মহিউদ্দিনের সঙ্গে তুলনাটা আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন মোহাম্মদ মন্জুর আলম। চমক বলছি এ কারণে, প্রথমত, মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং তিন-তিনবারের নির্বাচিত মেয়র মহিউদ্দিন চৌধুরীর প্রভাব-প্রতিপত্তি ও জনপ্রিয়তার তুলনায় মন্জুর আলম ছিলেন নিতান্তই আন্ডারডগ। দ্বিতীয়ত, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই দলীয় প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে হারতে হয়েছে দলছুট (পরে বিএনপির সমর্থন পেয়েছিলেন) প্রার্থী মন্জুরের কাছে। এই জয়-পরাজয়ের এক শ একটা কারণ হয়তো বের করা যাবে। কিন্তু সবচেয়ে বড় কারণটা ছিল ১৭ বছর ধরে মেয়র পদে থাকা মহিউদ্দিনের শেষ কয়েক বছরের একগুঁয়ে স্বেচ্ছাচারী মনোভাব। নির্বাচনের ফলাফল দেখে তাই আমরা বলেছিলাম, ‘বিনয়ের কাছে দম্ভের হার’।মন্জুর আলমের যে বিষয়টি নাগরিক ভোটারদের আকৃষ্ট করেছিল, তা হচ্ছে তাঁর বিনয়ী সজ্জন ভদ্রলোকের ভাবমূর্তি। আজ দুই বছর পরে মূল্যায়ন করতে বসে আমরা প্রায় বিস্মিত হয়ে লক্ষ করি, তাঁর সেই ভাবমূর্তি এখনো অটুট। এখন প্রশ্ন উঠবে, নগর ও নাগরিক জীবনের উন্নয়নে কী ভূমিকা তিনি রেখেছেন কিংবা সিটি করপোরেশনের সেবামূলক কর্মকাণ্ডে কতটা সন্তুষ্ট নগরবাসী? এখানে তুলনার ব্যাপারটাও আসবে অবধারিতভাবে। পূর্বসূরি মহিউদ্দিন চৌধুরীর আমলের নানা সেবা কার্যক্রমের সঙ্গে মন্জুরের কর্মতৎপরতার সাফল্য-ব্যর্থতার একটি তুলনামূলক চিত্র আঁকতে চাইবে এ অঞ্চলের মানুষ।মনজুরের সবচেয়ে বড় সাফল্য বোধ করি এই, গত দুই বছরে তিনি সব ধরনের বিরোধ এড়িয়ে চলতে পেরেছেন। এমনকি তাঁর প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিনের সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি হয়নি। একসময়কার শিষ্য ও প্রিয়ভাজন মন্জুর আলমের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর বিরোধের শুরু তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এক-এগারোর সরকার মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর পর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান মন্জুর আলম। অবিশ্বাসের বীজটা প্রোথিত হয়েছিল সম্ভবত সেই সময় থেকেই। জেল থেকে বেরিয়ে আসার পর মন্জুরের সঙ্গ এড়িয়ে চলতে শুরু করেন মহিউদ্দিন। অনেক চেষ্টা করেও এই বরফ গলাতে পারেননি মন্জুর, বরং মহিউদ্দিনের কিছু উগ্র সমর্থকের হাতে নানাভাবে নিগৃহীত হয়েছেন তিনি।যাই হোক, নগর আওয়ামী লীগের সভাপতির সঙ্গে এ রকম টানাপোড়েনের মধ্যেও গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট চেয়েছিলেন মন্জুর। না পেয়ে ধরনা দিয়েছিলেন বিএনপির কাছে। বিফল হয়েছিলেন সেখানেও। মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময়ও আওয়ামী লীগের সঙ্গেই তাঁর যোগাযোগ ছিল বেশি। কিন্তু এর মধ্যে নতুন এক মেরুকরণ হলো। ‘শত্রুর শত্রু আমার মিত্র’—এই নিয়মে বিএনপির সমর্থন লাভ করলেন মন্জুর আলম। একদিকে মহিউদ্দিন চৌধুরীর ওপর ক্ষুব্ধ নাগরিক সমাজের একটি অংশ, যাঁরা অধিকাংশই ছিলেন আওয়ামী লীগ সমর্থক, তাঁরা যেমন নীরব সমর্থন দিলেন মন্জুরকে, তেমনি কট্টর বিএনপিপন্থী ভোটারদের সমর্থনও তাঁর পক্ষে যাওয়ায় নির্বাচনে বিজয়ী হওয়ার পথ সুগম হলো তাঁর। নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমেই সম্ভবত মন্জুর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কারও সঙ্গেই কোনো ধরনের বিরোধে যাবেন না। নির্বাচনের অব্যবহিত পর মহিউদ্দিন চৌধুরীর ছেলে চৌধুরী মহিবুল হাসান হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মন্জুর আলমের বিরুদ্ধে মামলা করলেও আইনি লড়াইয়ের বাইরে আর কোনো বিরোধে জড়াননি মন্জুর আলম। মহিউদ্দিন চৌধুরীর আমলে নানাভাবে সমালোচিত তাঁর জামাতা সেলিম আকতার চৌধুরীকেও তিনি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে অপসারণ করেননি। এ ছাড়া, সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক অনুপম সেন কিংবা থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের (টিআইসি) পরিচালক পদে নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের নিয়োগও বহাল রেখেছেন তিনি। আওয়ামী লীগ-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে তিনজনকে প্যানেল মেয়র নিয়োগ এবং অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সম্পর্কও অনেকটা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন। কিছুদিন আগে সিটি করপোরেশন আয়োজিত বৃক্ষমেলার অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, এমনকি তাঁর ক্ষমতা গ্রহণের দুই বছর পূর্তি অনুষ্ঠানে মহিউদ্দিনকে ডেকে এনে এখানকার সাধারণ নাগরিকদের কাছে মনজুর এই বার্তা পৌঁছে দিয়েছেন যে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির চিরাচরিত ধারা থেকে বেরিয়ে আসার উদারতা তাঁর আছে। অবশ্য, প্রতিপক্ষের প্রতি উদারতা দেখাতে গিয়ে মাঝে মাঝে নিজের দলে সমালোচিত হয়েছেন মন্জুর। কিন্তু সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ লাভ করে প্রমাণ করেছেন, হাইকমান্ডেরও আস্থা আছে তাঁর প্রতি।এখন দেখতে হবে সিটি করপোরেশনের প্রধান হিসেবে তাঁর কার্যক্রম। দুই বছর আগে ১৭ জুন মেয়র নির্বাচনের আগের দুই দিন প্রচণ্ড বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছিল নগরের নিম্নাঞ্চলগুলো। নির্বাচনের অব্যবহিত আগে এ ঘটনা প্রভাবিত করেছে ভোটারদের। অনেকেই বলেন, মহিউদ্দিন চৌধুরীর ভরাডুবির এটাও একটা কারণ। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন মন্জুর আলম। কিন্তু এ বছর মৌসুমের প্রথম বৃষ্টিপাতেই নগরের জলবন্দী মানুষের দুর্ভোগ যেন প্রতিশ্রুতির অসারতাকেই দেখিয়ে দেয় চোখে আঙুল দিয়ে। নতুন কোনো খাল খনন করতে ব্যর্থ হয়েছেন তিনি, পুরোনো খাল সংস্কারের কাজটিও কার্যকর হয়নি যথাযথ তদারকির অভাবে। এ ছাড়া, বাকলিয়া এলাকায় চারটি সেতুর ঢালাই কাজের জন্য খালের মধ্যে যে খুঁটি পোঁতা হয়েছিল, পানি নিষ্কাশনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো। অথচ এই ঢালাই কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করে বর্ষা মৌসুমে করা হলো কেন—এই কৈফিয়ত চাওয়া হয়নি ঠিকাদারদের কাছে। তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি তিনি।মহিউদ্দিন চৌধুরীর আমলে নগরের স্বাস্থ্যসেবার মান বেড়েছিল অনেকাংশে। তাঁর মেয়াদের শেষ দিকে কিছু ক্ষেত্রে এর মান কমলেও চূড়ান্ত অবনতি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। বর্তমান মেয়রের দুই বছরে এই ব্যবস্থার আর কোনো পরিবর্তন হয়নি। বরং যে মেমন মাতৃসদন একসময় কম খরচে বেসরকারি ক্লিনিকের চেয়েও উন্নতমানের সেবা দিয়েছে, তার অবস্থা এখন সঙ্গিন। মেমনের ফাঁকা শয্যাগুলো পড়ে আছে যেন নগরবাসীর আস্থাহীনতার প্রতীক হয়ে। একই অবস্থা বন্দরটিলা, মোহরা, ওয়াইসপাড়া মাতৃসদনেরও।শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে সিটি করপোরেশনের ঐতিহ্য দীর্ঘকালের। মহিউদ্দিন চৌধুরীর হাতে এর প্রকৃত উৎকর্ষ ঘটেছে। স্কুল-কলেজ প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য দেখিয়েছেন মহিউদ্দিন। বর্তমান মেয়র গত দুই বছরে তিনটি নতুন কলেজ ও একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। কিন্তু বিভিন্ন পাবলিক পরীক্ষায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফলাফল দেখে শিক্ষার মান বেড়েছে—এমন দাবি করা যাবে না। আবর্জনা ব্যবস্থাপনার ক্ষেত্রেও সাফল্য দেখাতে পারেননি বর্তমান মেয়র। সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ির তালিকায় নতুন আরও ৩০টি গাড়ি যুক্ত হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। অথচ মহিউদ্দিন একসময় চট্টগ্রামকে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে সমর্থ হয়েছিলেন।এ কথা অস্বীকার করার উপায় নেই, তিন মেয়াদে মহিউদ্দিন চৌধুরীর আমলে এই নগরের যে উন্নয়ন হয়েছে, তার তুলনা বিরল। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, সাংস্কৃতিক কর্মীদের জন্য টিআইসির মতো একটি মিলনায়তন গড়ে তোলা, কিংবা করপোরেশনের আয় বৃদ্ধির জন্য প্রথম ও সর্ববৃহৎ সিএনজি স্টেশন স্থাপন—সবকিছুতেই তাঁর সৃজনশীল চিন্তা এবং তা বাস্তবায়নে দক্ষতার প্রমাণ পাওয়া যায়। তবে, তৃতীয় মেয়াদের শেষ দিকে তাঁর কিছু উদ্যোগ (যেমন—অপর্ণাচরণ স্কুল প্রাঙ্গণে মার্কেট নির্মাণ, লালদীঘিতে সুইমিংপুল বা চাক্তাই রিং রোডে মার্কেট তৈরি ইত্যাদি) এখানকার নাগরিক সমাজ পছন্দ করেনি। তিনিও তোয়াক্কা করেননি কারও মতামতের। এই একগুঁয়েমি সাধারণ মানুষ পছন্দ করেনি। এর সঙ্গে দলীয় কোন্দলের নানা মাত্রা যুক্ত হয়ে নির্বাচনে তাঁর বিপর্যয় নিশ্চিত করেছিল।যাই হোক, মেয়র মন্জুর আলমের হাতে আছে আরও তিনটি বছর। মেয়র হওয়ার আগে তিন-তিনবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর আছে। আশা করি, সেই অভিজ্ঞতা ও সৃজনশীলতার স্পর্শে এই নগরকে সাজাবেন তিনি।বলেছি, মন্জুর আলম সজ্জন ব্যক্তি। তাঁর এই গুণটিই হয়তো কখনো কখনো তাঁর সীমাবদ্ধতা। করপোরেশনের ঠিকাদার বা কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করতে হলে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে তাঁকে। বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।[email protected]