মনে পড়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশটা যখন আনন্দে ভাসে, তখন আরও একবার তাঁরা বেদনায় কাতর হন। অন্য কারও না হোক, পরিবারের সবার মনে পড়ে যায় হারিয়ে যাওয়া একটি মানুষের কথা। তখন নীরবে তাঁদের চোখ ভেজে। তাঁরা আরও একবার সমাধির পাশে এসে দাঁড়ান। তফজ্জল হোসেন তপু ১৯৭১ সালে ছিলেন দুই বছরের শিশু। সেই সময়ই বাবা আবদুল খালিক হারিয়ে গেলেন। ছবি মনে নেই। শুধু বাবার কথা শুনে শুনে বড় হয়েছেন। তিনি বললেন, ‘বাবা ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক। দেশের ভেতরে থেকে মুক্তিযোদ্ধাদের, বিপন্ন মানুষদের সহায়তা করতেন।’ আবদুল খালিকের ছোট ভাই আবদুল মতলিব জানান, তাঁর ভাই ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) করতেন। বৃহত্তর সিলেট অঞ্চলের ন্যাপের বিখ্যাত নেতা তারা মিয়া, মায়া মিয়াদের সঙ্গে ছিল তাঁর চলাফেরা। সেই মানুষটি দেশ যখন হানাদারমুক্ত, তখন অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে এক মাইন বিস্ফোরণে চিরতরে হারিয়ে যান। সেই বিস্ফোরণে শহীদদের তালিকা হলো। কিন্তু ওই তালিকাতে আবদুল খালিকের নামটি ওঠেনি। দেশ স্বাধীন হওয়ার পর বছর দুই-তিন তাঁদের খোঁজ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এরপর চলছে নীরবতা।১৬ ডিসেম্বর ১৯৭১। দেশ ভাসছে বিজয়ের আনন্দে। মৌলভীবাজার মুক্ত হয়েছে ৮ ডিসেম্বর। বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধারা এসে ওঠেন সরকারি উচ্চবিদ্যালয়ে স্থাপিত ব্রিগেড হেড কোয়ার্টারে। এই যোদ্ধাদের অনেকের পরিবারই বিপর্যস্ত, গৃহহারা। কেউ বা হারিয়েছেন প্রিয়জন। কিন্তু যেখানে দেশ হানাদারমুক্ত সেখানে ভাই হারানোর বেদনা, বোন লাঞ্ছনার কষ্ট তখন তাঁদের কাছে দেশের সমান বড় নয়। ব্যক্তিগত রোদনের কথা ভুলে তাঁরা গান গেয়ে, ঘুরেফিরে, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে, আড্ডা দিয়ে সময় কাটান। তাঁদের সঙ্গে অনেকেই এসে দেখা করেন। সেই অনেকের মতো আবদুল খালিক রাজনগর উপজেলার মহলাল গ্রাম থেকে ক্যাম্পে অবস্থিত তাঁর রাজনৈতিক সতীর্থ ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করতে আসেন।সেদিন ছিল ২০ ডিসেম্বর, ১৯৭১। অর্থাৎ, ৩৯ বছর আগের গতকালের দিনটি। সকালবেলা। সরকারি উচ্চবিদ্যালয়ের ক্যাম্পে চলছে হইচই। অন্যদিকে চলছে রান্নাবান্নার আয়োজন। ক্যাম্পে যাঁরা আছেন, তাঁদের সবার মধ্যেই ঘরে ফেরার আনন্দ। আর মাত্র তো কটা দিন! তারপর দীর্ঘ সশস্ত্র যুদ্ধের পাট চুকিয়ে ফিরে যাবেন নিজের ঠিকানায়। এ রকম একটা মুহূর্তেই কেঁপে ওঠে সরকারি উচ্চবিদ্যালয়। কিছু বোঝার আগেই মুহুর্মুহু বিস্ফোরণে প্রকম্পিত সারা শহর। চোখের পলকে কাগজের মতো উড়ে যায় বিদ্যালয়ের টিনের চাল। ...সারা শহরের মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। বিস্ফোরণ থেমে গেলে সরকারি উচ্চবিদ্যালয়ের দিকে ছুটে আসে মানুষের ঢল। মুক্ত দেশের মাটিতে ভয়াবহ, মর্মান্তিক সে এক দৃশ্য। মুক্তিযোদ্ধাদের দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিদ্যালয়ের চারপাশে। মাংসের টুকরো, হাড়ের টুকরো এখানে-ওখানে। শোকে, বেদনায় স্তম্ভিত শহরবাসী। যুদ্ধের মাঠে যাঁরা অক্ষত ছিলেন, সেই মানুষগুলো বিনা যুদ্ধেই নিমেষে হারিয়ে গেলেন! পলকে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা ও তাঁদের সহকর্মীর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। সেই শহীদদের ভিড়ে আবদুল খালিকও একজন।জানা গেছে, পাকিস্তানি সেনারা পিটিআইয়ে (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র) তাদের ব্রিগেড হেড কোয়ার্টারের চারপাশে স্থাপন করেছিল অসংখ্য স্থলমাইন। ক্যামোফ্লেজ করা এই স্থলমাইন তুলে সরকারি উচ্চবিদ্যালয়ের ক্যাম্পে জমা করা হয়। ধারণা করা হয়, কোনো কারণে মাইনের সেই স্তূপে আঘাত লেগে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে একের পর এক সব কটি মাইন বিস্ফোরিত হলে মুহূর্তেই ধংসস্তূপে রূপ নেয় সরকারি উচ্চবিদ্যালয়ের মুক্তিযোদ্ধার ক্যাম্প। ক্যাম্পে সেদিন অবস্থানকারী কারোরই আর ঘরে ফেরা হলো না। পরে ছিন্নভিন্ন হওয়া মুক্তিযোদ্ধাদের শরীরের অংশগুলো এক জায়গায় জড়ো করা হয়। সমাধিস্থ করা হয় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠের পূর্ব-দক্ষিণ অংশে। বাঙালির সবচেয়ে বড় অর্জনের যোদ্ধারা জাত-ধর্মের ঊর্ধ্বে একই জায়গায় ঘুমিয়ে থাকেন অনন্তকালের বুকে। সেদিন কতজন শহীদ হয়েছিলেন, তার কোনো সুস্পষ্ট পরিসংখ্যান এখনো নেই।তবে পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদ মাইন বিস্ফোরণে শহীদদের নামের একটি তালিকা সংগ্রহ করে। সেই তালিকায় আছেন শহীদ সুলেমান মিয়া, রহিম বক্স খোকা, ইয়ানুর আলী, আছকর আলী, জহির মিয়া, ইব্রাহিম আলী, আবদুল আজিজ, প্রদীপ চন্দ্র দাস, শিশির রঞ্জন দেব, সত্যেন্দ্র দাস, অরুণ দত্ত, দিলীপ দেব, সনাতন সিংহ, নন্দলাল বাউরী, সমীর চন্দ্র দাস, কাজল পাল, হিমাংশু কর, জিতেশ চন্দ্র দেব, আবদুল আলী, নুরুল ইসলাম, মোস্তফা কামাল, আশুতোষ দেব, তরণী দেব ও নরেশ চন্দ্র ধর। তাঁদের স্মরণে সমাধির পাশে তৈরি করা হয়েছে একটি স্মারকস্তম্ভ। স্মারকস্তম্ভে লিপিবদ্ধ করা হয়েছে এসব শহীদের নাম। কিন্তু ওই তালিকায় আবদুল খালিকের নামটি নেই। তাঁর সন্তান তফজ্জল হোসেন তপু বলেন, ‘আমাদের চাওয়ার কিছু নেই। কোনো সাহায্যের দরকার নেই। শুধু শহীদের তালিকায় বাবার নামটি লেখা থাক।’প্রতিবছর ২০ ডিসেম্বরকে মৌলভীবাজারবাসী স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করছে। ফুল দিয়ে, প্রদীপ জ্বেলে সন্ধান করেন প্রাণের আলোর। ব্যক্তির সংকীর্ণতা, স্বার্থের ঊর্ধ্বে উঠে এই একটি দিনে হারানো মানুষগুলোকে স্মরণ করে সবাই!