মনে করিয়ে দিই, এটা কী জিনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল ম্যাসন
পল ম্যাসন

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে সব বোমার মা(মাদার অব অল বম্বস) নামে এক বোমা ফেলেছেন। ১০ টনের এই উচ্চ ধ্বংস ক্ষমতাসম্পন্ন বোমাটি মাটিতে পড়ার আগেই বিস্ফোরিত হয়। দাবি করা হচ্ছে, এতে ৯৪ জন আইএস সেনা নিহত হয়েছে। ওদিকে রুশ গণমাধ্যম আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, তাদের হাতে থারমোবারিক বোমা আছে, যাকে তারা বলছে সব বোমার বাপ (ফাদার অব অল বম্বস)। এটা নাকি মার্কিনদের ওই বোমার চেয়ে চার গুণ বেশি শক্তিশালী। আজকের যে প্রজন্ম সকালে ঘুম থেকে উঠে ডেইলি মেইল-এর স্ট্র্যাপলাইন (আকর্ষণীয় শব্দ) ‘বিশ্বের নিশ্বাস বন্ধ হয়ে আছে’ (ওয়ার্ল্ড হোল্ডস ইটস ব্রিথ) পড়ছে, তাদের মনে করিয়ে দেওয়া দরকার, পারমাণবিক যুদ্ধ আসলে কী জিনিস।

১৫ কিলোটন ওজনের একটি পারমাণবিক বোমা হিরোশিমায় পড়েছিল। বোমার কেন্দ্রের ২০০ গজের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যায়। আর তার দুই কিলোমিটারের মধ্যে সবকিছু পুড়ে যায়। ইংল্যান্ডের ব্রিস্টলে সে রকম একটি বোমা ফেলা হলে এক কিলোমিটার পরিসরের অগ্নিগোলক তৈরি হবে। এতে পর্টিসহেড থেকে কেইনশ্যাম শহর পর্যন্ত মানুষের চামড়ার তৃতীয় স্তর পর্যন্ত পুড়ে যাবে। আর ব্রিস্টল চ্যানেল থেকে ওয়াশ পর্যন্ত সব মানুষ তেজস্ক্রিয়তায় আক্রান্ত হবে। এতে ১ লাখ ৬৯ হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা যেত এবং ১ লাখ ৮০ হাজার মানুষের তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন হতো। আর যেখানে পুরো ইংলিশ ন্যাশনাল হেলথ সার্ভিসে ১ লাখ ১ হাজার আসন রয়েছে, সেখানে বেঁচে যাওয়া মানুষের কী দুর্গতি হতো, তা একবার কল্পনা করুন।

না পাঠক, আমি আপনাদের সতর্ক করতে চাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বিশ্বের বেশির ভাগ পারমাণবিক বোমা এখন এমন কিছু মানুষের হাতে রয়েছে, যাঁরা এটা ব্যবহারের চিন্তা করছেন। কিম জং উন এখন মনে করছেন, এটা ব্যবহারের চিন্তা করা যায়। ভ্লাদিমির পুতিনের কাছে এটা এতটাই চিন্তাযোগ্য যে রাশিয়ার সব বড় যুদ্ধখেলা ‘পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা হ্রাসের’ মধ্য দিয়ে শেষ হয়। অর্থাৎ একটা বোমা ফেলুন, এরপর শান্তির প্রস্তাব দিন। গত বছরের ২২ ডিসেম্বর ট্রাম্প ও পুতিন প্রায় একসঙ্গে ঘোষণা দেন, তাঁরা পারমাণবিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ ও প্রযুক্তি উন্নততর করতে যাচ্ছেন।

ঠিক এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি রণতরি কিম জং উনের সরকারকে ভয় দেখানোর জন্য উত্তর কোরিয়ার আশপাশে দাপিয়ে বেড়াচ্ছে। মার-আ-লাগোতে সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কী গোপন কূটনীতি হয়েছে, আমরা তা জানি না। কিন্তু যুক্তরাষ্ট্রকে এই মর্মে আত্মবিশ্বাসী মনে হচ্ছে যে চীন উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরবে। আমরা যেটা জানি তা হলো, ট্রাম্প সেই ১৯৮০-এর দশক থেকেই পারমাণবিক অস্ত্রের ব্যাপারে আচ্ছন্ন। তিনি পেশাদার সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে উপদেশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। মনে হয়, পারমাণবিক অস্ত্র সম্পর্কে ন্যাটোর মূল ধারণা, অর্থাৎ রাজনৈতিক প্রতিবন্ধক হিসেবে পারমাণবিক অস্ত্র—এটা তিনি বোঝেন না।

এই যে সীমাহীন শক্তির মানুষেরা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে কথা বলছেন, সেটা তো এক নম্বর খবর হওয়াই উচিত। অন্যদিকে তা গণতান্ত্রিক ও শান্তকামী মানুষেরও এক নম্বর উদ্বেগ হওয়া উচিত।

হ্যারিকেন ক্যাটরিনার পর মার্কিন সংবাদ পাঠকেরা নিউ অরলিন্সে আসার পর তাঁদের চোখেমুখে যে ভাঁজ পড়েছিল, সেটা আমি চিরকাল মনে রাখব। মনে হচ্ছিল, তাঁরা যেন সদ্য ঘুম থেকে জেগে উঠেছেন। তবে তাঁদের মধ্যে যাঁরা সবচেয়ে ভালো ছিলেন, তাঁরা বুঝতে পারেন, সেই বিপর্যয়টা তাঁরা কেমন ঘুমিয়ে ঘুমিয়ে আমলে নিয়েছেন। দুর্বল, দারিদ্র্যপীড়িত ও সামাজিকভাবে বিভাজিত অঞ্চলে বিপর্যয় নেমে এলে কী হতে পারে, ক্যাটরিনার ঘটনায় আমরা তা বুঝতে পারি। কিছুদিনের জন্য নিউ অরলিন্স ভেঙে পড়ে। হঠাৎ করেই পুলিশকে বলা হলো, ভারী দেহ সচল করে কঠিন ও আত্মত্যাগের কাজ করতে হবে। কিন্তু তারা ঘটনাস্থলে গিয়ে হাল ছেড়ে দিল। সেখানে লিঞ্চিংয়ের (বিনা বিচারে প্রাণে মারা) আধুনিক সংস্করণ মঞ্চস্থ হলো। কেন্দ্রীয় সরকার ও পরিস্থিতি মোকাবিলায় গঠিত সমন্বিত সামরিক কমান্ড ভেঙে পড়ল। সেখানকার অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম, উন্নত বিশ্বের শহরে বড় বিপর্যয় নেমে এলে প্রকৃত অর্থে সেখানে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটাই মূল সমস্যা, গণ-অসুস্থতা নয়।

ট্রাম্প খুবই সাধারণ কারণে সামরিক বাগাড়ম্বর শুরু করেছেন। দুই সপ্তাহ আগে তাঁর দলের স্বাতন্ত্র্যবাদী অংশটি জেনারেলদের দ্বারা পরিবেষ্টিত ছিল। তাঁরা যুদ্ধ যুদ্ধ ভাব সৃষ্টি করে দেখতে চাইছিলেন ব্যাপারটা কেমন হয়। সেটা ভালোই হয়েছে। আমরা হয়তো ভাগ্যবান। ব্যাপারটা এমন হতে পারে যে চীনা নেতৃত্ব উত্তর কোরিয়াকে ব্যাপক চাপ দিতে পারে, যাতে তারা মার্কিন নৌবাহিনীকে উসকানি দেওয়ার মতো কিছু না করে। অথবা আমাদের ভাগ্য খারাপ হতে পারে। কারণ, উত্তর কোরিয়ার হাতে পারমাণবিক অস্ত্র আছে, যদিও তা ব্যবহারের জন্য যে ক্ষেপণাস্ত্র দরকার, সেটা বেতাল হয়ে গেছে।

বড় ঘটনার পরিণাম হিসাব করা যায় না, তাই স্বাভাবিকভাবে মনুষ্য মন পারমাণবিক যুদ্ধের বিপর্যয়ের কথা মন থেকে মুছে দেয়। তারা ছোট ঝুঁকি নিয়ে ভাবে। কিন্তু সেই ১৯৫০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশগুলোর সামরিক ও রাজনৈতিক শক্তি বহুপক্ষীয় বন্দোবস্তের মূল্য বুঝেছে। আমাদের চারদিকে উচ্চ রাজনীতি আবেগতাড়িত হয়ে পড়ছে। এটা একপক্ষীয়
ও জনতুষ্টিকর হয়ে যাচ্ছে। রাজনীতি শাসকশ্রেণির অভিজাত টেকনোক্র্যাটদের হাতে না থেকে খাপছাড়া পরিবার ও মাফিয়ার হাতে বন্দী হয়ে পড়ছে।

কথা হচ্ছে, যুদ্ধবাজদের কাছে বহুপক্ষীয় ব্যবস্থা মারাত্মক অসন্তোষের কারণ। সে কারণে বিশ্বের অনেক একনায়ক এনজিওগুলোকে জোরপূর্বক নিবন্ধন করাতে ব্যতিব্যস্ত। তাঁরা বিদেশি তহবিল বন্ধ করে দিচ্ছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির বিরুদ্ধে চেঁচাচ্ছেন। তাঁদের কাজে অন্তর্ঘাত করার চেষ্টা করছেন।

থেরেসা মে যদি ইস্টারে কার্যকর বার্তা দিতে চাইতেন, তাহলে সেটা এমন হতে পারত, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আলোকে আমরা কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। উত্তর কোরিয়াকে তা মানতে বাধ্য করার জন্য আমরা কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দেব। নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আমাদের নিজস্ব ও স্বাধীন কূটনৈতিক ক্ষমতা কাজে লাগাতে হবে। 

একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ এটাই করবে। ট্রাম্প যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানোর চিন্তা করছেন, তা অপরাধের শামিল।

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।

পল ম্যাসন: ব্রিটিশ লেখক ও সাংবাদিক।