মা, সুন্দরবন ও আত্মঘাতী বাঙালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে সুন্দরবন নামের এই পদ্যটি পড়ে নিতে অনুরোধ জানাই:
সন্তান: সমুদ্রজল নোনা কিন্তু চোখের মতো শান্ত কেন নয়?
মা: বাছা, তোরা জানতি যদি আমার বুকেও সমুদ্রঝড় বয়!
সন্তান: তুফান যখন আসে তখন সমুদ্র কি দৈত্য হয় গো মা?
ঝরাপাতার মতন ওড়ায় ঘরদোর আর ডোবায় যখন গাঁ!
ভাইয়া যখন ভেসে গেল ভেসে গেল যার যা কিছু ছিল,
আমি তোমায় ধরে ছিলাম, ভাইয়া কখন আঙুল ছেড়ে দিল!
মা: এক হাতে ঠিক ধরে ছিলাম পুরোনো গাছ ভিটের পূর্বপারে,
গাছটা তখন ঠাঁই দিয়েছে, গাছটা কত সইতে দেখো পারে!
সন্তান: আমরা তোমায় ধরে ছিলাম, তুমি ছিলে গাছের কাণ্ড ধরে,
এইভাবে আর যায় কি বাঁচা, সমুদ্রজল ফুঁসছে যখন জোরে!
ভাইয়া ঠিকই পড়ল ঝরে!
মা গো আমার মা!
এ গাঁও ছেড়ে চল চলে যাই, এইখানে বল থাকবি কেমন করে!
কিন্তু গাছটা সঙ্গে নেব, ভাইয়ার বই, পুতুল গেছে ভেসে,
গাছটা তো ঠিক মায়ের মতো, ঠাঁই দিয়েছে, ওটাই নেব শেষে।
মা: কী যে বলিস বাছা,
শিকড় উপড়ে ফেলা হলে গাছের পক্ষে সম্ভব কি বাঁচা?
গাছটা থাকুক গাছটা বাঁচুক বাঁচাক আমার গাঁ
সন্তান: মা গো আমার মা!
চল চলে যাই দূরের দেশে, গাছটাকে কি সঙ্গে নেব না!
অশ্রু ঝরে অশ্রু ঝরে অশ্রু কেবল ঝরে মায়ের চোখে
সমুদ্রজল বাড়ছে তাই তো, অশ্রুজলকে সাগর বলে লোকে!
এই পদ্যটি প্রথম আলোয় প্রকাশিত হলে একটা বার্তা পাই। বার্তাটির প্রেরক জিয়া জিয়াবুল করিম। তিনি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র।
জিয়া লিখেছেন, এই কবিতাটির ঘটনা আর তাঁর জীবনের কাহিনি হুবহু একই রকম।
১৯৯১ সালের ২৯ এপ্রিল দিন। এক দিন আগেও জিয়ারা ছিলেন বাঁশখালীতে, তাঁর নানাবাড়িতে। মৃত্যু যেন তাঁদের টেনে আনল নিজেদের বাড়িতে, কুতুবদিয়ায়।
সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, আবহাওয়া ছিল গুমোট আর বৃষ্টি হচ্ছিল গুঁড়ি গুঁড়ি। সন্ধ্যার পর বাতাসের বেগ গেল বেড়ে। ভয়ংকর হয়ে উঠল প্রকৃতি। যেন ইসরাফিলের শিঙা বাজছে। ভয়ে জড়সড় সাড়ে চার বছরের জিয়া আর তাঁর আরও দুই ভাই দুই বোন আশ্রয় নেয় মায়ের আঁচলের তলায়। হঠাৎ বক্ষবিদারী আওয়াজ, পানি আসছে, পানি। বাবা তাঁদের সবাইকে ঘরের চালের ওপরে তুলে দেন। নিজেও আশ্রয় নেন অ্যাসবেস্টসের চালে। জিয়া আমাকে ই-মেইলে লিখেছিলেন, ‘মায়ের কোলে তখন আমি আর আমার দেড় বছরের ভাই রবিউল আর তিন বছরের বোন রহিমা। আমার আর দুই ভাই বাবার সঙ্গে আমাদের পাশে।’ ভীষণ বৃষ্টি হচ্ছে, সুচের মতো বৃষ্টি এসে লাগছে গায়ে, পানি ধেয়ে আসছে, বাঁকা জল, ক্রূর জল। ভয়ানক আওয়াজ হচ্ছে। বজ্রবৃষ্টি হচ্ছে ভীষণ! সাগর থেকে ধেয়ে আসছে পাহাড়ের সমান ঢেউ। পানি বাড়ছে। চালে-জলে একাকার। অনেকেই চালের পাশের গাছে উঠে যেতে সক্ষম হলো। জিয়া লিখেছেন, ‘আমরা গাছে উঠতে পারিনি। আমাদের অ্যাসবেস্টসের চাল ভেঙে যায় সহজেই। কিন্তু কাঠের তৈরি খিলানি ধরে আমরা টিকে থাকার চেষ্টা করছি। জলে ডুবছি আর ভাসছি। একটা ভাসমান ট্রাংকের মধ্যে বাবা আমার ছোট ভাইবোন দুটোকে রেখে সেটা আঁকড়ে ধরে আছেন। আমি চালের খিলানি ধরে আছি ভেসে। আমার একটা জ্যাঠাতো বোন মাকে ধরে আছে বাঁচার শেষ চেষ্টায়। একটা প্রচণ্ড ঢেউ এল। আমার বড় ভাই দুটোকে ভাসিয়ে নিয়ে চলে গেল। দূরে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। ভাবছি সেটায় উঠে পড়া যায় কি না। কিন্তু কোত্থেকে একটা বাঁশের বেড়া এসে পড়ল আমাদের ওপর। সবকিছু ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। মনে হলো, সব শেষ। মিনিট কুড়ি পরে বাবা আবিষ্কার করলেন, আমি তাঁর গলা ধরে আছি। তিনি তখন একটা গাছে উঠে পড়লেন আমাকে নিয়ে। ভীষণ শীতে আমার সমস্ত শরীর অবশ। বাবার পরনে ছিল একটা সোয়েটার। বাবা সেই সোয়েটারের ভেতরে আমাকে ঢুকিয়ে দিলেন। তিনি গাছ ধরে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করছেন। আর আমি তাঁর পেটের সঙ্গে সোয়েটারঘেরা হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল।
‘পরে আমার বড় দুই ভাইকে খুঁজে পাওয়া যায়। কিন্তু ছোট ভাই, বোন আর মাকে আর কোনো দিনও খুঁজে পাওয়া গেল না। বড় হয়ে শুনেছি, তিনি প্রেগন্যান্ট ছিলেন তখন। মাকে আমার মনে পড়ে, আবার মনে পড়েও না। মনে না পড়ার সুবিধা হলো, আমার মনে হয়, আমার মা ছিলেন পৃথিবীর সবচেয়ে মমতাময়ী মুখের অধিকারিণী।
‘আপনার লেখা এই লাইনগুলো তো আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা।
‘মায়ের কোনো ছবি নেই আমার, মায়ের কোনো উল্লেখযোগ্য স্মৃতি নেই। আমি জানি না, মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে কেমন লাগে, কেমন লাগে মা মা বলে ডেকে তাঁর পাশে গিয়ে দাঁড়াতে। ২৯ এপ্রিল এলেই এই সব কথা বড় বেশি মনে বাজে, আর সারাটিক্ষণই যে মায়ের মুখ আমি মনেও করতে পারি না, তাঁকে খুব মনে পড়ে।’

২
জিয়ার জীবনে একটা গাছের যে ভূমিকা, আমাদের প্রত্যেকের জীবনে মায়ের যে অবদান, বাংলাদেশের জন্য সুন্দরবন তো তা-ই। জিয়ার বাবা যেমন গাছের সঙ্গে নিজেকে বেঁধে রেখে জীবন বাঁচিয়েছিলেন, সুন্দরবনের সঙ্গে বাংলাদেশের ভাগ্য এভাবেই জড়িয়ে আছে। আইলা আসে, সিডর আসে, সমুদ্রের রোষ আর বাতাসের প্রবল কোপের আঘাত সুন্দরবন নিজের বুকে নেয়। নিজে ধ্বস্ত হয়, কিন্তু রক্ষা করে আমাদের উপকূলকে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সারা পৃথিবীর ঐতিহ্যবাহী সম্পদ।
ড. মুহম্মদ জাফর ইকবাল একবার প্রথম আলোয় একটা কলাম লিখেছিলেন। টাকার প্রয়োজনে একজন তার মায়ের শরীর কেটে-ছিঁড়ে একটা অর্গান বের করে নিচ্ছে। বেচে দিচ্ছে। তাঁর লেখার মধ্য দিয়ে এই প্রশ্ন আপনাআপনিই জ্বলন্ত হয়ে উঠেছিল, টাকার প্রয়োজনে আমরা আমাদের দেশকে ধ্বংস করতে দেব কি না। টাকার প্রয়োজনে কিংবা দুর্নীতির কারণে দেশের তেল-গ্যাস সম্পদ বিদেশিদের হাতে তুলে দেব কি না।
সুন্দরবনের ভেতর দিয়ে নৌ–রুট করবেন না—এ কথা পরিবেশবাদীরা অনেক আগে থেকেই বলে আসছেন। ভারত তাদের সুন্দরবন অংশের ভেতর দিয়ে নৌপথ বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ দেয়নি। শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডুবে গেছে। লাখÿ লাখ লিটার তেল ছড়িয়ে পড়েছে সুন্দরবনে। সুন্দরবনের গাছগাছালি, পাখি, মাছ, শুশুক বিপন্ন।
এই দেশে কেন আমরা নিয়মকানুন মানি না? কেন আমরা সব সময় চাপের কাছে নতিস্বীকার করি? কেন আমরা মায়ের শরীর কেটে তাঁর কিডনি বিক্রি করে দিই? কেনই বা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে, লোভে, দলীয় স্বার্থে, কোটারি স্বার্থে দেশের ক্ষতি করতে দ্বিধা করি না?
আর এত বড় একটা বিপদের মুখে পড়ল সুন্দরবন, জাতীয় পর্যায়ে সেই দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের কোনো চিহ্ন কি দেখা যাচ্ছে? পত্রিকায় খবর পড়ছি, স্থানীয় মানুষেরা তেল উদ্ধার করছেন, তাঁদের জন্যও কোনো তহবিল বরাদ্দ হয়নি...
ডেইলি স্টার–এ ইনাম আহমদ লিখেছেন: ‘সরকার এর চেয়ে অবহেলা আর করতে পারত না! গভর্নমেন্ট কুড নট কেয়ার লেস।
‘সংখ্যাই গল্পটা ভালোভাবে বলে দেবে।
সুন্দরবনে তেল ছড়িয়ে পড়েছে ৭০ কিলোমিটার পর্যন্ত। যে স্থানীয় মানুষের সেই তেল উদ্ধার করতে দেওয়া হয়েছে, তার সংখ্যা হলো ২০০। গাছগাছালি থেকে তেল অপসারণের জন্য ট্রলার দেওয়া হয়েছে দুটো। এই শোধন অভিযানে মোট বরাদ্দ হয়েছে দুই লাখ টাকা। এই তহবিলের এক টাকাও কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি।’ (ইংরেজি থেকে অনূদিত)
এসব পড়লে জিদ হয়, অসহায় লাগে, কান্না আসে। মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে। নীরদ চন্দ্র চৌধুরীর কথাই ঠিক: আত্মঘাতী বাঙালি। আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করব। আমরাই আমাদের প্রধান শত্রু।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।