মানবসম্পদ উন্নয়নে ব্যয় হোক প্রবাসী-আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেশ কয়েক বছর আগে সিলেটের এক ব্যাংক ম্যানেজার লন্ডনে গিয়েছিলেন সেখানকার প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে রেমিট্যান্সের মাধ্যমে আমানত সংগ্রহের উদ্দেশ্যে। ফিরে এসে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি যা বলেছিলেন, তার একটি বাক্যেই প্রবাসে কর্মরত বাংলাদেশিদের জীবনযাপনের একটা চিত্র পাওয়া যায়। তিনি বলেছিলেন, সেখানকার বাংলাদেশিরা কী অবস্থায় কাজ করে টাকা রোজগার করেন, তা নিজ চোখে দেখলে দেশে থাকা তঁাদের পরিবারের লোকজনের সে টাকা যথেচ্ছ খরচ করতে মন চাইবে না। এ রকম মানবেতর পরিবেশ মেনে নিয়েও নিম্ন আয়ের দেশ থেকে ভাগ্যান্বেষী মানুষের দেশান্তরি হওয়ার ইতিহাস বহু প্রাচীন। স্বাধীনতার পর বিদেশে ভাগ্যান্বেষী বাংলাদেশি মানুষের জন্য একটা নতুন দরজা খুলে যায়—মধ্যপ্রাচ্য ও আরব। সত্তর দশকের প্রথম দিকে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন শুরু হলে সেখানে অদক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হয়। ফলে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিকের কর্মসংস্থান হয় সেসব দেশে। এখনো আরব বিশ্বেই বাংলাদেশি শ্রমিকের ঘনত্ব সবচেয়ে বেশি। পরবর্তী সময়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা কোরিয়ার মতো কিছু নব-শিল্পায়িত দেশেও অদক্ষ শ্রমিকের চাহিদা সৃষ্টি হলে বাংলাদেশি জনশক্তির একটা ছোট অংশ দক্ষিণ-পূর্ব এশিয়ার এসব দেশে পাড়ি জমানোর সুযোগ পায়।
পৃথিবীর দেশে দেশে বাংলাদেশি জনশক্তির এই উপস্থিতির দুটো শ্রেণি আছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রধান এবং বৃহত্তম অংশটি স্বল্পশিক্ষিত ও অদক্ষ, যঁারা সাধারণ শ্রমিক হিসেবে কোনো নির্দিষ্ট চুক্তিতে নির্দিষ্ট সময়ের জন্য বিদেশে যান জনশক্তি সরবরাহকারী ঠিকাদারদের মাধ্যমে। দেশের শ্রমবাজারে যোগ্য কোনো ধরনের কাজ না পেয়ে যেকোনো শর্তে বিদেশে পাড়ি জমানো এই জনশক্তির বেশির ভাগই নিম্ন আয়ের কিংবা কর্মহীন মানুষ। অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে ধরা পড়া এসব মরিয়া মানুষের খবর মাঝে মাঝে জানা গেলেও যঁারা সফলভাবে পাড়ি দিতে পারেন, তঁাদের কোনো খতিয়ান নেই কারও কাছে। এদের মূল কর্মস্থল হয় মধ্যপ্রাচ্য, সৌদি আরব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে। অন্য অংশটি কর্মরত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা কিংবা ইউরোপের বিভিন্ন উন্নত দেশে।
এই জনগোষ্ঠীর একাংশ আবার উচ্চশিক্ষিত, দক্ষ এবং বিশেষজ্ঞ, যেমন: চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি। প্রবাসী বাংলাদেশিদের এই অংশটির দেশত্যাগ দীর্ঘমেয়াদি কখনো বা স্থায়ীভাবে। এদের একাংশ ছিল উচ্চশিক্ষা গ্রহণের জন্য দেশত্যাগী শিক্ষার্থী ছাত্র ও শিক্ষক। অপর অংশটি স্বল্প দক্ষ কিংবা অদক্ষ শ্রেণির, যাদের প্রায়ই আবিষ্কার করা যায় বিদেশের বিমানবন্দর, শপিং মল কিংবা ফুটপাতের ধারের অস্থায়ী দোকানে।
ওপরের দুটি প্রধান শ্রেণির মধ্যে অদক্ষ, স্বল্প দক্ষ এবং অর্ধশিক্ষিত যে শ্রেণিটি বিদেশে যায়, তাদের সংখ্যা বিশাল, মোট ৮৬ লাখ প্রবাসীর মধ্যে ৫৩ লাখই (৬১ দশমিক ৬ শতাংশ) এসএসসির সিঁড়ি টপকাতে পারেননি (সূত্র: প্রথম আলো, ৩ আগস্ট ২০১৪)। অথচ এই শ্রেণির মাধ্যমেই আসে আমাদের রেমিট্যান্স আয়ের সিংহভাগ। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে আমাদের মোট বার্ষিক রেমিট্যান্স এক হাজার ৪৪৬ কোটি ডলারের ৬৩ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। অবশ্য ২০১৩-১৪ অর্থবছরের জুন পর্যন্ত এই পরিমাণ কমে হয়েছে এক হাজার ৪২২ কোটি ডলার। আর মধ্যপ্রাচ্য তথা আরব বিশ্বের অবদান কমে ৫৯ শতাংশ হলেও অবদান বিচারে এই শ্রেণিটির গুরুত্ব কমেনি। এখানে উল্লেখ্য, ভারতে বার্ষিক রেমিট্যান্স আসে সাত হাজার কোটি ডলারের বেশি আর পাকিস্তানে আসে এক হাজার ৪০০ কোটি ডলারের মতো।
যেসব দেশ থেকে আমাদের রেমিট্যান্স আসে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী-আয়ের স্থানটি সৌদি আরবের, তার পরের স্থানগুলো দখল করে আছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য ইত্যাদি। মধ্যপ্রাচ্যে যে কেবল অদক্ষ শ্রমিকেরাই কাজ করেন তা নয়, তাই মধ্যপ্রাচ্য বাদ দিলে অন্যান্য দেশের অদক্ষ শ্রমিকদের আয় যোগ করলে অদক্ষ ও স্বল্পশিক্ষিত প্রবাসীদের অবদানের চিত্র প্রায় অপরিবর্তিতই থাকে। এই শ্রেণির কর্মীবাহিনীর ব্যক্তিগত আয়ের পরিমাণ কম হলেও মোট রেমিট্যান্সে তাদের পাঠানো অর্থের অবদান বেশি হওয়ার গ্রহণযোগ্য কারণ আছে। প্রথমত, তাদের সংখ্যা বেশি, দ্বিতীয়ত, যে সামাজিক বা অর্থনৈতিক অবস্থান থেকে এই শ্রেণিটি কখনো সর্বস্ব উজাড় করে, কখনো ঋণ করে দেশান্তরি হয়, তাদের প্রধান উদ্দেশ্য থাকে, যত দ্রুত সম্ভব সেই টাকা রোজগার করে দেশে ফেরত পাঠানো। ফলে তারা কোনো ধরনের অপচয় না করে আয়ের প্রায় পুরো টাকাটাই দেশে পাঠানোর চেষ্টা করে। এই প্রয়াসে অদক্ষ প্রবাসী শ্রমিকেরা যে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হন বিদেশে, তার সাক্ষ্য মেলে শুরুতেই উদ্ধৃত ব্যাংক ম্যানেজারের জবানিতে।
প্রবাসী বাংলাদেশি জনশক্তির পাঠানো রেমিট্যান্সের যে প্রবণতা আমরা লক্ষ করি, তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের উচ্চশিক্ষিত যাঁরা বিদেশে কর্মরত এবং যাঁরা স্থায়ীভাবে অভিবাসী হয়ে যান, তাঁদের পাঠানো রেমিট্যান্স অদক্ষ ও অর্ধশিক্ষিত শ্রমশক্তির অবদানের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম। কারণ, সচ্ছল পরিবার থেকে গেলে কিংবা সপরিবারে অভিবাসী হলে তাঁদের আর দেশে টাকা পাঠানোর প্রয়োজন ও গরজ থাকে না।
সুতরাং আমাদের রেমিট্যান্স আয়ের মূল প্রবাহটি সচল রেখেছেন আমাদের অদক্ষ ও অর্ধশিক্ষিত প্রবাসীরাই। মধ্যপ্রাচ্যভিত্তিক এই রেমিট্যান্সের কিছু নিয়ামক নির্ণীত হয়েছে ২০০৯ সালে পরিচালিত এক সমীক্ষায়। এতে দেখানো হয়েছে, প্রত্যেক প্রবাসী শ্রমিক বার্ষিক ৮১৬ ডলার রেমিট্যান্স পাঠান দেশে। অবশ্য প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, প্রত্যেক পরিবার তাদের প্রবাসী নিকটাত্মীয়দের কাছ থেকে বার্ষিক প্রায় দুই হাজার ৫০০ ডলার প্রবাসী-আয় অর্জন করে। এতে অবশ্য শ্রমিকপ্রতি প্রবাসী-আয়ের হিসাব নেই। প্রথমোক্ত সমীক্ষায় আরও দেখানো হয়েছে, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আমাদের রেমিট্যান্স আয় বাড়ে, যার পরিমাণ প্রতি ডলারের জন্য বার্ষিক প্রায় দেড় কোটি ডলার। আবার ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার অবমূল্যায়নও রেমিট্যান্স আয় বৃদ্ধির নিয়ামক হিসেবে কাজ করে, যার পরিমাণ প্রতি এক টাকা অবমূল্যায়নের জন্য বার্ষিক প্রবৃদ্ধি প্রায় এক কোটি ৮০ লাখ ডলার।
আমাদের অর্থনীতিতে প্রবাসী-আয়ের অবদান মোট জিডিপির দশ শতাংশের মতো। এই আয় ব্যয়িত হওয়ার খাতওয়ারি হিসাবে পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানে দেখা যাচ্ছে (সূত্র: প্রথম আলো, ৩ আগস্ট ২০১৪) আমাদের প্রবাসী-আয়ের ৭৮ শতাংশ যায় খাদ্য (৩৯ শতাংশ), বস্ত্র, শিক্ষা, যাতায়াত (৩৯ শতাংশ) ইত্যাদি খাতে। বাকি ১৭ শতাংশ খরচ হয় জমি বা বাসস্থানে এবং ৫ শতাংশ যায় বিলাসদ্রব্যে। আলোচ্য সমীক্ষার ফলাফলে আবিষ্কৃত হয় প্রবাসী-আয়ের তিন-চতুর্থাংশই ভোগ হয়ে যায়, অর্থাৎ কোনো উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহৃত হয় না।
ওপরে আমাদের দেশের দেশান্তরি শ্রমশক্তির যে শ্রেণিবিন্যাস দেখা যায়, তাতে প্রবাসী-আয় ব্যবহারের এই প্রবণতা যুক্তিগ্রাহ্য। এমনকি বিলাসদ্রব্য আহরণ কিংবা সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে ব্যয়িত অর্থেরও কিছু মনস্তাত্ত্বিক যৌক্তিকতা আছে। এই আয় ভোগ্যপণ্যে অপচয় না হয়ে সরাসরি বিনিয়োগে ব্যবহৃত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু যেকোনো ব্যয়ই যে অর্থনীতির উৎপাদনচক্রের গতিতে বাড়তি শক্তি জোগায়, তা নিয়ে কোনো দ্বিমত নেই। এমনকি ভোগ্যপণ্যে ব্যবহারেরও রয়েছে পরোক্ষ অর্থনৈতিক ভূমিকা, কারণ, তা ভোগ্যপণ্যের বাজারকে বিস্তৃত করার মাধ্যমে সংশ্লিষ্ট সব খাতে সৃষ্টি করে বাড়তি উৎপাদন প্রণোদনা, যদিও তা সরাসরি এবং তাৎক্ষণিকভাবে দৃষ্টিগোচর হয় না। তেমনি শিক্ষা খাতে ব্যয়ের মধ্যে রয়েছে দক্ষ মানবসম্পদ তৈরির দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
এ রকম সমীক্ষা বিশ্বের অন্যান্য স্বল্পোন্নত দেশেও চালানো হয়েছে, যার ফলাফল প্রায় অভিন্ন। তবে এল সালভাদরে দেখা গেছে, প্রবাসী-আয় বৃদ্ধির ফলে সেখানে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমে গিয়ে শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব পড়ে। ফিলিপাইনেও দেখা গেছে, প্রবাসী-আয়ের বড় অংশ শিক্ষা খাতে ব্যয়ের প্রবণতা বেশি। আবার মেক্সিকোতে চালানো সমীক্ষায় দেখা গেছে, সেখানকার প্রবাসী-আয়ের বড় অংশ ব্যয় হয় তাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান সম্প্রসারণ এবং মূলধনি যন্ত্রপাতি আহরণে।
বিভিন্ন বিচ্ছিন্ন সমীক্ষার ফলাফলে দেখা গেছে, স্বল্পোন্নত দেশগুলোর প্রবাসী-আয় ব্যবহারের প্রবণতার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। কারণ, মূলত যে শ্রেণির মানুষ কর্মসংস্থানের জন্য দেশান্তরি হয়, তাদের পরিবারের প্রাথমিক প্রয়োজন থাকে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানোর, সে কারণেই খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা খাতে এই আয়ের সিংহভাগ ব্যয় হয়। এই ব্যয়ের কারণেই অর্থনীতির বিভিন্ন খাতে দেখা দেয় কর্মচঞ্চলতা, যা তাৎক্ষণিকভাবে হয়তো উপলব্ধি করা যায় না। আর এটাও স্মরণ রাখতে হবে যে নিম্ন আয়ের মানুষের পক্ষে প্রবাসী-আয় সরাসরি উৎপাদনশীল কোনো খাতে বিনিয়োগ করার সুযোগ নেই, যা মেক্সিকোতে দেখা গেছে। তবে তাদের বিভিন্ন ধরনের ব্যয় অর্থনীতিতে সৃষ্টি করতে পারে কার্যকর চাহিদা, যার সামষ্টিক অর্থনৈতিক প্রভাব উপেক্ষণীয় নয়।
আমাদের দেশের প্রবাসী-আয় বৃদ্ধি এবং তার কার্যকর বিনিয়োগের জন্য বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা হতে পারে। যেমন যেসব অদক্ষ শ্রমিক বৈধ-অবৈধ যেকোনো উপায়ে বিদেশে পাড়ি দিতে মরিয়া, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আধা দক্ষ করে দিতে পারলে বিদেশে তাদের উচ্চ মজুরি পাওয়ার সুযোগ তৈরি হয়, যা ভারত বা ফিলিপাইনের প্রবাসীরা ভোগ করে থাকেন। আবার প্রবাসীদের পোষ্য বা সন্তানদের যথাযথ শিক্ষার জন্য যদি জনশক্তি ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে কোনো প্রকল্প গ্রহণ করে, তাহলে প্রবাসী-আয়ের অর্থ সরাসরি মানবসম্পদ উন্নয়নে ব্যয়িত হওয়া নিশ্চিত করা যায়। এজাতীয় আরও বহু উদ্ভাবনী প্রকল্প গ্রহণের অবকাশ রয়েছে এই খাতের উন্নয়নে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কে বা কারা নেবে এই দায়িত্ব—আমলারা, রাজনৈতিক নেতৃত্ব, নাকি কোনো চিন্তাশীল আলোকিত মানুষদের কেউ?
l ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার৷
[email protected]