মমতার শুদ্ধি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদম স্বস্তিতে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জিতেও তিনি স্বস্তি পাচ্ছেন না। গত মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের বিধানসভায় ২১১ আসনে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এলেও মমতার স্বস্তির চেয়ে অস্বস্তি বেড়েছে। এবারের রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে গিয়ে মমতা দেখেছেন যে শহরাঞ্চলে তাঁর দলের পায়ের তলার মাটি আলগা হয়ে যাচ্ছে। তবে গ্রামাঞ্চলে তাঁর দুর্গ অটুট রয়েছে। আর এটাই মমতার অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। এরপর কলকাতার পৌরসভা ও লোকসভার নির্বাচন। শহরে তাঁর অবস্থান যদি দুর্বল হয়, তাহলে এসব নির্বাচনে পরাজয়ের সম্ভাবনাই বেশি।

 পশ্চিমবঙ্গের ৬টি পৌর করপোরেশনসহ ১২৮টি পৌরসভার মধ্যে ১১৩টি পৌরসভা এখনো তৃণমূলের দখলে রয়েছে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের ফলাফলে এটা স্পষ্ট হয়ে গেছে যে ওই ১১৩টি পৌরসভার মধ্যে ৬১টিতে হেরেছে শাসক দল তৃণমূল। অন্যদিকে একই ছবি কলকাতা পৌর করপোরেশনেও। ১৪৪ আসনের কলকাতা পৌর করপোরেশনের ৭৫টি আসনেই এবার হেরে গেছে তৃণমূল। আবার বিধাননগর, শিলিগুড়ি পৌরসভায় তো হেরেই রয়েছে তৃণমূল। আর এই পর্যালোচনার পর চোখ খুলে যায় মমতার। বুঝতে পারেন শহরাঞ্চলে তাঁর পায়ের তলার মাটি আলগা হয়ে যাচ্ছে। আর এর পেছনে রয়েছে মমতার দলের কিছু নেতার সিন্ডিকেট বা চাঁদাবাজির দৌরাত্ম্য। মমতা জানতেন, বিভিন্ন এলাকায় তাঁর দলের বহু নেতা, সাংসদ, বিধায়ক ও পৌর কাউন্সিলররা জড়িয়ে আছেন এই সিন্ডিকেট ও চাঁদাবাজির সঙ্গে। মমতা বারবার হুঁশিয়ারি দিয়ে ওই সব নেতাকে সিন্ডিকেট ও চাঁদাবাজি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

বিধানসভা নির্বাচনের আগে সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ করার জন্য ঘোষণা দিলেও নির্বাচনের কারণে শক্ত কোনো পদক্ষেপ নিতে পারেননি। সামনের পঞ্চায়েত, পৌরসভা ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার দলীয় নেতাদের যাঁরা দুর্নীতির কালিমা হাতে মেখেছেন, তাঁদের অপসারণ করার জন্য শুরু করেছেন এক শুদ্ধি অভিযান। আর এই অভিযানের প্রথম বলি হয়েছেন বিধাননগর বা সল্টলেক পৌরসভার ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। চাঁদাবাজির অভিযোগে মমতার নির্দেশে ওই কাউন্সিলরকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি কারাগারে। এই কাউন্সিলরকে গ্রেপ্তার করে মমতা বুঝিয়ে দিয়েছেন যে দলে চাঁদাবাজদের কোনো রেয়াত দেওয়া হবে না। সামনে আরও দুর্নীতিবাজেরা একই জালে আটকা পড়বেন। এই লক্ষ্যে আরও কয়েকজন কাউন্সিলরকে ধরার জন্য শুরু হয়েছে অভিযান।

 বিধাননগরের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তাঁর এলাকায় বাড়িঘর নির্মাণ, সম্প্রসারণ, ক্রয়-বিক্রয়, জমি ক্রয়-বিক্রয় ইত্যাদির জন্য চাঁদাবাজি করে আসছিলেন। সম্প্রতি ওই এলাকায় জনৈক সন্তোষ লোধের বাড়ি সম্প্রসারণের অনুমতি দেওয়ার জন্য তাঁর কাছে কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় ১২ লাখ টাকা চাঁদা দাবি করেন। সন্তোষ লোধ বিষয়টি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গোচরে নেন। এরপরই তৃণমূল কংগ্রেস থেকে অনিন্দ্যকে পদত্যাগ করার নির্দেশ দিলেও অনিন্দ্য সেই নির্দেশ মানেননি। অতঃপর ঠাঁই হয় কারাগারে।

এদিকে এ ঘটনার পর পৌর শাসনকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় দিয়ে মমতা নির্দেশ দেন, এখন থেকে আর বাড়িঘর নির্মাণ, মিউটেশন, পানির সংযোগ, ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য কোনো কাউন্সিলরের অনুমতির প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি এসব কাজের জন্য পৌরসভায় আবেদন করতে পারবেন। এই ঘোষণা দিয়ে প্রকারান্তরে মমতা রাজ্যের সব পৌরসভার কাউন্সিলরদের এক বিরাট ক্ষমতাকে খর্ব করে দিয়েছেন। পাশাপাশি, মমতা এক কাউন্সিলরকে গ্রেপ্তার করে গোটা দলকে এই বার্তা দিয়েছেন যে আর ক্ষমা নয়। এবার আটকা পড়বেন দলের দুর্নীতিবাজ আর চাঁদাবাজেরা।

চাঁদাবাজির দায়ে পরবর্তী সময়ে কারা আটকা পড়তে পারেন, মমতার রোষানলে তার একটা ফিরিস্তি দিয়েছে কলকাতার দৈনিক এবেলা পত্রিকা ১৪ জুলাইয়ের সংখ্যায়। এতে বলা হয়েছে, এই তালিকায় রয়েছেন বিধাননগর কেন্দ্রের বিধায়ক সুজিত বসু, রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজারহাট-গোপালপুরের বিধায়ক পূর্ণেন্দু ঘোষ, আসানসোলের সাংসদ দোলা সেন প্রমুখ।

মমতার এই দৃঢ় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে রাজ্যবাসী। বিশেষ করে বিভিন্ন পৌরসভায় যেভাবে চাঁদাবাজি চলে আসছিল, তা জনগণ মেনে নিতে না পারলেও শাসক দলের নেতাদের বিরুদ্ধে টুঁ-শব্দটি করার সাহস ছিল না। কমবেশি চাঁদা দিয়েই কাজ হাসিল করেছেন তাঁরা। কিন্তু মমতার এই ঘোষণার পর এখন দিনে দিনে তৃণমূলের বিভিন্ন নেতার স্বরূপ প্রকাশ পেতে শুরু করেছে। অনেক ভুক্তভোগী এবার সরাসরি অভিযোগ দায়ের করছেন নিকটবর্তী থানায়। অভিযোগ দায়ের হচ্ছে দলীয় স্তরেও। দল এবং প্রশাসনও এবার শুরু করেছে জুলুম আর চাঁদাবাজির বিরুদ্ধে এক অভিযান। আর দলে শুদ্ধি অভিযান।

কিন্তু পাশাপাশি এই প্রশ্নটিও উঠে এসেছে, পারবে কি মমতা তাঁর দলের দুর্নীতি বন্ধ করতে, না কি ‘আইওয়াশ’ দেওয়ার জন্য মমতার এই উদ্যোগ? তবে কেউ কেউ মনে করছেন, আগামী দিনের ভোটের কথা মাথায় রেখে হয়তো মমতা দুর্নীতিকে পরাস্ত করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোবেন। আর এতে করে তাঁর সমর্থন বাড়বে। পায়ের তলার আলগা মাটি শক্ত হবে। কারণ, রাজ্যবাসী সব সময়ই চায় এই রাজ্য থেকে দুর্নীতি উচ্ছেদ করতে। তবু রাজনৈতিক মহলে একটি কথা থেকে যাচ্ছে—সত্যি কি মমতা পারবেন দুর্নীতি উচ্ছেদ করতে, নাকি মাঝপথেই থেমে যাবে মমতার শুদ্ধি অভিযান?

অমর সাহা: প্রথম আলোর কলকাতা প্রতিনিধি।