মাদক সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৬ ফেব্রুয়ারি প্রথম আলোসহ দেশের বেশ কয়েকটি দৈনিকে একটি খবর ছাপা হয়। খবরটি এ রকম: ওয়াহিদুল ইসলাম স্বপন নামের এক ব্যক্তিকে খুন করেছেন তাঁর স্ত্রী মৌসুমী। একটি ইট দিয়ে মৌসুমী স্বপনের মাথার পেছনে উপর্যুপরি আঘাত হানলে তাঁর মাথা থেঁতলে যায় এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মৌসুমী বলেছেন, মাদক থেকে ফেরাতে না পেরে তিনি স্বামীকে হত্যা করেছেন। স্বামী নিয়মিত মাদক সেবন করতেন। এতে বাধা দিলেই তিনি স্ত্রীকে মারধর করতেন। নির্যাতন আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।

মৌসুমী ও স্বপনের নিলয় নামের কলেজপড়ুয়া একটি ছেলে আছে। বাবা খুন হয়েছেন, মা জেলহাজতে। ছেলেটি তো একরকম অনাথই হয়ে গেল। খবরটি পড়ে স্বপন, মৌসুমী আর তাঁদের ছেলের জন্য দুঃখবোধ হয়। পাঠক হয়তো এই লাইনটি পড়ে ভ্রু কুঁচকাবেন। স্বপন আর নিলয়ের জন্য দুঃখ হতে পারে। কিন্তু মৌসুমীর জন্য কেন দুঃখ বোধ করা। তিনি তো খুনি। একজন খুনির জন্য কেন এই সমবেদনা?

মৌসুমীর জন্য ব্যথা বোধ করি এ কারণে যে তাঁর আজকের এই পরিস্থিতির জন্য তিনি বা তাঁর স্বামী কেউই দায়ী নন। দায়ী মাদক। মাদকের ব্যবসা করা নিষিদ্ধ হলেও এ দেশে এর জমজমাট ব্যবসা চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী, অ্যালকোহল ছাড়া অন্য কোনো মাদকদ্রব্যের চাষাবাদ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, আমদানি, রপ্তানি, সরবরাহ, কেনা, বিক্রি, ধারণ, সংরক্ষণ, গুদামজাতকরণ, প্রদর্শন, প্রয়োগ ও ব্যবহার করা যাবে না। এই আইন ভঙ্গকারীদের জন্য যাবজ্জীবন থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। অথচ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদকের অবাধ ব্যবসা চলছে। রাষ্ট্রের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এটি অসম্ভব। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাকের ডগায় অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা বড়ি, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য। এমন অভিযোগও রয়েছে, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা বা কমিশন আদায় করেন পুলিশের সদস্যরা। সীমান্তে চলছে মাদকের অবৈধ জমজমাট ব্যবসা সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের চোখের সামনেই। কিন্তু কেউ তাদের কিছু বলছেন না। আর এই মাদক চলে যাচ্ছে ঘরে ঘরে। আর মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছেন স্বপনের মতো আরও বহু মানুষ।

বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৬৮ লাখ মানুষ মাদকাসক্ত। তাদের মধ্যে ৮৪ শতাংশ পুরুষ, ১৬ শতাংশ নারী। আর দেশজুড়ে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নানাভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সমাজের বিত্তশালী ব্যক্তি থেকে শুরু করে নারী ও শিশু-কিশোরেরাও এই ব্যবসার সঙ্গে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে, দেশে মাদকাসক্তের সংখ্যা ৪৭ লাখ। যার মধ্যে ৯০ শতাংশ কিশোর ও তরুণ। মাদকাসক্তদের মধ্যে শিশুরাও রয়েছে। পথশিশুদের একটি বড় অংশ মাদকে আসক্ত।

মাদকের নেশা এমনই এক নেশা, যে নেশার কাছে সমাজ–সংসার সব তুচ্ছ হয়ে যায়। মাদক সেবন করাই তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। ভাবুন তো মৌসুমীর কথা। কী অসহায় অবস্থার মধ্যে পড়েছিলেন তিনি। মাদকাসক্ত স্বামীকে ফেরানোর চেষ্টা করছেন, অথচ পারছেন না। উল্টো তাঁকে নির্যাতন করা হচ্ছে। অনেকে বলবেন, তিনি স্বামীকে ছেড়ে দিলেই পারতেন, হত্যা করার দরকার ছিল না। অবশ্যই স্বামীকে তালাক দিতে পারতেন, পুলিশে দিতে পারতেন, স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে পারতেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করতে পারতেন। কিন্তু তিনি এর কোনোটি না করে স্বামীকে হত্যা করলেন। হয়তো ভেবেছিলেন, এটা করলেই তাঁর মুক্তি মিলবে। সর্বনাশা মাদকের ছোবলে এভাবে বহু সংসার ছারখার হয়ে গেছে এবং যাচ্ছে।

মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের হত্যা করার ঘটনা এটাই প্রথম নয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে গত বছরের অক্টোবরে মাদকাসক্ত স্বামীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেন খতিজা বেগম নামের এক গৃহবধূ। ২০১৫ সালের জুন মাসে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ কেদারপুর গ্রামে মাদকাসক্ত ছেলে জাকির হোসেনকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর মা ছালেহা বেগম। গত বছরের মার্চ মাসে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি বড়মেহের গ্রামে ইমরান মাতব্বর নামের এক মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা করেছেন তাঁর মা ও ছোট ভাই। ইমরানকে খুন করার পর তাঁর মায়ের মন্তব্য ছিল: ‘খুন করেছি, বেশ করেছি। ও ছিল একটা অমানুষ।’ এ রকম ভূরি ভূরি উদাহরণ দেওয়া যাবে।

উল্টো ঘটনাও ঘটছে। মাদক কেনার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের হাতে খুন হচ্ছেন বাবা-মা। ভাইয়ের হাতে খুন হচ্ছেন ভাই বা বোন। টাকা না পেয়ে মায়ের অলংকার চুরি করে তা বিক্রি করে দিচ্ছে মাদকাসক্ত ছেলে। কেউ কেউ চাঁদাবাজি করছে। কেউ বা করছে ছিনতাই। কেউ করছে শিশু অপহরণ। মুক্তিপণের টাকা দিয়ে মাদক কিনবে। এভাবে মাদকের কারণে তরুণেরা বিপথগামী হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনাও ঘটছে।

এত ঘটনা ঘটে চলেছে, কিন্তু সরকার যেন নির্বিকার। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেই রাষ্ট্রের। মাদকদ্রব্যের বেচাকেনা নিয়ন্ত্রণ করতে পারলে অনেক অঘটন এড়ানো যেত। তবে শুধু রাষ্ট্রকে দোষারোপ করলে চলবে না। পরিবার ও সমাজও শিশু–তরুণদের মাদকাসক্ত হওয়ার জন্য অনেকখানি দায়ী। বাবা-মা সন্তানদের প্রতি প্রকৃত অর্থে দায়িত্বশীল হলে তারা মাদকে আসক্ত হতে পারে না। সন্তানদের প্রতি বাবা-মায়ের উদাসীনতা তাদের মাদকের দিকে ঠেলে দিতে পারে। এ ছাড়া দেখা যায়, সামাজিক বৈষম্যের কারণে অনেক তরুণ, যুবক হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং মাদক থেকে এর মুক্তি খোঁজে।

কাজেই রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে। সর্বনাশা এই মাদককে রুখতেই হবে।

রোকেয়া রহমান: সাংবাদিক।