মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশ থেকে বিতাড়নের লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর পোড়ামাটি নীতি অনুসরণের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতি অবশেষে বিশ্ববিবেককে নাড়া দিতে শুরু করেছে। মিয়ানমারের নাগরিক অধিকারবঞ্চিত
এই জনগোষ্ঠীর বিরুদ্ধে সে দেশের সামরিক দমন নীতির প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা এখন বড় মানবিক সংকটের মুখে। সম্প্রতি আসা দেড় লাখের বেশি অসহায় আশ্রয়প্রার্থীর চাপ সহ্য করার সামর্থ্য ও ক্ষমতা না থাকলেও বাংলাদেশকে তার সীমানা কিছুটা হলেও খুলে দিতে হয়েছে। দেশে কয়েক দশক ধরে যে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীরা রয়েছে, তাদের সংখ্যাও চার লাখ বলে বিভিন্ন সূত্রে বলা হয়ে থাকে।
এই মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের যেখানে উচিত ছিল নিরাপত্তা পরিষদের সহায়তা কামনা, সেই কাজটি করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ৫ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের কাছে চিঠি লিখে মানবিক দুর্যোগ এড়ানোর জন্য এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের কারণে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অং সান সু চির মানবিকতা যখন প্রশ্নের মুখে, অন্য নোবেলজয়ীরা যখন খোলা চিঠি দিয়ে তাঁকে রোহিঙ্গাবিরোধী অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন, তখন দেশটি সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত যে এশিয়ায় নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে চায়, সে কথা সুবিদিত। কিন্তু আরাকান রাজ্যে যখন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মিয়ানমারের সীমান্তে যখন পলায়নরত নিরীহ জনগোষ্ঠীকে লক্ষ্য করে মাইন পোঁতা হচ্ছে, তখন সু চির সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে শরণার্থী-সংকটের কোনো কথা নেই। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তিনি তাঁর ভাষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের ভূমিকার প্রশংসা করেছেন। সে জন্য সু চি তাঁর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
কথিত ইসলামি সন্ত্রাসবাদের হুমকির কথা বলে একটি মানবিক সংকটকে আড়াল করার আরও একটি নতুন দৃষ্টান্ত তৈরি হলো গতকাল নেপিডোতে। আরাকান স্যালভেশন ফোর্স বা আরসার সাম্প্রতিক দুই দফা হামলার পর যেভাবে ইসলামি জঙ্গিবাদের হুমকির কথা বলা হচ্ছে, তাতে আরাকানের মূল সমস্যাটিই এড়িয়ে যাওয়া হচ্ছে। মিয়ানমার সরকারের নিয়োজিত কফি আনান কমিশনই বলেছে, নাগরিকত্বের ইস্যুটিই হচ্ছে ওই রাজ্যের সমস্যার মূল। ওই কমিশনই বলেছে, রোহিঙ্গাদের নাগরিক অধিকার স্বীকৃত না হলে দেশটিতে উগ্রপন্থা বিস্তারের ঝুঁকি তৈরি হবে। অথচ মূল সমস্যায় নজর না দিয়ে তারা উপসর্গকেই এখন প্রধান বিবেচ্য করেছে। জাতিসংঘ মহাসচিবও ওই নাগরিকত্ব সমস্যা সমাধানকে সবচেয়ে জরুরি বলে মত দিয়েছেন।
প্রশ্ন হচ্ছে, এ রকমই কি হওয়ার কথা ছিল? বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন প্রধানমন্ত্রী মোদির ভাষাতেই সর্বকালের মধ্যে সবচেয়ে ভালো। সেই বন্ধুরাষ্ট্রটি যখন উপচে পড়া রোহিঙ্গা শরণার্থীদের ধারণ করতে পারছে না, তখন তিনি বাংলাদেশের জন্য একান্ত আলোচনায় কী বলেছেন আমরা জানি না। তবে প্রকাশ্য বিবৃতিতে শরণার্থীপ্রবাহ বন্ধের আহ্বান না থাকায় প্রশ্ন ওঠা স্বাভাবিক যে আমাদের কূটনীতিকেরা গত ১০ দিনে কী করেছেন। তাঁরা কি দিল্লির নীতিনির্ধারকদের আমাদের সমস্যাটি বোঝানোর কোনো চেষ্টা করেছিলেন? আর আমাদের অবস্থান তুলে ধরার পরও যদি সেই কাঙ্ক্ষিত সহানুভূতি থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি, তাহলে তো আমাদের পররাষ্ট্রনীতিরই একটা আমূল পর্যালোচনা প্রয়োজন।
রোহিঙ্গাদের মুসলিম হিসেবে চিহ্নিত করতেই বেশি আগ্রহী মিয়ানমার। ভারতেরও বর্তমান সরকারের প্রধান আপত্তি সে দেশে মুসলিম অভিবাসনে। বিজেপি সরকারের ঘোষিত নীতিতেও সে কথা বলা আছে। মিয়ানমার ও ভারতের অভিন্ন অবস্থান কি তাহলে শুধু ওই জনগোষ্ঠীর মুসলিম পরিচয়? তা না হলে আমরা এখনো আশা করব, ভারত তার গণতান্ত্রিক ঐতিহ্যের কারণে মানবতার পক্ষে দাঁড়াবে। মিয়ানমারে গণহত্যা বন্ধে জোরালো ভূমিকা নেবে। একাত্তরে গণহত্যার বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল, মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধেও সেই অবস্থান প্রত্যাশিত। আর মিয়ানমারে যা চলছে, তাকে গণহত্যা অভিহিত করতে আর কারও কুণ্ঠিত হওয়ার কথা নয়। জাতিসংঘ মহাসচিব বলেছেন, দেশটিতে যা চলছে, তা জাতিগত নির্মূলের পর্যায়ে পড়তে পারে।