মাদকযুদ্ধ কোথাও কেন সফল হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের বিরুদ্ধে বাংলাদেশের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার এ অভিযানে ক্ষমতার অপব্যবহার কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। সামাজিক গণমাধ্যম ক্ষমতাবানদের দ্বারা রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের ফাঁদে ফেলা ও হত্যার কিছু অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে। টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক এবং চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট সমর চৌধুরীর ঘটনা এর উদাহরণ। লেখক ও সমালোচকেরা ‘অভিযানটির’ গলদের ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা রাজনৈতিক প্রভাবশালীদের স্পর্শও করছে না; অথচ হামলে পড়ছে ক্ষমতাবঞ্চিতদের ওপর। যদিও এসব সমালোচনার কোনোটাই ফেলনা ন—তবুও এগুলো মাদকবিরোধী যুদ্ধের অত্যন্ত কেন্দ্রীয় একটা সমস্যা এড়িয়ে যায়। সেটা হলো: মাদকযুদ্ধ যদি সম্পূর্ণ ‘যথাযথভাবে’ও করা হয়, তবুও এ থেকে কখনোই মাদকমুক্তি আসে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি মাদকবিরোধী যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন ১৯৭১ সালে। আর তারপর থেকে দেশটি এই প্রকল্পে খরচ করছে ১ ট্রিলিয়ন ডলার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের ও বাইরের প্রায় পাঁচ দশকব্যাপী সহিংসতার পরও মাদকাসক্তির হার কমবেশি একই রয়ে গেছে (প্রায় ১ দশমিক ৩ শতাংশ), যদিও মাদক নিয়ন্ত্রণের খরচ বাড়ানো হয়েছে চক্রবৃদ্ধি হারে (প্রতিবছর প্রায় ৪১ বিলিয়ন ডলার)। আমেরিকায় অতিমাত্রায় ড্রাগ সেবনজনিত মৃত্যুর হার পৃথিবীতেই সর্বোচ্চ এবং নেশাসক্তও প্রায় সর্বোচ্চ। তারপরও আমেরিকার পর একাধিক এশীয় দেশও এই মডেলটা কপি করেছে। কেবলমাত্র ফিলিপাইনেই মাদক ব্যবহার বা বেচাকেনার দায়ে অভিযুক্ত ১২ হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে গত দুই বছরে। থাইল্যান্ড ২০০৩-এর পর থেকে ২ হাজার ৮০০ মানুষকে হত্যা করেছে, সিঙ্গাপুর ১৯৯১ আর ২০০০-এর মাঝামাঝি হত্যা করেছে ৪০৮ জনকে, মালয়েশিয়া ১৯৯৬ থেকে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন মানুষকে হত্যা করেছে। তবু এ পর্যন্ত পাওয়া প্রমাণাদি থেকে জানা যায় যে এই সব হত্যাকাণ্ড কোথাও মাদক ব্যবহার বা অপরাধের হার কমাতে পারেনি। ইন্দোনেশিয়ায় খোদ সরকারের দেওয়া তথ্যানুসারেই, মাদকাসক্তের হার ২০১১-এর ৩ দশমিক ৬ মিলিয়ন থেকে ২০১৫-তে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ মিলিয়ন। এ ছাড়া আরও অনেক দেশের পর্বতপ্রমাণ উদাহরণ আছে, যা থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, হত্যাকাণ্ড মাদকবিরোধী কৌশল হিসেবে মার খেয়ে গেছে। আর তাই আমেরিকা এবং নানান এশীয় সরকার এই কৌশল থেকে পিছু হটা শুরু করেছে।

কিন্তু তাহলে প্রশ্ন ওঠে, ঠিক যখন দুনিয়াজুড়ে উপলব্ধি আসছে যে মাদকবিরোধী যুদ্ধ একটা অকার্যকর নীতি, তখন বাংলাদেশ সরকার কেন এই নীতি গ্রহণ করল? এটা আমাদের জন্য বিশ্বাস করা কঠিন যে সরকারের বিজ্ঞ উপদেষ্টা মহলে এমন কেউ নেই, যিনি সরকারকে এই নীতির অকার্যকারিতার ব্যাপারে বলবেন। সরকারি দল হয়তো জেনেশুনেই এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর স্বল্পমেয়াদি রাজনৈতিক সুবিধার কথা ভেবে। অকার্যকারিতা সত্ত্বেও মাদকবিরোধী যুদ্ধ সারা দুনিয়াতেই শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হয়ে এসেছে। যেসব শাসক শক্তিমান ভাবমূর্তি ধারণ করতে চান, তাঁরা মাদকযুদ্ধের বক্তব্যকে ব্যবহার করে অপরাধ-বিরোধী হিসেবে নিজেদের ভিত্তি গড়তে চান এবং আপাতদৃষ্টিতে এটা কাজও করে।

কিন্তু বেআইনি হলেও তথাকথিতভাবে ‘ন্যায়সংগতভাবে’ হননকৃত লোকগুলো কারা? আমরা যদি ক্রসফায়ারে মৃত্যুর সংবাদ প্রতিবেদনগুলোতে একটু গভীরভাবে চোখ বোলাই আর সেই সব মৃত্যুর দিকে লক্ষ করি, দেখব নামের বদলে পাই নিহত ব্যক্তিদের সংখ্যা। আমরা একটা সাধারণ লক্ষণ দেখতে পাব। বস্তি, সীমান্ত এলাকা, শরণার্থীশিবির আর প্রত্যন্ত গ্রামগুলো এই সব ‘শুটআউটের’ স্থান হিসেবে বারবার ভেসে উঠবে চোখের পর্দায় এবং দেখা যাবে ভিকটিমরা এসেছে আমাদের সমাজের দরিদ্রতম গোষ্ঠীগুলোর থেকে। এরা সেই সব মানুষ, যাদের জন্য রাষ্ট্র নাগরিকত্বের তেমন কোনো সুযোগ রাখেনি। এদের অধিকাংশই স্বাস্থ্যসেবা, শিক্ষা বা অবকাঠামোগত কোনো সুবিধা পায় না। অনেকেই পরিবেশগত অভিবাসী, যারা নদীভাঙনের কারণে হারিয়েছে সবকিছু, অনেকে জাতিগত শুদ্ধি অভিযানের শিকার হয়ে ছেড়ে এসেছে জন্মভূমি। অনেকে দুবার করে রাষ্ট্রহীন হয়েছে বাংলাদেশ আর পাকিস্তানের দ্বারা। এদের অনেকেই সম্মানজনক পেশায় ঢুকতে চাইলে আইনি বাধার সম্মুখীন হয় এবং অধিকাংশই কাঠামোগতভাবে সচ্ছলতার জীবন থেকে বঞ্চিত। তাদের অধিকাংশের জন্য দারিদ্র্য থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে, আইনের সীমানার বাইরে গিয়ে কাজ করা। তাই তাদের একগুচ্ছকে মেরে ফেললে অন্যরা অপরাধমূলক পেশায় যুক্ত হওয়া থেকে বিরত হবে, এমনটা ভাবা নেহাত বাতুলতা। বাংলাদেশে কাঠামোগতভাবে বঞ্চিত মানুষের জোগান অশেষ এবং তারা মাদকের ওপর নির্ভরশীলদের চাহিদা মেটাতে সদাপ্রস্তুত! যত দিন মাদকের চাহিদা থাকবে, আর রাষ্ট্র ব্যর্থ হবে রাষ্ট্রহীনদের জন্য অস্তিত্বশীল হতে, বেপরোয়া মাদক চোরাচালানিদের সরবরাহ তত দিন কমবে না।

এসব বলার উদ্দেশ্য এই নয় যে, এসব লোক যেসব অপরাধ করে, তার শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের দেশের যেসব মানুষ বিশ্বাস করেন যে মাদক কারবারিদের প্রাপ্য কোনো মানবাধিকার নেই, আমরা আশা করছি যে তাঁরা অমানবিক পরিস্থিতিতে জীবনযাপন করা সেই সব মানুষের গল্পটা যেন জানেন এবং অনুভব করেন কীভাবে তারা পরিষ্কার পানি, দিনে তিনবেলা গরম খাবার আর বর্ষায় রক্ষা পাবে, এমন একটা ঘরের মতো মৌলিক সব অধিকারের জন্য অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য হয়। এই লোকগুলোকে অবশ্যই কাঠগড়ায় তোলা উচিত এবং আদালতেরই এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে, অপরাধীর পরিস্থিতি বিবেচনা করে আইনের কোনো ব্যতিক্রমী প্রয়োগ করা যায় কি না। আখেরে এ জন্যই তো আইন বিভাগ আর নির্বাহী বিভাগের বাইরে আমাদের একটি বিচার বিভাগ আছে! তা সত্ত্বেও বিচার বিভাগকে এড়িয়ে গিয়ে নির্বাহী বিভাগের শক্ত হাতের মাধ্যমে আইনের সরাসরি প্রয়োগ শুধু অভিযুক্তের ন্যায়বিচার পাওয়ার অধিকারকেই প্রত্যাখ্যান করে না, এটা প্রজাতন্ত্রে আইনের শাসনেরও অবক্ষয় ঘটায়।

রাষ্ট্রীয় হত্যাকাণ্ড যদি আইনের আওতার বাইরে কাজ করা সেই সব নামহীন-গোত্রহীন মানুষদের সঙ্গে ঘটলেও তা অকার্যকর, অমানবিক এবং অন্যায্য। এতে রাষ্ট্রের মানুষ সুবিচারের অধিকার থেকে বঞ্চিত হয় এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো ক্রমাগত অবক্ষয়ের শিকার হয়। ড. শাহদীন মালিকের ভাষায়, ‘যে দেশেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিচারবহির্ভূতভাবে মানুষ মারা হয়েছে, সেই সব দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই এখন অপরাধ করছে অনেক বেশি। (‘মাদকবিরোধী অভিযানের দুটো বড় গলদ’, প্রথম আলো, ১ জুন ২০১৮)।’ এভাবে দায়মুক্তি দেওয়ার একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়, যা শেষ পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ডেথ স্কোয়াডে পরিণত করে।

কাজেই যেসব অন্যায্য কাঠামো মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়, সেগুলোকে আমলে নিয়ে কাঠামোগত বঞ্চিত মানুষদের হত্যা করলে আমরা মাদকবিরোধী যুদ্ধে জিততে পারব না; বরং নতুন নতুন সামাজিক সমস্যার উদ্ভবই হবে এর ফলাফল। বর্তমান গতিতে চললে কেবল পাতি ব্যবসায়ীদের হত্যার মাধ্যমে বাজারটা পরিষ্কার হবে, রাজনৈতিকভাবে প্রভাবশালীরা পাবে একচেটিয়া ব্যবসার সুযোগ। সরকার যদি আদৌ আন্তরিক হয় মাদক সমস্যার সমাধানে, তাহলে তাকে অবকাঠামো, শিক্ষা আর জনস্বাস্থ্যে বিনিয়োগ করতে হবে; যাতে আসক্ত ব্যক্তিরা সুস্থ হতে পারে এবং জড়িতরা সম্মানজনক ব্যবসার সুযোগ পেতে পারে। পর্তুগালের সামাজিক সমবায়ভিত্তিক মাদকাসক্তি নিরাময়কেন্দ্রগুলো এই সমস্যা দমনে বেশ কাজে দিয়েছে। সামাজিক সমবায়ের দৃপ্ত চারণভূমির এই দেশে সেই ধরনের পদক্ষেপ আমরাও নিতে পারি। এই পদক্ষেপগুলো হয়তো নির্বাচনী ইশতেহারে ছাপানোর জন্য মৃতের পরিসংখ্যানের মতন ঝকঝকে নয়, কিন্তু মাদক মহামারির পরিস্থিতি উন্নত করার এটাই একমাত্র পথ।

অনুপম দেবাশীষ রায়: যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতির ছাত্র। [email protected]
মুহাম্মদ ইরফানুর রহমান: গবেষণা সহযোগী, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার-এইচডিআরসি। [email protected]