মসুলে আইএসের পতন, তারপর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধে বিধ্বস্ত ইরাকি শহর মসুল
যুদ্ধে বিধ্বস্ত ইরাকি শহর মসুল

ইরাকের সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সরকারি বাহিনী দেশটির মসুল শহরের আল-নুরি মসজিদ থেকে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বিতাড়িত করে ওই মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এই ঘটনাকে ইরাকে আইএসের স্বঘোষিত ‘খিলাফত’-এর অবসান বলে আখ্যায়িত করেছেন।

বাংলাদেশে আমরা যখন হোলি আর্টিজান ট্র্যাজেডি স্মরণ করছি, সেই মুহূর্তে এটা একটা বড় সুসংবাদ। কারণ, হোলি আর্টিজানের হামলাকারীরা আইএস নামের ওই নৃশংস গোষ্ঠীরই অনুসারী ছিল। আইএস তাদের বার্তা সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে দাবি করেছিল যে হোলি আর্টিজানে তাদের যোদ্ধারাই হামলা চালিয়েছে। সেই আইএস যখন ইরাকে তাদের স্বঘোষিত খিলাফত হারিয়ে দিশাহারা দশায় পড়েছে, তখন তা শুধু আমাদের জন্যই বড় সুখবর নয়; সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য সুখবর।

২০১৪ সালের ২৯ জুন (পয়লা রমজান, ১৪৩৫ হিজরি) ইরাকের মসুল শহরের এই আল-নুরি মসজিদেই আবু বকর আল-বাগদাদি ইসলামিক স্টেট নামের সংগঠনটিকে একটি রাষ্ট্র, বা তাঁর ভাষায় ‘খিলাফাহ্‌’ এবং নিজেকে ‘আমিরুল মুমিনিন’ বলে ঘোষণা করেন। তার আগের দুই-তিন বছর ধরে আইএস ইরাক ও সিরিয়ায় সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে উভয় দেশের অনেক শহর ও এলাকা নিজেদের খিলাফতের অন্তর্ভুক্ত করে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী রাষ্ট্রীয় সীমান্ত তুলে দিয়েছিল। তারা সিরিয়ার রাকা শহরকে তাদের রাজধানী ঘোষণা করে, আর ইরাকের মসুলকে তারা বলত দ্বিতীয় রাজধানী। মসুল থেকেই তারা গোটা ইরাকে তাদের অধিকৃত শহর ও এলাকাগুলোর ‘শাসন’ পরিচালনা করত। মসুল শহরের পশ্চিম অংশে অবস্থিত আল-নুরি মসজিদ কম্পাউন্ড ছিল ইরাকে তাদের প্রধান ঘাঁটি। সেই ঘাঁটি হারানোর অর্থ ইরাকে ইসলামিক স্টেটের খিলাফতের পতন। কিন্তু সম্পূর্ণ মসুল শহর এখনো ইরাকের সরকারি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। মসুলের পশ্চিম অংশে এখনো ইসলামিক স্টেটের শতাধিক যোদ্ধা রয়ে গেছে, তাদের সঙ্গে সরকারি বাহিনীর সদস্যদের তীব্র লড়াই চলছে।

তবে এটা পরিষ্কার যে ইরাকে ইসলামিক স্টেটের দখল রক্ষার যুদ্ধের এটাই চূড়ান্ত পর্যায়, এবং এ পর্যায়ে তাদের পরাজয় অত্যাসন্ন। এর তাৎপর্য বিরাট।

প্রথমত, মসুলের নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গে ইরাকে ইসলামিক স্টেটের ‘রাজস্ব’ আয় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কেননা, তারা তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ হারাবে; কালোবাজারে তেল বিক্রিই তাদের রাজস্ব আয়ের প্রধান উৎস। তারা ইতিমধ্যে মসুল জাদুঘর লুট করে বহুমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো চোরাই বাজারে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা কামিয়েছে। মসুলের সাড়ে সাত লাখ অধিবাসীর কাছ থেকে তারা যেসব ‘কর’ বা ‘খাজনা’ নিয়মিতভাবে আদায় করত, তার সুযোগ আর থাকবে না। অপেক্ষাকৃত ধনী ও সম্পদশালীদের টাকাপয়সা, সোনা-দানা ও অন্যান্য সম্পত্তি জব্দ করার নামে কেড়ে নেওয়ার সুযোগও আর তারা পাবে না। অর্থাৎ ইসলামিক স্টেটের মসুল থেকে বিতাড়িত হওয়ার অর্থ ওই অঞ্চলের সমস্ত আয়-রোজগার হারানো।

অবশ্য আইএসের আয়-রোজগার হারানোর প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে। আইএসএইচ মারকিট নামের লন্ডনভিত্তিক এক প্রতিষ্ঠানের বিশ্লেষকেরা হিসাব দিয়েছেন, ২০১৫ সালে আইএস সিরিয়া–ইরাকে তাদের অধিকৃত এলাকাগুলো হারাতে শুরু করার পর থেকে গত দুই বছরে তাদের আয় ৮০ শতাংশ কমে গেছে। ২০১৫ সালের প্রথম প্রান্তিকে তাদের মাসিক আয় ছিল ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার; ২০১৭ সালের প্রথম প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। এ সময়ে আইএস তাদের অধিকৃত মোট ভূখণ্ডের ৬০ শতাংশের বেশি হারিয়েছে।

দ্বিতীয়ত, যে নুরি মসজিদকে তারা ইরাকে তাদের প্রধান দুর্গ বানিয়েছিল, সেখান থেকে তাদের বিতাড়িত হওয়ার মানে বিরাট পরাজয়। এহেন পরাজয় মন থেকে মেনে নেওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন। সম্ভবত সে কারণেই তারা যখন সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠছিল না, তখন চূড়ান্ত ক্রোধে উন্মত্ত হয়ে সাড়ে আট শ বছরের ঐতিহ্যবাহী মসজিদটির পাশের সুউচ্চ আল-হাবদা মিনার বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে।

নুরি মসজিদ থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত হওয়ার সংবাদে ইরাক, সিরিয়াসহ সারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের যোদ্ধা ও সমর্থকদের মনোবলে বিরাট আঘাত লাগার কথা। এটা আইএসের জন্য এক বিরাট ক্ষতি। কারণ, পৃথিবীজুড়ে যেসব তরুণ-তরুণী আইএসের প্রতি আকৃষ্ট হচ্ছিল, তাদের অন্যতম আকর্ষণ ছিল ইরাক ও সিরিয়ায় তাদের বিস্ময়কর সামরিক সাফল্য। ওই দুটি দেশের অত্যন্ত শক্তিশালী ও বিরাট আকারের সরকারি বাহিনীগুলোকে পর্যুদস্ত করে একের পর এক এলাকা দখল করে নিচ্ছিল, তা সারা বিশ্বের কথিত ‘জিহাদি’ তরুণ-তরুণীদের মুগ্ধ-বিস্ময়ে আকর্ষণ করেছিল। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু বাধাবিপত্তি অগ্রাহ্য করে তাদের ‘খিলাফতে’ ‘হিজরত’ করেছিল। সুতরাং মসুলে আইএসের পতন এই সংগঠনের নেতা-কর্মীদের জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক আঘাত বলে বিবেচিত হতে পারে।

কিন্তু এর অন্য একটা দিকও আছে। আইএসের নেতৃত্ব ২০১৫ সালের শেষ নাগাদই এই উপলব্ধিতে পৌঁছে যায় যে, সিরিয়া ও ইরাকে তাদের প্রতিষ্ঠিত খিলাফত ওই দুটি দেশের সরকারি বাহিনী এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী, কুর্দি পেশমের্গা বাহিনী এবং উভয় দেশেই যুদ্ধে লিপ্ত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বহুমুখী আক্রমণের মুখে টিকে থাকতে সক্ষম হবে না। গত বছরের প্রথম প্রান্তিকে পৌঁছে তারা যখন দেখতে পেল, ইরাক ও সিরিয়ার অনেক গুরুত্বপূর্ণ শহর সরকারি বাহিনীগুলো আবার তাদের হাত থেকে পুনর্দখল করে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে বহুমুখী আক্রমণ আরও বেড়ে চলেছে, তখন তারা তাদের খিলাফতকেন্দ্রিক জিহাদ-কৌশল পরিবর্তন করল। আগে তারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অনুসারী-সমর্থকদের প্রতি আহ্বান জানাত—রাকায় ‘হিজরত’ করো। এবার তারা তাদের যোদ্ধাদের বলল, তোমরা নিজ নিজ দেশে ফিরে যাও, সেখানেই ‘অপারেশন’ চালাও। আর যারা সিরিয়া-ইরাকে যায়নি, কিন্তু যাওয়ার কথা ভাবছিল, তাদের প্রতি তারা আহ্বান জানাল, এখন সিরিয়ায় এসো না, নিজ নিজ দেশে থেকেই অপারেশন চালাও।

এখন যখন ইরাক-সিরিয়া থেকে আইএস যোদ্ধাদের পালাতে হচ্ছে, তখন সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য বিপদ বাড়ছে। এই সব তরুণ-যুবকের অনেকেই ইতিমধ্যে স্বদেশে ফিরে গেছে, অনেকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো এই ‘ফিরে আসা’ আইএস যোদ্ধাদের নিয়ে বিরাট উদ্বেগের মধ্যে পড়েছে। তাদের ব্যাপারে ওই সব দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো নতুন নতুন নীতিকৌশল আবিষ্কারের চেষ্টা করছে। বাংলাদেশে আমাদের জন্যও এটা একটা বড় ভাবনার বিষয়, কারণ সিরিয়ায় যুদ্ধরত আইএস যোদ্ধাদের একটা ‘বাঙালি’ গ্রুপ ছিল। আইএসের পত্রিকা ‘দাবিক’-এর সূত্রে এটা জানা গেছে; সেখানে আইএসের বাঙালি সদস্যদের নামের শেষে ‘আল-বাঙালি’ যুক্ত করা হতো। কতজন বাংলাদেশি সিরিয়া-ইরাকে গেছে, তার সঠিক হিসাব পাওয়া যায় না। পুলিশের পক্ষ থেকে বলা হয় ২০-২৫ জন, আর নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলেন ৩০-৪০ জন। সংখ্যা যতই হোক, সিরিয়া-ইরাকে যারা নিহত হয়নি, এখন তাদের দেশে ফিরে আসার সম্ভাবনা বেশি।

তারা যদি ফিরে আসে এবং আইএস নেতৃত্বের নির্দেশ অনুযায়ী স্বদেশে জঙ্গি তৎপরতায় লিপ্ত হয়, তাহলে তা হবে বিরাট বিপদের বিষয়। কারণ, এর আগে আমরা দেখেছি, আফগানিস্তান থেকে ফিরে আসা জঙ্গিরা নানা রকমের যুদ্ধকৌশল শিখে এসেছে। সিরিয়াফেরত আইএস জঙ্গিরা বিরাট অগ্নিপরীক্ষা পার হয়ে আসবে, তারা হবে সব দিক থেকেই অত্যন্ত বিপজ্জনক। আত্মঘাতী জঙ্গি হামলা এ দেশে এখনো সেভাবে দেখা যায় না, যেমনটা দেখা যায় সিরিয়া-ইরাকসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপ-আমেরিকায়। এটা আইএসের বিশেষ হলমার্ক: মাত্র একজন বা দুজন আত্মঘাতী হামলাকারীই বিপুলসংখ্যক সাধারণ মানুষের প্রাণহানি ঘটাতে পারে।

তাই, জঙ্গি দমনের সরকারি কার্যক্রমে এখন এই বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে যুক্ত করে নেওয়া উচিত। সিরিয়া-ইরাক থেকে আইএস যোদ্ধারা ফিরে এলে আমরা তাদের কীভাবে মোকাবিল করতে পারি, সে বিষয়ে এখন চিন্তাভাবনা করা ও পদক্ষেপ নেওয়া উচিত। এই কাজে দেরি করলে আমরা গুরুতর বিপদে পড়তে পারি। হোলি আর্টিজানের মতো সন্ত্রাসী হামলা আর একটিও আমরা সইতে পারব না। সিরিয়াফেরত আইএস জঙ্গিরা তার চেয়েও বড় ও বিভীষিকাময় কিছু ঘটাতে পারে। সেটা কিছুতেই ঘটতে দেওয়া যাবে না।

মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।