন গোঁড়ামি, ধর্মীয় সংকীর্ণতা এবং কল্যাণকামী সমাজ নির্মাণের জন্য বড় বড় পদক্ষেপ। আশা করি, তিনি তাঁর বলা গ্রহণমুখী উন্নয়নের ধারণা যে ভালো, তার প্রমাণ দেবেন। একদিকে দুর্নীতি এবং অন্যদিকে সিদ্ধান্তহীনতার ফলে মুক্ত অর্থনীতিতে গুরুতর গড়বড় দশায় পড়েছে ভারত। আমি হয়তো আমার মধ্যপন্থী ধ্যান-ধারণাতেই থেকে যাব, তার পরও ভারতের জন্য দরকার বাস্তবোচিত চিন্তা। আমরা হয়তো বিদেশিনির্ভর অর্থনৈতিক পরিকল্পনা পছন্দ করি না, কিন্তু এটা কার্যকর। ইংরেজি থেকে অনূদিত কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।