চণ্ডীদাস আর রজকিনির প্রেম উপাখ্যান হয়তো কমবেশি অনেকের জানা। সেই উপাখ্যানের ভেতর বড়শির একটি স্থান আছে। রজকিনির ধ্যানে চণ্ডীদাস নাকি ১২ বছর বড়শি বেয়েছিলেন। হতে পারে। প্রেমের জগতে এ রকম ঘোর তো থাকতেই পারে। তবে যে যাই বলুক, বড়শির সঙ্গে ধ্যানটা গভীরভাবে জড়িয়ে আছে। জলের মধ্যে পা ডুবিয়ে যেমন কানিবগা একচোখা দৃষ্টি ফেলে থাকে, তেমনি জলেভাসা বড়শির কাঠির দিকে অপলক তাকিয়ে থাকার মধ্যে নির্দোষ নেশার মতোও একটি বিষয় আছে। কখন জলের গভীরে বড়শির টোপ গেলে মাছ (যতই গভীর জলের মাছ হোক!), সেই অপেক্ষা। টোপ গিললেই না কাঠি লাফিয়ে উঠবে। কাঠিটি যখন নিচের দিকে বা পানির ওপর দৌড়াতে শুরু করবে, তখনই বোঝা যায় মাছ টোপ গিলেছে (সে রজকিনিই হোক বা মাছই হোক)। আর তখন ধ্যানি শিকারি বড়শিতে টান দেবেন। বড়শিতে মাছ গেঁথে যখন জলের ওপর ভেসে ওঠে। তখনই উল্লাস, ধ্যানির মন ভালো হয়ে যাওয়া।যাঁরা গ্রামে—বিলবাদাড়ে, খালবিলে, নদীনালায়, পুকুরডোবার আশপাশে বড় হয়েছেন। বড়শি তাঁদের কাছে অচেনা হওয়ার কথা নয়। অন্তত বেশির ভাগেরই বড়শি বাওয়ার যৎসামান্য হলেও অভিজ্ঞতা থাকার কথা। যাঁরা বড়শি বাইতে পারেননি, তাঁরা অন্তত দর্শক হিসেবেও বড়শিতে মাছ ধরা দেখেছেন। তবে এটা বলা যায়, পরিবেশটা এখন আর আগের মতো নেই। বর্তমান প্রজন্মের যাঁরা শহরে মানুষ কিংবা শহরমুখী, তাঁদের অনেকেরই হয়তো বড়শি বাওয়ার অভিজ্ঞতা নেই। সেই সুযোগও নেই। আবার গ্রামে যাঁরা আছেন, তাঁদের সবার পক্ষেও এখন এ অভিজ্ঞতা অর্জন সহজ নয়। এখন আর আগের মতো খালবিল, ডোবানালা নেই। অনেক ছোটখাটো নদীও নেই। মানুষের আগ্রাসী ক্ষুধা জলের আধার বা জল চলাচলের এই পথগুলোকে হয় ভরাট করে ফেলেছে, নয়তো দখল করে খেতের জমি করেছে। ভিটেবাড়ি করেছে। এটা গ্রাম ও শহর সবখানেই সমানতালে চলছে (যদিও এখনো যেসব গ্রাম এলাকায় হাওর-বাঁওড়, কিছু নদীনালা টিকে আছে। সেসব এলাকায় বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্যটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি)।আর এই মাছ ধরার টানটি এখনো নাড়ির সঙ্গে, রক্তের সঙ্গে মিশে আছে বলে যখন মাছ ধরার আয়োজন করা হয়; সেখানে উপচে পড়ে মানুষের ভিড়। এ রকম শৌখিন মৎস্য শিকারিদের একটি মেলা বসেছিল মৌলভীবাজার পৌরসভার পুকুরে। গত মাসের শেষে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা মৎস্য শিকারি ও কৌতূহলী মানুষ সারা দিন ভিড় করে থাকেন পুকুরের চারপাশে। কেউ এসেছিলেন বড়শি দিয়ে মাছ ধরতে, কেউ এসেছিলেন মাছ ধরা দেখতে। আবার অনেকেই ছিলেন আসা-যাওয়ার মধ্যে। কে কত মাছ ধরলেন, কার মাছরাশি (অর্থাৎ যাঁর বড়শির টোপে বেশি মাছ ধরা দেয়)—এসব নিয়ে ছিল মুখরোচক আলাপচারিতা। মৌলভীবাজার শৌখিন মৎস্য শিকারি কমিটি নামে একটি সংগঠন মানুষের মধ্যে বিনোদনের ব্যবস্থা করতে এবং মাদকাসক্ত থেকে নির্মল বিনোদনের দিকে তরুণ সমাজকে আকৃষ্ট করতে বড়শি দিয়ে এই মাছ ধরা উৎসবের আয়োজন করেছিল। এতে সহযোগিতা করে মৌলভীবাজার পৌরসভা।আয়োজক কমিটি জানিয়েছে, তাদের পক্ষ থেকে পুকুরের পাড় ঘেঁষে মাছ শিকারিদের জন্য ২২টি কাঠের মাচা (আসন) তৈরি করে দেওয়া হয়েছিল। এই মাচায় বসেই শিকারিরা বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নেন। শিকারিরা সেই সকালবেলা আসন গেড়েছিলেন, তারপর ধ্যানের পালা। কখন টোকা পড়ে কাঠিতে—এরপর ছিপটান। পানির তলা থেকে ভেসে উঠেছে রুপালি মাছের শরীর। একটি মাছ উঠলেই পাড়ে পাড়ে দর্শকের মধ্যে হইচই। এ অবস্থা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর নাহিদ হোসেন বলেন, ‘বর্তমানে তরুণ সমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। তাদের মাদকাসক্তি থেকে ফেরাতেই এ রকম আয়োজন। যাতে তারা এ রকম উৎসব থেকে নির্মল আনন্দ পেতে পারে এবং মাদকের দিকে আর না ঝোঁকে। ভবিষ্যতে প্রয়োজন মনে করলে পৌরসভার পক্ষ থেকে আরও বড় পরিসরে নিয়মিত মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হবে।’ মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একজন মৌলভীবাজার শহরতলির বর্ষিজুরা এলাকার আবদুল কাদির বলেন, ‘বড়শি দিয়ে মাছ ধরা আমার শখ। সেই শখ থেকেই এখানে বড়শি বাইতে এসেছি।’মাছ ধরা প্রতিযোগিতায় পুরস্কারেরও ব্যবস্থা ছিল। এতে সর্বোচ্চ মাছ ধরার জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার ছিল প্রথম দশ হাজার, দ্বিতীয় ছয় হাজার ও তৃতীয় চার হাজার টাকা।আকমল হোসেন মৌলভীবাজার প্রতিনিধি