মসজিদে নববীতে হামলা চালাল কারা?

শনিবার রাতটি ছিল পবিত্র শবে কদর, তিন দিন পরই খুশির ঈদ। ঈদের কেনাকাটার জন্য নারী-শিশুসহ বিপুল মানুষের ঢল নেমেছিল বাগদাদের কারাদা এলাকার এক বহুতল বিপণিকেন্দ্রে। কিন্তু উৎসবের আমেজে ঝলমলে ওই বিপণিকেন্দ্র হঠাৎ কেঁপে ওঠে প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন, সঙ্গে সঙ্গে পুড়ে মারা যায় কয়েক ডজন নারী ও শিশু। অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় শতাধিক মানুষের। নিহত মানুষের সংখ্যা বাড়তে বাড়তে সোমবার সন্ধ্যা নাগাদ পৌঁছায় ১৬৫ তে। নিহত লোকজনের মধ্যে ২৫ জন শিশু ও ২০ জন নারী।
ট্রাকভর্তি বিস্ফোরক দিয়ে এই নারকীয় হত্যা ও ধ্বংসযজ্ঞ সাধনের দায় স্বীকার করেছে সিরিয়া-ইরাকভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কিন্তু তারা যদি দায় স্বীকার না-ও করত, তবু এটা যে তাদেরই কাজ, তা বুঝতে ইরাকের আক্রান্ত মানুষগুলোর কোনো কষ্টই হতো না।
বাগদাদের কারাদা এলাকাটিতে প্রধানত শিয়া মুসলমানদের বাস। মুসলিম দুনিয়ায় আইএসের এক নম্বর টার্গেট হলো শিয়া জনগোষ্ঠী। আইএস ইরাকে তাদের সহিংস তৎপরতা শুরুই করেছে শিয়া ইমাম ও মুসল্লিদের হত্যা করার মধ্য দিয়ে। গত শনিবার রাতেই আরও পরের দিকে বাগদাদের আরেকটি মহল্লায় আরও এক সন্ত্রাসী হামলায় মারা গেছে ৫ জন; শাবা নামের সেই মহল্লাটিও শিয়া অধ্যুষিত।
শিয়াবিদ্বেষ ছাড়াও বাগদাদের এই সন্ত্রাসী হামলাকে আইএসের কাজ বলে চিহ্নিত করার আরেকটা উপায় ছিল। সম্প্রতি তারা ফালুজার যুদ্ধে ইরাকি সরকারি বাহিনীর কাছে হেরে গিয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। বাগদাদে এই হামলা চালিয়ে তারা সেই পরাজয়ের প্রতিশোধ নিল। ২০১৬ সালে ইরাকে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সাতটি; কিন্তু এত প্রাণহানি এর আগের কোনোটাতেই ঘটেনি।
আইএসের ফালুজা হারানোর প্রতিক্রিয়া সম্ভবত শুধু ইরাকের মধ্যেই সীমাবদ্ধ নেই। খোদ সৌদি আরব পর্যন্ত তা প্রসারিত হয়েছে বলে আশঙ্কা হচ্ছে। সৌদি আরবে মঙ্গলবার ঈদ হওয়ার কথা ছিল, কিন্তু সোমবার ইফতারের পর চাঁদ দেখা গেল না বলে সে সম্ভাবনা বাতিল হয়ে গেল। পবিত্র মদিনা শহরের মুসল্লিরা শেষ তারাবির নামাজ পড়ার জন্য জড়ো হতে লাগলেন মসজিদে নববীতে। সেই মুসল্লিদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে এক লোক কোমরে বিস্ফোরক বেঁধে নিয়ে ঢুকতে যাচ্ছিল মসজিদে নববীতে। কিন্তু সাধারণ পথে না গিয়ে সে গাড়ি পার্কিংয়ের এলাকা দিয়ে ঢোকার ফন্দি করছিল। সেই সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটকাতে গেলে সে নিজের গায়ের সঙ্গে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে নিজেকেই উড়িয়ে দেয়। নিরাপত্তাকর্মীদের চারজন সঙ্গে সঙ্গে প্রাণ হারান, গুরুতর জখম হন পাঁচজন।
একই দিনে সৌদি আরবের আর দুটি স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে। একটা জেদ্দায় আমেরিকান কনস্যুলেট অফিসের কাছে, আরেকটা কাতিফ নগরীর এক শিয়া মসজিদে। আমেরিকান কনস্যুলেট অফিসের কাছে আত্মঘাতী বোমা হামলাটি হয়েছে সকালে, এক লোক নিজের গায়ের সঙ্গে বাঁধা বিস্ফোরক ফাটিয়েছে। তাতে সে নিজে মারা গেছে, আর দুজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন লিখেছে, হামলাকারী লোকটি সৌদিপ্রবাসী পাকিস্তানি নাগরিক হওয়ায় নিরাপত্তা বিষয়ে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান সরকারের কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। পাকিস্তান সরকারকে সৌদি আরবকে নতুন করে নিরাপত্তা নিশ্চয়তার কথা বলতে হয়েছে।
পবিত্র রমজান মাসজুড়ে পৃথিবীর ১০টি দেশে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩৫০ জন মানুষ, গুরুতর আহত হয়েছেন ১ হাজারের বেশি। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের হামলাটির কথা বাদ দিলে বাকি সবগুলো হামলার লক্ষ্যস্থলই ছিল আরব অথবা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ: জর্ডান, ইয়েমেন, লেবানন, তুরস্ক, মালয়েশিয়া, বাংলাদেশ, ইরাক, ইন্দোনেশিয়া ও সৌদি আরব। ২৭ জুন লেবাননের খ্রিষ্টান অধ্যুষিত এক গ্রামে হামলার দায় কেউ স্বীকার করেনি, কিন্তু গ্রামটি সিরিয়ার সীমান্তবর্তী হওয়ায় আইএসকে সন্দেহ করা হচ্ছে। ২৮ জুন তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে হামলার দায়ও আইএস স্বীকার করেনি, কিন্তু দেশটির সরকার আইএসকেই দোষারোপ করেছে। ৪ জুলাই সৌদি আরবের মদিনায় মসজিদে নববী, জেদ্দায় আমেরিকান কনস্যুলেট অফিস ও কাতিফে এক শিয়া মসজিদে হামলার দায়ও আইএস স্বীকার করেনি। কিন্তু বাকি সাতটি দেশের হামলাগুলো তারাই চালিয়েছে এটা তারা তাদের টুইটার ও আমাক নিউজ এজেন্সির মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে।
শুধু আইএস কেন, মসজিদে নববীতে হামলার দায় এখনো পর্যন্ত কেউই নেয়নি। আল-কায়েদা বরং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে; নিন্দা জানিয়েছে লেবাননভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। যে ইরান সরকারের সঙ্গে সৌদি সরকারের শত্রুতা সাম্প্রতিক সময়ে তীব্রতর হয়ে উঠেছে, তারাও এই হামলার নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে সৌদি সরকারের প্রতি সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
তাহলে মসজিদে নববীতে হামলার পেছনে কোন গোষ্ঠী কলকাঠি নেড়েছে? আইএস দায় স্বীকার না করলেও সন্দেহের তির তারই দিকে। বিশেষত পশ্চিমা সংবাদমাধ্যমে সে রকম জল্পনা-কল্পনাই চলছে।
এমন একটা প্রশ্নও তো মনে জাগে: মসজিদে নববীতে হামলার পেছনে যদি আইএসের হাত সত্যিই না থেকে থাকে, তাহলে আল-কায়েদার মতো আইএসও কেন এই ঘটনার নিন্দা জানায়নি?
বাংলাদেশে আমাদের সমস্যা হলো, আমরা সব খবর পাই পশ্চিমা সংবাদমাধ্যমের সূত্রে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণেও তাদের দৃষ্টিকোণগুলোই প্রাধান্য বিস্তার করে থাকে। দেশে দেশে সন্ত্রাসী হামলার এই হিড়িকের মধ্যে আমাদের সমস্ত মনোযোগ অধিকার করে আছে আইএস—এটাও পশ্চিমা সংবাদমাধ্যমেরই অবদান। সম্ভবত আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির ঘোড়েল খেলোয়াড়দের জন্য আইএস বেশ সুবিধাজনক একটা আবরণ হয়েছে। এই আবরণের আড়ালে অদৃশ্য রয়েছে সম্ভাব্য অন্য অশুভ শক্তিগুলো।
আইএস আইএস বলে চেঁচাতে চেঁচাতে আমাদের চিন্তার চারপাশে একটা ঘেরাটোপ তৈরি হচ্ছে। কিন্তু আইএস আসলে কার হয়ে কাজ করছে?—সংশয়বাদী, ষড়যন্ত্রতত্ত্ববাদী কিংবা স্রেফ গুজব রটনাকারীদের এমন প্রশ্ন কি স্রেফ এক ফুঁয়ে উড়িয়ে দেওয়া সত্যিই যায়?
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক
[email protected]