মা শিশু মিডওয়াইফ কানেকশন কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ শিশু প্রসবের জন্য একজন মিডওয়াইফের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কারণ, তিনিই জানেন কখন কী করতে হবে। এখানেই হলো মা, শিশু ও মিডওয়াইফের মধ্যে ‘কানেকশন’। যদি শিশু জন্মের সময় কোনো জটিলতা সৃষ্টি হয়, তাহলে তিনি ঠিক সময়ে রেফার করবেন বড় হাসপাতালে। তিনি বুঝবেন শিশু জন্মদানের সময় কতটা রক্তক্ষরণ স্বাভাবিক, আর কতটা বেশি রক্তক্ষরণ হলে প্রসূতি মা ও শিশুর জীবন রক্ষার জন্য দ্রুত অপারেশন থিয়েটারে নিতে হবে।

তার মানে এই নয়, নার্সদের ভূমিকা কম বা বিশেষজ্ঞ ডাক্তারদের তেমন দরকার নেই। তাঁদের তো প্রয়োজন আছেই। বরং বেশিই আছে। কিন্তু এখানে আমরা বলছি সন্তান প্রসবের সময় মিডওয়াইফদের ভূমিকা নিয়ে।

আমরা যদি প্রসূতি মায়ের সন্তান প্রসবের সময় মিডওয়াইফের সেবাযত্ন নিশ্চিত করতে পারি, তাহলে মাতৃমৃত্যুর হার দ্রুত কমিয়ে আনা সম্ভব।

বিজ্ঞানীরা অনেক গবেষণা করে নতুন নতুন উপায় বের করছেন। কীভাবে মাতৃমৃত্যুর হার কমানো যায়, এ নিয়ে অনেক চিন্তাভাবনা, আবিষ্কৃত হচ্ছে। বিশেষ করে, গরিব প্রসূতি মায়েরা যে বেশি ঝুঁকিতে আছেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই বেশির ভাগ নতুন ওষুধ ও পদ্ধতি আবিষ্কার যেন গরিবদের জন্য বেশি উপকারে আসে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হয়।

তবে আবারও বলব, আসল ওষুধ মিডওয়াইফ। নতুন ওষুধ, ব্যবস্থা ইত্যাদির দরকার তো আছেই। কিন্তু সেগুলো কখন প্রসূতিকে দিতে হবে, সেটা সবচেয়ে ভালো জানেন মিডওয়াইফ। কারণ, তিনিই সুস্থ সন্তান প্রসবের সব কলাকৌশল জানেন। আধুনিক ওষুধপথ্য সব থাকার পরও যদি কাছে একজন মিডওয়াইফ না থাকেন, তাহলে হয়তো সব ব্যর্থ হয়ে যেতে পারে। মা ও শিশুর মৃত্যু ঠেকানো কঠিন হয়ে উঠতে পারে।

যেমন, সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রসবের তিন ঘণ্টার মধ্যে প্রসূতিকে ট্রানেক্সামিক অ্যাসিড-এর ইনজেকশন দিতে পারলে মাতৃমৃত্যুর হার প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব। যুক্তরাজ্যের চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণা এখনো চলছে। প্রাথমিক সাফল্য পাওয়া গেছে। বেশির ভাগ প্রসূতি মারা যান অতিরিক্ত রক্তক্ষরণে, আর এই ইনজেকশন রক্তক্ষরণ কমায়। তাই এই ওষুধ এক বড় আবিষ্কার। অনেক মায়ের জীবন বাঁচানো
সম্ভব হবে।

তবে প্রসবের সময় কতটুকু রক্তক্ষরণ স্বাভাবিক আর কতটা রক্তক্ষরণ হলে মৃত্যুর আশঙ্কা থাকে, এবং কখন সেই ইনজেকশন দিতে হবে, সেটা বুঝতে পারাই আসল ব্যাপার। এটা বাঁচা-মরার সন্ধিক্ষণ। এখানে মিডওয়াইফের বড় ভূমিকা রয়েছে।

হাসপাতালে থাকলে নিশ্চয়ই সেখানে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের তত্ত্বাবধানে তিনি থাকবেন। প্রয়োজনে ইনজেকশন দিয়ে মা ও শিশুকে বাঁচানো সম্ভব হবে। কিন্তু যদি তিনি হাসপাতালে না থাকেন; যদি বাসায় প্রসব হয়? আর সেখানে যদি কোনো মিডওয়াইফ না থাকেন? তাহলে বিপদের আশঙ্কা থাকে। সবার স্বাস্থ্যকেন্দ্রে যাওয়াই উচিত। কিন্তু এখনো অর্ধেকের বেশি মায়ের বাসায় প্রসব হয়। অনেক ঝুঁকির মধ্যে তাঁদের থাকতে হয়।

কয়েক বছর আগে বাংলাদেশের আইসিডিডিআরবির বিজ্ঞানী কাইয়ুম খুব সহজ একটা উপায় বের করেছেন, তার নাম দেওয়া হয়েছে কাইয়ুমস ম্যাট। কিছু না। একটি দেড় ফুট বাই দেড় ফুট কাঁথার মতো জিনিস। পার্থক্য হলো কাঁথাটি বেশ কয়েক পরত তুলা, কাপড় দিয়ে তৈরি। সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে যদি কাঁথাটি ভিজে চুবচুবা হয়ে যায়, তাহলে বুঝতে হবে, মহাবিপদ, হাসপাতালে নিতে হবে। তখন প্রসূতিকে কাছের হাসপাতালে নেওয়া সম্ভব। তাঁদের জীবন বাঁচানো সম্ভব।

এখন কে বলবেন বা বুঝবেন প্রসূতি মা কতটা ঝুঁকির মধ্যে আছেন? সেই কিউ-ম্যাট ভিজে চুবচুবা হয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্তটি সবচেয়ে ভালোভাবে নিতে পারেন একজন মিডওয়াইফ। তিনি প্রসব সমস্যার বিষয়ে খুব ভালো প্রশিক্ষণ নিয়ে একেবারে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রে বা কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে কাজ করেন। প্রয়োজনে সেখানে প্রসূতিকে নিয়ে যাওয়া যায়, অথবা বিশেষ ব্যবস্থায় একজন মিডওয়াইফকে বাসায় জরুরি ভিত্তিতে নিয়ে আসা যায়।

আমরা মিডওয়াইফের এই বিশেষ ভূমিকার কথা খুব বেশি জানি না। সম্প্রতি সামনে আনা হয়েছে। আমরা অনেকে ভাবি, মাতৃমৃত্যু ঠেকাতে দরকার বিশেষজ্ঞ গাইনি ডাক্তার, ভালো নার্স ইত্যাদি। তাঁদের তো অবশ্যই দরকার আছে। কিন্তু সন্তান প্রসবের সময় সবচেয়ে ভালো ভূমিকা রাখেন মিডওয়াইফ।

আবার অন্যদিকে এখনো গ্রামে গ্রামে সবাই মনে করেন, সন্তান প্রসব এমন কী সমস্যা, বাপ-দাদার আমল থেকে বাসায়ই সন্তান প্রসবের ব্যবস্থা যখন হয়েছে, এখনো হবে। তাই কাছে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও অনেকে বাসায়ই সন্তান প্রসবের ব্যবস্থা করেন। অনেকে মনে করেন, অভিজ্ঞ ধাই-ই যথেষ্ট।

ধাই বা ধাত্রীদের অভিজ্ঞতা অনেক। তাঁদের হাতে অনেক সুস্থ শিশু জন্ম নেয়। আবার জটিলতা দেখা দিলে বিপদেও পড়তে হয়। এখানেই মিডওয়াইফের প্রয়োজন।

সেদিন ইউএনএফপিএ ও প্রথম আলোর উদ্যোগে গোলটেবিল বৈঠকে এসব বিষয়ে আলোচনা হচ্ছিল। কয়েক বছর ধরে ইউএনএফপিএ মিডওয়াইফদের ভূমিকা সম্পর্কে সবাইকে সচেতন করার কাজ করছে। তাদের বেশ কিছু প্রকল্প রয়েছে। মিডওয়াইফদের জন্য তাদের বড় প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে।

শুধু মিডওয়াইফ যথেষ্ট নয়। ধরা যাক, মিডওয়াইফ বুঝলেন, একজন প্রসূতি মাকে এখনই হাসপাতালে নিতে হবে। কিন্তু বাসা থেকে বা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে উপজেলা বা জেলা হাসপাতালে দ্রুত নেওয়ার অ্যাম্বুলেন্স নেই। তাহলে তো কাজ হলো না। সব সময় ইউনিয়ন পর্যায়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকা দরকার।

আরেকটি সমস্যা হলো, জরুরি ক্ষেত্রে সিজারিয়ান করতে হলে অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) দরকার। না হলে সব অচল। মিডওয়াইফ তাঁর ভূমিকা সুষ্ঠুভাবে পালন করার পরও জরুরি অপারেশনের ব্যবস্থার অভাবে অনেক মায়ের জীবন বিপন্ন হয়।

এখন সমস্যা হলো, আমাদের দেশে ডাক্তাররা অবেদনবিদ হতে খুব উৎসাহী হন না। কারণ, তাঁদের প্রাতিষ্ঠানিক মর্যাদা এখনো তেমন না বলে তাঁরা মনে করেন। বেতনও বাড়তি কিছু নয়। অবেদনবিদ ছাড়া অপারেশন চলে না। তাই এদিকে নজর দিতে হবে।

দেশে মিডওয়াইফের সংখ্যা কম। সরকারের উদ্যোগে বর্তমানে মিডওয়াইফের জন্য বিশেষ কোর্স চালু হয়েছে। কিন্তু প্রয়োজন অনেক বেশি। তাই শুধু সরকার নয়, এখানে বেসরকারি উদ্যোগ বড় ভূমিকা রাখতে পারে। মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা থাকলে প্রয়োজনীয় সংখ্যক মিডওয়াইফ আমরা পাব।

আবার অন্য রকম সমস্যাও আছে। মিডওয়াইফারি প্রশিক্ষণ নিয়ে পাস করার পরও অনেকে চাকরি পাচ্ছেন না—এমন অভিযোগও আছে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে, দুর্যোগপূর্ণ প্রত্যন্ত অঞ্চলে মিডওয়াইফরা কাজ করতে রাজি, কিন্তু সেখানে তাঁদের থাকার ভালো ব্যবস্থা দরকার। স্থানীয়ভাবে কমিউনিটি লেভেলে জনসাধারণের সহযোগিতা দরকার। তাহলেই মিডওয়াইফরা সব জায়গায় কাজ করতে পারবেন।

মা, শিশু ও মিডওয়াইফের মধ্যে সংযোগসূত্রটি শক্তভাবে গাঁথার দায়িত্ব আমাদের সবার নিতে হবে।

আব্দুল কাইয়ুম: সাংবাদিক।