মানবতায় অংশীদারির একটি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডি. ওয়াটকিন্স
রবার্ট ডি. ওয়াটকিন্স

সিরিয়ার গৃহযুদ্ধ এবং ভূমধ্যসাগরের অববাহিকায় অভিবাসীদের মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে আজ আমরা একটি বিষয় প্রত্যক্ষভাবে অনুধাবন করছি আর তা হলো মানবিক সংকট উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে অন্তত ১২ কোটি ৫০ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। এদের মধ্যে ৬ কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই বাস্তুহারা মানুষের সর্বাধিক সংখ্যা। এই ক্রমবর্ধমান সংকট বিশ্বের বহু স্থানজুড়ে ঘটছে, কিন্তু এটি বিশেষ করে ৩৭টি দেশে তীব্রভাবে দেখা যাচ্ছে।
মানবিক কার্যক্রম ক্রমেই জটিল এবং চারিত্রিকভাবে বহুমাত্রিক হয়ে উঠছে। আবার একই সময় সমাধানের মাধ্যম ক্রমেই দুর্লভ হয়ে আসছে। কারণ, এই সংকট মোকাবিলার জন্য দাতাদেশগুলো তাদের সীমিত জাতীয় মানবিক ও উন্নয়ন বাজেটের সমুদয় সহায়তা দিয়েছে। সংঘাত ও দুর্যোগ আক্রান্ত লাখ লাখ মানুষের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে গত বছর জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশ্বব্যাপী সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাঁর আহ্বানে সাড়া দিয়ে নতুনভাবে যৌথ প্রচেষ্টা উপস্থাপনের জন্য বিশ্বের নেতারা ২৩-২৪ মে ইস্তান্বুলে প্রথমবারের মতো বিশ্ব হিউম্যানিটেরিয়ান শীর্ষ সম্মেলনে একত্র হবেন। এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের প্রস্তাব উপস্থাপন করার জন্য পরিকল্পনা করা হয়েছে।
একই সময়ে জাতিসংঘ মহাসচিব একটি ‘মানবতার জন্য এজেন্ডা’ উপস্থাপন করবেন এবং পাঁচটি মূল দায়িত্বে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানাবেন:
যেহেতু ৮০ শতাংশ মানবিক চাহিদাগুলো তৈরি হয় সংঘাতের কারণে, প্রথম মূল দায়িত্ব হলো বিশ্ব নেতৃত্বদানকারীদের রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত প্রতিরোধ এবং অবসান করতে হবে।
দ্বিতীয় মূল দায়িত্ব হলো সবাইকে একটি আদর্শ পক্ষাবলম্বন করতে হবে, যা মানবতা রক্ষা করবে, কেননা ৯০ শতাংশ মানুষ যাঁরা যুদ্ধে ইচ্ছাকৃত বা নির্বিচার হামলায় মৃত্যুবরণ করেন বা আহত হন, তাঁরা বেসামরিক নাগরিক।
তৃতীয় মূল দায়িত্বসহ টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘কাউকে পেছনে ফেলে রাখা হবে না’—সবার প্রতি এই আহ্বান করে যেখানে নারী-পুরুষ, বালক-বালিকা, অভিবাসী, উদ্বাস্তু, সংখ্যালঘু, দরিদ্র, বৃদ্ধ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী—সবাই উন্নয়নে অন্তর্ভুক্ত থাকবে।
চতুর্থ মূল দায়িত্ব শৃঙ্খলাবদ্ধ এবং রূপান্তরযোগ্য পরিকল্পনার মাধ্যমে অরক্ষিত অবস্থা ও ঝুঁকি হ্রাস করে মানুষের জীবন পরিবর্তনের আহ্বান, সেটা ত্রাণ বিতরণ হতে শুরু করে ত্রাণ সাহায্যের প্রয়োজনীয়তা সমাপ্তির সন্ধানের মাধ্যমে সম্ভব।
পঞ্চম মূল দায়িত্ব মানবতার জন্য আমাদের অংশীদারি দায়িত্ববোধ গ্রহণের এবং কার্যসম্পাদনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আর্থিকভাবে মানবতায় বিনিয়োগের এবং মানবিক ও জরুরি উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তহবিলে ঘাটতি হ্রাসের আহ্বান জানায়।
এই শীর্ষ সম্মেলনটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই দেশটি প্রচণ্ডভাবে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ দ্বারা প্রভাবিত হয়েছে, যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি করেছে। এটা অনুমান করা যায় যে বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষকে কার্যকরভাবে সহযোগিতা প্রদানের চাপ প্রাথমিকভাবে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রতিকূল প্রভাবের কারণে আগামী দিনগুলোতে বৃদ্ধি পাবে। উপরন্তু, বাংলাদেশ সত্তরের দশকের পর থেকে প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত থেকে পালিয়ে আসা মানুষকে আশ্রয় প্রদান করছে।
আমরা এও জানি যে বাংলাদেশ একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে উল্লেখযোগ্য দুটি ফল্ট-লাইন দেশটির উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব স্থান দিয়ে চলে গেছে। শুধু গত বছর বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বিভিন্ন মাত্রার বেশ কয়েকটি ধ্বংসাত্মক ভূমিকম্প হয়েছে, যা বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মতো যেকোনো মুহূর্তে বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে।
গত কয়েক বছরে বাংলাদেশ বিভিন্ন সংস্কার এবং প্রতিরোধক নীতি প্রবর্তনের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যা থেকে নিহত ব্যক্তিদের সংখ্যা কমিয়ে আনতে বেশ কিছুটা সক্ষম হয়েছে। বাংলাদেশ সরকার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশের অভিজ্ঞতা ও সেরা পদ্ধতি অন্যদের কাছে তুলে ধরার জন্য এই শীর্ষ সম্মেলনে পাঠাচ্ছে। এটি আশা করা হচ্ছে যে নতুন বৈশ্বিক নীতি তৈরিতে সাহায্য প্রদানের মাধ্যমে ইস্তান্বুল সম্মেলনে বাংলাদেশ একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে, কেননা বাংলাদেশ বহু বছরের মানবিকমূলক চ্যালেঞ্জগুলো সামলানোর বিভিন্ন অভিজ্ঞতা ধারণ করে।
তাই মানবিক-সংক্রান্ত বিষয় এবং সম্ভাব্য কোনো নতুন দুর্যোগের প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশে জাতিসংঘের সংস্থা, তহবিল এবং কর্মসূচিগুলো সরকার, সুশীল সমাজ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে তাদের বিভিন্ন চলতি কার্যক্রমের প্রচেষ্টাকে সমর্থন করে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
রবার্ট ডি. ওয়াটকিন্স: বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।