গত বছরের এপ্রিলের মতো এবারের এপ্রিলেও মস্কো গিয়েছিলাম। ১৮টি মুসলিম বা ইসলামি দেশের ৩৬ জন সাংবাদিক তৃতীয়বারের
মতো মিলিত হলেন মস্কোতে। সেই দলে আমিও ছিলাম।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ইসলামের সঙ্গে সংলাপকে’ রুশ পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। সে কারণে তারা গড়ে তুলেছে গ্রুপ অব স্ট্র্যাটেজিক ভিশন ‘রাশিয়া–ইসলামিক ওয়ার্ল্ড’। ভ্লাদিমির পুতিন তঁার দেশে বিরাট জনপ্রিয় নেতা। আগামী নির্বাচনেও তিনি যে জিতে আসবেন, নাটকীয় কিছু না ঘটলে তাতে সন্দেহ অত্যল্প। এই পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া মনে করে যে ইসলামের সঙ্গে সংলাপ মানে শুধু ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করা নয়। এমনকি তারা মনে করে, মুসলিম সরকারগুলোর মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে সংলাপের চেয়েও গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই রাজনৈতিক ইসলামের নামে যে জঙ্গিবাদ, তার পেছনে বিপথগামী মুসলিম, বিভ্রান্ত তরুণ কিংবা তাদেরকে ব্যবহারকারী কুচক্রী মহল, যারাই যেখানে সক্রিয় থাকুক বা না থাকুক, বিশ্বশান্তির জন্য, রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য ‘ইসলামের সঙ্গে সংলাপ’ অপরিহার্য। পুতিন প্রশাসনের এ ধরনের উদ্যোগ সমর্থনযোগ্য। কারণ, বর্তমান বিশ্বে, বিশেষ করে পশ্চিমে যে জাতীয়তাবাদী রাজনীতির উত্থান ঘটেছে, ব্রেক্সিটের মতো ঘটনা ঘটে গেছে, তা ‘ইসলামোফোবিয়া’ ও অভিবাসনবিরোধী যে পরিস্থিতি তৈরি করেছে, সেটা বিশ্বশান্তির জন্য এখন বড় হুমকি। যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের দেশে দেশে যে ‘ইসলামোফোবিয়া’, তা মোকাবিলায় পুতিনের এ ধরনের অব্যাহত সংলাপ ভূমিকা পালন করতে পারে।
রুশ ক্ষমতাসীন দলের শাসনশৈলী ও তার গণতান্ত্রিকতা, তাদের মধ্যপ্রাচ্য নীতি এবং মার্কিন নির্বাচন ও ফ্রান্সের উগ্র দক্ষিণপন্থী নেতা মারিন লো পেনের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে বিভিন্ন মহলের নানা প্রশ্ন, কৌতূহল এবং মতভিন্নতা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটি বৃহৎ শক্তি হিসেবে ইসলামের সঙ্গে সংলাপের বিস্তারে পুতিন প্রশাসন যে ব্যাপক ও দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে, তার প্রতি জাতিসংঘসহ বিশ্বের অপরাপর দেশের সরকার ও পার্লামেন্টের উচিত নৈতিক সমর্থন ব্যক্ত করা। ইসলাম যে শান্তির ধর্ম, তাকে বিশ্বে সুপ্রতিষ্ঠিত করতে বিশ্বনেতাদের সাহায্য-সহযোগিতা প্রয়োজন। ইসলামের নামে সন্ত্রাসবাদ এবং ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্স নির্বাচনে সদ্য পরাজিত মারিন লো পেনদের নেতৃত্বে যেভাবে ‘ইসলামোফোবিয়া’র ব্যাপকভিত্তিক বিস্তার ঘটানোর চেষ্টা চলছে, তার মোকাবিলায় গণমাধ্যমকেও অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে।
দক্ষিণ এশীয় অনিয়ন্ত্রিত দেওবন্দি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যা এত কাল শিখেছেন এবং প্রতিনিয়ত মানুষকে শিখিয়েছেন, তাতে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে এখন আর তা দক্ষিণ এশীয় সীমায় থাকবে না। এখন অজপাড়াগাঁ বলে আর কিছু নেই। গোটা বিশ্বই আজ একটি পল্লি। ভাইরাল শব্দটি জনপ্রিয় হচ্ছে। ভাইরাল ভাইরাস কোনো সীমান্ত চিনবে না। সে আঘাত হানবে ও সীমান্ত পেরোবে আলোর গতিতে, নিঃশব্দে। সুতরাং লড়াইটা কে কোন দেশ কত বড় শক্তিশালী অস্ত্র নিয়ে কত বড় শক্তিশালী বাহিনী গড়তে পেরেছে, তার মধ্যে নিহিত নয়। মস্কোর প্রেসিডেন্ট হোটেলে মুসলিম জনসংখ্যাবহুল দেশগুলোর সাংবাদিকেরা অভিন্ন কণ্ঠে যদি একটি বিষয়ের ওপর জোর দেন, সেটি হলো এই কথায়—কারিকুলাম কী হবে, তার ব্যাখ্যা কী হবে, সে বিষয়ে গণমাধ্যমের নজরদারি থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অসাম্প্রদায়িক ও ইসলামের মদিনা সনদ রয়েছে। ইসলাম কোনো একটি রাষ্ট্রের বিষয় নয়। ইসলাম একটি জীবনব্যবস্থা। সেই জীবন কোনো একটি জাতীয়তাবাদের বাঁধনে আটকানো চলে না। ইসলাম সর্বজনীন। ইসলাম ধর্মীয় বহুপাক্ষিকতাকে নাকচ করে না। তাহলে সৌদি আরব কিংবা ওআইসির মতো সংগঠন কেন এত কালেও একটি অভিন্ন ব্যাখ্যাসংবলিত কারিকুলাম তৈরিতে হাত দেয়নি। ওআইসির গঠনতন্ত্র খুঁটিয়ে পড়ে কোথাও ইউনিফর্ম কারিকুলামের বিষয়ে তারা কখনো চিন্তাভাবনা করেছে বলেও মনে হলো না। এখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা করছে সে ধরনের উদ্যোগ তো ওআইসি নিতে পারত।
আমি আমার বক্তব্যে মস্কোর মুফতির কথায় জোরালো সমর্থন জানালাম। কারণ, তিনি মুসলিম দেশগুলোর গণমাধ্যমের মধ্যে একটা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব করেছেন। আমার মনে হয়েছে রাশিয়া তার ট্রাক টু ডিপ্লোমেসির আওতায় এ ধরনের উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিতে পারে। কোথাও যুদ্ধ বাধলে বা বাধালে আমরা আন্তর্জাতিক কোয়ালিশন হতে দেখি। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে যুদ্ধ প্রতিরোধে, যুদ্ধ ও অস্ত্র ব্যবসায়ীদের হতোদ্যম করে তুলতে এবং সর্বোপরি ধর্মের অপব্যবহার ও অপব্যাখ্যা যাতে না ঘটতে পারে, সে জন্য মিডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক কোয়ালিশন দরকার।
সম্মেলনে মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ বক্তারা, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক রাষ্ট্রদূত ছিলেন, তাঁরাও সব থেকে বেশি জোর দিয়েছেন দুটি বিষয়ের ওপর। আর তা হলো শিক্ষা ও মিডিয়া। আমরা বাংলাদেশে যখন উগ্রপন্থা ও জঙ্গিবাদ দমনের কথা বলি, তখনো কিন্তু আমরা এই দুটি বিষয়কেই সব থেকে গুরুত্বপূর্ণ বলে জোর দিতে পারি। মস্তিষ্ক ও হৃদয়ঘটিত সংক্রমণ রোধ সব থেকে জরুরি, র্যাব বা সোয়াটের মতো বাহিনী সেখানে অসহায়।
সামনে ধর্মের নামে জঙ্গিরা এবং বিশেষ করে তাদের যারা ব্যবহার করে, তারাসব থেকে বেশি ও বিচিত্র উপায়ে বিনিয়োগ করবে সামাজিক মিডিয়ায়। কারণ, এটাই সব থেকে স্পর্শকাতর, সহজ ও কম ব্যয়বহুল। সুতরাং তুলনামূলক যথেষ্ট শিথিল, অনিয়ন্ত্রিত ও অপরিশীলিত সামাজিক মাধ্যমের ক্ষতিকর উপাদানগুলো ঠেকাবে যথেষ্ট দায়িত্বশীল, শিক্ষিত (ধর্মীয় শিক্ষাসহ) এবং সুনিয়ন্ত্রিত মিডিয়া। এখন তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ মুসলিম দেশের সাংবাদিকদের সঙ্গে সংলাপ করা। তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিন্নাখানভ ইসলামি রাশিয়ার রাষ্ট্রদূত। সংখ্যাগরিষ্ঠের ধর্মের পরিচয়ে রাষ্ট্র গঠন ও তার পরিচয় বহন করা যে কতটা কঠিন, তা আমরা হাড়ে হাড়ে টের পাই। কিন্তু এ থেকে বেরোতে পারি না। ইসলামি সন্ত্রাসবাদ, ইসলামি জঙ্গি যেমন শুনতে ভালো লাগে না, তেমনি নিজেকে ইসলামি সাংবাদিক ভাবতেও ভালো লাগে না। তবে রূঢ় হলেও এটাই বাস্তবতা।
স্ট্র্যাটেজিক ভিশনের সমন্বয়ক হলেন পুতিনের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ রাষ্ট্রদূত িভ পপভ। তিনি ব্রেক্সিট, ট্রাম্প, তুরস্কে এরদোয়ানের (মাদ্রাসাশিক্ষক) গণভোট জয় এবং ফ্রান্সের নির্বাচনে (তখন সবে প্রথম রাউন্ড হয়েছে) লো পেনের উত্থানের দিকে ইঙ্গিত করেন। বলেন, ইসলামোফোবিয়ার যে ধারণা, তার সঙ্গে রাশিয়া নেই। কারণ, রাশিয়া ইসলামি বিশ্বেরই অন্তর্গত। আমি আমার বক্তৃতায় বললাম, এটা সত্যি পরিহাসের এবং পপভ আমাকে ক্ষমা করবেন, হোস্ট হিসেবে তিনি এই সম্মেলনের যে শিরোনাম নির্ধারণ করেছেন, অর্থাৎ ‘উগ্রপন্থার বিরুদ্ধে মুসলিম দেশের সাংবাদিক’, সেখানে তাঁর নিজের জায়গা নেই। ৪০ লাখ মুসলিম নিয়েও রুশ মুসলিম সাংবাদিকেরা আমাদের মতো মুসলিম বা ইসলামি সাংবাদিক হতে পারবেন না!
কার্ল মার্ক্স ও লেনিন ধর্ম প্রশ্নে যে ধর্মহীনতার ওপর জোর দিয়েছিলেন, তা থেকে ভ্লাদিমির পুতিনের রাশিয়া সর্বাত্মক গতিতে বেরিয়ে আসার চেষ্টা করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেক্যুলারিজমকে সংবিধানে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দিয়েছিলেন যে এর মানে ধর্মহীনতা নয়। তিনি তাঁর বাম মিত্রদের থেকে সতর্ক ছিলেন। এখন সেই ব্যাখ্যাটাই পুতিনরা গ্রহণ করেছেন।
ধর্মীয় গোষ্ঠীসংক্রান্ত কিংবা ধর্মের নাম ব্যবহার করে যত ধরনের উগ্রপন্থা বা সহিংসতা যেখানেই যা ঘটছে, তার মধ্যে একটি অভিন্ন বাস্তবতা লুকিয়ে আছে, আর সেটা হলো, সাধারণ জনগণের ধর্মীয় অনুভূতি। এই ধর্মীয় অনুভূতি গণমাধ্যমভেদে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করতে পারে। আর ধর্ম ও ধর্মীয় অনুভূতি যেহেতু আন্তর্জাতিক, তাই এর ব্যবহার ও অপব্যবহার উভয় ক্ষেত্রের একটা আন্তর্জাতিক মাত্রা অনস্বীকার্য। আর তাই মুসলিম মিডিয়ার সঙ্গে সংলাপের রুশ প্রচেষ্টা সময়োপযোগী।
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বোগদানভ মিখাইল লিওনিদোভিচ বললেন, মুসলিম সাংবাদিকেরাই র্যাডিক্যাল ধারণা ছড়ানোর বিরুদ্ধে ভ্যানগার্ড হতে পারেন। তাই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি সাংবাদিকদের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে। সব থেকে কড়া কথা বললেন মস্কোর গ্র্যান্ড মুফতি আলবির কুরগানভ। তাঁর কথায়, ‘আমরা কিছু মিডিয়ার প্রতি গভীরভাবে সন্দেহকাতর। কারণ, তারা উগ্রপন্থীদের পুতুল হিসেবে কাজ করতে পারে।’ তাঁর কথায় ইঙ্গিত স্পষ্ট যে পাঠ্যসূচি যদি কোমলমতি তরুণদের র্যাডিক্যাল করে তুলতে পারে, তাহলে পুতুল ওয়েবসাইটও সংবাদকর্মীদের র্যাডিক্যাল করে তুলতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, আমরা কীভাবে সাংবাদিকদের ওই কুপ্রভাব থেকে রক্ষা করতে পারি? তিনি বলেছেন, ‘বিভিন্ন জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীসংক্রান্ত খবরাখবর প্রকাশে আমরা একটি অভিন্ন গাইডলাইন তৈরি করতে পারি।’ তাঁর মতে, প্রশিক্ষণ অন্যতম বিকল্প। গ্র্যান্ড মুফতি আরও বলেছেন, ‘এ-বিষয়ক চিন্তাভাবনার বহিঃপ্রকাশে “আমরা” প্রস্তুত।’ আমাদের মুফতিরাও এই ‘আমরা’র মধ্যে শরিক হতে পারেন। সেটাই সময়ের দাবি।
আকাশ থেকে দেখলে মস্কো ও ঢাকার মধ্যে একটা মিল চোখে পড়বে। চোখের সীমানায় সহজেই দুই নগরীর মধ্যে গম্বুজ নজরে আসবে। উভয় গম্বুজের মধ্যে তফাত হলো ঢাকার গম্বুজের নিচে মসজিদ। মস্কোর গম্বুজের নিচে গির্জা। খ্রিষ্টধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি বলে গির্জা বেশি। কিন্তু ৫ শতাংশের কম মানুষ গির্জায় যান। পুতিনও যান। কিছু সমালোচকের মতে তিনি রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছেন।
আমি বলেছিলাম, সৌদি আরব তার সংবিধানে লিখেছে, রাষ্ট্রের একমাত্র ধর্ম ইসলাম। এটা ইসলাম স্বীকৃত বহুত্ববাদকে চ্যালেঞ্জ করে। পপভ আমার কথার পিঠে মন্তব্য করেন, রুশ সংবিধানে ইসলামসহ চারটি ধর্মের সমমর্যাদার উল্লেখ আছে।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷