গরুর মাংস খেয়েছে সন্দেহে ভারতের আরও একটি দলিত পরিবারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যদিও পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, সেটি আসলে গরুর মাংস ছিল না। এর আগে দিল্লির কেরালা হাউসে গরুর মাংস পরিবেশন করা হয়েছে—এই অভিযোগে গো-রক্ষকেরা সেখানে হামলা চালিয়েছে। কিন্তু সবচেয়ে লজ্জাকর ব্যাপার হচ্ছে, আরএসএস নেতাদের ও উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে এ নিয়ে তেমন অনুশোচনাও দেখা যায়নি। অথচ আরএসএসের লক্ষ্য তো মানুষের সামাজিক উন্নয়ন ঘটানো।
অনেক ধর্মই সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য করে থাকে। কিন্তু তাদের অবস্থা হিন্দুধর্মের মতো নয়। কারণ, বৈষম্য হিন্দুধর্মের একটি অংশ। আর শত শত বছর ধরে এটা একরকম বিনা চ্যালেঞ্জে চলে আসছে। ভারতের অনেক জায়গায় উচ্চবর্ণের হিন্দুরা এখনো তাদের ব্যবহৃত রাস্তা ও কুয়া দলিতদের ব্যবহার করতে দেয় না। তবে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে, এই উচ্চবর্ণের হিন্দুরা নিজেদের শ্মশান পর্যন্ত আলাদা করে রেখেছে। তবে এটা হিন্দুধর্মে নয়, সব ধর্মেই এই বৈষম্য কমবেশি রয়েছে।
আগেও বলেছি, হিন্দুধর্মের এই বৈষম্য শত শত বছর ধরে চলে আসছে। কিন্তু নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর বৈষম্য আরও বেড়েছে। সরকারের নির্দেশে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শীর্ষ পদে উচ্চবর্ণের হিন্দুদের বসানো হয়েছে। ফলে অনেক মেধাবী মানুষের মেধা নষ্ট হচ্ছে। আরএসএসের কাজ হচ্ছে এটা নিশ্চিত করা, যে মানুষদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা ‘সঠিক’ জায়গা থেকে এসেছে, যার দিকনির্দেশনা হিসেবে হিন্দুত্ববাদকে গ্রহণ করা হয়েছে।
বেশি দিন আগের কথা নয়, পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রধানকে সরিয়ে একজন আরএসএস আশীর্বাদপুষ্ট টিভি অভিনেতাকে দায়িত্ব দেওয়া হলে শিক্ষার্থীরা মাসাধিক কাল অবরোধ করেন। এ নিয়ে ব্যাপক জন-অসন্তোষ সৃষ্টি হলেও সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেনি। শেষমেশ নিজেদের ক্যারিয়ারের কথা ভেবে ছাত্রদের রণে ভঙ্গ দিতে হয়।
এখন অন্তর্বীক্ষণের সময় এসেছে। উচ্চবর্ণের হিন্দুরা নিজেদের মধ্যে দলিত বা পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের স্থান দেয়নি। গুজরাট, উত্তর প্রদেশসহ ভারতের বিভিন্ন অংশে অনেক আন্দোলন হওয়ার পরও উচ্চবর্ণের টনক নড়েনি। এর কারণ হচ্ছে, সরকার এখনো দলিতদের জন্য কোটাব্যবস্থা সংরক্ষণ করে চলেছে, যদিও ১৯৫০ সালে সংবিধান সভা ১০ বছরের জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
আমার মনে আছে, দলিত সম্প্রদায়ের শ্রদ্ধেয় নেতা বি আর আম্বেদকার যখন বলেন, তিনি কোটাব্যবস্থা চান না, তখন সংবিধানসভায় এ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু তাঁকে রাজি করানো হয়েছিল এ কথা বলে যে, এই ব্যবস্থা স্রেফ ১০ বছরের জন্য থাকবে। কিন্তু ব্যাপারটা এমন দাঁড়াল যে, এই ১০ বছর শেষ হওয়ার পরও সংসদ সর্বসম্মতভাবে এটা আরও ১০ বছর রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু কমিউনিস্ট পার্টিসহ কোনো দলই এর প্রতিবাদ করেনি। বলেনি যে যথেষ্ট হয়েছে।
আর এখন ব্যাপারটা এমন হয়েছে যে ২০১৭ সালে ভারতের বৃহত্তম প্রদেশ উত্তর প্রদেশের নির্বাচন হবে বলে সব রাজনৈতিক দল দলিত নেতা মায়াবতীর দ্বারে ধরনা দিচ্ছে। তিনি বলেছেন, তাঁর দল এককভাবে নির্বাচন করবে। সম্ভাবনা আছে, তাঁর দল আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যাবে। মায়াবতীর সুবিধা হচ্ছে, দলিত ভোটাররা তাঁর অনুগত। তিনিই একমাত্র ব্যক্তি, যাঁর কথায় দলিতরা অন্য সম্প্রদায়ের কাউকে ভোট দিতে পারে। যদিও কংগ্রেস ঐতিহ্যগতভাবে সামাজিক ন্যায়বিচারের জন্য আন্দোলন করেছে, একমাত্র মহাত্মা গান্ধীই দলিতদের সম–অধিকার দেওয়ার পক্ষপাতী ছিলেন। এটা ঠিক, কংগ্রেসের নেতারা গান্ধীজির দেওয়া ‘হরিজন’ (ঈশ্বরের পুত্র) শব্দটা পছন্দ করতেন না। তাঁরা মনে করতেন, এতে দলিতদের একটু বেশি পাত্তা দেওয়া হয়।
ড. রাজেন্দ্র প্রসাদ সংবিধানসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর খাদ্যমন্ত্রী হন। একবার তিনি গান্ধীজির কাছে নিজের থাকার জায়গার ব্যাপারে পরামর্শ নিতে যান। গান্ধীজি তখন এক হরিজন কলোনিতে থাকতেন। গান্ধী তাঁর বাড়ির সামনের একটি বাসায় প্রসাদকে থাকতে বলেন। কিন্তু ড. প্রসাদ এতে এতটা ভীত হয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে গান্ধীজির পরামর্শের ব্যাপারে নালিশ করে বসেন।
ভারতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দেখা যায়, আইন করে লাভ হবে না। শেষমেশ উচ্চবর্ণের মনোভাবের ওপরই এটা নির্ভর করে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু সমতা যে গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ, সেটা তারা বিশ্বাস করে না। বিশ্বের অন্যান্য দেশের মানুষের এটা বিশ্বাস করতে কষ্ট হয়, যে দেশ মঙ্গল গ্রহে রকেট পাঠায়, সেই দেশ আবার মানুষের বিরুদ্ধে বৈষম্য করে।
তাদের আতঙ্ক আরও বেড়ে যায় তখন, যখন তারা দেখে, একটি গণতান্ত্রিক দেশে যেখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, সে দেশ প্রাক্-ব্রিটিশ যুগের সংস্কার ছাড়তে পারে না। যে ব্রিটিশরা ভারতীয়দের ধর্মে-ধর্মে, গোত্রে-গোত্রে বিভক্ত করে ভারত শাসন সহজতর করেছিল।
এই রোগ সারাতে সংসদ যত কিছুই করুক না কেন তা কখনোই কাজে আসবে না, যদি না উচ্চবর্ণের হিন্দুরা এটা অনুধাবন করে যে, তারা যেটা করছে, সেটা তাদেরই আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্রের পরিপন্থী। তারা যত তাড়াতাড়ি এটা বুঝবে, দেশের জন্য সেটা ততই মঙ্গল বয়ে আনবে।
অনুবাদ: প্রতীক বর্ধন।
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।