কঠিন সময় অতিক্রম করছে কংগ্রেসের নেতৃত্বাধীন ভারতের ইউপিএ বা সংযুক্ত প্রগতিশীল জোট সরকার। স্বস্তিতে নেই সরকারপ্রধান প্রধানমন্ত্রী মনমোহন সিংও। রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন প্রত্যাহার করার পর ইউপিএ সরকার পতনের হাত থেকে রক্ষা পেলেও সংকট কাটেনি। নতুন করে মমতা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি আপস করবেন না ভারতের খুচরা বাজারে বিদেশি পুঁজি বিনিয়োগ বা এফডিআই প্রশ্নে। তাই দিল্লির যন্তর মন্তরে ডিজেলের মূল্যবৃদ্ধি এবং ভারতের খুচরা ব্যবসায় বিদেশি মূলধন বিনিয়োগের প্রতিবাদে আগামী ১ অক্টোবর মমতা আন্দোলনের ডাক দিয়েছেন। বিক্ষোভ সমাবেশ করবেন। অবস্থান ধর্মঘটে অংশ নেবেন তিনি।তাই প্রধানমন্ত্রী এখন একদম স্বস্তিতে নেই। সরকার পতনের চিন্তা তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। ইউপিএ সরকারের ওপর থেকে মমতা সমর্থন প্রত্যাহার করায় আসনসংখ্যার দিক থেকে সংখ্যালঘু হয়ে পড়লে এই সরকারকে বিপদের হাত থেকে রক্ষা করে উত্তর প্রদেশের মুলায়ম সিং যাদবের সমাজবাদী দল এবং মায়াবতীর বহুজন সমাজ দল। তারাই এখন অবস্থান নিয়েছে ইউপিএ সরকারের খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে। ফলে গভীর সংকটে পড়েছে মনমোহন সিং সরকার। ভারতের চার বাম দল সিপিআই, সিপিএম, ফরোয়ার্ড ব্লক, আরএসপিসহ মুলায়ম সিংরা ইউপিএ সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রকারান্তরে মমতার হাত শক্তিশালী হয়ে উঠেছে। আর তাই হুংকার ছেড়ে মমতা ঘোষণা দিয়েছেন তিনি মানেন না এফডিআই। তাঁর আন্দোলন এফডিআইয়ের বিরুদ্ধে। তিনি ভারতের কোটি কোটি কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না। তাঁদের স্বার্থবিরোধী এফডিআই মেনে নেবেন না। এই ডাকে মমতা সাড়াও পেয়েছেন প্রচুর।যদিও ভারত সরকার ২১ সেপ্টেম্বর থেকে ভারতে কার্যকর করেছে এফডিআই বা খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত। প্রথম পর্যায়ে চালু করা হয়েছে ভারতের কংগ্রেস-শাসিত ১০টি রাজ্যে। ভারতে রয়েছে ২৮টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে প্রথম পর্যায়ে চালু করা হয়েছে মাত্র ১০টি রাজ্যে। সব থেকে আশ্চর্যের ঘটনা হলো, কংগ্রেস-শাসিত সব রাজ্য এখনো মেনে নেয়নি এই এফডিআই।খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ ইস্যুতে মমতার পাশে এসে দাঁড়িয়েছে ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাই এবার নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, তাঁর দাবি নিয়ে তিনি অনড় থাকবেন। এখন পর্যন্ত কংগ্রেসের হাতে থাকা যে ১০টি রাজ্য এফডিআই কার্যকর করতে লিখিতভাবে সম্মতি জানিয়েছে, সেগুলো হলো: অন্ধ্রপ্রদেশ, আসাম, দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মনিপুর, রাজস্থান, উত্তরাখন্ড এবং দমন ও দিউ। আবার কংগ্রেস-শাসিত কেরালা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয় রাজ্য এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি।অন্যদিকে, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, কর্ণাটক, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, ত্রিপুরা, তামিলনাড়ু, সিকিম এই রাজ্যগুলো এফডিআইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর দোটানায় রয়েছে ওডিশা। তবে ইউপিএ সরকার মনে করছে, অন্য আরও কয়েকটি রাজ্য এফডিআই কার্যকর করতে সম্মত হবে। সর্বশেষ যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে এখন মমতার ১৯ সাংসদের সমর্থন প্রত্যাহার করায় ইউপিএ সরকার সংখ্যালঘু হয়ে তাদের আসনসংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে ২৫৩। অথচ সরকার টিকিয়ে রাখতে প্রয়োজন ২৭২ সাংসদের সমর্থন। ভারতের ৫৪৫ আসনের লোকসভায় এখন রয়েছেন ৫৪৩ জন সাংসদ। সরকার টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ২৭২। কিন্তু ইউপিএ জোট সংখ্যালঘু হয়ে পড়ায় সেই সরকারকে টিকিয়ে রাখতে বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করে মুলায়ম সিং যাদবের সমাজবাদী দল এবং মায়াবতীর বহুজন সমাজ দল। এতে পতনের হাত থেকে রক্ষা পায় ইউপিএ সরকার। এখন মুলায়ম সিংরা এফডিআই প্রশ্নে সরকারবিরোধী অবস্থান নেওয়ায় অস্বস্তিতে পড়েছেন ইউপিএ সরকারপ্রধান প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবু তাঁরা বলেছেন, এই সংকট অচিরেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন।এখন এই এফডিআই ইস্যুতে ইউপিএ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিজেপি, সমাজবাদী দল, বহুজন সমাজ দল, সংযুক্ত জনতা দল, এআইএডিএমকে, টিডিপি, আকালি দল এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসসহ চার বাম দল। মমতা দাবি তুলেছেন, সংসদের আগামী শীতকালীন অধিবেশনে তিনি তুলবেন এ ইস্যু। দাবি করবেন ভোটাভুটির। মুলায়ম সিংরাও বলে দিয়েছেন, তাঁরা এফডিআই ইস্যুতে ইউপিএ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেবেন। আর যদি সত্যি সত্যি ইউপিএ সরকার এফডিআই সিদ্ধান্তকে সংসদে পাস করাতে না পারে, তবে কী হবে সরকারের? সরকারের কি পদত্যাগ অনিবার্য হয়ে পড়বে? এই প্রশ্ন নিয়ে ইউপিএ সরকার সংকটে থাকলেও তারা আশাবাদ ব্যক্ত করে বলেছে, এফডিআই নিয়ে তারা চিন্তিত থাকলেও বিপদে নেই।অমর সাহা: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।