
মমতা জিতলেন। ইতিহাস গড়লেন। দেখিয়ে দিলেন তিনি পারেন। নিজেকে প্রতিষ্ঠিত করলেন একজন কড়া শাসক হিসেবে। পরাস্ত করলেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী সিপিএমকে। এক মাসের ভোটযুদ্ধের পর অনেকটাই নিশ্চুপ ছিলেন মমতা। কারণ ছিল বিভিন্ন সংবাদমাধ্যম আর বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে খবর আসছিল তিনি ও তাঁর দল কঠিন লড়াইয়ের মুখোমুখি। জিতেও যেতে পারে বিরোধী বাম-কংগ্রেস জোট। তাই ৫ মে ভোটপর্ব শেষ হওয়ার পর তাঁর মুখ ছিল বন্ধ। ফলাফল ঘোষণার পর বললেন, মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। জয়ী করেছেন। আমি মানুষের সেই ভালোবাসার প্রতিদান দেব। এই রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য ব্রতী হব।
মমতা এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২১১ আসন পেয়েই শুধু চমক দেখাননি, দেখিয়েছেন তাঁর নির্বাচনী ম্যাজিক। বশীভূত করেছেন এই রাজ্যবাসীকে তাঁর উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে। আবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বাম দলকে ঠেলে দিয়েছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কংগ্রেস ৪৪টি আসন পেয়ে। ২০১১ সালের নির্বাচনে পেয়েছিল এই কংগ্রেস ৪২টি আসন। আর বাম দল পেয়েছিল ৬২টি আসন। এবার সেই বাম দলের আসন কমে দাঁড়িয়েছে ৩৩টিতে।
শুধু কি তাই, মমতা গড়েছেন নতুন ইতিহাসও। ইতিহাসের সিঁড়িতে দাঁড়িয়ে। এই পশ্চিমবঙ্গে দীর্ঘ ৪৯ বছর পর এককভাবে কোনো দলের শাসন প্রবর্তন হলো গত শুক্রবার তাঁর শপথের মধ্য দিয়ে। ভারত স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গে ১৯৫২ সালে প্রথম নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সূচনা ঘটে কংগ্রেস শাসনের। ১৯৬৭ সাল পর্যন্ত কংগ্রেসের এই শাসনই ছিল পশ্চিমবঙ্গে কোনো একক দলের সর্বশেষ শাসন।
তখন মুখ্যমন্ত্রী ছিলেন প্রখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র শাসন করেছেন ১৯৫২-১৯৬২ পর্যন্ত। ১৯৬২ সালে বিধানচন্দ্র রায়ের প্রয়াণের পর মুখ্যমন্ত্রী হন কংগ্রেসের প্রফুল্ল চন্দ্র সেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য চালান ১৯৬২ থেকে ১৯৬৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বলা বাহুল্য, প্রফুল্ল সেন সরকারের মেয়াদ শেষ হওয়ার পরই পশ্চিমবঙ্গে প্রথম জোট রাজনীতির সূত্রপাত হয়। বামপন্থীদের সঙ্গে বাংলা কংগ্রেসসহ কংগ্রেসবিরোধী দল নিয়ে গড়ে ওঠে যুক্তফ্রন্ট। প্রথম যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল ঘোষ। এই সরকারের মেয়াদ ছিল মাত্র নয় মাস। এই সময় রাজনৈতিক অস্থিরতার জন্য ১৯৬৮ সালের ২০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে জারি হয় রাষ্ট্রপতির শাসন। ১৯৬৯ সালে অজয় মুখোপাধ্যায় দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন। কিন্তু সেই সরকারের মেয়াদ ছিল ১৫৫ দিন।
তবে ১৯৭২ সালে কংগ্রেসের নেতৃত্বে ফের পশ্চিমবঙ্গে গঠিত হয় সরকার। কিন্তু এই সরকারের জোটসঙ্গী ছিল সিপিআই। ফলে সেই সরকারও রূপ পায় জোট সরকারের। এরপর ১৯৭৭ সালে সিপিএম নেতা প্রমোদ দাশগুপ্তের নেতৃত্বে গঠিত হয় বামফ্রন্ট। এই ফ্রন্টে থাকে আরএসপি, ফরোয়ার্ড ব্লক। ১৯৮২ সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছেদ করে সিপিআই যোগ দেয় বামফ্রন্টে।
১৯৭৭ সালের নির্বাচনে জয়ী হয়ে বামফ্রন্ট জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী করে সরকার গড়ে। জ্যোতি বসু শাসন চালান ২০০০ সাল পর্যন্ত। এরপর আসেন বামফ্রন্টের বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য চালান ২০১১ সাল পর্যন্ত। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল-কংগ্রেস জোট ঐক্যবদ্ধ হয়ে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটায়। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভোটযুদ্ধ হয় এবার মানে ২০১৬ সালে। মমতা লড়েন একা। আর একা লড়েই ছিনিয়ে আনেন এক ঐতিহাসিক জয়। প্রমাণ করে দিলেন মমতা ম্যাজিক এই রাজ্যে কত প্রবলভাবে বাসা বেঁধে আছে।
যদিও বামফ্রন্ট ১৯৭৭ সালে ক্ষমতায় এসে ২০১১ সাল পর্যন্ত একটানা শাসনক্ষমতায় থাকে। এর আগে ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে গঠিত হয় তৃণমূল কংগ্রেস। দীর্ঘ লড়াই করে অবশেষে ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় আসে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তখন তৃণমূল কংগ্রেসের জোটসঙ্গী ছিল জাতীয় কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা। তবে কংগ্রেসের সঙ্গে মমতার মতদ্বৈধতা শুরু হলে কংগ্রেস মমতার জোট ছেড়ে চলে আসে। এই মমতাই এবার কারও সঙ্গে জোট না করে এককভাবে লড়ে জয়ী হন। অন্যদিকে বাম দল ও কংগ্রেস নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং মমতাকে ঠেকানোর জন্য গড়ে তোলে এক নির্বাচনী জোট। সেই জোটই এবার মমতার সঙ্গে পাঞ্জা লড়ে বিপর্যস্ত হয়। বিজয়ের পতাকা ওড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলতে হয়, এই সুদীর্ঘ ৪৯ বছর পর মমতাই পশ্চিমবঙ্গে ফের একদলীয় শাসনের সূচনা করার জন্য দাঁড়িয়ে ইতিহাসের সিঁড়িতে।
কিন্তু পারবেন কি মমতা এই রাজ্যের বিরোধীদের সামাল দিয়ে উন্নয়নের ধ্বজাকে তুলে রাখতে? পারবেন। কারণ, মমতার ইমেজ সবকিছুকেই ধুয়েমুছে দিতে পারে। সারদাকাণ্ডে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এই আত্মসাতের সঙ্গে জড়িয়ে আছেন তৃণমূলের নেতারা। এখনো কারাবন্দী মমতার মন্ত্রিসভার সাবেক পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তিনি এবার অবশ্য তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হন। নারদকাণ্ডে মমতার দলের ১১ সাংসদ, মন্ত্রী, বিধায়কসহ নেতাদের ঘুষ গ্রহণের ছবি প্রকাশিত হয়েছে, সিঙ্গুরে গত পাঁচ বছরেও অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে পারেননি মমতা। অথচ এই সিঙ্গুর আর নন্দীগ্রামের জমি অধিগ্রহণবিরোধী আন্দোলনই ২০১১ সালে মমতাকে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু এসব ঘটনা মমতার শরীরে একটুও দাগ কাটতে পারেনি। ভোটেও তার কোনো প্রতিফলন ধরা পড়েনি।
এখনো মমতা তৃণমূলের কাছে সততার প্রতীক। তাই মমতার এই পাঁচ বছরের শাসনে যতই রাজনৈতিক ঝড়ঝাপটা এসেছে, তাতে এতটুকু নোয়াতে পারেনি মমতাকে। মমতা শিরদঁাড়া উঁচু করে এখনো বহাল তবিয়তে আছেন রাজ্যের শাসনক্ষমতায়। থাকবেন আরও পাঁচ বছর। তারপর নির্বাচন। তাই তো এবার কলকাতার এক তৃণমূল সমর্থক প্রখ্যাত কবি সুবোধ সরকার বলেছেন, ২০১৬ নয়, ৩০১৬ সালেও ওরা (সিপিএম) আর ফিরবে না এই বাংলায়।
অমর সাহা: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।