মহারাষ্ট্রের হার না মানা কৃষক ও আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে হেঁটেই ১৮০ কিলোমিটার পথ পেছনে ফেলে বলিউডের শহর মুম্বাইয়ে পৌঁছালেন ৫০ হাজার কৃষক। মাথায় লাল টুপি আর লাল পতাকা হাতে ৬ মার্চ মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চল নাসিক থেকে শুরু হয় ভাগ্যহত কৃষকদের সেই মিছিল। গন্তব্য মহারাষ্ট্র রাজ্যের বিধানসভা, যার মসনদ মোদির বিজেপির দখলে। ১১ মার্চ বিকেলে মুম্বাইয়ের অদূরে কেজি সৌম্য ময়দানে পৌঁছানোর পর জানা গেল, পরদিন সকালে মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত এই কৃষকেরা নিজেদের ক্লান্তি ভুলে শিক্ষার্থীদের স্কুলযাত্রাকে নির্বিঘ্ন করতে মধ্যরাতেই মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত আজাদ ময়দানের উদ্দেশে তাঁদের চূড়ান্ত অভিযাত্রা শুরু করলেন। আরব সাগরের বুকে ভোরের রক্তিম সূর্য জেগে ওঠার আগেই সাগরের ঠিক কোলঘেঁষা মুম্বাইয়ের রাজপথ চলে গেল কৃষকদের দখলে। সাতসকালের আড়মোড়া ঝেড়ে মুম্বাইয়ের সুউচ্চ দালানের বাসিন্দারা এই লাল কাফেলাকে অভ্যর্থনা জানাতে নেমে এল রাজপথে। এত দিন যাঁরা ওই দূর গ্রামে রোদ-বৃষ্টি-খরার সঙ্গে যুদ্ধ করে শহুরে মানুষগুলোর খাদ্যের চাহিদা মেটাতেন, আজ তাঁদের মুখে একটু খাবার আর পানি তুলে দিতে মুম্বাইয়ের হিন্দু-মুসলমান-শিখ, ছাত্র-যুব, চাকুরে-গৃহিণী—সব এককাতারে শামিল। সুদীর্ঘ পথের রুক্ষতা মাড়িয়ে রক্তাক্ত পাগুলোর ক্ষত মুছে দিয়ে এক পাটি জুতো পরিয়ে দিল কেউ কেউ।

ভারতের ৮২ শতাংশই ক্ষুদ্র অথবা প্রান্তিক কৃষক, যাঁরা প্রকৃতির বৈরিতা মোকাবিলা করে ফসল ফলিয়েও তার লাভজনক দাম থেকে বঞ্চিত। প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি হলেও কিংবা ফসলের লাভজনক দাম না পেলেও ঋণের বোঝা তো আর লাঘব হচ্ছে না। এই জাঁতাকল থেকে মুক্তির জন্য এত দিন আত্মহত্যাকেই বেছে নিতেন অনেকে। সেই কৃষকেরা সারা ভারত কিষানসভার নেতৃত্বে একজোট হয়েছেন। মৃত্যুকে পেছনে ফেলে বাঁচার লড়াইকে সম্বল করে তাঁরা পণ করেছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে দাবি আদায় করেই ছাড়বেন। তাঁরা মুম্বাই এলেন, দেখলেন ও জয় করলেন। ১২ মার্চ বিধানসভার বৈঠকের আগেই আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সব দাবি মেনে নিল মহারাষ্ট্র রাজ্য সরকার। শুধু কি দাবি! দাবির সঙ্গে সঙ্গে গণমানুষের মনও যে জিতে নিল লাল মিছিল।

দেশকালভেদে শাসকশ্রেণি যদি নিজেদের স্বার্থে এক হতে পারে, তবে শোষিত মানুষেরও উচিত দেশের সীমা পেরিয়ে নিজেদের মৌলিক দাবিগুলো নিয়ে এক হওয়া। সারা ভারত কিষানসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লার ভাষায়, ‘তোমরা বাংলাকে ভাগ করেছ, কিন্তু আমাদের সংগ্রামকে ভাগ করতে পারোনি, আমাদের লড়াইকে ভাগ করতে পারোনি।’ গত মাসে বাংলাদেশ কৃষক সমিতির ত্রয়োদশ জাতীয় সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এ কথাগুলোই বলেছিলেন তিনি। ১৫ মার্চ খুলনায় অনুষ্ঠিত সে সমাবেশে তিনি আরও বলেন, ‘ভারতে একদিকে বিজেপিশাসিত সাম্প্রদায়িক সরকারের ধর্মীয় সাম্প্রদায়িকতা বিস্তৃত হয়েছে, অন্যদিকে ততটাই সংকুচিত হয়েছে কৃষকের অধিকার। ইতিমধ্যে ভারতের ১৯১টি কৃষক সংগঠন একত্র হয়েছে।’ হাজার হাজার কৃষক ও কৃষক সংগঠকদের সঙ্গে আমিও ওই সম্মেলনস্থলে উপস্থিত ছিলাম। কমরেড হান্নান মোল্লার আত্মবিশ্বাসী উচ্চারণে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম বটে, কিন্তু শিগগিরই এর বাস্তব রূপায়ণ দেখব—এমনটা আশা করিনি।

ভারতের মতো বাংলাদেশেও কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ফসলের লাভজনক দাম ও কৃষিঋণ মওকুফের দাবি। বিশেষ করে গত বছর বন্যায় হাওরের কৃষকেরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষক সমিতি, খেতমজুর সমিতিসহ বিভিন্ন সংগঠন কৃষিঋণ মওকুফের দাবি জানিয়ে আসছিল। সে সময় সরকার সাময়িকভাবে ঋণ আদায় স্থগিতের ঘোষণা দিলেও তা মওকুফ করা হয়নি। ভারতের গণমাধ্যমের বরাতে জানা যায়, মহারাষ্ট্রের লংমার্চে অংশ নেওয়া কৃষকদের ৯৫ শতাংশেরই নিজস্ব জমি নেই এবং এঁদের উল্লেখযোগ্য অংশই আদিবাসী।

গত বছর বন্যার পর হাওরের বেশ কিছু জেলায় গিয়ে দেখেছিলাম, সরকারিভাবে ভাসান পানি লিজ দেওয়ায় বন্যায় ফসলহানির পরও হাওরের মাছ ধরতে পারেননি সাধারণ কৃষক-খেতমজুর ও জেলেরা। তার আগের বছর হবিগঞ্জের চুনারুঘাটে চা-শ্রমিকদের ভূমি রক্ষার আন্দোলনেও গিয়েছিলাম সংহতি জানাতে। ১৫০ বছর ধরে তাঁরা যে জমিতে চাষাবাদ করে আসছিলেন, সেখানে তাঁদের উচ্ছেদ করে সরকার অর্থনৈতিক অঞ্চল করতে চায়। অথচ আইন অনুযায়ী ৬০ বছর ধরে কেউ অনাবাদি বা খাসজমি চাষ করলে সেটা তঁার মালিকানা হয়ে যায়। ভূমির অধিকার নিয়ে লড়াই করতে দেখা গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল-বাঙালিদের। জমি থেকে তাঁদের উচ্ছেদ করতে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়ভাবে এসব বিভিন্ন ইস্যুতে কৃষক-খেতমজুরেরা আন্দোলন করে এলেও দীর্ঘদিন ধরে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন দানা বাঁধেনি। কিন্তু আমরা হাল ছাড়ছি না। যেমনটা হাল ছাড়েননি মহারাষ্ট্রের কৃষক ও কৃষি আন্দোলনের সংগঠকেরা।

লাকী আক্তার বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য