মন্ত্রীরা হঠাৎ বুঝলেন, দলে সন্ত্রাসী আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সরকারি দলের নেতারা, সরকারের মন্ত্রীরা এত দিন জোর গলায় প্রচার চালিয়ে আসছিলেন যে অতীতে ও বর্তমানে বাংলাদেশের যত অঘটন, যত সন্ত্রাসী কর্মকাণ্ড, যত খুনখারাবি, ডাকাতি, রাহাজানির ঘটনা ঘটছে, তার জন্য বিএনপি-জামায়াতে ইসলামীসহ ২০-দলীয় জোটই দায়ী। তাঁদের এই বক্তব্য সত্য হলে দেশবাসীর যারপরনাই খুশি হওয়ার কথা। কেননা, ক্ষমতাসীনেরা যেসব দলকে কিংবা তাদের শীর্ষ নেতা থেকে শুরু করে পুঁচকে কর্মীকে অপরাধী সাব্যস্ত করে যাচ্ছেন, তাঁরা সাড়ে আট বছর ধরে ক্ষমতার বাইরে আছেন। এ ধরনের খুনখারাবি যারা করে, তাদের সাড়ে আট বছর কেন, চিরজীবনের জন্য ক্ষমতার বাইরে থাকা উচিত বলে মনে করি।
মাঝখানে দুই বছরের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়টি বাদ দিলে সাড়ে ছয় বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট কিংবা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপির নেতৃত্বাধীন জোট যুদ্ধাপরাধের বিচার কিংবা ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর যে ষড়যন্ত্র করেছিল, তা ব্যর্থ হয়েছে। এমনকি নতুন নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াত জোট বছরের শুরুতে যে জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন শুরু করেছিল, তা-ও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। খুবই আশার কথা। এখন বিরোধী দলের আন্দোলন বা তৎপরতা নয়াপল্টনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমিত এবং তা এতই গঠনমূলক যে তাঁরা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবির কথাটিও সরাসরি বলার সাহস পাচ্ছেন না। আর সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এত বিচক্ষণ ও সুদক্ষ যে কোন নেতা কবে, কাকে বাস পোড়াতে কিংবা বোমা ছুড়ে মারতে বলেছিলেন, সেসব তাদের নখদর্পণে।
বাংলাদেশে কোনো সরকারের জন্য এ রকম অনুকূল পরিবেশ কখনো ছিল বলে মনে পড়ে না। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, নয় মাসের মাথায় তাকে চ্যালেঞ্জ করেছিল আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা তরুণ অংশটি। জিয়াউর রহমানের সাড়ে পাঁচ বছরের শাসনামলের পুরো সময়টিই তিনি সেনাবাহিনীর ভেতর থেকে চ্যালেঞ্জের মুখে ছিলেন। ১৯৮২ সালের ২৪ মার্চ বন্দুকের নলের মুখে ক্ষমতায় আসার ১১ মাসের মাথায় এরশাদকে চ্যালেঞ্জ করে ছাত্রসমাজ। পরবর্তী আট বছর তাঁকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেই ক্ষমতায় থাকতে হয়েছে। খালেদা জিয়ার দুই সরকার এবং শেখ হাসিনার প্রথম সরকার সম্মিলিত বিরোধী দলের চ্যালেঞ্জের মুখে পড়ে। এর ফলে প্রথমজন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হন এবং দ্বিতীয়জন যাঁদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কায়েম করেছিলেন, তারাও বিএনপির সঙ্গে জোট বেঁধে তাঁকে বেকায়দায় ফেলেছিল।
এসব ঘটনা বিবেচনায় নিলে ক্ষমতাসীন দলের বা জোটের সামনে এই মুহূর্তে দৃশ্যমান কোনো চ্যালেঞ্জ নেই। এটা আওয়ামী লীগের জন্য মোটেই সুখবর নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যায় বা শক্তিতে যত কম জোরই হোক না কেন, সরকার সব সময় বিরোধী দলের ভয়ে তটস্থ থাকে। প্রতিবেশী ভারতে আমরা কী দেখছি? বিগত নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হলেও এখন তারা পার্লামেন্টে ক্ষমতাসীন বিজেপিকে নাকানিচুবানি খাওয়াচ্ছে। এ জন্য নিশ্চয়ই নরেন্দ্র মোদি কংগ্রেস নেত্রীকে দেশের দুশমন ভাবছেন না। আমাদের দেশে কারও সঙ্গে মতের অমিল হলেই দেশের শত্রু ও গণতন্ত্রের শত্রু ভাবা হয়। গণতন্ত্রের এই শত্রুতত্ত্বই গণতন্ত্রের প্রধান শত্রু বলে মনে করি।
যেহেতু দেশে বিরোধী দলের তৎপরতা নেই, সেহেতু খোদ আওয়ামী লীগের ভেতর থেকেই সরকারের প্রতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন দলটির একশ্রেণির নেতা-কর্মী। আগের কথা বাদ দিলেও আগস্ট মাসে তিন সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন স্থানে তাঁরা মারামারি, লাঠালাঠি ও গোলাগুলি করে চলেছেন।
শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত ‘আ.লীগের ভেতরে অস্থিরতা, মাঠে আতঙ্ক-উৎকণ্ঠা’ শীর্ষক প্রতিবেদনে আওয়ামী লীগের খণ্ডিত চিত্র পাওয়া যায়। এতে বলা হয়: রাজনৈতিক প্রতিপক্ষ যখন দৃশ্যমান থাকে না, তখন তা বিপজ্জনক। এ কারণেই এখন দলীয় নেতা-কর্মীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। কিছু নেতা-কর্মীর অপরাধমূলক কর্মকাণ্ডে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তবে তাঁরা এ কথাও বলছেন, কিছু নেতা-কর্মী নিজ স্বার্থেই অপরাধে জড়িয়ে যাচ্ছেন। আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা থাকায় তাঁরা এলাকায় আধিপত্য সৃষ্টির চেষ্টা করছেন, তাই মারামারি হচ্ছে।’ (প্রথম আলো, ২১ আগস্ট ২০১৫)
মারামারির আসল কারণটি হচ্ছে সাংসদ থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের আইন না মানার ভয়ংকর প্রবণতা। মন্ত্রী-এমপি-উপজেলা চেয়ারম্যান রেষারেষি আছে বেশির ভাগ জেলা–উপজেলায়। আমি সবার কথা বলছি না। তবে অধিকাংশের মনোভাবটা হলো ‘আমার এলাকায় আমিই রাজা। আমি যা বলব সেটাই আইন।’ প্রশাসন, ডিসি–এসপি–ইউএনও থেকে শুরু করে থানার ওসিকে আমার কথামতো চলতে হবে।
আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীর ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় ক্ষমতাসীন মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্রসফায়ারের পক্ষে-বিপক্ষে বক্তব্য এসেছে। কেউ বলছেন, ‘অ্যাকশন শুরু হয়ে গেছে।’ কেউ বলছেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড মানা যায় না।’ আবার স্থানীয় নেতাদের আক্ষেপকে আমলে না নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাঁরা (স্থানীয় নেতারা) নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন (বিসিসির সঙ্গে সাক্ষাৎকার)। চাঁদপুরের যুবলীগ দাবি করেছে, মেয়েদের ওপর যারা হামলা চালিয়েছে, তারা কেউ যুবলীগের নয়। ভাগ্যিস, কুষ্টিয়া কিংবা মাগুরা কিংবা বাড্ডার ঘটনায় স্থানীয় কোনো আওয়ামী লীগের নেতা বলেননি যে, খুনিরা আওয়ামী লীগের কেউ নন।
এখানে যে কথাটি খোলসা করে বলা প্রয়োজন তা হলো, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যা অপরাধ দমনের কিংবা আইনের শাসন প্রতিষ্ঠার পথ নয়। আইনের শাসন চাইলে আইনি পথেই সমাধান খুঁজতে হবে। দ্বিতীয় কথা হলো, অপরাধ দমনে কেন সরকারকে নিজ দলের কর্মীদের ক্রসফায়ারে দিতে হলো? কেন ক্রসফায়ার পরিস্থিতির উদ্ভব হওয়ার আগেই দলীয় নেতা-কর্মীদের নিবৃত্ত করা হলো না? মন্ত্রীরা এখন বলছেন, অপরাধীদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স দেখাবে। নিজ দলের লোককেও ছাড় দেওয়া হবে না। এ কথার অর্থ কি এই যে এত দিন নিজ দলের লোকদের ছাড় দেওয়া হচ্ছিল?
এই শোকের মাসেই বাড্ডায় ঝুট ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা হত্যা, কুষ্টিয়ায় যুবলীগের এক নেতা হত্যা, হাজারীবাগে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এর আগে মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হয়। চাঁদপুরে যুবলীগের ক্যাডাররা চাঁদা না পেয়ে স্কুলের মেয়েদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। অথচ দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সবাইকে সংযত হওয়ার এবং খাই খাই ভাব না করার আহ্বান জানিয়েছিলেন।
তাহলে নেতারা–মন্ত্রীরা কি হঠাৎ করেই দলের ভেতরে সন্ত্রাসী চাঁদাবাজ খুঁজে পেলেন? জীবনানন্দের কবিতার ভাষায় বলতে হয়, ‘এত দিন কোথায় ছিলেন?’
এত দিন শুনে এসেছিলাম যা কিছু অকাণ্ড, কুকাণ্ড—সব করছে বিএনপি–জামায়াত। সম্প্রতি আবার অঘটনপটীয়সী দল দুটির নেতা-কর্মীরা দলে দলে আওয়ামী লীগে যোগদান করে সরকারের হাত শক্তিশালী করছেন। নিশ্চয়ই তাঁরা বিএনপি–জামায়াতের ভুল রাজনীতি বুঝতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগের বনেদি নেতা-কর্মীরা যে ভুল বুঝতে পারছেন না, তার প্রমাণ বাড্ডার, হাজারীবাগের, কুষ্টিয়ার, মাগুরার হত্যাকাণ্ড।
ক্রসফায়ারে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার আগেই কেন এই ফ্রাঙ্কেনস্টাইন দানবকে নিবৃত্ত করা গেল না? আর যে গুটি কয়েক কর্মী ক্রসফায়ারের শিকার, তাঁদের মধ্যেই যে সরকারি দলের অঘটন সীমিত, সে কথা ভাবার কারণ নেই। টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাকে কে হত্যা করেছে, ফেনীতে উপজেলা চেয়ারম্যান কার জিঘাংসার বলি হয়েছেন, কক্সবাজারে সরকারি দায়িত্ব নিয়ে যাঁরাই যান, তাঁরা কার হাতে লাঞ্ছিত ও প্রহৃত হন? এসব প্রশ্নের সদুত্তর খুঁজে বের করে অপরাধীদের শাস্তি দিতে না পারলে অপরাধীদের প্রতি সরকারের জিরো টলারেন্স প্রমাণিত হবে না।
দুই দিনের ব্যবধানে যখন সরকারি দলের তিন নেতাকে ক্রসফায়ারে খুন হতে দেখি, তখন ২০০৪ সালের ঘটনা মনে পড়ে। সেই সময়ে দেশজুড়ে যে অস্থির অবস্থা তৈরি হয়েছিল, তাও বিরোধী দলের কারণে নয়। তখন হতবল বিরোধী দল বোমা-গ্রেনেড হামলা-মামলার শিকার হলেও ক্ষমতাসীনেরা তাদের ওপরই সেই বোমা–গ্রেনেডের দায় চাপিয়েছিল। আর ২০০৪ সালে র্যা ব প্রতিষ্ঠার পর ক্রসফায়ারের দ্বিতীয় শিকার হয়েছিল নারায়ণগঞ্জের যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনউল্লাহ ডেভিড। প্রথম শিকার পিচ্চি হান্নান। ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৬৭টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে জুন ২০০৪ থেকে ডিসেম্বর পর্যন্ত ৮২টি, ২০০৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর ১২৪টি, ২০০৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বরে ১৬১টি। (সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ। www.hrw.org.)
বর্তমান সরকারের আমলে কি বিচারবহির্ভূত হত্যার ঘটনা কমেছে? পরিসংখ্যান বলে, কমেনি। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সালের প্রথম আট মাসে বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে ১১৩টি। ২০১৩ সালে ছিল ১৭৯টি। এসব তথ্য এটাই প্রমাণ করে যে বিচারের স্বাভাবিক প্রক্রিয়ায় অপরাধীদের বিচার করতে ও অপরাধ দমন করতে সরকার ব্যর্থ হয়েছে। তাহলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মতাদর্শগত লড়াই যত তীব্রই হোক না কেন, বিচারবহির্ভূত হত্যা এবং তার ক্ষেত্র তৈরির ব্যাপারে দারুণ ঐকমত্য আছে।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]