পাকিস্তান দেশটি কি মুসলমানদের জন্য, নাকি ইসলামকেন্দ্রিক রাজনীতির জন্য? একদম প্রথম দিন থেকেই পাকিস্তান এই উভয়সংকটের মুখে পড়েছে? মুসলিম লিগের অধিকাংশ নেতার কাছে পাকিস্তান এমন একটি দেশ হওয়ার কথা, যেখানে তাঁরা কর্তৃত্বের ভীতি ছাড়াই বসবাস করতে পারবেন। পাকিস্তান যে ইসলামের জন্য নিবেদিত দেশ, এই ধারণাটা কিন্তু পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়, যখন দেশটির সামন্তীয় ও আমলাতান্ত্রিক অভিজাত ব্যক্তিরা এই ‘আদর্শিক কার্ড’ ব্যবহার করে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া প্রতিহত করেন। এই উভয়সংকট পরবর্তীকালে এ কারণে আরও জটিল হয়ে ওঠে যে পাকিস্তানের প্রতিষ্ঠাতাদের কাছে এই প্রশ্নটি ছিল শুধু প্রকৃত ইস্যুর বহিঃপ্রকাশ, অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন। অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস যদি ১৯৪৬ সালে ব্রিটিশরাজের ক্যাবিনেট মিশন পরিকল্পনা গ্রহণ করত, যেখানে উপনিবেশ-উত্তর ভারতে কনফেডারেশন গঠনের প্রস্তাব ছিল, তাহলে মুসলিম লিগ দেশভাগের দাবি ত্যাগ করত।
কিন্তু পরবর্তীকালে দেখা গেল, সদ্য প্রতিষ্ঠিত পাকিস্তান কমিউনিজমকে পরাজিত করার লক্ষ্যে গঠিত সিয়েটো ও সেনটো নামের সামরিক জোটে যোগ দিতে সময় ক্ষেপণ করল না। পশ্চিমারা কিন্তু এ ব্যাপারে দ্বিধান্বিত ছিল না। তারা মনে করত, জিনজিয়াং থেকে মারাক্কেশ পর্যন্ত আফ্রিকা ও এশিয়ার বিশাল অঞ্চলে যে বিপুলসংখ্যক মুসলিম নাগরিক বসবাস করছে, সোভিয়েত কমিউনিজমের বিরুদ্ধে তাদের বিস্ফোরক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়।
মধ্য এশিয়া অঞ্চল ছিল সোভিয়েত ইউনিয়নের নাজুক জায়গা। এমন সম্ভাবনা ছিল যে সেখানকার মুসলিম জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে সোভিয়েত ইউনিয়নে ধর্মীয় প্রভাব সঞ্চার করা যায়। কিন্তু পশ্চিমের এই পূর্ণাঙ্গ কমিউনিস্টবিরোধী প্রকল্পে যে বস্তুটির অভাব ছিল, তা হচ্ছে আদর্শিক বিস্ফোরক, যা দিয়ে বিস্ফোরণটা ঘটানো যায়। তাই পশ্চিম পাকিস্তানের ওপর ভর করল, এমনকি তাকে এই ভূমিকা পালনে রাজিও করে ফেলল। একদম প্রথম দিন থেকেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পশ্চিমের গাড়িতে চড়ে বসে।
এমনকি জুলফিকার আলী ভুট্টোর ‘নতুন পাকিস্তান’ পশ্চিমা প্রভাব থেকে দৃশ্যত দূরে থাকলেও পুরোপুরি এই পুরোনো আদর্শিক অক্ষ থেকে বেরোতে পারেনি। এটা বলার অপেক্ষা রাখে না, জেনারেল জিয়ার সামরিক শাসনের আমলে এই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। ফলে পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পশ্চিমাদের লড়াই এবং পাকিস্তানের ‘ইসলামীকরণ’ কিন্তু একসঙ্গে ঘটেছে, এই যোগাযোগটা মোটেও কাকতালীয় নয়। পাশাপাশি, ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পাকিস্তানে ওয়াহাবি, সালাফি ও তাকফিরিজম আন্দোলন গড়ে ওঠে, তাতে পাকিস্তানের সমাজ ও রাষ্ট্র উগ্রবাদী হয়েছে।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নীতি এখন তার সীমান্তের মধ্যে সীমিত নয়। আন্তর্জাতিক ‘জিহাদি’ আন্দোলনে অংশগ্রহণের কারণে পাকিস্তান বিপজ্জনক দেশ হয়ে উঠেছে। তার এই রোমাঞ্চের পরিসর কিন্তু শুধু প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, তা বসনিয়াসহ বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। কিন্তু কমিউনিস্ট ব্লকের পতনের পর পশ্চিমারা দেখল, তাদের আর পাকিস্তানের সেবার দরকার নেই। এর মধ্য দিয়ে পশ্চিমের সঙ্গে পাকিস্তানের তথাকথিত কৌশলগত ঐক্যের অবসান ঘটে। এই সম্পর্কটা এখন এত বৈরী হয়ে উঠেছে যে গতকালের ‘মুজাহিদরা’ আজ সন্ত্রাসী হয়ে উঠেছে। ধর্মীয় উগ্রপন্থার কারণে পাকিস্তানের ভবিষ্যৎই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে।
সন্ত্রাসবাদের প্রসঙ্গটি পাকিস্তান বহুকাল অস্বীকার করেছে। কিন্তু শেষমেশ ৬০ হাজার নাগরিকের মৃত্যুর পর তারা স্বীকার করেছে, সন্ত্রাসবাদ আছে। গত দুই বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলা যায়, পাকিস্তান এখনো এই সমস্যা আমলে নেওয়ার জায়গায় নেই। দেশটির নিরাপত্তা বাহিনী এখনো একগুঁয়ের মতো বলে যাচ্ছে, তালেবান, এলইটি, জেইএম ও অন্য সন্ত্রাসীদের কিছু ছাড় দিতে হবে, যাদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সিন্ডিকেটের যোগাযোগ আছে। এতে বোঝা যায়, কৌশলগত স্বার্থে সন্ত্রাসীদের ব্যবহার করার নীতি এখনো বিদ্যমান। বস্তুত, রাশিয়ার সঙ্গে পাকিস্তান নতুন করে যে সম্পর্ক পাতাতে চাইছে, তাতে বোঝা যায়, তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য নতুন বাজার খুঁজছে।
পাকিস্তান শুধু মুখে মুখেই বলছে—এখন পর্যন্ত এর প্রমাণ পাওয়া যায়নি—তারা সন্ত্রাসবাদকে অস্তিত্বের জন্য হুমকি মনে করে। সম্প্রতি সুপ্রিম কোর্ট নিয়োজিত বিচার বিভাগীয় কমিশন যখন কোয়েটা হামলার তদন্ত প্রতিবেদনে সন্ত্রাসবাদ ও চরমপন্থাবিষয়ক রাষ্ট্রীয় নীতির অকার্যকারিতার সমালোচনা করল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে এই প্রতিবেদনের সমালোচনা করেন। এমনকি তিনি বিচার বিভাগীয় কমিশনকে মৌখিকভাবে আক্রমণ করে বসেন।
তবে এই সমস্যাটা শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা নীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তান রাষ্ট্র বহুকাল ধরে মানব উন্নয়নে বিনিয়োগ না করায় দেশে যে চরমপন্থা ও সন্ত্রাসবাদ বিকশিত হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, তার জন্য শাসক অভিজাত শ্রেণি দায়ী থাকবে। সরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ধসে পড়ায় সমাজে কুপ্রভাব পড়েছে। বিশেষ করে পাকিস্তানের শিক্ষাব্যবস্থার মারাত্মক অবনমনের কারণে সমাজে মানবীয় উপাদান সৃষ্টি গুরুতরভাবে ব্যাহত হয়েছে। বিপুলসংখ্যক শিশু বিদ্যালয়ের বাইরে থাকায় মাদ্রাসার সংখ্যা বাড়ছে।
পাকিস্তানে ক্রমবর্ধমান জনসংখ্যা ও সামাজিক বিভাজন, গভীর পরিবেশসংকট ও বিচার বিভাগের ব্যর্থতার কারণে চরমপন্থা ও জঙ্গিবাদের বাড়বাড়ন্ত হচ্ছে। সামরিক ও বেসামরিক শাসক অভিজাত শ্রেণি এই মুমূর্ষু ব্যবস্থাকে চেপে ধরেছে।
দৃশ্যপটে সংস্কারের অ্যাজেন্ডা নেই। প্রবল সম্ভাবনা আছে, পাকিস্তানে আরব বিপ্লবের মতো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। কৌতূহলোদ্দীপকভাবে, তুরস্কের কিছু রাজনৈতিক বিশ্লেষক শোক করছেন এই চিন্তা করে যে তাঁদের দেশে ‘পাকিস্তানীকরণ’ শুরু হয়েছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পাকিস্তান সেই একই পথে হাঁটতে বদ্ধপরিকর। বিদ্যমান অবস্থার এই মরণফাঁদ থেকে বেরিয়ে আসার সম্ভাব্য কোনো পথ আছে কি?
অনুবাদ: প্রতীক বর্ধন, পাকিস্তানের দৈনিক দ্য নেশন থেকে নেওয়া।
আফ্রাসিয়াব খটক: আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।