
আইএস বা সিরিয়ার বা লিবিয়ার গৃহযুদ্ধ বা ইরাকের আত্মঘাতী সংঘাত বা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উন্নতির পথের সম্পর্ক, এমনকি আগামী বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনও নয়, তাবৎ বিশ্বের নজর এখন ইউরোপে লক্ষাধিক সিরীয় উদ্বাস্তুর আগমন এবং এই আগমনকে ঘিরে মানবেতর সংকটের দিকে। ইতিপূর্বে ইউরোপের কিছু অংশে লিবীয় উদ্বাস্তুদের আগমনের প্রচেষ্টায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু, অতঃপর কিছু উদ্বাস্তুকে আশ্রয় দেওয়ার বিষয় প্রতিনিয়ত শোনা গেলেও এত বড় সংকটের মুখোমুখি হয়নি তৎকালীন পূর্ব ও পশ্চিম ইউরোপের ধনী দেশগুলো। অতীতে এত বড় সংখ্যায় সিরীয় উদ্বাস্তুদের কোনো ইউরোপীয় দেশে আগমন হয়নি। সিরীয়রা কখনোই এত বড় সংখ্যায় উদ্বাস্তুও হয়নি।
সিরিয়া একটি প্রাচীন মানবসভ্যতার নাম। এ অঞ্চলের নাম বিশ্বের বৃহৎ তিনটি ধর্মীয় কিতাব—কোরআন, বাইবেল ও ইঞ্জিলে উল্লেখিত রয়েছে। অতীতেও সিরিয়া অথবা লিবিয়ায় বহু সংকট হয়েছে, তথাপি লিবীয় অথবা সিরীয়রা, এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতেও এত বড় সংখ্যায় নিজের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেয়নি। শুধু সিরীয়রাই নয়, উত্তর আফ্রিকার লিবীয় উপকূল থেকে এত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্র পার হয়নি। যদিও লিবিয়া ছাড়াও উত্তর আফ্রিকার বহু দেশে তখনো গৃহযুদ্ধ চলছিল, কিন্তু লিবিয়ার পতিত শাসক মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার নাগরিক তথা সাহারা অঞ্চলের আফ্রিকানদের নিজের দেশে আশ্রয় দিলেও কোনোভাবেই সাগর পাড়ি দিতে দেননি। উত্তর আফ্রিকা এখন সে অবস্থায় নেই। কারণ অতি সহজ, খুব ব্যাখ্যার প্রয়োজন নেই।
মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া, ইরাক আর উত্তর আফ্রিকার লিবিয়া থেকে লাখ লাখ শরণার্থী শুধু ইউরোপে প্রবেশের অপেক্ষাতেই নয়, অনেকে পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে জর্ডান, লেবানন এবং তিউনিসিয়া ও মিসরের উদ্বাস্তুশিবিরে রয়েছে। লক্ষাধিক সিরীয় ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের ইচ্ছায় হাঙ্গেিরতে মানবেতর জীবনযাপন করছে। বেছে নিয়েছে জীবন বাজি রেখে এসব জায়গায় পৌঁছানোর পথ। শিশু আয়লান কুর্দির মৃত্যুর একটি চিত্রই যথেষ্ট ছিল এ সংকটের ভয়াবহতা তুলে ধরার জন্য। এর পেছনের কারণ অর্থনৈতিক নয়, এর কারণ পশ্চিমা বিশ্ব। বিশেষ করে ‘আরব বসন্তের’ কথা বলা যায়।
আরব বসন্ত শুরু হয়েছিল ২০১০ সালে, তিউনিসিয়ার গণজাগরণ থেকে। ২০১২ সালের মধ্যে একে একে উৎখাত হতে থাকেন লিবিয়া, মিসর, ইয়েমেনের শাসকেরা। তছনছ হয় এসব দেশ। এগুলোর মধ্যে শুধু মিসর কিছুটা সামলে নিলেও অভ্যন্তরীণ অব্যবস্থা দূর হয়নি। লিবিয়া এখন এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। হাজার হাজার লিবীয়সহ লিবিয়ায় বসবাসরত ভিনদেশি, বিশেষ করে বাংলাদেশিরাও অবৈধ পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে জীবন হারাচ্ছে। মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনাই এর প্রমাণ। অথচ তথাকথিত আরব বসন্তের আগে এ ধরনের ঘটনা কল্পনাও করা যায়নি।
আরব বসন্তের সর্বশেষ ধাক্কা লেগেছিল ২০১১ সালে সিরিয়ায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের ভ্রান্ত নীতির কারণে সিরিয়ায় ‘আরব বসন্তের’ নামে আসাদ সরকারকে উৎখাত করতে সূচিত হয় গৃহযুদ্ধ। প্রথমে ইরাকে, পরে সিরিয়ায় ব্যবহৃত হয় শিয়া-সুন্নি কার্ড। সিরিয়ার প্রতিবেশী সুন্নি রাষ্ট্র বিশেষ করে তুরস্ক, জর্ডান ও সৌদি আরব আসাদ উৎখাতে সুন্নি কার্ড ব্যবহার করতে গিয়ে ফ্রি সিরিয়ান আর্মি, আল-কায়েদা–সমর্থিত আল-নুসরা ফ্রন্ট ও সর্বশেষে আইএসের মতো আসাদবিরোধী উগ্র সংগঠনের জন্ম দেয়। সিরিয়ায় একদিকে যেমন আসাদ সরকার ইরান, রাশিয়া আর চীনের সহায়তায় টিকে রয়েছে, অপর দিকে পশ্চিমা বিশ্ব সিরিয়ার মরুভূমির চোরাবালিতে ক্রমেই নিমজ্জিত হচ্ছে। বের হওয়ার সহজ পথের সন্ধানে রত। সমস্যা দিনে দিনে কঠিন আকার ধারণ করছে।
সিরিয়া ও ইরাকের সুন্নিদের অসহায় অবস্থার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে তথাকথিত শিয়া-সুন্নির বিবাদ এখন তুঙ্গে। একদিকে সৌদি আরব, অপর দিকে ইরানের মধ্যে ভূ-কৌশলগত কারণে শক্তি প্রদর্শনে মহড়া চলছে। ইরান সর্বোতভাবে আসাদ সরকারের সমর্থনে রয়েছে। অনেক বিশ্লেষকের ধারণা, রাশিয়া নয়, ইরানের শক্তির বলেই সিরিয়ার আসাদ সরকার বিগত চার বছরের ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যেও টিকে রয়েছে। অপর দিকে সৌদি আরব প্রথমবারের মতো সীমানার বাইরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যে শক্তির মহড়া দিয়েছে, তা–ও একধরনের ভূ-কৌশলগত কারণেই। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য রাষ্ট্র একজোট হয়ে যে সামরিক শক্তির প্রদর্শন করেছে, তা ইরানকে একধরনের বার্তা দেওয়া বলে বিশেষজ্ঞরা মনে করেন। এরই প্রেক্ষাপটে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ও পারমাণবিক অস্ত্র তৈরির ওপরে একধরনের নিয়ন্ত্রণের চুক্তির পেছনে সিরিয়ায় আসাদের টিকে থাকার বিষয়টি পর্দার আড়ালে আলোচিত হয়েছে কি না, তা স্পষ্ট না হলেও অসম্ভব বলে মনে হয় না। ইরানের সঙ্গে এ চুক্তি ইরানের পারমাণবিক শক্তি সঞ্চয়ের পথে কতখানি বাধা হবে, তা নিয়ে সন্দিহান সৌদি আরব ও ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের এহেন অবস্থার মধ্যে সিরিয়া-সংকট আরও ঘনীভূত হচ্ছে। মাত্র সপ্তাহ খানেক আগে আইএস যোদ্ধারা সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে থাকা শেষ তেলক্ষেত্র জাঙ্গাল দখল করেছে বলে জানা গেছে। আইএস ক্রমেই তেলের কালোবাজারে জেঁকে যে বসছে, তা একপ্রকার ওপেন সিক্রেট। অপর দিকে আল-নুসরা মাত্র কয়েক দিন আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি বিমানঘাঁটি প্রায় দুই বছর অবরুদ্ধ রাখার পর এ সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে। ওই অঞ্চলে এটাই ছিল আসাদ সরকারের অন্যতম শক্তিশালী ঘাঁটি। আল-নুসরা ও ফাতাহ্ আর্মির ভাষ্যমতে, এই ঘাঁটি দখলের মধ্য দিয়ে আসাদ সরকার তিন দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে। আল-নুসরা ফ্রন্ট আল-কায়েদা–সমর্থিত বলে প্রমাণিত হলেও আসাদবিরোধী বৃহত্তর বিদ্রোহী গোষ্ঠী ফাতাহ্ আর্মির অংশ। বর্তমানে ফাতাহ্ আর্মি শুধু আসাদবিরোধী নয়, আইএসের সঙ্গে থেকে থেকে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। অপর দিকে আইএসের নৃশংসতার
হাত থেকে সিরিয়ার পুরাকীর্তিসহ সাধারণ নারগরিকেরা অক্ষত নেই। বস্তুতপক্ষে, মোটাদাগে সিরিয়া এখন ত্রিমুখী সংঘাতে জর্জরিত।
>শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হবে একটি ঐতিহাসিক জনপদ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। অন্যথায় এই মানবিক বিপর্যয়ের দায়িত্ব বয়ে বেড়াতে হবে উন্নত নৈতিকতার বাহক বলে পরিচিত উন্নত বিশ্বের দেশ ও মানুষকে
এরই প্রেক্ষাপটে নতুন আঙ্গিকে যোগ হয়েছে যুক্তরাষ্ট্র-রাশিয়া নতুন বিবাদ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া নতুন করে সিরিয়া সরকারকে অস্ত্র ও অধিক সংখ্যায় সামরিক উপদেষ্টা সরবরাহ করা অব্যাহত রেখেছে। অবশ্য রাশিয়া স্বীকার করে বলেছে যে মস্কো আসাদকে সামরিক উপদেষ্টা ও প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রাখবে। প্রতি-উত্তরে যুক্তরাষ্ট্র গ্রিস ও বুলগেরিয়াকে রাশিয়ার সামরিক পরিবহনের জন্য তাদের আকাশপথ নিষিদ্ধ করতে অনুরোধ জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ যে সিরিয়ার পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে মস্কো অন্তরায় হচ্ছে। অপর দিকে মস্কোর মতে, তথাকথিত ইসলামি উগ্রপন্থীদের দমনের জন্য আসাদের হাত শক্ত করা হচ্ছে।
সিরিয়ার এহেন পরিস্থিতিতে যে উদ্বাস্তু সমস্যা আরও বাড়ছে এবং এর চাপ পড়ছে ইউরোপের ধনী দেশগুলোতে, বিশেষ করে জার্মানি, অস্ট্রিয়া অথবা সুইডেনের মতো দেশগুলোতে। প্রতিদিন হাঙ্গেরি সীমান্তে হাজার হাজার শরণার্থীর উপস্থিতি বাড়ছে। এই প্রেক্ষাপটে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ার রাশিয়া, ব্রিটেনসহ অন্য শক্তিগুলোকে সিরিয়া–সংকটে শক্তি প্রয়োগ অথবা কোনো পক্ষকে সামরিক সহায়তা না করে আলোচনার পথ ধরতে অনুরোধ করেছেন। জার্মানি ইরানকেও এই আলোচনার প্রক্রিয়ায় যুক্ত করতে আগ্রহী। জার্মানি প্রথম থেকেই সিরিয়া-সংকটের শান্তিপূর্ণ সমাধান কামনা করে এসেছে। জার্মানির উদ্বেগ বেড়েছে হালে সিরিয়ায় রাশিয়ার বর্ধিত সামরিক উপস্থিতির কারণে। গত সপ্তাহে সিরিয়ার শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানের পথে ইরানের অন্তর্ভুক্তির কথা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সরাসরি উচ্চারণ করেছেন। মেরকেলের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে সিরিয়া-সংকটের শান্তিপূর্ণ সমাধানে ইরান যে বড় অনুঘটক, তা ইউরোপ ক্রমেই স্বীকার করতে শুরু করেছে।
যা-ই হোক, বর্তমানে ইউরোপের ওপর সিরিয়ার কয়েক লাখ শরণার্থীর যে চাপ বাড়ছে, তার প্রেক্ষাপটে সিরিয়ার সংকট সমাধানে স্থায়ী ব্যবস্থার একমাত্র পথ আলোচনা। এটা বুঝতে বেশ দেরি হলেও কাম্য, যদিও যুক্তরাষ্ট্রের মনোভাব পরিষ্কার নয়। অবশ্য জার্মান নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো যুক্তরাষ্ট্রের কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি। তবে ইরানকে এই মুহূর্তে সিরিয়া-সংকট সমাধানে এতখানি প্রাধান্য দেওয়ায় সৌদি আরব ও ইসরায়েল কতখানি সম্মতি দেবে তা দেখার বিষয়। ভূ-কৌশলগত কারণেই সৌদি আরব ইরানের অন্তর্ভুক্তি চাইবে না। অপর দিকে ইসরায়েল আসাদ ও ইরানকে সমভাবেই নিজের নিরাপত্তার অন্তরায় মনে করে। এই বাস্তবতায় আলোচনার মাধ্যমে সংকট সমাধান মোটেও সহজ হওয়ার নয়।
সামরিক বা ভূ-কৌশলগত জটিলতা, যা-ই থাকুক না কেন, বাস্তবতা হচ্ছে যে সিরিয়ার মতো একটি ঐতিহাসিক গর্বিত জাতি আজ বিপন্ন। দেশটির প্রায় এক-চতুর্থাংশ মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছে। যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য রয়েছে, তারা গ্রিস, হাঙ্গেরির সীমান্ত হয়ে জার্মানি, অস্ট্রিয়া আর সুইডেনের উদ্দেশে প্রতিনিয়ত পাড়ি দিচ্ছে। জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেন শরণার্থীদের বড় আকারে গ্রহণ করলেও সমগ্র ইউরোপের এক অবস্থা নয়। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন—যারা সিরিয়া-সংকটের অনুঘটক, তাদের তরফ থেকে জার্মানির মতো শরণার্থীদের জন্য উন্মুক্ত বাহুর প্রদর্শন হচ্ছে না। অথচ রাশিয়াসহ এসব দেশের হাতেই রয়েছে শান্তিপূর্ণভাবে সিরিয়া-সংকটের সমাধান। এ সংকট বেশ জটিল আকার ধারণ করেছে, তবু শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হবে একটি ঐতিহাসিক জনপদ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। অন্যথায় এই মানবিক বিপর্যয়ের দায়িত্ব বয়ে বেড়াতে হবে উন্নত নৈতিকতার বাহক বলে পরিচিত উন্নত বিশ্বের দেশ ও মানুষকে।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]