মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বেশ কয়েক বছর ধরে দেশে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। সাম্প্রতিক কালে একাধিক গবেষণায় এবং পরিসংখ্যানে শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষাকে ত্যাগ করার এক অভূতপূর্ব নিদর্শন পাওয়া যাচ্ছে। এ যেন বিজ্ঞান থেকে পালিয়ে বাঁচা। সম্প্রতি প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে যে চিত্র ফুটে উঠেছে, তাতে এ কথা ভাবা অমূলক হবে না যে ২০২৫ সাল নাগাদ দেশে বিজ্ঞান ও গণিতের কোনো শিক্ষক পাওয়া যাবে না, আমদানি করে আনতে হবে!শিক্ষার্থীদের বিজ্ঞানবিমুখ হওয়ার অনেক কারণ ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারের একটি প্রতিষ্ঠানের করা একটি গবেষণা প্রতিবেদনের সূত্রে প্রথম আলোর ওই প্রতিবেদন। প্রতিবেদনে শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষাবিমুখতার যেসব কারণ উল্লেখ করা হয়েছে তার বেশির ভাগই প্রায় সবাই জানেন। এর মধ্যে বিজ্ঞানশিক্ষা কঠিন, সব বিষয়ে প্রাইভেট পড়তে হয় ফলে ব্যয়বহুল, সিলেবাস বড়, কর্মসংস্থানের অভাব ইত্যাদি নানা বিষয় রয়েছে। সরকারি বিজ্ঞজনেরা এ সমস্যা উত্তরণে বেশ কিছু সুপারিশও করেছেন, যার প্রথমটি দেখার পর থেকে আমি মোটামুটি আতঙ্কিত হয়ে পড়েছি। এটি হলো, শিক্ষার্থীদের বিজ্ঞানে আকৃষ্ট করার জন্য বিজ্ঞানের সিলেবাস কমিয়ে দিতে হবে! এক সময়ে মাধ্যমিক পর্যায়ে সব বিজ্ঞানশিক্ষার্থীর হায়ার ম্যাথমেটিক্স বা নৈর্বাচনিক গণিত নামে বাড়তি ১০০ নম্বরের গণিত আবশ্যক ছিল। এর অন্যতম কারণ হলো, মাধ্যমিক পর্যায়ে ১০০ নম্বরের যে সাধারণ গণিত রয়েছে সেটি বিজ্ঞানের বিভিন্ন বিষয় বিশেষ করে পদার্থ ও রসায়নে প্রয়োগের জন্য যথেষ্ট নয়। এ কারণেই বিজ্ঞানের শিক্ষার্থীদের বাড়তি ১০০ নম্বরের উচ্চতর গণিত বাধ্যতামূলক ছিল। এরশাদের আমলে এটিকে করে দেওয়া হলো ‘অনাবশ্যক’। এই শিক্ষার্থীরা যখন এইচএসসি পড়তে এল তখন দেখা গেল ওদের পক্ষে এইচএসসির গণিত পড়া অসম্ভব। তখন বলা হলো, সেই গণিত না পড়লেও হবে। গণিতের বদলে মনোবিজ্ঞান পড়ে বিজ্ঞান বিভাগে পড়া যাবে এবং তারপর যখন তারা ডিগ্রি ক্লাসে এল তখন দেখা গেল পদার্থ বা রসায়ন কোনোটাই তাদের জন্য নয়। কারণ, বিজ্ঞানের এ বিষয়গুলো গণিত ছাড়া পড়া কোনোভাবেই সম্ভব নয়। ফলাফল হলো গণিত, পদার্থবিজ্ঞান বা রসায়ন ছাড়াই বিজ্ঞানে বিএসসি ডিগ্রি লাভের সুযোগ। ১৯৯৩-৯৪ সাল থেকে এই বিজ্ঞান স্নাতকেরা আমাদের স্কুলগুলোতে বিজ্ঞান এবং গণিতের শিক্ষক হিসেবে যোগ দিতে শুরু করলেন। তাঁদের কোনো দোষ নেই, কারণ যাঁরা তাদের নিয়োগ দিয়েছেন তাঁরা দেখেছেন যে তাঁরা বিএসসি!মাধ্যমিক পর্যায়ে মাত্র ১০০ নম্বরের গণিত করে এবং পরবর্তী প্রায় অর্ধযুগ গণিত আর বিজ্ঞানের মৌলিক বিষয় থেকে দূরে থাকার ফল হলো তথাকথিত গাইডবইয়ের ওপর নির্ভরশীলতা। যেখানে মাত্র একটি নিয়মে একটি সমস্যার সমাধান করে দেওয়া হয়।(প্রবীণ গণিতবিদ অধ্যাপক লুত্ফুজ্জামান দেখেছেন সেই সমাধানগুলোর অনেকগুলো নিজেরাই ভুল!) ফলে ওই নিয়মের বাইরে শিক্ষার্থী যদি নিজে থেকে অন্য কোনো পদ্ধতিতে সমস্যার সমাধান করে সেটি মূল্যায়ন করতে তাঁরা পারেন না। একইভাবে বিজ্ঞানের ক্লাসটিও হয়ে উঠল আতঙ্কের। প্রথমত, বিজ্ঞানের নানা বিষয়ের একটি উপলক্ষ থাকে। শিক্ষকেরা কখনো ক্লাসে এ বিষয়টি বলেন না। কারণ, তাতে তাঁদের নাকি ‘সিলেবাস শেষ’ করা সম্ভব হয় না। নবম-দশম শ্রেণীর আগে স্কুলের বিজ্ঞানাগারে শিক্ষার্থীরা যেতে পারে না এবং শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মুখস্থ করিয়ে ফেলার আনন্দ পান। অথচ সামান্য উদ্যোগ নিলে ফেলে দেওয়া সামগ্রী থেকেই শ্রেণীকক্ষে কত কী মজার মজার বিজ্ঞানের বিষয় দেখানো সম্ভব। শুধু তা-ই নয়, এ রকম বেশ কিছু সামগ্রী বাজারেও পাওয়া যায়। যেহেতু শ্রেণীকক্ষে বিজ্ঞানের বিষয়গুলো খোলাসা করা হয় না হাতে-কলমে, তখন সেটি ভয়ংকর হয়ে উঠতে থাকে এবং আবার সেটির ভয়ংকরত্ব কমানোর জন্য স্যারের বাসায় গিয়ে মুখস্থ করার প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির উদ্যোগ মার্চ মাসে সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্প নামে একটি আয়োজনে শিক্ষকদের যখন এ রকম কয়েকটি বিষয় দেখানো হলো তখন তাঁরা সবাই স্বীকার করলেন যে এভাবে বিজ্ঞানশিক্ষা আনন্দময় হয়ে উঠতে পারে। একজন শিক্ষার্থী যখন বিজ্ঞান বা গণিতের মৌল বিষয়গুলো আয়ত্ত করে ফেলে তখন বইয়ের পুরুত্ব তাকে কোনোভাবেই কাবু করতে পারে না। এর প্রমাণ পাচ্ছি আমরা সেসব শিক্ষার্থীর ফলাফলে, যারা গণিত অলিম্পিয়াডে ভালো করে। গণিত অলিম্পিয়াডের জন্য তাদের যেসব গাণিতিক বিষয় রপ্ত করতে হয়, তা আমাদের দেশের সিলেবাসের তুলনায় ‘তথাকথিত’ কঠিন। কিন্তু যারা এর আনন্দ পেয়ে যাচ্ছে তাদের কাছে পাঠ্যসূচি নিতান্তই ছয় মাসের কার্যক্রমে পরিণত হয় এবং যারা এ লাইনটুকু পড়ে ভাবছেন ঢাকার সুবিধাভোগী শিক্ষার্থীদের জন্য এমনটি হচ্ছে, তাদের জ্ঞাতার্থে শুধু এটুকু বলতে পারি, গণিত অলিম্পিয়াডে সফল হয়ে যারা এখন এমআইটি, হার্ভার্ড বা স্টানফোর্ড মাতাচ্ছে তারা আসছে কুষ্টিয়া, দিনাজপুর কিংবা ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, কেবল ঢাকার নামকককরা কলেজ থেকে নয়! বিজ্ঞানশিক্ষার প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ ফিরিয়ে আনতে হলে নজর দিতে হবে শিক্ষকদের প্রশিক্ষণে, শ্রেণীপাঠকে করতে হবে আনন্দময়, বইগুলোকে করতে হবে আরও আকর্ষণীয়। এবং সরকারকেও হতে হবে এ বিষয়ে বিশেষ মনোযোগী। তবে, সরকার একা এ কাজ পারবে বলে মনে হয় না। যোগ দিতে হবে সবাইকে। সাম্প্রতিক কালে মাধ্যমিক পর্যায়ে ইংরেজি, গণিত ও বিজ্ঞানশিক্ষার মানোন্নয়নের জন্য গঠিত তিনটি কমিটির মধ্যে ইংরেজি ও গণিতের কমিটি তাদের প্রতিবেদন জমা দিলেও বিজ্ঞানের জন্য গঠিত কমিটি এখনো তাদের প্রতিবেদন জমা দেননি!মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।