মা ও মেয়ে এবং তিন রকমের ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটা অন্য রকম সুন্দর হতে পারত। মা-মেয়ে নদীতে বেড়িয়ে সন্ধ্যায় আনন্দচিত্তে বাড়ি ফিরে শান্তিতে ঘুমাতে যেতে পারতেন। কিন্তু তাঁদের একসঙ্গে ধর্ষণের শিকার হয়ে যেতে হলো হাসপাতালে। খবরটা এ রকম: পটুয়াখালীর বাউফল উপজেলার এক মা (৩৫) ও তাঁর মেয়েকে (১৭) গত শনিবার রাতে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। দুজনকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে যুবলীগের কর্মী নূর আলম মল্লিককে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। (প্রথম আলো, ২ জুন)। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিনজনসহ ছয় যুবক তাঁদের দল বেঁধে নির্যাতন করেন। নূর আলম ধর্ষণের কথা স্বীকার করেছেন। কিন্তু পরে দলীয় শক্তিতে বলীয়ান হয়ে, আরও অনেক পুরুষের সমর্থন পেয়ে এই ছয় নেতা সবকিছু অস্বীকার করতে পারেন। পারেন এমনকি খালাস পেতেও।

ইতালীয় চলচ্চিত্র পরিচালক ভিক্তরিও ডি সিকা তাঁর দেশের লাঞ্ছনার প্রতীক করেছিলেন আশ্রয়ের সন্ধানে পলায়নরত মা ও মেয়ের ধর্ষণ ও তার পরের পরিস্থিতিকে। সেই বিখ্যাত ছবিটির নাম ‘টু উইমেন’। আমাদের দেশের কোনো অন্তর্দর্শী চলচ্চিত্রকার কি এই সময়ের অসহায়ত্বের প্রতীক হিসেবে বাউফলের এই মা ও মেয়ের ঘটনাটি বেছে নেবেন?

দুই.
বাউফলের মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণে জড়িত মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দলের ছয় স্থানীয় নেতা-কর্মী। এ প্রশ্ন তো জাগে, একাত্তরে লাখ লাখ বাঙালি নারীর ধর্ষিত হওয়ার ঘটনার পর, লাখো নারীর ভয়ানক যন্ত্রণা ও প্রাণদানের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ থাকার কথা ছিল। স্বাধীনতার চেতনার জরুরি অংশ হওয়ার কথা ছিল ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে চেতনা। যা হওয়া উচিত, তা হয় না। তাই বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ নিত্যদিনকার ঘটনা। মাথাটাকে তাই বালু থেকে তুলে ভাবতে হবে, গলদটা কোথায়?
ধর্ষণ বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সম্প্রতি তনু ধর্ষণ ও হত্যার তদন্তের দিকে তাকিয়ে বলা যায়, ধর্ষণের উপযুক্ত বিচার হওয়াটাই এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা। মার্কিন বিশেষজ্ঞ সুসান গ্রিফিন লিখেছেন: ‘আমি কখনোই ধর্ষণের ভয় থেকে মুক্ত ছিলাম না।’ এ কথার প্রতিধ্বনি বেশির ভাগ নারীর হৃদয়ে বাজবে। নারীরা তাঁদের জীবন কাটান ধর্ষণ সময়সূচির মধ্যে। অন্ধকার রাস্তায়, যেকোনো নির্জন স্থান, ভিড়ের মধ্যে, একা বাসায়, যেকোনো পরিস্থিতিতে নারীর উদ্বেগের মধ্যে ঢুকে থাকে এক ভয়।
ধর্ষণ বিচ্ছিন্ন ঘটনা না। আমাদের চারপাশে মিহি পর্দার মতো পেতে রাখা হয়েছে ধর্ষণের সংস্কৃতির উপাদান। পুরুষের বাসনার প্রতি ইচ্ছুক নারীর ছবি ও ভাবমূর্তি ঝুলিয়ে রাখা হয় বিলবোর্ডে। দেখানো হয় বলিউড, ঢালিউড ও হলিউডের অধিকাংশ সিনেমা এবং বিনোদনমাধ্যমে। বিনোদনে নারীর প্রধান আকর্ষণ যৌনতা। রিয়েলিটি শোয়ের নামে বালিকা-কিশোরীদেরও অবলোকনকামের সামগ্রী বানানো হয় নাচে, গানে, পোশাকে। এভাবে পুরুষালি দৃশ্যমাধ্যমে ইচ্ছুক নারীর ছবি তুলে ধরে বাস্তবের তটস্থ নারীর ভাবমূর্তিকে ঢেকে ফেলা হয়। আত্মমর্যাদাবান স্বাধীন নারীর বদলে পুরুষের প্রতি ইচ্ছুক নারীর এই ভাবমূর্তি দেখে অনেক পুরুষই প্রেম ও যৌনতার বেলায় নারীর নিজস্ব ইচ্ছাকে পাত্তা না দেওয়ার লাই পান। এ এমন এক যৌনসর্বস্বতাবাদী ইচ্ছা, নারীরা যার শিকার।
ধর্ষণের বিচার না হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয়। অধিকাংশ অভিযোগই থানা পর্যন্ত যেতে পারে না। গরিব হলে উপেক্ষিত হয়, কিংবা নগদ অর্থ দিয়ে সালিসে নারীর বিরুদ্ধে ‘মীমাংসা’ হয়। ধর্ষণ একধরনের শারীরিক সন্ত্রাস। কিন্তু এর যে মানসিক ধাক্কা, তা একা ধর্ষক করে না। ধর্ষণের পরে সমাজের অনেকেই ধর্ষকের অসম্পূর্ণ নির্যাতনটা সম্পন্ন করে। নির্যাতিতকেই দায়ী করে, হেয় করে, ‘কলঙ্কিত’ করে, তার মর্যাদা কেড়ে নিয়ে সমাজ আসলে ধর্ষকের যৌনঘৃণারই বাস্তবায়ন ঘটায়।
অন্য সব অপরাধে অপরাধী কে—এ প্রশ্নই আগে আসে। ছিনতাই হলেও সহানুভূতি পায় আক্রান্ত ব্যক্তি। কিন্তু ধর্ষণে লোকে খুঁজতে থাকে মেয়েটিকেই, যার দিকে তাকানো হয় বাঁকা চোখে। কেটে যাওয়ার থেকে কাটা ঘায়ে লবণের জ্বালা বেশি কষ্টকর। তাকে তারা প্রশ্ন করবে, তুমি কেন একা বাইরে গিয়েছিলে? তোমার পোশাক, চালচলন ঠিক ছিল তো? এক হাতে কি আর তালি বাজে? আত্মীয়-প্রতিবেশীরা ভাববে, মেয়েটা নষ্ট হয়ে গেল, ওর এখন কী হবে? যতবার এসব প্রশ্ন ওঠানো হবে, ততবার ধর্ষণের পরবর্তী ধর্ষণ বাস্তবায়িত হবে। মূল যৌন-সন্ত্রাসটা ধর্ষক করলেও তার ভয়াবহতাকে পূর্ণ করে তোলে এসব মানসিক অত্যাচার।
আইন বলবে, আপনি প্রমাণ করুন। পুলিশ বলবে, ঘটনাটার বিবরণ দিন। বিচারকের সামনে আসামিপক্ষের উকিল বারবার কীভাবে হলো, কেমন করে হলো, কে তখন কী করেছিল—এ-জাতীয় প্রশ্ন করে মজা পাবেন। সমাজের দরবারে বা আইনের আদালতে নিপীড়িত নারীরা বোধ করেন, তাঁরই বুঝি বিচার হচ্ছে, ধর্ষকের নয়। এ বিষয়ে গবেষণায় দেখা যায়, ধর্ষক শরীরের ওপর আক্রমণ চালালেও ফরিয়াদির সম্মানহানির কাজটা জেরার নামে সমাজই করে থাকে। এমনকি এ ধরনের জেরার মুখে ভেঙে পড়া, ঠিকমতো উত্তর দিতে না পারা মেয়েদের দেখে কারও কারও মনে হয়, সমস্যা বোধ হয় মেয়েটিরই। এভাবে মেয়েটির মর্যাদা যত কমে, ততই ধর্ষণ ঘটার জন্য তাঁকেই দায়ী করার প্রবণতা বাড়ে। দিল্লির মেয়ে দামিনীকে অন্তত ১০ বার পুলিশের কাছে ধর্ষণের বিবরণ দিতে গিয়ে আরও চাপ সহ্য করতে হয়েছিল।
অতএব, পাঠক, ধর্ষণ কেবল ধর্ষক একা করে না, সমাজ-রাষ্ট্রের অনেক কিছুকেই সে তার পক্ষে পায়। ধর্ষণের শিকার হয়ে নারীর আত্মহত্যায় এই সত্য প্রমাণিত হয়। সবাই মিলে আক্রান্তকে অসহায় ও অক্ষম করে তুলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এভাবে ঘটনার অনেক পরে পর্যন্ত, এমনকি সারা জীবন ধরে ধর্ষণের আফটার ইফেক্ট চলতে থাকে। এটাই হলো দ্বিতীয় ধর্ষণ, যা করা হয় মানসিকভাবে। আর এ ব্যাপারে মুখ বুজে থাকা হলো তৃতীয় ধর্ষণ।