মহৎ যাঁর জীবন ও মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমরেড তাজুল ইসলাম
কমরেড তাজুল ইসলাম

কারও কারও মৃত্যু মহান। কারও জীবন আবার তাঁর মৃত্যুর চেয়ে মহান। কমরেড তাজুল ইসলাম ছিলেন তেমনই একজন মানুষ। তাঁর স্বল্পকালের জীবন ছিল অসাধারণ মহিমায় উজ্জ্বল। ১৯৮৪ সালের ১ মার্চ ১৫ দল ও ৭ দল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে দেশব্যাপী হরতাল ডেকেছিল। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদও তাদের ১০ দফা দাবিতে একই দিন কলকারখানায় ২৪ ঘণ্টা ধর্মঘট ডেকেছিল। এর আগের কোনো কর্মসূচিতে আদমজীতে কাজ বন্ধ করা যায়নি। এবার নানা কারণে সেখানে ধর্মঘট সফল করতে পারার বিষয়টি হয়ে উঠেছিল খুব গুরুত্বপূর্ণ। তাজুলের ওপর সেই বিশেষ দায়িত্ব অর্পিত হয়েছিল। আগের দিন ঢাকায় সলাপরামর্শ শেষে দুপুরের দিকে আদমজী এলাকায় ফিরে যাওয়ার সময় কমরেড তাজুল আমাকে বলেছিলেন, ‘সেলিম ভাই! টেনশন করবেন না। এবার আদমজীতে কাজ বন্ধ হবেই।’

সেদিন (২৯ ফেব্রুয়ারি-বছরটি ছিল লিপ ইয়ার) মধ্যরাতের আগে আগে ধর্মঘট সফল করার জন্য তাজুলের নেতৃত্বে মিল এলাকায় শ্রমিকদের মিছিল বের হয়েছিল। শ্রমিকেরা কাজে যাওয়া বন্ধ করে বাড়িঘরে ফিরে যেতে শুরু করেছিলেন। এমনি সময় স্বৈরশাসক এরশাদের গুন্ডাবাহিনী মিছিলের সামনে থাকা তাজুলের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। অস্ত্রের আঘাতে তাজুল মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের পক্ষে তাঁকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। ১ মার্চ কমরেড তাজুল ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাজুলের মৃত্যু নিছক কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না। তিনি জেনে-বুঝে, সচেতনভাবে মৃত্যুভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আদমজীতে শ্রমিক ধর্মঘট সফল করতে শ্রমিকদের মিছিলের সামনে দাঁড়িয়ে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। এই মৃত্যু ছিল বীরোচিত।

তাজুলের জন্ম হয়েছিল এক নিতান্ত দরিদ্র পরিবারে। মাতৃহারা সন্তান তাজুলের কৈশোরের একটা সময় কেটেছিল গৃহশিক্ষকের কাজ করে এবং আইসক্রিম বিক্রি করে। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহের কারণে, জীবিকার জন্য সংগ্রাম করার পাশাপাশি, তাজুল সাফল্যের সঙ্গে অতিক্রম করেছিলেন শিক্ষাজীবনের বিভিন্ন পর্ব। তিনি ছিলেন ছাত্র হিসেবে মেধাবী। কলেজের পাঠ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে (যে বিভাগে সবচেয়ে ভালো ছাত্ররাই কেবল ভর্তি হওয়ার সুযোগ পান) অধ্যয়ন শেষে তিনি অর্জন করেছিলেন সর্বোচ্চ ডিগ্রি।

পড়াশোনার পাশাপাশি তাজুল ছাত্র আন্দোলনে রেখেছিলেন অসামান্য ভূমিকা। স্কুলজীবনেই ছাত্র ইউনিয়ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পর তিনি হয়ে উঠেছিলেন এই প্রগতিশীল সংগঠনের একজন অগ্রণী সংগঠক। তা ছাড়া, অল্প দিনের মধ্যেই সেখানে গোপন কমিউনিস্ট পার্টির একটি গ্রুপে তিনি অন্তর্ভুক্ত হয়েছিলেন। একাত্তরের পর ১৯৭৩ সালে পার্টির পূর্ণ সদস্যপদও তিনি পেয়েছিলেন। আইয়ুববিরোধী আন্দোলন ও ‘৬৯-এর গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে তিনি দ্বিধাহীন চিত্তে ঝাঁপিয়ে পড়েছিলেন’ ৭১-এর মহান মুক্তিযুদ্ধে। ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর অধীনে সীমান্তের ওপারে আগরতলার ‘বরদোয়ালি ক্যাম্পে’ তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকসহ ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেন। ১৯৭৫-এর পরে, ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করার শেষ দিকে, ছাত্র থাকা অবস্থাতেই তিনি আদমজীতে শ্রমিক আন্দোলন সংগঠিত করার কাজে নিজেকে যুক্ত করেন। উচ্চশিক্ষিত মধ্যবিত্ত তরুণ হিসেবে এ ছিল এক কঠিন চ্যালেঞ্জ। আদমজীর শ্রমিকদের মাঝে পড়ে থেকে সেখানে ট্রেড ইউনিয়ন ও পার্টির কাজ শুরু করে দেন। যে ছোট পার্টি টিম পাকিস্তান আমল থেকে আদমজীতে সক্রিয় ছিল, কমরেড তাজুল তাদের সঙ্গে যুক্ত হয়ে কঠোর একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে থাকেন।

শ্রমিকদের সঙ্গে একাত্ম হওয়ার প্রয়োজনে এবং দৈনন্দিন কাজগুলো দক্ষভাবে পরিচালনার জন্য তাজুল তাঁর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কথা গোপন রেখে সাধারণ ‘বদলি শ্রমিকের’ কাজ নিয়েছিলেন। বসবাস করতে শুরু করেছিলেন আদমজীর শ্রমিক কলোনিতে। কিছুদিন পর তাঁর স্ত্রী-সন্তানদেরও নিয়ে এসেছিলেন তাঁর সেই ‘ঢাকা বাজু’র বস্তিঘরে।

আদমজীনগর হয়ে উঠেছিল তাজুলের আসল ঠিকানা। সেখানে বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন গড়ে তোলার কাজ জোরদার হয়ে উঠেছিল তাজুলের দক্ষ পরিচালনায়। নানামুখী তত্পরতার মধ্য দিয়ে কমরেড তাজুল অল্প দিনের মধ্যেই হয়ে উঠেছিলেন সাধারণ শ্রমিকদেরও প্রিয় নেতা। মানবমুক্তির মহান আদর্শ, সমাজতন্ত্র-সাম্যবাদের লক্ষ্যে শ্রমিকশ্রেণিকে জাগিয়ে তুলতে এবং তাঁদের সংগঠিত করতে তিনি নিরলস দায়িত্ব পালন করেছেন। অর্থকষ্ট, অক্লান্ত পরিশ্রম, পারিবারিক সংকট-কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। প্রচলিত সমাজে আত্মপ্রতিষ্ঠার সব রকম সুযোগ ছিল কমরেড তাজুলের। কিন্তু সেই পথে তিনি পা বাড়াননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সর্বোচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি বেছে নিয়েছিলেন যথার্থ আত্মত্যাগী বিপ্লবীর জীবন। আয়েশি মধ্যবিত্ত জীবনের প্রলোভন, আত্মপ্রতিষ্ঠার হাতছানি, পারিবারিক পিছুটান-কোনো কিছুই কমরেড তাজুলকে তাঁর আদর্শ-লক্ষ্য ও বিপ্লবী জীবন থেকে বিচ্যুত করতে পারেনি।

জীবন-মৃত্যুর লড়াইয়ে পরাজিত হননি কমরেড তাজুল। তাঁর জীবনপ্রদীপ নিভে গেছে। কিন্তু মহৎ আদর্শ ও মহৎ জীবনের কোনো মৃত্যু নেই।

মুজাহিদুল ইসলাম সেলিম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি
[email protected]