মানুষ আবার কাঁদতে শিখুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারানো ব্যক্তিদের শোকার্ত স্বজন
যশোরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারানো ব্যক্তিদের শোকার্ত স্বজন

ধরা যাক, গতকাল ঢাকার চিড়িয়াখানায় পাঁচটা হরিণ মারা গেছে। তাহলে আজকের খবরের কাগজগুলোতে কী ধরনের খবর আপনারা দেখতে পেতেন?
আচ্ছা, যদি পাঁচটা বাঘ মারা যায় এক দিনে, চিড়িয়াখানায়?
আমি কল্পনা করি, প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় পাঁচটা বাঘের ছবি ছাপা হবে। সারিবদ্ধভাবে পাঁচটা মৃতদেহ পড়ে আছে। এবং সেটা দোষের কিছু নয়। প্রথমত, পৃথিবীতে বাঘ কমে যাচ্ছে। দ্বিতীয়ত, চিড়িয়াখানায় বাঘ ভালো থাকবে, সেটাই কাম্য। মারা যাওয়াটা অস্বাভাবিক ঘটনা। কাজেই এটা বড় নিউজ। তৃতীয়ত, বাঘের মৃত্যু একটা অসচরাচর ঘটনা। যা নিত্যদিন ঘটে, তা সংবাদ হয় না।
এবার নিচের খবরটা পড়ুন।
‘যশোরের কেশবপুরে একটি বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে পাঁচজন মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার সরসকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার বরণডালি গ্রামের হামিদ আলী (২৫) ও ইকবাল হোসেন (৩৬), মির্জানগর গ্রামের আল আমিন (২০) এবং সরসকাটি গ্রামের আহাদ আলী গাজী (৪৫) ও তাঁর ছেলে শফিকুল ইসলাম (২২)। এর মধ্যে প্রথম তিনজন নির্মাণশ্রমিক। বাকি দুজন নির্মাণাধীন বাড়িটির পাশের বাড়ির বাসিন্দা।
মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে ওই পাঁচজন মারা গেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরসকাটি গ্রামে অজিয়ার মোড়লের বাড়ির নির্মাণাধীন ওই সেপটিক ট্যাংকের ছাদের বাঁশ ও তক্তা খুলতে নামেন নির্মাণশ্রমিক হামিদ আলী। নামার পর তিনি ট্যাংক থেকে বের না হলে সেখানে নামেন প্রধান মিস্ত্রি ইকবাল হোসেন। তিনিও না উঠলে তাতে নামেন শ্রমিক আল আমিন। এরপর আল আমিনও ওঠেননি। পরে তাঁদের উদ্ধার করতে ট্যাংকে নামেন প্রতিবেশী আহাদ আলী ও তাঁর ছেলে শফিকুল। একে একে সবাই ট্যাংকের মধ্যে মারা যান।
লাশ উদ্ধার করে যাঁর যাঁর বাড়িতে পাঠানোর পর তিনটি গ্রামে শোকাবহ পরিবেশ তৈরি হয়। আহাদ আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী নির্বিকার বসে আছেন। ছেলে ও স্বামীকে হারিয়ে কান্নার ভাষাও হারিয়ে ফেলেছেন তিনি।
প্রধান মিস্ত্রি ইকবাল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা রূপবান মাতম করছেন। স্ত্রী রোক্সানা মেয়ে মিম ও লামিয়াকে নিয়ে প্রলাপ বকছেন।’ (প্রথম আলো, ৮ আগস্ট ২০১৬)।
এই খবরটা পড়েও স্তব্ধ হতে হয়। প্রথমে একজন মিস্ত্রি নামলেন ট্যাংকে। তিনি উঠছেন না দেখে নামলেন প্রধান মিস্ত্রি। তাঁকে উঠতে না দেখে নামেন আরেকজন শ্রমিক। তিনজনের কেউই উঠছেন না দেখে নেমে পড়েন আরও দুই পড়শি, তাঁরা আবার পিতা-পুত্র।
এই ঘটনারও সংবাদমূল্য আছে। মানুষ মানুষের বিপদে কীভাবে এখনো এগিয়ে আসে! কীভাবে, কত সামান্য কারণে আমরা হারালাম অমূল্য পাঁচটা প্রাণ!
এবং সেপটিক ট্যাংকে মানুষের মৃত্যু।
এই দুর্ঘটনা প্রায়ই ঘটে। ৯ মে ২০১৬-এর প্রথম আলোতেই আছে, ‘নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও সাত শ্রমিক। আজ সোমবার দুপুরে সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।’
এই খবর ধরে দুটো দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক. সেপটিক ট্যাংকে ঢুকলে মানুষ মারা যায়, এই কথা জানার পরেও কেন আমরা সাবধান হই না? সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় কেন আমরা নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করি না? সেপটিক ট্যাংকে নামার আগে কী কী নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা দরকার, তার বিধিমালা কেন তৈরি করি না?
দুই. মানুষের জীবন কত সস্তা এই দেশে! মানুষ মারা গেলে আর বড় কোনো খবর হয় না। পত্রিকার প্রথম পাতায় সে খবর স্থান পায় না। শীতে শালিক পাখি মারা গেলে খবর হয়। উঁচু বিল্ডিংয়ের সানশেডে বিড়াল আটকা পড়লে খবর হয়। শুধু মানুষের মৃত্যু, গরিব মানুষের মৃত্যু, অখ্যাত নামহীন-গোত্রহীন মানুষের মৃত্যু আর আমাদের চৈতন্যে কোনো রকমের আঁচড় কাটে না।
আমাদের অনুভূতি ভোঁতা হয়ে যাচ্ছে। এইটাই আসলে খবর।
আমাদের সেই অনুভূতিগুলোকে ফিরিয়ে আনতে হবে। আমরা যেন একটা শালিকের মৃত্যুতেও ব্যথা পাই। আমরা যেন একটা হরিণের মৃত্যুতেও কাতর হই। আমরা যেন বাঘের মৃত্যুতে প্রতিবাদী হই। আমরা যেন একজন মানুষের মৃত্যুতেও শোকগ্রস্ত হই।
জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘আমি কবি সেই কবি, আকাশে কাতর আঁখি তুলি হেরি ঝরা পালকের ছবি।’ একটা পালক খসে গেলেও কবি দুঃখ পান। আর আমরা মানুষের প্রাণ ঝরে গেলেও আর দুঃখ পাই না।
এই জায়গাটাতেই বোধ হয় আমাদের কাজ করতে হবে। কেশবপুরের মানুষেরা একজনের বিপদে আরেকজন এগিয়ে গেছেন। একজনকে বাঁচাতে এগিয়ে গিয়ে আরেকজন মারা গেছেন। তার মানে বাংলাদেশের মানুষের মধ্য থেকে ভালোবাসা, সহমর্মিতা, একের বিপদে অন্যের এগিয়ে আসার মনোবৃত্তি এখনো রয়ে গেছে। বিশেষ করে গ্রামের মানুষের মধ্যে, বিশেষ করে গরিব মানুষের মধ্যে এই অমূল্য মানবিকতা আজও বিরাজমান। আমাদের সবার মধ্যে সেই মূল্যবোধটুকু ফিরিয়ে আনতে হবে।
মূল্যবোধ কথাটা আমি ভেবেচিন্তে ব্যবহার করেছি। এর মধ্যে ‘মূল্য’ এই শব্দটা আছে। মানুষের প্রাণ অমূল্য—এই কথাটা আমরা ভুলে গেছি। এই কথাটা আমাদের শিখতে হবে। এই কথাটা রাষ্ট্র ভুলে গেছে। এই কথাটা রাষ্ট্রীয় মূল্যবোধের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে।
মহামতি আলেক্সান্ডার গিয়েছিলেন দার্শনিক ডায়োজেনেসের কাছে। এই দার্শনিক তখন একটা চৌবাচ্চায় গোসল করছিলেন। রোদের মধ্যে পানিতে শরীর ডুবিয়ে আছেন তিনি। মহান আলেক্সান্ডার গেছেন তাঁর সামনে। তাঁর খেয়ালই নেই। আলেক্সান্ডার বললেন, আমি আপনার জন্য কিছু একটা করতে চাই। আমি আপনার জন্য কী করতে পারি?
ডায়োজেনেস উত্তর দিলেন, আপনি আমার রোদ আটকে রেখেছেন। আপনার ছায়া পড়েছে আমার শরীরে। আপনি দয়া করে সরে দাঁড়ান। আপনি রোদ আসতে দিন। আপনি যা আমাকে দিতে পারেন না, তা আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন না।
রোদ আমরা কেউ কাউকে দিতে পারি না। কাজেই রোদ থেকে আমরা কেউ কাউকে বঞ্চিতও করতে পারি না। জীবনও আমরা কেউ কাউকে দিতে পারি না। কাজেই জীবনও কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে না পারার ফলে যদি কারও মৃত্যু হয়, অঙ্গহানি হয়, স্বাস্থ্যহানি হয়, তার দায়িত্ব নিয়োগকর্তার ওপর বর্তায়। ম্যানহোলের ঢাকনা না থাকার ফলে আমাদের শিশুরা ট্যাংকে পড়ে মারা যাচ্ছে। তার দায়িত্ব অবশ্যই কর্তৃপক্ষের। আমরা মানুষের জীবনকে দেখি সংখ্যা হিসাবে। বলি, সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু। ৩৩ নিতান্তই একটা সংখ্যা আমাদের কাছে।
কবি নির্মলেন্দু গু্ণ একবার আমেরিকায় একটা কবিসভায় গিয়ে হাজির হয়েছিলেন। ওই সময় বাংলাদেশে সামুদ্রিক জলোচ্ছ্বাসে লাখো মানুষের মৃত্যু হয়েছিল। নির্মলেন্দু গুরণ ওই সভায় বাংলাদেশের নিহত মানুষের জন্য শোক প্রকাশ করে তাঁর কথা শুরু করেছিলেন। সভার শেষে একজন আমেরিকান বিট প্রজন্মের কবি তাঁকে বলেছিলেন, তোমাদের দেশে মানুষের মৃত্যু নিয়ে তোমরা শোক করবে কেন? তারপর এক হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি গোল করে আরেক হাতের তর্জনী সেদিকে নির্দেশ করে বলেছিলেন, তোমাদের দেশে মানুষ উৎপাদন করা তো খুব সহজ।
নির্মলেন্দু গুেণের স্মৃতিকথার এই প্রসঙ্গটি যতবার আমার মনে হয়, ক্ষোভে-দুঃখে-অপমানে আমার শরীর জ্বলে ওঠে। বাংলাদেশের মানুষও মানুষ।
প্রতিটা মানুষই মানুষ। প্রতিটা মানুষের বেঁচে থাকার অধিকার সমান। এবং প্রতিটা মানুষের মৃত্যু দুঃখজনক, তার ক্ষতি অপূরণীয়। একটা মানুষের যখন ক্যানসার হয় বা হৃদ্রোগ হয়, তখন তাকে সাহায্য করতে আমরা যখন সম্মিলিতভাবে এগিয়ে আসি, তখন আমরা বুঝি, মানুষের জীবন বাঁচাতে কত আয়োজন দরকার হয়, আর আমাদের কারও কোনো উদ্যোগে যদি একটা পরিবারও তার স্বজনকে ফিরে পায়, আমাদের কী যে ভালো লাগে!
অথচ এই দেশে কী অবলীলায় মানুষের প্রাণ চলে যায়, কেড়েও নেওয়া হয়।
জঙ্গিবাদের উৎসও এই মূল্যবোধের অভাব। আমাদের ধর্মে বলা আছে, যে একজন মানুষকে হত্যা করল, সে যেন সমস্ত মানবজাতিকেই হত্যা করল, এই কথার মর্ম উপলব্ধি করতে পারলে বহু সমস্যার সমাধান হয়! তেমনিভাবে রাষ্ট্রকেও মানবিক হয়ে উঠতে হবে। অনেক সময় আমরা বলি, অপরাধীর আবার মানবাধিকার কী! এই কথাটার মধ্যেই কিন্তু সংবেদনহীনতার বীজাণু নিহিত রয়েছে।
আমাদের সংবেদনশীলতা ভোঁতা হয়ে যাচ্ছে। সেটা ফিরিয়ে আনতে হবে। মানুষ হাসতে পারে, মানুষ কাঁদতে পারে, মানুষের কেবল পাঁচটি ইন্দ্রিয় নেই, আরেকটা ইন্দ্রিয় আছে, তার নাম মানবিকতা, সেটা না থাকলে আমরা যে মানুষ নামের যোগ্য নই, সেই ব্যাপারটা ছোটবেলা থেকেই আমাদের হৃদয়ে স্থায়ীভাবে এঁকে নিতে হবে। মানুষ মানুষের বেদনায় কাঁদতে ভুলে যাচ্ছে, মানুষ আবার কাঁদতে শিখুক।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।