
একটি দল কখন অন্যান্য দলকে ছাড়িয়ে যায়? যখন দলটি নীতি, আদর্শ কিংবা সাংগঠনিক শক্তিতে তাদের থেকে এগিয়ে থাকে এবং জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে। এ কথা মনে রাখলে ছয় দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের অগ্রসরমাণ অবস্থানের একটি ব্যাখ্যা পাওয়া যায়। নীতি ও আদর্শে সব সময় অগ্রবর্তী অবস্থান নিতে না পারলেও আওয়ামী লীগ কৌশলে এগিয়ে থেকে জনচিত্তকে নাড়া দিতে পেরেছে। জীবিত অবস্থায় তো বটেই, মৃত্যুর পরও চার দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। আর ২৩ বছরের পাকিস্তানি শাসনামলের প্রায় অর্ধেক সময় তাঁর কেটেছে কারাগারে। অন্য রাজনীতিকেরা যখন লাভ-লোকসানের হিসাব–নিকাশে ব্যস্ত, তখন তিনি ‘জীবন-মৃত্যু পায়ের ভৃত্য’ ভেবে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের দীপশিখা জ্বালিয়ে গেছেন বলে তাঁর সমর্থক ও অনুসারীরা মনে করেন।
পাকিস্তান প্রতিষ্ঠার অব্যবহিত পর মুসলিম লীগের দোর্দণ্ড প্রতাপের মধ্যে আওয়ামী লীগের আবির্ভাব বিরোধী দল হিসেবে। পরবর্তী ৬৮ বছরে আওয়ামী লীগে অনেক নেতা এসেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, কেউবা দুঃসময়ের কান্ডারি হয়েছেন; কিন্তু শেখ মুজিবুর রহমানের জায়গাটি কেউ পূরণ করতে পারেননি। তিনি যখন দলের সাধারণ সম্পাদক, তখন তাঁকে আমরা পেয়েছি চালকের আসনে। সভাপতি ও অন্য জ্যেষ্ঠ নেতারা তাঁর নির্দেশনা-পরামর্শ মেনে চলতেন। আবার শেখ মুজিব যখন দলের সভাপতি, তখন তিনিই হন দল ও রাজনীতির কেন্দ্রবিন্দু। এমনকি যখন তিনি কোনো পদে থাকেন না, তখনো দল পরিচালিত হয় তাঁর ‘হুকুমে’। শেখ মুজিবের ক্যারিশমা যেমন আওয়ামী লীগকে সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে, তেমনি তাঁর মৃত্যুর চার দশক পরও তিনি রাজনীতির মিথ ও প্রতীক।
আওয়ামী লীগের বয়স ৬৮ বছর। এই দীর্ঘ সময়ে নানা উত্থান-পতন, সংঘাত ও সম্মিলনের মধ্য দিয়ে দলটি বর্তমান পর্যায়ে পৌঁছেছে। গবেষক-লেখক মহিউদ্দিন আহমদ আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০-এ মাত্র ২১ বছরের কাহিনি বিবৃত করেছেন। তাও নিরবচ্ছিন্ন ইতিহাস নয়। নানা ঘটনা, চরিত্র ও পটভূমিকে তিনি একসূত্রে গেঁথে আওয়ামী লীগের চরিত্র রূপায়ণের চেষ্টা করেছেন। অনেকে প্রশ্ন করতে পারেন, এটি কি আওয়ামী লীগের ইতিহাস, না ইতিহাসের গল্প? দলের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, না পরম্পরা? দুটোই হতে পারে।
মহিউদ্দিন আহমদ বইয়ের ভূমিকায় লিখেছেন, ‘আমার কাজ অনেকটা রাঁধুনির মতো। বিভিন্ন সূত্র থেকে চাল ডাল তেল মসলা জোগাড় করে তবেই তো রান্না। এ জন্য আমাকে খোঁজখবর করতে হয়েছে।’ এবং লেখক সাধ্যমতো তাঁর প্রাপ্ত তথ্য-উপাত্ত ব্যবহারও করেছেন। কিন্তু যেসব তথ্য-উপাত্ত বইয়ে নেই, সেগুলো সংযুক্ত হলে লেখকের ব্যাখ্যা-বিশ্লেষণ অপরিবর্তিত থাকত কি না, সেই প্রশ্নও উঠতে পারে। যা নেই, তা নিয়ে আফসোস করে লাভ নেই; যা আছে, সেটি নিয়েই আলোচনা হোক।
মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগের বিচার বা মূল্যায়ন শুরু হয়েছে ১৯৪৭ সালের দেশভাগ থেকে। দেশভাগের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে তিনি উপমহাদেশে হিন্দু-মুসলমান বিরোধ, তেল-জলের সম্পর্ক, সর্বোপরি কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্বের পারস্পরিক সন্দেহ-বিশ্বাসকে সামনে নিয়ে এসেছেন। লাহোর প্রস্তাবে একটি রাষ্ট্র বা একাধিক রাষ্ট্র গঠনের কথা ছিল, সেই বিতর্ক তখন বড় ছিল না; তখন ভারতের অধিকাংশ মুসলমান পৃথক আবাসভূমির স্বপ্নে বিভোর ছিল। অনেকের দাবি, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। এর পাল্টা দাবি হলো, এ অঞ্চলের মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে নতুন দেশ প্রতিষ্ঠা করেছিল, শাসকেরা উল্টো পথে চলেছেন বলেই পাকিস্তান টেকেনি। বাংলাদেশ নামে উপমহাদেশে তৃতীয় রাষ্ট্রের অভ্যুদয় ঘটল।
আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০-এর অন্যান্য অধ্যায় বিন্যস্ত হয়েছে এভাবে: ছাত্রলীগের জন্ম, মোগলটুলী থেকে রোজ গার্ডেন, ভাষার লড়াই, যুক্তফ্রন্ট ভাঙাগড়া উর্দি শাসন, ত্রিপুরা মিশন, পুনর্জন্ম, ছয় দফা, পাক দর্শন আগরতলা ষড়যন্ত্র মামলা পালাবদল, নির্বাচন ও উপসংহার। এর প্রায় প্রতিটি অধ্যায়ে আওয়ামী লীগ নেতা শেখ মুজিব প্রধান চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ তিনি দলকে ছাড়িয়ে গেছেন। দল নেতাকে পরিচালিত করেনি। বরং নেতা যেভাবে চেয়েছেন, সেভাবে সাজিয়েছেন।
মহিউদ্দিন স্বীকার করেছেন, ‘আওয়ামী লীগের ইতিহাস আলোচনা করতে গেলে অবধারিতভাবে চলে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। একজন ব্যক্তি একটা রাজনৈতিক দল ও একটা দেশ যখন এক হয়ে মিশে যায় তখন তাদের আলাদা করে দেখা বা বোঝা কঠিন একটা কাজ।’ সেই কঠিন কাজটিই লেখক করেছেন নানা তথ্য ও ঘটনার মিশেলে। নানা ঘটনা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, শেখ মুজিবুর রহমান শুরু থেকে একটি পরিকল্পনা নিয়ে এগিয়েছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে যখন যাঁদের প্রয়োজন মনে করেছেন, তাঁদের দলে এনেছেন। যখন বাধা মনে করেছেন, সরিয়ে দিয়েছেন কিংবা তাঁরা স্বেচ্ছায় সরে গিয়েছেন।
পাকিস্তান আমলে শেখ মুজিব ছিলেন তরুণ নেতা। তারুণ্যের সঙ্গে তিনি সাহস ও জনগণের আকাঙ্ক্ষাকে মেলাতে পেরেছিলেন বলেই রাজনীতির গতিধারা ঘুরিয়ে দিতে পেরেছিলেন। বয়সে যাঁরা তাঁর চেয়ে তরুণ, তাঁদের ভরসাস্থল হয়েছিলেন শেখ মুজিব। ষাটের দশকের শুরুতে কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে তাঁর বৈঠকটিও ছিল কৌতূহলোদ্দীপক। তিনি পাকিস্তানিদের সঙ্গে থাকা যাবে না বলে অভিমত দিলে কমিউনিস্ট নেতারা বললেন, ‘এখনো সময় আসেনি, জনগণকে প্রস্তুত করেই চূড়ান্ত সংগ্রামে নামতে হবে।’ জবাবে তিনি বললেন, ‘আপনাদের কথা মেনে নিলাম, কিন্তু স্বাধীনতাই আমার শেষ কথা।’ সে সময় সেনাবাহিনী ও জনপ্রশাসের ভেতরের যেসব বাঙালি কর্মকর্তা আইয়ুব খানকে উৎখাতের পরিকল্পনা করেছিলেন, তাঁরা অনেক দলের বড় বড় নেতার কাছে গিয়েছিলেন। কেউ সাড়া দেননি। কিন্তু শেখ মুজিব তাঁদের বিমুখ করেননি। তিনি তাঁদের মনোভাব বুঝতে চেষ্টা করেছেন। নিজেকেও প্রস্তুত করেছেন। স্বাধীনতাসংগ্রামে ভারতের সমর্থন আদায়ে গোপনে আগরতলায় গিয়েছিলেন তিনি।
শেখ মুজিবের সাফল্যের আরেকটি কারণ ষাটের দশকে যেসব অর্থনীতিবিদ, আইনজীবী, শিক্ষাবিদ পাকিস্তানিদের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাঁদের প্রায় সবাইকে নিজের পক্ষে টেনেছেন। কোনো কোনো ক্ষেত্রে দলের নেতাদের চেয়ে তাঁদের ওপরই বেশি ভরসা করেছেন। এ প্রসঙ্গে মহিউদ্দিন লিখেছেন, ‘আওয়ামী লীগের বড় অর্জন হলো দেশের বুদ্ধিজীবীদের প্রাগ্রসর অংশটিকে আস্থায় নিয়ে তাদের মেধাকে কাজে লাগাতে পারা।’ শেখ মুজিব সেটি পেরেছেন বলেই সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন।
শেখ মুজিবুর রহমান এমন নেতা ছিলেন, যিনি দলকে পাশ কাটিয়েও নিজের চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছেন। উদাহরণ হিসেবে ছয় দফার কথা বলা যায়। লাহোরে বিরোধী দলের সম্মেলনে ছয় দফা কর্মসূচি উপস্থাপনের আগে দু-চারজন বিশ্বস্ত ব্যক্তি ছাড়া দলের কেউ জানতেন না। অন্যদিকে ভারতের সহায়তার জন্য তিনি যে ১৯৬২ সালের গোড়ার দিকে আগরতলা যান, তা–ও দলের কাউকে জানাননি। সহায়তা নিয়েছেন দলের বাইরের কয়েকজন বন্ধু-শুভানুধ্যায়ীর।
১৯৪৯ সাল থেকে ১৯৭০। প্রায় পুরো সময়টি আওয়ামী লীগকে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, মাঝখানে ১৩ মাসের কোয়ালিশন সরকারের অংশীদার হওয়া ছাড়া। শাসকদল হিসেবে আওয়ামী লীগ সফল বা ব্যর্থ সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু মাঠের আন্দোলনে এখনো পর্যন্ত দলটি অদ্বিতীয়। অন্যান্য দল ও নেতারা যখন বারবার মত ও পথ পরিবর্তন করেছেন, শেখ মুজিব লক্ষ্য অর্জনে অবিচল থেকেছেন। এ কারণেই পাকিস্তান আমলে ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপে বাঘা বাঘা নেতা থাকলেও তাঁরা শেখ মুজিবের মতো জনগণের হৃদয় স্পর্শ করতে পারেননি।
মহিউদ্দিন আহমদ লিখেছেন, পাকিস্তানের ২৪ বছরের রাজনীতিতে বাঙালির চাওয়া-পাওয়া আবর্তিত হয়েছে প্রধানত গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের দাবিকে কেন্দ্র করে। একই দাবি অন্য দলগুলোরও ছিল। কিন্তু আওয়ামী লীগ যত স্পষ্ট করে তুলতে পেরেছে, অন্যরা তা পারেনি। স্বাধীনতা-পূর্ব বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি বুঝতে আওয়ামী লীগ: উত্থানপর্ব একটি উল্লেখযোগ্য বই। মহিউদ্দিন আহমদের এই ইতিহাস বিচারের সঙ্গে যাঁরা একমত, তাঁরা তো বটেই, যাঁরা একমত নন, তাঁদের কাছেও বইটি সমাদৃত হবে আশা করি। ঘটনা বর্ণনায় তাঁর কুশলতা বইটিকে নতুন মাত্রা দিয়েছে।
সময়ের নায়কদের নিয়েই ইতিহাস রচিত হয়। তাঁদের কথা ও কাহিনিই প্রাধান্য পায়। কিন্তু এ বইয়ে মহিউদ্দিন আহমদ এমন কিছু চরিত্রের উদ্ধৃতি ও ভাষ্য যুক্ত করেছেন, যাঁরা একেবারেই সাধারণ মানুষ।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]