মাথা হেঁট হয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার পয়লা জুলাই রাতে অনেকের মতো আমার চোখেও ঘুম আসে না, অনেক রাত অবধি টেলিফোন বাজে। দেশের মতো প্রবাসেও প্রায় লাখ লাখ বাঙালির মধ্য অজানা আশঙ্কা, কি হচ্ছে ঢাকাতে। প্যারিস, ব্রাসেলস, অরল্যান্ডো, বাগদাদ—কত জায়গাতেই এসব ঘটছে, তবু নিজের জন্মভূমিতে তা ঘটলে দুঃস্বপ্নে প্রহর কাটে। অজান্তে হৃদয়ে রক্তক্ষরণ ঘটে।
শুক্রবার ও শনিবার বাংলাদেশের এই ঘটনা নানা আন্তর্জাতিক টেলিভিশনে বেশ খানিকটা সময় সরাসরি প্রচার করে। শনিবার ঢাকার জিম্মি আটকের ঘটনা শিরোনাম হয়ে আসে ইউরোপের ছোট বড় সব পত্রিকায়। ইউরোপীয় ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বর্দোতে খেলবে জার্মানি আর ইতালি। অনেকের সঙ্গে বড় পর্দায় খেলা দেখতে গিয়েছি। সেই খেলার মাঠে ইতালির খেলোয়াড়েরা কালো ব্যাজ পরে মাঠে নামেন ঢাকায় তাদের স্বদেশিদের নিহত হওয়ার স্মরণে। বর্দোর স্টেডিয়ামের মাইকে ঢাকার হত্যাকাণ্ডের কথা জানানো হয়। খেলার বিরতিতে স্বল্প সময়ের খবরে আবার জার্মান টেলিভিশনে শিরোনাম হয়ে আসে ঢাকার জিম্মি ঘটনা ও নৃশংসভাবে তাদের হত্যার ঘটনা, মাথা ঝিমঝিম করে খেলায় আর মন বসে না মাথা হেঁট হয়ে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যম আর সংবাদপত্রে জিম্মি হত্যার নানা লোমহর্ষক বিবরণ আসে। সহকর্মী প্রতিবেশীরা অনেকেই ঘটনার কথা জিজ্ঞাসা করেন, আমি বা আমার মতো লক্ষ প্রবাসীর লজ্জায় মাথা নত হয়।
ইউরোপে যুক্তরাজ্যের পর এই মুহূর্তে লক্ষাধিকের ওপর বাঙালির বাস ইতালিতে। ইতালির উত্তর থেকে দক্ষিণ তা ভেনিসের কোল ঘেঁষে আড্রিয়াটিক সমুদ্রের তীর হোক, মিউজিয়াম আর স্থাপত্যের শহর ফ্লোরেন্স, বাণিজ্যিক শহর মিলান বা রাজধানী রোম-সর্বত্রই আপনি দেখা পাবেন প্রবাসী বাঙালিদের। আমাদের প্রবাসী বাঙালি বন্ধুরা ইতালির সর্বত্র সাচ্ছন্দের সঙ্গে নানা ধরনের কাজকর্ম এবং ব্যবসা-বাণিজ্য করছেন। মধ্যপ্রাচ্যের পর যে সব দেশ থেকে বেশি পরিমাণে রেমিট্যান্স আসে ইতালি তাদের মধ্য অন্যতম। গার্মেন্টস খাতেও বাংলাদেশের বিশাল বাজার রয়েছে ইতালিতে।
ইতালির পত্রিকা লা রিপাবলিকা ঘটনার পরপরই নিহত ৯ ইতালির নাগরিকদের এক সঙ্গে ছবিসহ তাদের পরিচয় প্রকাশ করে। তারা লিখেছে, চারজন পুরুষ ও পাঁচজন নারী যাদের মধ্য একজন ৩৩ বছরের সিমোনে মন্তি ছিলেন সন্তান সম্ভাব্য। রোম থেকে ৭০ কিলোমিটার উত্তরে ছোট শহর ম্যাগলিয়ানো সাবিনোতে বসবাসরত সিমোনের ধর্মযাজক ভাই রেভারেন্ড পত্রিকাকে জানিয়েছেন, গত নয় বছর ধরে বাংলাদেশে কাজ করছিলেন সিমোনে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিগগির লম্বা ছুটিতে ইতালি ফেরার কথা ছিল। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সিমোনে তার অনগত সন্তানের নাম লিখতে চেয়েছিলেন ইতালির বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর নাম অনুসারে।
পত্রিকাটি আরও জানিয়েছেন শনিবারে ইতালির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দেবার জন্য ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা উরুগুয়ে ও আর্জেন্টিনা সফর বাতিল করে মেক্সিকো থেকেই রোমে ফিরে আসেন। ইতালির প্রধানমন্ত্রী ম্যাটিও রেঞ্জ বলেন, এই ঘটনায় ইতালি কাঁদছে। আর যারা নিহত হয়েছেন তাঁরাসহ ইতালির সব মানুষ একটি পরিবারের মতো। তবে আমরা ধর্মীয় জঙ্গিদের কাছে কোনো সময় মাথা নত করব না।
রোমে দীর্ঘদিন থেকে বসবাসরত শিল্পী উত্তম কুমার কর্মকার বললেন, ইতালি জুড়ে বিশাল বাংলাদেশি কমিউনিটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সাচ্ছন্দের সঙ্গে বসবাস করছেন। ইতালির নাগরিকদের এই হত্যাকাণ্ডের ঘটনায় তাঁরা আতঙ্কিত ও হতবাক হয়ে পড়েছেন।
প্রবাসে যাঁরা থাকেন, তাঁরা সবাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, প্রত্যেককেই সে দেশের জনগণের সঙ্গে মিলে মিশে কাজ করতে হয়। তাঁদের কাজ কর্ম সাফল্য গৌরব গাঁথা বাংলাদেশের সম্মান বয়ে আনে। এ ছাড়া বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিশাল অবদান রাখছে।
বাংলাদেশে জঙ্গিদের তৎপরতা দীর্ঘদিন থেকেই ঘটছে তবে পয়লা জুলাই যা ঘটেছে তা অতীতের সব ঘটনা বা কল্পনাকেও হার মানিয়েছে। বাংলাদেশে উগ্রপন্থীদের হাতে লেখক, ব্লগার, শিল্পী, শিক্ষকসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পুরোহিতরা অনেক আগে থেকেই হত্যার স্বীকার হচ্ছেন আর এখন এদের টার্গেট হচ্ছেন বিদেশিরা।
বাংলাদেশের যে অপশক্তি বাংলাদেশকে, বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের জনগণ সহ প্রবাসের লাখ লাখ বাঙালিদের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করতে চান, সেই অপশক্তিকে সমাবেতভাবে এখনই রুখতে হবে নইলে ভবিষ্যতে আরও কোনো ভয়াবহ পরিণতির বা একটি ব্যর্থ বাংলাদেশের দায় সবাইকে নিতে হবে।
সরাফ আহমেদ, [email protected], প্রথম আলোর প্রতিনিধি, হ্যানোভার (জার্মানি)