মাদকাসক্ত হলে হাল ছেড়ে দিলে চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ৬ জুলাই বিকেল সাড়ে চারটায় পরামর্শ সহায়তা-৪০-এর আসরটি অনুষ্ঠিত হয় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ আয়োজনে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মনোরোগ চিকিৎসক ও বিশেষজ্ঞরা মাদকাসক্ত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরামর্শ সহায়তা অনুষ্ঠানে আলোচিত বিষয়গুলো তুলে ধরা হলোঅনুষ্ঠানের শুরুতে ডা. মোহিত কামাল সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এখানে আমরা রোগীদের চিকিৎসা করি না। তবে কীভাবে তারা ভালো চিকিৎসা নিতে পারে, ভালো থাকতে পারে সে বিষয়ে পরামর্শ দিই। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা কিছুটা দীর্ঘমেয়াদি। এ অনুষ্ঠান থেকে মাদকবিষয়ক অনেক অজানা তথ্য জানা যায়। এখানকার পরামর্শ কাজে লাগাতে চেষ্টা করবেন। তাহলে রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এটি আমাদের ৪০তম আসর। আপনাদের উপস্থিতি বলে দেয় এ অনুষ্ঠান থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন। অনেকে নিয়মিত আসেন। এটা আমাদের আরও উৎসাহিত করে। এই পরামর্শ অনুষ্ঠান থেকে যা কিছু জানতে চান, খোলামেলা প্রশ্ন করুন। আপনাদের প্রশ্ন এবং উত্তর পত্রিকায় প্রকাশিত হবে। সারা দেশের মানুষ এখান থেকে অনেক তথ্য জানতে পারবে। মাদকাসক্ত একটা রোগ। একজন মানুষ বারবার মাদকাসক্ত হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে তারা অবশ্যই সেরে উঠবে। প্রশ্ন: আমার এক আত্মীয় দীর্ঘদিন যাবৎ মাদক নেয়। সে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ সব ধরনের মাদক নেয়। চট্টগ্রামে দুই মাস একটি নিরাময়কেন্দ্রে ভর্তি ছিল। কিন্তু সুস্থ হয়নি। এখন কী করতে পারি?উত্তর: সম্ভবত আপনার আত্মীয় হাসপাতালে ঠিকমতো চিকিৎসা নেননি। হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার পরও চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খাননি। তা ছাড়া উনি দীর্ঘদিন থেকে নেশা করছেন। তাই ভালো হতে কিছুটা বেশি সময় লাগতে পারে। ভালো হয়নি বলে হতাশ হওয়ার কিছু নেই। মাদকাসক্ত রোগীদের এমন হতে পারে। মাদকাসক্ত রোগীরা বারবার ভালো হন, আবার মাদকাসক্ত হন। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। রোগীর ওপর বিশ্বাস রাখতে হবে। তিনি ভালো হবেনই। দেরি না করে কোথাও একটি ভালো নিরাময়কেন্দ্রে ভর্তি করাতে হবে এবং ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কিছুটা দীর্ঘমেয়াদি চিকিৎসা করাতে হবে। জাতীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ টাকায় টিকিট করে দেখানো যায়। এখানেও আনতে পারেন। সে ক্ষেত্রে আমরাই তাঁকে চিকিৎসা করব। অথবা অন্যান্য সরকারি হাসপাতালেও যেতে পারেন।প্রশ্ন: আমার সন্তান তিন-চার বছর ধরে মাদক নেয়। এক থেকে দেড় বছরের মাথায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা হয়। তখন বুঝতে পারি সে মাদক নেয়। তিনবার পুনর্বাসন করা হয়েছে। কিন্তু ভালো হচ্ছে না। এখন কী করতে পারি?উত্তর: মাদকাসক্ত রোগীকে ডায়াবেটিক রোগীর সঙ্গে তুলনা করে থাকি। ঠিকমতো নিয়ন্ত্রণ করলে সারা জীবন ডায়াবেটিক রোগী ভালো থাকে। একটু অনিয়ম হলে অসুস্থ হয়। ভালো থাকার জন্য আবার শরীরকে নিয়ন্ত্রণে আনতে হয়। মাদকাসক্ত রোগীও নিয়ম না মানলে বারবার মাদকাসক্ত হতে পারে। মাদকাসক্ত রোগীকে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হয়। নিয়ন্ত্রণ হারালেই সে বিপথে যাবে। কখনোই হতাশ হলে চলবে না। মাদকাসক্ত রোগী বারবার ভালো হওয়ার পরও আবার মাদকাসক্ত হতে পারে। মাদকাসক্ত হলে হাল ছেড়ে দিলে চলবে না। বিশ্বাস রাখতে হবে, সে ভালো হবেই। আপনার সন্তান মাদকাসক্ত হওয়ার কারণ সে নিয়ম মানেনি। হাসপাতাল বা নিরাময়কেন্দ্র থেকে বেরোনোর পর চিকিৎসক কিছু ওষুধপত্র ও পরামর্শ দেন। ওষুধ ঠিকমতো খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে। নিশ্চয়ই আপনার সন্তান এটা মানেনি। তাকে আবার কোনো একটা ভালো নিরাময়কেন্দ্রে ভর্তি করতে হবে। আমাদের মানসিক স্বাস্থ্যকেন্দ্রেও আনতে পারেন। এখানে বাইরে ১০ টাকায় টিকিট করে রোগী দেখানো যায়। প্রশ্ন: আমার সন্তান দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। বাসায় খুব অত্যাচার করে। জোর করে ছয় মাস বা তার বেশি সময়ের জন্য নিরাময়কেন্দ্রে দিতে পারি। কিন্তু ভয় হয়। বেরিয়ে এসে আবার বড় রকমের অত্যাচার করে কি না। এ ব্যাপারে আপনাদের মতামত কী? উত্তর: আপনার সন্তান দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। এখন তাকে স্বাভাবিকভাবে হোক বা জোর করে হোক নিরাময়কেন্দ্রে আনতে হবে। তা না হলে দিন দিন সে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আপনি কেন ভাবছেন ছয় মাস চিকিৎসার পর সে অত্যাচার করবে? এখন সে খারাপ আচরণ করছে। কারণ, এখন তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সে সম্পূর্ণ মাদকের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার জন্যই সে খারাপ করে। নির্ভরশীলতা কেটে গেলে সে আগের জীবনে ফিরে যাবে। মাদকাসক্ত ব্যক্তিদের অনেকে স্বাভাবিকভাবে নিরাময়কেন্দ্রে আসে। অনেককে জোর করে আনতে হয়। আমাদের অভিজ্ঞতায় দেখেছি, জোর করে আনলেও চিকিৎসার পর এরা সবাই ভালো হয়। কয়েক মাস চিকিৎসার পর সবারই শারীরিক ও মানসিক উন্নতি হয়। এরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। আগের খারাপ কাজের জন্য অনুশোচনা করে। তার ওপর মাদকের নির্ভরশীলতা থাকে না এবং এরা নিরাময়কেন্দ্র থেকে ফিরে খারাপ ব্যবহার করে না। তাই আপনার সন্তানকে জোর করে হোক বা স্বাভাবিকভাবে হোক নিরাময়কেন্দ্রে ভর্তি করান। একটা ভালো কেন্দ্রে ভর্তি হতে পারলে নিশ্চয়ই সে ভালো হয়ে ঘরে ফিরবে।প্রশ্ন: অনেকে মনে করেন হাসপাতাল বা নিরাময়কেন্দ্রে চিকিৎসার পর চিকিৎসা শেষ হয়েছে, এ ধারণা কি ঠিক?উত্তর: এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক অভিভাবক ও রোগী মনে করেন যেহেতু নিরাময়কেন্দ্রে চিকিৎসা হয়েছে তাই তাদের খুব বেশি দায়িত্ব নেই। কিন্তু এ ধারণা একদম সঠিক নয়। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। অন্যান্য রোগী আর মাদকাসক্ত রোগীর বৈশিষ্ট্য এক নয়। অন্যান্য রোগী হাসপাতালে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে এবং একই রোগে পুনরায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। কিন্তু মাদকাসক্ত রোগী নিরাময়কেন্দ্রে ভালো হয়। কিন্তু যেকোনো সময় সে আবার মাদকাসক্ত হতে পারে। রোগীকে নিরাময়কেন্দ্রে মাদক দেওয়া হয় না। নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে রাখা হয়। ওষুধপত্র দেওয়া হয়। মাদকমুক্ত থাকার জন্য পরামর্শ সহায়তা চলতে থাকে। যেসব বন্ধুবান্ধবের সঙ্গে মাদক নিত, তাদের সঙ্গে দেখা হয় না। যেসব জায়গায় মাদক নিত, সেসব জায়গায় যেতে পারে না। মোবাইল ব্যবহার করতে পারে না। মাদক গ্রহণের জন্য কেউ তাকে টাকা দেয় না। খাওয়া-দাওয়া, ঘুম, বিশ্রাম কোনো কিছুর অনিয়ম হয় না। অর্থাৎ একজন মাদকাসক্ত রোগীর মাদক গ্রহণের যত আশঙ্কা আছে, তার কোনো সুযোগই সে নিরাময়কেন্দ্রে পায় না। উপরন্তু মাদক নিরাময়ের সব ধরনের সেবা পায়। সবকিছু মিলিয়ে নিরাময়কেন্দ্রে রোগীর ভালো থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। এই ভালো থাকা মানে চিকিৎসা শেষ হয়েছে, এ ধারণা ঠিক নয়।প্রশ্ন: হাসপাতাল থেকে বাসায় আনার পর রোগীর প্রতি অভিভাবকের দায়িত্ব কী?উত্তর: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বলে থাকি নিরাময়কেন্দ্র রোগীকে ভালো থাকার জন্য প্রস্তুত করে। একজন মাদকাসক্ত রোগী কমপক্ষে দেড় থেকে দুই বছর মাদকমুক্ত থাকতে পারলে পুরোপুরি মাদকমুক্ত হয়েছে বলা যায়। তা না হলে যেকোনো রোগী যেকোনো সময় মাদকাসক্ত হতে পারে। সাধারণত অভিভাবকদের পক্ষে এত দীর্ঘ সময়ের চিকিৎসার খরচ চালানো সম্ভব হয় না। অধিকাংশ রোগী নিরাময়কেন্দ্রে দুই থেকে তিন মাসের বেশি থাকে না। এ সময় তার শরীর থেকে মাদকের উপসর্গ দূর করা হয়। ভবিষ্যতে যাতে মাদক গ্রহণ না করে তার জন্য প্রস্তুত করা হয়। এই প্রস্তুতি ধরে রাখার জন্য বাড়িতে এক থেকে দেড় বছর নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হয়। তাকে নিরাময়কেন্দ্র থেকে বাসা বা বাড়িতে আসার সময় ওষুধ দেওয়া হয়। কিছু বিধিবিধান দেওয়া হয়। এর মধ্যে অন্যতম থাকে একটি নির্দিষ্ট সময় পর পর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ। অভিভাবকের দায়িত্ব হলো রোগীকে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা। নিয়মিত ওষুধ খাওয়ানো এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের ব্যবস্থা করা। অভিভাবক এবং রোগী এ ব্যাপারে সচেতন না থাকলে যেকোনো সময় রোগী আবার মাদকাসক্ত হবে।প্রশ্ন: কিন্তু অনেক রোগী নিরাময়কেন্দ্র থেকে ভালো হয়ে বাড়িতে আসে। তারপর আবার মাদকাসক্ত হয়। তাহলে কি অভিভাবকেরা দায়িত্ব পালন করছেন না?উত্তর: বাড়ি বা বাসায় আসার পরই রোগীর প্রকৃত চিকিৎসা শুরু হয়। আমরা বলেছি নিরাময়কেন্দ্র রোগীকে ভালো থাকার জন্য প্রস্তুত করে দেয়। এখন রোগীকে ভালো রাখার দায়িত্ব অভিভাবকদের এবং ভালো থাকার দায়িত্ব রোগীর নিজেরও। রোগী যদি তার পুরোনো বন্ধুদের সঙ্গে মেশে, পুরোনো জায়গাগুলোতে যায়, মোবাইল ব্যবহারের সুযোগ পায়, পরিবার বা অন্য কোথাও থেকে টাকাপয়সা পায় তাহলে তার আবার মাদকাসক্ত হওয়ার বেশি ঝুঁকি থাকবে। এসব সুযোগ পেলে সে পুনরায় মাদকাসক্ত হবে। আবার বাড়িতে এসে নিয়মিত ওষুধ না খায়, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ না করে, তাহলেও সে মাদকাসক্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। অনেক অভিভাবক বাড়িতে আসার পর রোগীর ওষুধপত্র খাওয়ানো ও নিয়ন্ত্রিত জীবনযাপনের বিষয়টি যতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ততটা গুরুত্ব দেন না। তাঁরা মনে করেন, নিরাময়কেন্দ্র ভালো করে দিয়েছে আর সমস্যা নেই। যেসব অভিভাবক বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেন না এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের ব্যবস্থা করেন না, তাঁরা রোগীর প্রতি ঠিকমতো দায়িত্ব পালন করছেন না।প্রশ্ন: নিরাময়কেন্দ্র থেকে ভালো হয়ে বাড়িতে আসার পর রোগীর করণীয় কী?উত্তর: রোগী নিজে ভালো থাকতে চাইলে কাজটি সহজ হয়। মাদকের এমন কোনো প্রভাব নেই যে রোগী ভালো থাকতে পারবে না। ভালো-খারাপ থাকা সম্পূর্ণ ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। কেউ ভালো থাকতে চাইলে সে সারা জীবন ভালো থাকতে পারে। রোগীকে ভাবতে হবে, মাদক গ্রহণের জীবন একটি ঘৃণিত ও অসম্মানের জীবন। লালনের একটি গানে আছে, ‘এমন মানবজীবন আর হবে না’। ফলে তাকে গভীরভাবে ভাবতে হবে, এই অমূল্য মানবজীবন মাদকের মতো ঘৃণিত বস্তু গ্রহণের জন্য না। এর বাইরেও একটি সুন্দর ও সম্মানের জীবন আছে। এ জীবনে আনন্দ-বিনোদন আছে, স্নেহ-মমতা আছে, প্রেম-ভালোবাসা আছে। এই আলোকিত জীবনে ফিরে আসতে হবে। এটাই প্রকৃত জীবন। এ ক্ষেত্রে রোগীকে তার মনের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। সর্বক্ষণ ভালো থাকার চিন্তা করতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে দিনটি যেন ভালোভাবে যায় সে জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আনন্দ-বিনোদনের সঙ্গে থাকার চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে গুণী মানুষদের জীবনী ও উপদেশমূলক বই পড়া যেতে পারে। খারাপ বন্ধুদের সঙ্গ সম্পূর্ণ বাদ দিতে হবে। যেসব জায়গায় মাদক পাওয়া যায়, সেখানে যাওয়া থেকে বিরত থাকতে হবে। টাকাপয়সা নেওয়া যাবে না। মোবাইল ব্যবহার করা যাবে না। একটি সুন্দর স্বপ্নময় জীবনের জন্য এসব বিষয়ে ২৪ ঘণ্টা সতর্ক থাকতে হবে।একজন মাদকমুক্ত তরুণের মা: কয়েকজন মা এখানে এসেছেন। তাঁদের কষ্টের কথা বলেছেন। আমিও আপনাদের মতো ছিলাম। অনেক কষ্ট করেছি। ছেলেকে ভালো করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি। আপনাদের সন্তানের কিছু খারাপ ঘটনা শুনলাম। আমার সন্তান এর থেকেও বেপরোয়া ছিল। তাকে ভালো করার চিন্তায় রাতদিন ঘুম হতো না। একদিন প্রথম আলোর বিজ্ঞাপন দেখলাম এবং এই কর্মশালায় এলাম। এই চিকিৎসকই সেদিন আমাকে এবং আমার ছেলেকে পরামর্শ দিয়েছেন। ছেলেকে নিরাময়কেন্দ্রে ভর্তি করেছি। চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা করিয়েছি। আমার ছেলে ভালো হয়েছে। অভিভাবকদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা কাজ করে। তাঁরা মনে করেন কোনোভাবেই সন্তান ভালো হবে না। এ ধারণা একেবারেই ঠিক না। কারণ, এখানে যাঁরা তাঁদের সন্তানের বিষয়ে আলোচনা করেছেন। আমার সন্তান তাঁদের থেকে অনেক বেশি বিপথগামী ছিল। আমি পেরেছি। আমার বিশ্বাস আপনারাও পারবেন। কিন্তু নিয়ম মেনে ধৈর্য নিয়ে চিকিৎসা করাতে হবে।