
ঢাকায় থাকি। চিরকাল সকালে বাজার থেকে ইলিশ কিনে এনে ফ্রিজে রাখি। ভাগ্য সুপ্রসন্ন হলে সেই বেলায়ই হয়তো রেঁধে খাওয়ার সৌভাগ্য হয়। না হলে দু-চার দিন পর। একে তো বাজারের বরফ দেওয়া ইলিশ, তার ওপর ফ্রিজের বাসি। স্বাদ বলতে আর কীই-বা থাকে।
কিন্তু যদি পদ্মা নদী থেকে সদ্য ধরে আনা টাটকা ইলিশ চোখের সামনে কেটেকুটে তখনই চুলায় উঠিয়ে রান্না করে খেতে চান, তো চলে যান মাওয়া ঘাটে।
সাতসকালে যেতে হবে কিন্তু। না হলে বুঝবেন না ইলিশ কাহাকে বলে।
এখানেই আমাদের একটু ভুল হয়ে গেল। মাওয়ায় পৌঁছাতেই হয়ে গেল বেলা প্রায় ১১টা। আমরা অবশ্য কয়েকজন সাংবাদিক সেখানে গেছি পদ্মা সেতুর কাজের অগ্রগতি স্বচক্ষে দেখার জন্য। ভেবেছিলাম রথ দেখা, কলা বেচা দুই-ই হবে। টাটকা ইলিশ খেয়ে আসব।
স্পিডবোটের জন্য যাচ্ছি ঘাটে। পথে সারি সারি হোটেল। তাদের লোকজন তো পারলে আমাদের টেনে তখনই হোটেলে বসিয়ে দেয় ইলিশ খাওয়ার জন্য। বলছে, এমন ইলিশ আর কোথাও পাবেন না। আমরা তাদের আশ্বস্ত করলাম। বললাম, পদ্মা সেতুর কাজটা একটু দেখে আসি, তারপর মজা করে খাব।
নদীর বুকে ঢেউ তুলে আমাদের স্পিডবোট ছুটে চলেছে। দেখছি পদ্মার বুকজুড়ে সারি সারি ক্রেন ও পাইলিংয়ের ভারী সরঞ্জাম বসে গেছে। কাজ চলছে পুরোদমে। স্পিডবোটের চালক মোহাম্মদ জাকির হোসেনকে জিজ্ঞেস করলাম, নদীতে কাউকে মাছ ধরতে তো দেখছি না। পদ্মার ইলিশ নাকি এখানে ধরে?
সে বলল, ‘এখানে না, ওই ওখানে।’ সে দূরে এক অনির্দিষ্ট কোণে আঙুল তুলে ইশারা দিল।
ঘাটে ফিরে আসতে বেলা দুইটা। আমরা ইলিশের জন্য কাতর। ঢুকে পড়লাম এক হোটেলে। কর্মী মোশাররফ ডিপ ফ্রিজের ডালা খুলে কয়েকটা ইলিশ বের করে চোখের সামনে ধরল। বলল, ‘দেখেন, একদম টাটকা। আপনাদের সামনেই কেটেকুটে রান্না করে দেব। খাবেন আর বলবেন, মোশাররফ ভাইয়ের হোটেলের ইলিশের তুলনা নেই।’
জিজ্ঞেস করলাম, এটা কি আজ সকালের?
সে বলল, ‘না ভাই, তিন দিন আগের। মিথ্যা বলি না আমি। কিন্তু একদম টাটকা। স্বাদ অবিকল টাটকা মাছের।’
বললাম, কেন, মাওয়া ঘাটে নাকি একেবারে নদী থেকে ধরে আনা মাছ পাওয়া যায়?
সে বলল, ‘সেটা খুব সকালে। আর আসে ওই দূর থেকে।’
মনে পড়ল, টাটকা মাছ নদী থেকে ধরে এনেই যদি ভালো করে বরফে ঢেকে রাখা হয় অথবা ফ্রিজে ঢোকানো হয়, আর কোল্ড চেইনে রাখা হয়, তাহলে মাছের স্বাদ নষ্ট হয় না। আসলে গরমে মাছের প্রোটিনের সেলগুলো ভেঙে যায় বলে ধীরে ধীরে স্বাদ কমে যায়, বেশি দেরি হলে মাছই পচে নষ্ট হয়ে যায়।
তাই ভাবলাম, যাক তিন দিনও যদি ঠিকভাবে ফ্রিজে রাখা হয়ে থাকে, তাহলেও হয়তো চলে।
মোশাররফ ভাইকে জিজ্ঞেস করলাম, পদ্মার মাছ এত স্বাদের কেন?
সে বেশ জোর গলায় বলল, ‘তেল বেশি। নদীর পানিতে লবণ নেই বা থাকলেও কম। আর এখানে তিন-চারটা নদীর মুখ। পদ্মা, মেঘনা, যমুনা। স্যার, আপনি একবার খেয়ে দেখেন, ইনশা আল্লাহ, এমন স্বাদের ইলিশ আর খান নাই!’
তবে তঁার শেষ কথাটাই আমাদের টানল। সে বলল, ‘আরেকটা কথা। আমার এখানে একটা নতুন জিনিস পাবেন। ইলিশের লেজের ভর্তা!’
আমরা অনেক ইলিশ খেয়েছি। কিন্তু লেজের ভর্তা এই প্রথম শুনলাম।
দুইটা ইলিশ বেছে রাঁধতে বললাম। আধা ঘণ্টার মধ্যে টেবিলে এসে গেল। কড়কড়ে ভাজা। পেঁয়াজ, তেল, শুকনা মরিচ দিয়ে রান্না। খাওয়ার আগেই জিবে পানি।
কিন্তু মন পড়ে ছিল লেজের ভর্তার দিকে। এসে গেল। দুই প্লেটে। পেঁয়াজ ও শুকনা মরিচ ডলে বানানো এমন এক উপাদেয় ভর্তা, ভাবতেও পারিনি।
ডাকলাম রাঁধুনিকে। লেজের ভর্তার রেসিপিটা জানার খুব ইচ্ছা ছিল।
সে বলল, ‘স্যার খুব সোজা। প্রথমে লেজের দিকের টুকরাটা ভালো করে ভেজে নিলাম। একেবারে কড়কড়া ভাজা। এরপর একটু মোচড় দিয়ে মাছের টুকরাটা ভাঙলাম।’
‘মানে?’
‘আরে, লেজের কাঁটার শক্ত দাঁড়াটা বের করতে হবে না? একটু মোচড় দিয়ে সেই বড়, শক্ত কাঁটার সারিটা
বের করে আনলাম। তারপর কিছু ছোট কাঁটা বেছে বের করে ফেললাম। মোট লাগল ১০ মিনিট। তারপর তো সোজা। পেঁয়াজ-মরিচ আর সরষের তেল দিয়ে ভালোভাবে ডলে ভর্তা।’
‘স্যার, কেমন লেগেছে? মজা না?’
মাথা নেড়ে বললাম, জীবনে এই প্রথম ইলিশ মাছের লেজের ভর্তা খেলাম। মজা মানে মহা মজা। আপনারা টেস্ট করে দেখতে পারেন।
এখন থেকে আমাদের বাসায় খাবারের আইটেমে নতুন সংযোজন, ইলিশের লেজের ভর্তা!
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।