মাছের জাত উন্নয়ন ও পুষ্টি নিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আয়োজনে গত ২৭ সেপ্টেম্বর ‘মাছের জাত উন্নয়ন ও পুষ্টি নিশ্চয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএসএআইডির পৃষ্ঠপোষকতায় ওয়ার্ল্ডফিশের অধীনে পরিচালিত ফিড দ্য ফিউচার প্রকল্পের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা প্রদান করে। আলোচকদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনউইলিয়াম জে কলিস, পরিচালক, বাংলাদেশ ও সাউথ এশিয়া, ওয়ার্ল্ডফিশ মনজুরুল করিম, ডেপুটি চিফ অব পার্টি (ডিসিওপি) ফিড দ্য ফিউচার অ্যাকুয়াকালচার প্রজেক্ট, ওয়ার্ল্ডফিশ মো. আবদুল ওহাব, অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরামফ্রান্সিস রাজ, বিশেষজ্ঞ, ফিড দ্য ফিউচার অ্যাকুয়াকালচার, প্রজেক্ট, ওয়ার্ল্ডফিশ মো. গোলজার হোসেন, উপপরিচালক, মৎস্য চাষ, মৎস্য অধিদপ্তর, ঢাকামো. সাইফুজ্জামান, হ্যাচারি মালিক প্রতিনিধি, যশোরমো. হাসানুজ্জামান, মৎস্যচাষি, খুলনামো. আনোয়ারুল হক, রিসার্চ ম্যানেজার, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরামসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: এ দেশে নদনদীর অভাব নেই। আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। অনেক নদীর পানিও দূষিত হয়ে গেছে। বিশেষভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। প্রাণিজ আমিষের প্রধান উৎস মাছ। আগের মতো বড় রুই-জাতীয় স্বাদযুক্ত মাছ এ দেশে এখন আর খুব একটা পাওয়া যায় না। আজকের আলোচনার শুরুতেই উইলিয়াম জে কলিসের কাছ থেকে মাছ চাষের সম্ভাবনার সার্বিক আলোচনা শুনব। উইলিয়াম জে কলিস: এ রকম একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুশি। জনসংখ্যা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ প্রতিনিয়ত বাংলাদেশকে বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। মাছ চাষের উপযোগী হিসেবে চীন ও ভারতের পরই বাংলাদেশের অবস্থান। আমার অভিজ্ঞতা থেকে নিশ্চিত হয়েছি, বাংলাদেশে মাছ চাষের বিরাট সুযোগ রয়েছে। ১৫-২০ বছর আগে হেলেন কিলার ইন্টারন্যাশনাল শাকসবজির মাধ্যমে পুষ্টির অভার মেটানোর চেষ্টা করেছিল। কিন্তু শিশুদের শুধু শাকসবজি দিয়ে পুষ্টির অভার পূরণ করা সম্ভব নয়। তাই প্রাণিজ আমিষ বিশেষ করে মাছের গুরুত্ব অপরিসীম। গবেষণায় দেখা গেছে, ছোট মাছ, বিশেষ করে মলা মাছে পর্যাপ্ত আমিষ রয়েছে। তাই আমরা উন্নত মৎস্য চাষ পদ্ধতিতে কীভাবে কার্প-জাতীয় মাছের পাশাপাশি মলা মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়, সে প্রচেষ্টা চালাচ্ছি। ইউএসএআইডির অর্থায়নে ফিড দ্য ফিউচার প্রকল্প বাংলাদেশ সরকারের সহযোগিতায় সে লক্ষ্যেই বাস্তবায়িত হচ্ছে। আব্দুল কাইয়ুম: উন্নত মৎস্য চাষ পদ্ধতিতে মাছ উৎপাদন হলে চাহিদা কতটুকু পূরণ হবে? এর ভবিষ্যৎ সম্ভাবনাই বা কতটুকু? উইলিয়াম জে কলিস: আগে বাংলাদেশে প্রতি হেক্টরে ৫০০ থেকে ৬০০ কেজি রুই-জাতীয় মাছ উৎপাদিত হতো। এখন উন্নত মৎস্য চাষ পদ্ধতিতে প্রতি হেক্টর পুকুরে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার কেজি মাছ উৎপাদিত হয়। সত্তর-আশির দশকে মুক্ত জলাশয় থেকে মাছ পাওয়া যেত। আবহাওয়া পরিবর্তনসহ বিভিন্ন কারণে এখন আর তেমন পাওয়া যায় না। চাষের মাছই হচ্ছে এখন মাছের প্রধান উৎস। ছয়-সাত বছর আগেও ইলিশই ছিল একমাত্র মাছ, যা সবচেয়ে বেশি পাওয়া যেত। এখন পাঙাশ মাছ বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। চাষের মাধ্যমে বছরে চার লাখ টন পাঙাশ উৎপাদন করা হচ্ছে, যা এ যাবৎ কোনো একক মাছের সর্বাধিক প্রাপ্তি। এ দেশে মাছ নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখলাম সংকরায়ণসহ বিভিন্ন কারণে রুই-জাতীয় মাছের জাত ছোট হয়ে গেছে। যাঁরা চাষ করছেন, তাঁরাও খুব একটা বড় করতে পারছেন না। আমরা জানি, পশুসম্পদ প্রজাতির সবচেয়ে ভালো জাতের পুরুষ ও স্ত্রীর প্রজনন ঘটানো হয়। তেমনি মাছের ক্ষেত্রে সবচেয়ে ভালো জাতের মা মাছের ডিম ও পুরুষ রুই-জাতীয় মাছের শুক্রাণুর প্রজনন ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে এখন অনেক বড় এবং সুস্থ-সবল রুই-জাতীয় মাছ পাওয়া যাচ্ছে। মনজুরুল করিম: ফিড দ্য ফিউচার ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প। বাংলাদেশ সরকারের সহযোগিতার মাধ্যমে ওয়ার্ল্ডফিশ এই প্রকল্প নিয়ে কাজ করছে। এটি পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প। ২০১১ সালের অক্টোবর থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্যে এই প্রকল্প বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এক. প্রকল্পের একটি বিশেষ উদ্দেশ্য হলো, মাছের জাত উন্নয়ন। এ জন্য প্রকল্পের মোট ব্যয়ের ৬০ শতাংশ মাছের জাতের উন্নয়নকাজে ব্যয় হচ্ছে। প্রাকৃতিক পরিবর্তন, আন্তপ্রজনন, সংকরায়ণ ইত্যাদি কারণে বাংলাদেশে মাছের উৎপাদন কমে গেছে। মাছের আকারও ছোট হয়ে গেছে। মাছের স্বাদে পরিবর্তন এসেছে। ভালো জাতের পোনা উৎপাদন করার সর্বাত্মক চেষ্টা করছি। এসব কাজে অনেকটা সফলতা অর্জন করেছি। দুই. বসতভিটায় পুকুরে মাছের চাষ ও উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের আয় বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করা। তিন. বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষের সম্প্রসারণ করা। বাণিজ্যিক চাষে বেশি উৎপাদন ও লাভের সম্ভাবনা বেশি থাকে। এ ক্ষেত্রে ভালো পোনা, ভালো মানের খাবার ও ভালো ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা যায়। চার. বাংলাদেশ সরকারের মাধ্যমে নীতি সংস্কার ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।আমরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় কাজ করে যাচ্ছি। যেকোনো একটি নতুন প্রকল্পের ব্যাপারে মানুষ হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারে না। এর ভালো-মন্দ দেখে চিন্তা-ভাবনা করে এবং তারপর সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে আমরা ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি। মাছের পোনার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এখন যশোর জেলায় সবচেয়ে বেশি কাজ হচ্ছে। বাংলাদেশের রুই-জাতীয় মাছের হ্যাচারির শতকরা ৬০ ভাগই যশোরে। প্রাথমিক পর্যায়ে ১৮ মাসের একটি পরিকল্পনা ছিল। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইতিমধ্যেই সে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছি। বর্তমানে প্রকল্পের সঙ্গে সরাসরি ৪৫ হাজার ৬৫০ জন চাষি জড়িত। পরোক্ষভাবে সাত লাখ ২১ হাজার মানুষ উপকৃত হচ্ছে। মাছ উৎপাদনের দুটি বড় উপাদান হলো পানি ও তাপমাত্রা। দক্ষিণাঞ্চলে এ দুটি উপাদানই বিদ্যমান। এখানে ব্যাপক জলরাশি রয়েছে। তাপমাত্রাও অন্য অঞ্চল থেকে কিছুটা বেশি, যা মাছ চাষের জন্য উপযোগী। এই ২০টি জেলা থেকে উন্নত জাতের পোনা নিয়ে দেশের মৎস্যচাষিরা উপকৃত হচ্ছেন। এই পোনার গুণগত মান খুব ভালো হওয়ায় কৃষকেরা মাছ চাষ করে লাভবান হচ্ছেন। দেশের মানুষই ওয়ার্ল্ডফিশের এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন। এ ক্ষেত্রে আমরা উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পাচ্ছি।ফ্রান্সেস রাজ: আমি ১৯৮০ সালে এ দেশে আসি। সে সময় যশোরের কোটচাঁদপুরে একটা মাছের হ্যাচারি তৈরি করি। এরপর যশোর শহরে ৫০টির মতো হ্যাচারি তৈরিতে সহায়তা করেছিলাম। এখান থেকে দেশের সব অঞ্চলে মাছের পোনা সরবরাহ হতো। প্রযুক্তিগত ধারণার অভাবে মা মাছের ডিম ব্যবস্থাপনায় সমস্যা দেখা দেয়। আন্তপ্রজনন সমস্যা, সংকরায়ণসহ বিভিন্ন কারণে মাছের নানাবিধ রোগ শুরু হয়। মাছের আকারও ছোট হতে থাকে। পানি ব্যবস্থাপনা ধারণার অভাবে পোনার মৃত্যুর হার বাড়তে থাকে। ২০-৩০ বছর ধরে মাছ চাষের ক্ষেত্রে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়। নিচের পানিতে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড থাকে, যেটা মাছ চাষের জন্য খুবই ক্ষতিকর। সাধারণত, পানির সঙ্গে দুই পিপিএম থেকে তিন পিপিএম পর্যন্ত কার্বন ডাই-অক্সাইডের মিশ্রণ স্বাভাবিক। কিন্তু ২০-৩০ বছর ধরে একই স্থান থেকে পানি উত্তোলন করার ফলে পানিতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ১০০ পিপিএম পর্যন্ত তৈরি হয়। ফলে মাছের পোনা হ্যাচারিতে মারা যায়। আবার পরিবহনের সময়ও পোনা ব্যাপক হারে মারা যায়। এ সমস্যা সমাধানের জন্য ওঠানো পানির জলাধারের ওপর টাওয়ার বসানো হয়েছে এবং এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে কয়েক স্তরের ছাকনি। এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড কমে যায় এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। ফলে মাছের পোনার মৃত্যুহার অনেকাংশে কমে যাচ্ছে এবং সুস্থ-সবল ও রোগমুক্ত মাছের পোনা পাওয়া যাচ্ছে।মাছের আকার ছোট হওয়ার একটি বড় কারণ হলো, ছোট আকারের মা মাছের ডিম ও পুরুষ মাছের শুক্রাণুর প্রজনন ঘটিয়ে পোনা তৈরি করা। এর প্রতিকারের জন্য আমরা পদ্মাসহ বড় বড় জলাধার থেকে বড় বড় রুই-কাতলা সংগ্রহ করে তাদের প্রজনন ঘটিয়ে পোনা তৈরি করি। একে নির্বাচিত পদ্ধতিতে পোনা তৈরি বলে। এই পোনা বিভিন্ন জায়গায় সরবরাহ করি এবং এ পোনা থেকে সব বড় মাছ তৈরি হওয়া শুরু হয়েছে। আমরা একসময় দেখলাম যে বড় জাতের পর্যাপ্ত মা মাছ ও পুরুষ মাছ সংগ্রহ করা অনেক ক্ষেত্রে কষ্টকর। এ ক্ষেত্রে গরু, ছাগল, মহিষের জিন ব্যাংক পদ্ধতি অনুসরণ করলাম। আমরা বড় বড় পুরুষ রুই-কাতলার শুক্রাণু সংগ্রহ করি। এ পদ্ধতিতে মা মাছের ডিমের সঙ্গে পুরুষ মাছের শুক্রাণু মিশিয়ে দক্ষিণাঞ্চলের বরিশালসহ কয়েকটি অঞ্চলে পোনা উৎপাদন শুরু করা হয়েছে। এই পদ্ধতি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে পারলে উন্নত জাতের মাছ ও হ্যাচারির ক্ষেত্রে বিপুল উন্নয়ন ঘটবে।মো. হাসানুজ্জামান: আমি ১০ বছর ধরে মাছ চাষের সঙ্গে জড়িত। পাঁচ বছর ধরে ওয়ার্ল্ডফিশের সহযোগিতা পাচ্ছি। ওয়ার্ল্ডফিশের সহযোগিতায় মাছের উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে। আগে ১০-১২ জন লোক দিয়ে আমার কাজ করতে পারতাম। এখন ৩০ জন আমার সঙ্গে কাজ করে। প্রথম দিকে শুধু চিংড়ির চাষ করতাম। তারপর সাদা মাছের (রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ইত্যাদি) চাষ করি। এসব মাছের পোনা আনা হতো যশোর থেকে। কিন্তু ভালো পোনা পাওয়া যেত না। এখন আমরা উন্নত জাতের পোনা পাচ্ছি। এতে মাছও বড় হচ্ছে এবং উৎপাদনও বেড়ে গেছে।১০০ বিঘা জমিতে মাছ চাষ করি। দুই ধরনের মাছের চাষ করি—চিংড়ি ও সাদা মাছ। ৭০ বিঘা জমিতে চিংড়ি ও ৩০ বিঘা জমিতে সাদা মাছের চাষ করি। সাদা মাছটা পুরোপুরি বড় করি না। পোনা থেকে মাঝারি আকারের হলে বিক্রি করে দিই। বছরে ৩০ লাখ টাকার চিংড়ি বিক্রি করি। খরচ হয় ১৫ লাখ টাকা। ১০ লাখ টাকার সাদা মাছ বিক্রি করি খরচ হয় চার লাখ টাকা।মো. গোলজার হোসেন: মাছ আমাদের প্রিয় খাবার। মাছ আমিষের প্রধান উৎস। তাই মাছের উৎপাদন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে মাছ উৎপাদন করতে হবে। তা হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। মাছের জাত উন্নয়নসহ ওয়ার্ল্ডফিশের যেসব ক্ষেত্রে সহযোগিতা দরকার তার সবটাই অধিদপ্তর দিতে প্রস্তুত। খাদ্যতালিকার শতকরা ৫৯ ভাগ প্রাণিজ ও আমিষের উৎস মাছ। জিডিপির ৪ দশমিক ৪৩ শতাংশ এবং মোট কৃষিজ আয়ের ২২ দশমিক ২১ শতাংশ মৎস্য খাত থেকে আসে। দেশের জনগণের একটি বড় অংশ মাছের ওপর জীবিকা নির্বাহ করে। ওয়ার্ল্ডফিশ ইউএসএআইডির সহায়তায় ফিড দ্য ফিউচার প্রকল্পের মাধ্যমে মাছের জাত উন্নয়ন ও উৎপাদন নিয়ে যে কাজ করছে, মৎস্য অধিদপ্তর এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা দান করছে। এ দেশে শুক্রাণু সংরক্ষণ-ব্যবস্থার উদ্ভব হয়েছে। এখন শুক্রাণু সংরক্ষণ-ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটলে বাংলাদেশে মৎস্য ক্ষেত্রে আশাতীত অগ্রগতি সাধিত হবে। কারণ, এ ক্ষেত্রে অল্প পুরুষ মাছ খামারে রেখে অধিক পোনা উৎপাদন সম্ভব হবে।আব্দুল কাইয়ুম: ওয়ার্ল্ডফিশকে সহযোগিতা করার জন্য অধিদপ্তরের কোনো একটা বিভাগ বা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি?মো. গোলজার হোসেন: ওয়ার্ল্ডফিশকে সহযোগিতা করার জন্য কিছুদিন আগে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের উদ্যোগে উইলিয়াম জে কলিস, ফ্রান্সেস রাজসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি আলোচনা হয়েছে। তাঁদের সহযোগিতার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, তার সব রকম ব্যবস্থা করা হয়েছে।মো. সাইফুজ্জামান: ৩৪ বছর ধরে মাছের চাষ করছি। ১৯৯০ সালের আগে নদী থেকে রেণু সংগ্রহ করতাম। বিভিন্ন কারণে ১৯৯০ সালের পর নদী থেকে রেণু সংগ্রহ সম্ভব হচ্ছিল না। তারপর ফ্রান্সেস রাজের সহযোগিতায় প্রথম হ্যাচারি করি। তখন আমাদের চাষের পদ্ধতি ছিল গতানুগতিক। ওয়ার্ল্ডফিশ থেকে তিনটি বড় গুরুত্বপূর্ণ সহযোগিতা পাই। এক. জলাধার টাওয়ারের সাহায্যে পানিতে আগের তুলনায় অনেক বেশি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা হয়। ফলে হ্যাচারিতে ও পোনা পরিবহনে মৃত্যুর হার হ্রাস পেয়েছে। দুই. উন্নত জাতের শুক্র সরবরাহের ফলে একদিকে আমরা অনেক বড় মাছ পেয়েছি, অন্যদিকে মাছের উৎপাদনও অনেক বেড়ে গেছে। তিন. রাতে কোনো কোনো পুকুরে অক্সিজেনের অভাব হতো। দুই ফুট পানির নিচে পাইপ দিয়ে পানির কম্পনের মাধ্যমে (ওয়াটার ভাইব্রেশন) অক্সিজেন মিশ্রণ তৈরি সম্ভব হয়। এই তিনভাবে ওয়ার্ল্ডফিশ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। মো. আনোয়ারুল হক: আজকে আলোচনার প্রধান বিষয় মাছের জাত উন্নয়ন ও পুষ্টির নিশ্চয়তা। বাংলাদেশে মাছের জাত অনেকাংশে নষ্ট হয়েছে। এখন জাত উন্নয়নের জন্য সরকার, এনজিও, মৎস্যচাষি—সবাই মিলে চেষ্টা করছেন। সরকার খাল-বিল, হাওর রক্ষার উদ্যোগ নিয়েছে। মাছের অভয়াশ্রম করেছে। আমরা মাছের জাত উন্নয়নের দিকে যাচ্ছি। যে করেই হোক, মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের উৎপাদন বাড়লে পুষ্টি ও আমিষের অভাব দূর হবে। অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এ কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। পোনা, খাদ্য, পানি—এই তিনটি মাছের প্রধান উপাদান। আর তিনটি উপাদানই দেশে সহজলভ্য। দক্ষিণাঞ্চলের ২০ জেলায় ভালো উৎপাদন হলে এর প্রভার সারা দেশে পড়বে।মো. আবদুল ওহাব: আজকের এই গুরুত্বপূর্ণ গোলটেবিলের প্রধান উদ্যোক্তা ওয়ার্ল্ডফিশের পরিচালক বিল কলিস। তাঁর জন্য এই প্রথমবারের মতো মৎস্য বিষয় এ রকম একটি গোলটেবিলের আয়োজন সম্ভব হয়েছে। মাছের বিভিন্ন সমস্যা নিয়ে চাষিদের মধ্যে যখন হতাশা কাজ করছিল, ঠিক সেই সময় ওয়ার্ল্ডফিশ তাদের সহযোগিতা দানের ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছের জাত উন্নয়ন ও পুষ্টি বিধানের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দেশে মানুষের পুষ্টি ও আমিষের জন্য মাছের উৎপাদন বাড়াতেই হবে। মাছের চাষে নীতিনৈতিকতা মানতে হবে। নীতিমালা না মানার জন্য পাঙাশ মাছে গন্ধ থেকে যাচ্ছে, তাই এ মাছের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। বাজারে মাছ কিনতে গেলে ফরমালিনসহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে আশঙ্কা দেখা যায়। ফরমালিনযুক্ত মাছ বিক্রেতাকে আইনের আওতায় আনতে হবে। জনগণের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। আমি বিশ্বাস করি, ফিড দ্য ফিউচার প্রকল্পের মাধ্যমে ওয়ার্ল্ডফিশ ও সরকারি দপ্তরসমূহের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশ মাছের জাত উন্নয়ন ও পুষ্টির নিশ্চয়তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।আব্দুল কাইয়ুম: মাছের জাত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক পদ্ধতি প্রয়োগের বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। সরকার ও ওয়ার্ল্ডফিশ সেন্টারসহ সংশ্লিষ্ট সব পক্ষ যদি দেশব্যাপী এ পদ্ধতি প্রয়োগ করে তা হলে অচিরেই মাছ ও পুষ্টির অভাব দূর করা সহজ হবে বলেআশা করি। প্রথম আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।