
বাহান্নর একুশে ফেব্রুয়ারির শহীদদের আত্মদান সার্থক হয় এবং শহীদদের আত্মা শান্তি পায় ১৯৫৬ সালের ২৩ মার্চ, যেদিন পাকিস্তানের সংবিধানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। তাঁদের আত্মা দ্বিতীয়বার শান্তি পায় ২০০০ সালে, যখন জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এখন আমরা এই দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুভাবেই পালন করি, অন্যান্য দেশ করে শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এর অর্থ হলো এই যে, একুশে ফেব্রুয়ারির মহিমা বাংলাদেশের বাঙালিদের কাছে পৃথিবীর অন্য যে কারও চেয়ে হাজার গুণ বেশি।
কোনো দেশের মানুষ রাষ্ট্রভাষার জন্য আন্দোলন তখনই করে, যখন তাদের থাকে একটি স্বাধীন রাষ্ট্র। ১৯৪৭-এর ১৫ আগস্টের আগে এই উপমহাদেশের মানুষের মাতৃভূমি ও মাতৃভাষা ছিল, কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল না। তখন বিদেশি ঔপনিবেশিক সরকার তাদের সরকারি কাজকর্ম চালাত তাদের নিজেদের ভাষা ইংরেজিতে। এ দেশের মানুষকেও সরকারের সঙ্গে সব রকম যোগাযোগ ইংরেজিতেই করতে হতো। যে শিক্ষিত মানুষটি সরকারি চাকরিতে নিযুক্ত হতেন, তাঁকে ইংরেজি ভাষা অতি অবশ্যই জানতে হতো। তাঁর মাতৃভাষা যা-ই হোক, সে ভাষা যত সমৃদ্ধই হোক, সরকারের তা কোনো কাজেই আসত না। রবীন্দ্রনাথ নাইট খেতাব বর্জন করার সিদ্ধান্ত জানিয়ে ব্রিটিশ সরকার বরাবর চিঠি লিখেছিলেন বিজাতীয় ভাষা ইংরেজিতে, তাঁর প্রিয়তম মাতৃভাষা বাংলায় নয়।
আশির দশক থেকে ফেব্রুয়ারি মাস এলেই বাঙালির একটি গোত্রের আবেগ উতলে ওঠে। অথচ রাষ্ট্রভাষা আন্দোলন আবেগের ব্যাপার ছিল না। তা ছিল অতি যুক্তিপূর্ণ ও বাস্তববাদী আন্দোলন। সে আন্দোলনে যাঁরা পাকিস্তানি শাসকদের রাইফেলের সামনে বুক পেতে দিয়েছিলেন, তাঁরা ছিলেন নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ, পূর্ব বাংলার জনগণের ৯০ শতাংশের প্রতিনিধি।
প্রতিদিন অব্যাহতভাবে অজস্রÊ কণ্ঠে বলা হচ্ছে, পৃথিবীতে একমাত্র (বাংলাদেশের) বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছে। সঠিক তথ্য হলো, পৃথিবীর আরও অনেক জাতি ভাষা নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করেছে এবং জীবন দিয়েছে। ভারতের আসাম প্রদেশে বাংলা ভাষার জন্য ১১ জন জীবন দিয়েছেন। তামিলনাড়ুতে তামিল ভাষার জন্য যে রক্তপাত ঘটেছে, পৃথিবীতে তা নজিরবিহীন। সেটাও এক ফেব্রুয়ারি মাসে। ১৯৬৫ সালের ১১ ফেব্রুয়ারি মাদ্রাজে (চেন্নাই) এক পুলিশ জীবন্ত দগ্ধ এবং ১১ জন গুলিতে নিহত হন। আহত ৬০ জন। পরদিন খাদ্যমন্ত্রী মি সুব্রামানিয়াম এবং পেট্রোলিয়ামমন্ত্রী ও ভি ওলিগানা পদত্যাগ করেন। ১৩ ফেব্রুয়ারি পুলিশ ও জনতার সংঘর্ষে ১০ জন বিক্ষোভকারী নিহত হন। সেনা মোতায়েন করা হয়। কিন্তু মাতৃভাষার জন্য আন্দোলনকারীরা রাস্তায় থাকেন। ১৪ ফেব্রুয়ারি সেনাবাহিনীর গুলিতে নিহত হন ২৪ জন। আহত ৩০ জন। ১৯ ফেব্রুয়ারি ডিএমকে নেতা মি. মনোহর ঘোষণা করেন, এক সপ্তাহে ভাষার জন্য নিহত হয়েছেন ১৫০ জন। সুতরাং মাতৃভাষা মানুষের এতই প্রিয় যে তার জন্য অকাতরে জীবন দিতে দ্বিধা করে না বহু জাতি।
মনে হয়, ফেব্রুয়ারি ভাষা আন্দোলনেরই মাস। ১৯৯৩-এর ফেব্রুয়ারি তামিলনাড়ুতে হিন্দির বিরুদ্ধে হাজার হাজার তামিল আন্দোলনে রাস্তায় নামেন। তাঁরা হিন্দিতে লেখা নামফলক প্রভৃতি মুছে দিচ্ছিলেন। দ্রাবিড় মুনেত্রা কাজাঘাম (ডিএমকে) দলের নেতা-কর্মীসহ ১৫ হাজার গ্রেপ্তার হন। দলের মুখপাত্র কে. বীরমনি অভিযোগ করেন, দূরদর্শনে গুরুত্বপূর্ণ তামিল অনুষ্ঠানের পরিবর্তে কম গুরুত্বপূর্ণ হিন্দি অনুষ্ঠান প্রচার করা হয়।
আমাদের ১৯৪৭-৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলনে বহুমাত্রিকতা ছিল। সেটা ছিল অর্থনৈতিক আন্দোলন এবং স্বৈরশাসনের বিরুদ্ধে একটি পরিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। গণতান্ত্রিক আন্দোলন ছিল বলেই পাকিস্তানি আমলাতান্ত্রিক স্বৈরশাসকদের পক্ষে সেই আন্দোলন বলপ্রয়োগ করে দমন করা খুবই স্বাভাবিক ছিল। কারণ, পশ্চিম পাকিস্তানি কেন্দ্রীয় শাসকদের মাথা যত মোটাই হোক, এটুকু বোঝার ক্ষমতা তাদের ছিল যে, এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠবে। এবং সেই জাতীয়তাবাদী আন্দোলন পাকিস্তানের ইসলামি জাতীয়তাবাদের ভিত দুর্বল করে দেবে, সে জন্য আন্দোলন যতটা শক্ত ছিল, তা দমনের প্রক্রিয়া ছিল তার চেয়ে বহুগুণ আক্রমণাত্মক।
উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হলে সরকারি চাকরিতে বাঙালি বঞ্চিত হবে—এই আশঙ্কা থেকে ঢাকার প্রাদেশিক সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীরা আন্দোলনের সূচনা করেন। বামপন্থীদের সমর্থন তাতে ছিল। কিন্তু খুব শিগগির শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি আন্দোলনে এগিয়ে আসে। যদিও অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন, তাতে রাজনৈতিক দলগুলোর নেতাদের ভূমিকা ছিল সহায়তাকারীর, মুখ্য নয়। সেকালের পত্রপত্রিকা ঘেঁটে দেখা যাবে, পাকিস্তান রাষ্ট্র ভেঙে বাঙালিদের জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা সেদিনের মধ্যশ্রেণির আন্দোলনকারীদের ভাবনায় আসেনি। কিন্তু একুশে ফেব্রুয়ারি রক্তপাতের পরে বাঙালির চেতনায় পরিবর্তন আসতে থাকে এবং বাঙালি জাতীয়তাবাদের সুস্পষ্ট প্রকাশ ঘটে চুয়ান্নর প্রাদেশিক সাধারণ নির্বাচনে। তার ফলে কেন্দ্রীয় সরকার ও তাদের সহায়ক সামরিক-বেসামরিক আমলাতন্ত্র বুঝে যায় বাঙালি মধ্যবিত্ত কী চায়। তারা চায় স্বায়ত্তশাসনের নামে স্বাধিকার বা স্বশাসন। সে জন্য বাঙালিকে বাহান্ন থেকে দুই দশকের বেশি অপেক্ষা করতে হয়নি। তবে সেই স্বশাসন সে অর্জন করেছে সীমাহীন রক্তের বিনিময়ে।
রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে যোগ্য গবেষকদের লেখা বহু বই প্রকাশিত হয়েছে। সুতরাং সে সম্পর্কে কিছুই আর জানতে অবশিষ্ট নেই। নতুন কিছু জানার নেই বলেই অনেক অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে। একুশের প্রাসঙ্গিকতা চাপা পড়ে যাচ্ছে। সেদিন আন্দোলন হয়েছিল রাষ্ট্রভাষার দাবিতে, ‘বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি চাই’ এ রকম কোনো দাবিতে নয়। কোনো ভাষা আন্দোলনের জন্য সাহিত্য-সংস্কৃতির উন্নতি বন্ধ থাকে না। পূর্ব বাংলার রাষ্ট্রভাষা আন্দোলনের বহু আগে মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন। নজরুল নিস্তব্ধ হয়েছেন। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ রচনা বাহান্নর আগের। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদের সঙ্গে রাষ্ট্রভাষা আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তবে এখন যে ফেব্রুয়ারির চার সপ্তাহে কয়েক হাজার নতুন বই একুশের বইমেলায় আসে, অনেকের ধারণা, সেটা একুশের কারণে।
মাতৃভাষা ‘মাতৃদুগ্ধসম’ কথাটি এক শ ভাগ সত্য। কিন্তু এ কথাও সত্য যে, মাতৃদুগ্ধ পান করে মানুষ বছর দুই বাঁচতে পারে; ৬০, ৭০, ৮০ বছর বাঁচার জন্য তার আরও নানা রকমের পুষ্টিকর খাদ্য প্রয়োজন। জ্ঞান অর্জন ও সৃষ্টিশীলতার জন্য মাতৃভাষার বাইরে সারা দুনিয়া পড়ে রয়েছে। অনেকেই মাতৃভাষায় সাহিত্যচর্চা বা জ্ঞানচর্চা করেন না। অমর্ত্য সেনের অমূল্য রচনা সব ইংরেজিতে, মাতৃভাষায় নয়। অরুন্ধতী রায় তাঁর মাতৃভাষায় লেখেন না। খুশবন্ত সিং তাঁর মাতৃভাষা পাঞ্জাবিতে নয়, সাহিত্যচর্চা করেছেন ইংরেজিতে। এখন ভারত ও আফ্রিকার বহু প্রধান লেখক তাঁদের মাতৃভাষায় নয় ইংরেজি, স্প্যানিশ বা ফরাসিতে সাহিত্যচর্চা করেন। পৃথিবীতে ভাষা এখন অন্তত ছয় হাজার। এই ছয় হাজার ভাষাভাষীর মাত্র ১ শতাংশ তাঁদের মাতৃভাষায় সাহিত্যচর্চা করার যোগ্যতা রাখেন। কিন্তু আমাদের বাঙালির ক্ষেত্রে তা নয়। ভাষাভাষী হিসেবে আমাদের রোল নম্বর পাঁচ, ৬০০০-এর মধ্যে। আমাদের ভাষার কবি ১০৪ বছর আগে নোবেল পুরস্কার পেয়েছেন। প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলে। সুতরাং বাংলা ভাষার অগ্রযাত্রার সম্ভাবনা অপার।
একুশের সঙ্গে সাহিত্যের সম্পর্ক নেই। একুশের সঙ্গে সম্পর্ক জাতিরাষ্ট্রের। পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর ভেতর ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাহান্নর একুশে ফেব্রুয়ারি একটি মাইলফলক। তার পরেই দিনটি হয়ে যায় বাঙালি মুসলমানের জাতিগত আত্মনিয়ন্ত্রণ অধিকার, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে অপরিমেয় প্রেরণা।
হাজার মাইল দূরের দুই অংশ নিয়ে যে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, তাতে পূর্ব বাংলার মানুষের স্বার্থ রক্ষিত হচ্ছিল না। বাঙালির প্রয়োজন ছিল একটি নিজস্ব রাষ্ট্রের। বাহান্নর একুশে ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক পরিণতি পায় একাত্তরের ১৬ ডিসেম্বর। সেখানে থেমে থাকলে বাঙালির স্বাধীন রাষ্ট্র থাকলেও মুক্তি আসবে না। তার নিজস্ব সংস্কৃতি ও অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ পুনর্নির্মাণ করতে হবে, তা না হলে তার স্বাধীন অস্তিত্ব অর্থহীন হয়ে পড়বে।
স্বীকার না করে উপায় নেই, শিক্ষিত বাঙালি মুসলমান মধ্যশ্রেণির আত্মপরিচয় অন্বেষায় অসম্পূর্ণতা রয়েছে। অসীম সাহসের সঙ্গে সে মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু তার মানসজগতে মুক্তি ঘটেনি; বরং স্বাধীন দেশে এক অদৃশ্য শৃঙ্খল তার মনকে বেঁধে রেখেছে। তার মন ও চিন্তাশক্তি মুক্ত নয়। তাই বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশ প্রতিষ্ঠার পরে বিকশিত হয়নি ও পূর্ণতা পায়নি, দুর্বল ও প্রাণহীন হয়ে পড়েছে।
হিন্দু, মুসলমান, আদিবাসী প্রভৃতির সমন্বিত সাংস্কৃতিক উত্তরাধিকার ও জাতীয় পরিচয় প্রতিষ্ঠা না করে অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা সুদৃঢ় হতে পারে না। আত্মপরিচয় যেখানে অস্পষ্ট, সেখানে জাতীয়তাবাদী চেতনা সাবলীল হবে কী করে? ঔপনিবেশিক ও সামন্তবাদী সমাজে মানুষ ধর্ম ও বর্ণে বিভক্ত থাকে। অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ সেই বিভাজন দূর করে এবং এক ভাষা ও অভিন্ন সংস্কৃতির জীবনধারায় সবাইকে ঐক্যবদ্ধ করে। তাই বাহান্ন–পরবর্তী জাতীয় মুক্তিসংগ্রামে জাতীয় সংস্কৃতি ছিল প্রধান প্রেরণা।
একুশের চেতনা বাঙালিকে একটি জাতিরাষ্ট্র উপহার দিয়েছে। কিন্তু আমরা সরে গেছি একুশের চেতনা থেকে বহুদূর। বাহান্নতে এবং একাত্তরে যতটা বাঙালি ছিলাম, আজ তার ১০ ভাগের ১ ভাগও নেই। অথচ আমাদের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা। বর্তমানে বাঙালি জাতীয়তাবাদের প্রধান শত্রু মুসলিম জাতীয়তাবাদ নয়; বিশ্বপুঁজিবাদ, মুক্তবাজার, নয়া সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন এবং অসম বাণিজ্য। একুশ আমাদের যা দিয়েছে, তার তুলনা নেই। তবে মেরুদণ্ডহীন শিক্ষিত মধ্যশ্রেণির কারণে একুশ থেকে এখন আমরা প্রেরণা পাই না, একুশ আজ অতীতের একটি প্রপঞ্চ মাত্র।
সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।