
ভারতে এখন হইহই করে আইপিএল নামের ক্রিকেট সার্কাস চলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজরও কমবেশি এই দিকে। কারণ, সে দেশের এক দিকপাল সাকিব আল হাসান এবং আরেক সদ্য নক্ষত্র মুস্তাফিজুর রহমান দুই দলে খেলছেন। ভালোই খেলছেন। প্রতিদিন রাত আটটা থেকে শুরু হচ্ছে একটা না একটা খেলা। রাত ১১টা পেরিয়ে ম্যাচ শেষ হচ্ছে। কোনো দিন চূড়ান্ত উত্তেজনায়, কোনো দিন নিতান্তই সাদামাটাভাবে। আইপিএল নামের এই ক্রিকেটীয় সার্কাস ইদানীংকালে অন্যতম সেরা বিনোদন।
এই হইচইয়ের মধ্যেই ভারতীয় ক্রিকেটের সুপারস্টার হেলিকপ্টার শটের জন্মদাতা মহেন্দ্র সিং ধোনি একটা কাণ্ড করেছেন। এ দেশে হাজার হাজার মানুষের জন্য বিশাল বিশাল আবাসন প্রকল্প তৈরি করে এমন এক সংস্থা, যার নাম ‘আম্রপালি’, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে মহেন্দ্র সিং ধোনি সরে গেছেন। তাঁর স্ত্রী সাক্ষী ওই সংস্থার একজন ডিরেক্টর। ইস্তফা দিয়েছেন তিনিও। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ধোনি ওই সংস্থা থেকে বছরে কমবেশি আট কোটি টাকা রোজগার করতেন। সাক্ষীর অঙ্কটা অজানা।
ধোনি ও সাক্ষী কেন পদত্যাগ করলেন এবং বছরে এত টাকা লোকসান করলেন, তা বলার আগে এটুকু বলি, এভাবে ইস্তফা দেওয়ার গাদা গাদা উদাহরণ এ দেশের অতি বিখ্যাত অতি পরিচিত নক্ষত্রদের মধ্যে খুব একটা খুঁজে পাওয়া যাবে না। সে দিক থেকে ধোনি ও সাক্ষী প্রায় বিরলই বলা যায়।
ধোনি ও সাক্ষীর এই সিদ্ধান্তের পেছনের কারণটি বেশ ইন্টারেস্টিং। আম্রপালি গোষ্ঠী দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের নয়ডায় ১১টি টাওয়ারে ৪০ হাজার বর্গমিটার জমির ওপর ১ হাজার ফ্ল্যাট তৈরি করে। এই হাউজিং প্রকল্প মোটামুটি একটা ছোট টাউনশিপ। ওই প্রকল্পে ফ্ল্যাট নিয়েছেন এমন আবাসিকদের অভিযোগ, আম্রপালি গোষ্ঠী প্রকল্প শেষ করার দিকে নজর দিচ্ছে না। বহু মানুষ ফ্ল্যাটে বসবাস শুরু করলেও নির্মাতাগোষ্ঠী সরকারের কাছ থেকে এখনো ‘কমপ্লিশন সার্টিফিকেট’ নেয়নি। ‘ফায়ার সেফটি’র কাজসহ বহু গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত অবস্থায় রেখে দিয়েছে। লিফট কখনো চলে, কখনো চলে না। লিফট চালানোর লোক নেই। মাঝে মাঝে বন্ধ হয়ে আতঙ্ক ছড়ায়। এক কথায়, আবাসিকদের বিপদের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে। অথচ, আম্রপালি গোষ্ঠী একেবারেই গা করছে না। তারা নির্বিকার।
এই অবস্থায় কিছু বাসিন্দা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে একটা প্রচার শুরু করলেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম—এসবের মাধ্যমে তাঁরা ধোনিকে জানান, আপনি যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তারা এভাবে আমাদের অবহেলা করে আপনারই নাম খারাপ করছে। এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার সুনামের প্রতি সুবিচার তো করতেই পারছেন না, বরং ভাবমূর্তি নষ্ট করছেন। দয়া করে এই কোম্পানি থেকে আপনি সরে দাঁড়ান।
এ যুগে সারা পৃথিবীতেই সামাজিক মাধ্যমগুলোর গুরুত্ব ও শক্তি দিনে দিনে বেড়েই চলেছে। আম্রপালির মাত্র সাতজন বাসিন্দা যে প্রচার শুরু করেছিলেন, ক্রমেই তা লাখ লাখ মানুষের সমর্থন পেয়ে গেল। এটা যেমন একটা ঘটনা, তেমনি ধোনির সিদ্ধান্তও চমকপ্রদ। ধোনি শুধু সরেই দাঁড়াননি, স্ত্রীকেও সরিয়ে নিয়েছেন, বছরে নিজের আট কোটি টাকা ক্ষতি স্বীকার করে। খুব বেশি মানুষ খুঁজে পাওয়া যাবে না, যাঁরা এভাবে আর্থিক ক্ষতি স্বীকার করতে প্রস্তুত। আরও কম মানুষকে পাওয়া যাবে, যাঁরা এ ধরনের কাজের মধ্য দিয়ে নৈতিকতা ও নিজেদের দায়বদ্ধতার পরিচয় রেখেছেন। মহেন্দ্র সিং ধোনি সেই নিরিখে অনন্য।
ধোনির এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা পুরোনো বিতর্ক আরও একবার নতুনভাবে মাথাচাড়া দিয়েছে। সমাজের বিখ্যাত, প্রতিষ্ঠিত, অতি পরিচিত, সফল মানুষেরা, যাঁরা বিভিন্ন প্রোডাক্ট এনডর্স করে থাকেন, যাঁরা সহজেই ‘সেলিব্রিটি’ আখ্যা পেয়ে থাকেন, সাধারণত যাঁরা বিনোদন জগতের মানুষ এবং যাঁদের দেখার জন্য সাধারণ মানুষ হামলে পড়ে, বিজ্ঞাপনের মডেল বা এনডর্সার্স হিসেবে তাঁদেরও ভালোমন্দের দায় আছে কি না, বিতর্ক তা নিয়েই। প্রোডাক্ট ভালো না হলে বা তা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ালে কিংবা মানুষকে প্রতারণা করলে সেলিব্রিটি এনডর্সার্সদের ওপরও তার দায় বর্তানো উচিত কি না, এ প্রশ্ন বেশ কিছুকাল ধরেই এ দেশে উঠছে। এই যেমন গত বছর ম্যাগি নুডলস নিয়ে হয়েছিল। ম্যাগি নুডলসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পাওয়া যাওয়ায় গোটা ভারত থেকে ম্যাগি তুলে নেওয়া হয়। ম্যাগির বিজ্ঞাপন করতেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতারা। সে সময় তাঁদের দায়বদ্ধতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠল। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়। ওই সেলিব্রিটি তখন তাঁদের সাফাইয়ে অনেক কথা বলেছিলেন। বলেছিলেন, তাঁরাও অনেক খোঁজখবর করে চুক্তিপত্রে সই করেছিলেন। কোম্পানি মাঝপথে ভালোমন্দ কিছু করলে তার দায় তাঁদের ঘাড়ে ফেলা উচিত নয়। পাল্টা যুক্তিও ছিল। কোনো প্রোডাক্ট এনডর্স করার অর্থ সেই জিনিসের গুণমান সম্পর্কে সার্টিফিকেট দেওয়া। মানুষকে বিশ্বাস করানো। বিশ্বাসে চিড় ধরলে তার দায় এনডর্সার্সদের ওপর কেন বর্তাবে না সেই প্রশ্ন উঠেছিল। ধোনির সিদ্ধান্তের পর এবারও সেই প্রশ্ন নতুন করে উঠেছে।
শাহরুখ খান, শচীন টেন্ডুলকার ও হৃতিক রোশনও এ রকম একটা বিতর্কে জড়িয়েছিলেন ২০০০ সালে। একটা কোম্পানি এই তিনজনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিল মোট ২০ কোটি টাকার বিনিময়ে। তাঁদের দেখিয়ে সেই কোম্পানি বাজার থেকে কোটি কোটি টাকা তোলে। তারপর একদিন দেখা যায়, কুড়িটি সমবায় ব্যাংকের কোটি কোটি টাকা হাতিয়ে তারা লাপাত্তা। অভিনেত্রী জেনেলিয়া ডিসুজাকে নিয়েও এমন ঘটেছিল ২০১২ সালে। অন্ধ্র প্রদেশের এক রিয়েল এস্টেট কোম্পানির এক প্রকল্প এনডর্স করেছিলেন তিনি। সেই কোম্পানি লগ্নিকারকদের ঠকায়। রাজ্যের এক আদালত জেনেলিয়ার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করতে পুলিশকে নির্দেশ দেয়। অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লিও এই ফাঁদে পড়েছিলেন। পার্লস ইনফ্রাস্ট্রাকচার নামে এক কোম্পানির মডেল হয়েছিলেন তিনি। অভিযোগ, সেই কোম্পানি ভারতীয় লগ্নিকারকদের ব্যাপক ঠকিয়েছে।
প্রোডাক্ট প্রশ্নবিদ্ধ হলে তার দায় এনডর্সার্সদেরও নিতে হবে কি না, সেই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা এখনো হয়নি। বিতর্কটা অব্যাহত। ভারতের এক সংসদীয় কমিটি এ বিষয়ে অনেক ভাবনাচিন্তার পর সুপারিশ করেছে, টাকার বিনিময়ে যাঁরা প্রোডাক্ট এনডর্স করছেন, যে সেলেবরা বিজ্ঞাপনের মডেল হচ্ছেন, খারাপ কিছু হলে তার দায় তাঁদেরও নিতে হবে। কতটা দায় এবং কী রকম দায়? সংসদীয় কমিটির সুপারিশ, পাঁচ বছরের জেল ও ৫০ লাখ টাকা জরিমানা। এই সুপারিশ আইনে রূপান্তরিত হবে কি না, পরের কথা। আপাতত এই প্রস্তাব সেলেবকুলের শিরদাঁড়ায় একটা শিরশিরানি স্রোত বইয়ে দিয়েছে।
সেলিব্রিটি মহল থেকে ভিন্ন স্বর যে উঠছে না তা নয়। অভিনেত্রী রাভিনা ট্যান্ডন যেমন বেশ কড়া ভাষাতেই বলেছেন, কিছু টাকার জন্য মদ বা পান মশালা কিংবা গুটখার মতো স্বাস্থ্যহানিকর বিজ্ঞাপন কারও করা উচিত নয়। কিছু টাকার জন্য নৈতিকতা জলাঞ্জলি দেওয়ার আগে দুবার ভাবা উচিত। কিংবা বর্ণবিদ্বেষী বিজ্ঞাপনের মডেল হওয়া উচিত কি না, কোনো সুস্থ মানুষের মনে সেই ভাবনাও আসা প্রয়োজন।
এ প্রসঙ্গেই চলে আসছে শাহরুখ খানের কাহিনিটা। ফরসা হওয়ার একটা ক্রিম তিনি এনডর্স করতেন। বিজ্ঞাপনে শাহরুখ দাবি করতেন, এক মাসের মধ্যেই কালোমানিক ফরসা হয়ে যাবে। দিল্লির এক ইয়ং এক্সিকিউটিভ সেই প্রোডাক্টের বিরুদ্ধে কনজিউমার আদালতে মামলা করেন। তাঁর অভিযোগ, এক মাস পরেও তিনি সেই কালোমানিকই রয়ে গেছেন। আদালত সেই কোম্পানিকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি বিজ্ঞাপনটিও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
মূল প্রশ্ন নৈতিকতার। আমি কোন জিনিসের বিজ্ঞাপনে নিজের নাম ব্যবহার হতে দেব, কোনটায় দেব না, কোনটায় দেওয়া উচিত নয়, কোনটা শরীরের জন্য খারাপ, কোনটা সমাজের পক্ষে ক্ষতিকর—এসব প্রশ্ন বিবেচনা না করলে আমি তো অমানুষের পর্যায়ে পড়ব! নেশার দ্রব্যের বিজ্ঞাপন করব কি না, কালোকে ফরসা করার মতো বর্ণবিদ্বেষী প্রচারের মডেল হব কি না, টাকে চুল গজানোর মতো প্রায় অসম্ভব দাবি বড়মুখ করে করব কি না, তা আমাকেই ঠিক করতে হবে। বিজ্ঞাপনে কতটা মিথ্যা দাবি করব কতটা করব না, সেই গণ্ডি সেলিব্রিটি নিশ্চয় টানতে পারেন না। সেটা টানা তাঁর কাজও নয়। কিন্তু তিনি তো এ সিদ্ধান্ত নিতেই পারেন যে এ ধরনের ক্যাম্পেইনের সঙ্গে নিজেকে কখনো যুক্ত করবেন না। বিজ্ঞাপনের দাবির দায়ভার সেলিব্রিটির নয় বলে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ রাখা যায় কি না, বিজ্ঞাপনদাতা ও প্রোডাক্ট এনডর্সার্সরা তা ভেবে দেখতে পারেন।
লোক ঠকানোর ক্ষেত্রে ভারতে নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল কোম্পানি ও রিয়েল এস্টেট রাঘববোয়ালদের কেউ কেউ ওস্তাদ। ভারতে সম্প্রতি রিয়েল এস্টেট রেগুলেটরি বিল পাস হয়েছে। ফ্লোর এরিয়া ও সুপার বিল্ট এরিয়ার নামে গ্রাহক ঠকানো এক প্রকল্পের জন্য সংগৃহীত টাকা অন্য প্রকল্পে লাগিয়ে মূল প্রকল্পের অযথা দেরি করানো, সে জন্য গ্রাহকদের স্বার্থকে পাত্তা না দেওয়া, মধ্যবিত্ত মানুষের সারা জীবনের সঞ্চয় যাতে জলে না যায়, এ ধরনের বেশ কিছু রক্ষাকবচ এই বিলে রাখা হয়েছে। চিট ফান্ডগুলো কীভাবে মানুষের পথে বসাচ্ছে, ভারতের আনাচকানাচে সেই উদাহরণও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এসব অসাধুতার অংশীদার সেলিব্রিটি হবেন কি না, তা তাঁদেরই ভেবে দেখতে হবে।
আম্রপালির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ ছেড়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনি একটা নজির গড়লেন। আম্রপালি গোষ্ঠী স্বীকার করেছে, এই পদত্যাগ তাদের সুনামে ধাক্কা দিয়েছে। দেশের সেলিব্রেটি মহলের বিবেকেও যে ধোনি এক বিশাল ঝাঁকুনি দিয়েছেন, তাতে সন্দেহ নেই। আপাতত যদিও এই মহল স্পিকটি নট।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।