মানুষ আলী খেলোয়াড় আলীর চেয়েও বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্যপ্রয়াত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী
সদ্যপ্রয়াত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী

‘যেন আমারই একটি অংশ বিচ্যুত হয়েছে’, ৩ জুন, জগদ্বরেণ্য বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর তিরোধানে এই মন্তব্য করেছেন তাঁরই এককালীন প্রতিপক্ষ ও আরেক বিশ্বচ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান। ১৯৭৪ সালে আফ্রিকার জায়ারে অনুষ্ঠিত ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ নামে খ্যাত ঐতিহাসিক মুষ্টিযুদ্ধে আলীর কাছে ফোরম্যান তাঁর বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হারিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আলীর বন্ধুত্বে তিনি ফিরে পেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি কিছু। এ কারণেই ফোরম্যান বলেছেন, মোহাম্মদ আলী তাঁর মুষ্টিযুদ্ধের চেয়েও অনেক বড়। তাঁর এই অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গভেদে বিশ্বের অযুত-কোটি শোকার্ত মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা যৌথ শোক বাণীতে বলেন, ‘মোহাম্মদ আলী ছিলেন সবচেয়ে বড়। তিনি বিশ্বকে নাড়া দিয়েছিলেন।’
সিভিল রাইটস অ্যাকটিভিস্ট ধর্মযাজক রেভারেনড অ্যাল শার্পটন বলেছেন, সব বিখ্যাত লোক বড় নয়। মুষ্টিযুদ্ধে বহু বিশ্বচ্যাম্পিয়নের আবির্ভাব ঘটেছে, কিন্তু কজন তাঁদের নাম জানেন? কিন্তু এ ক্ষেত্রে মোহাম্মদ আলীর অবস্থান সম্পূর্ণ ভিন্ন। শার্পটন উদাহরণস্বরূপ বলেন, ‘তিনি (আলী) মুষ্টিযুদ্ধের বেষ্টনীর ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই চ্যাম্পিয়ন ছিলেন। সব প্রতিকূলতার বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছিলেন। যে কারণে তিনি শুধু বিশাল ঝুঁকিই নেননি, তিনি সবই হারিয়েছিলেন। তিনি মুষ্টিযুদ্ধে সে সময়ের হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন, যে খ্যাতির সঙ্গে যুক্ত ছিল সব চাকচিক্য, কিন্তু তিনি সবই ত্যাগ করেছিলেন তাঁর ধর্মীয় বিশ্বাসের কারণে। এমনকি সে সময় চরম দক্ষিণপন্থী যাঁরা যুদ্ধের পক্ষে ছিলেন, তাঁরাও এই মানুষটিকে শ্রদ্ধা করতেন, কারণ তিনি আন্তরিকভাবেই তাঁর বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
ব্যক্তিগতভাবে এই বিশাল মাপের মানুষটিকে কাছ থেকে দেখা ও তাঁর বক্তব্য শোনার পরম সৌভাগ্য হয়েছিল আমার। ১৯৭৮ সালে ঢাকার বিশাল জনসভায় তাঁর সহজ-সরল প্রাণঢালা বক্তব্য বিমোহিত করেছিল আমার মতো অগণিত মানুষকে। তারপর যুক্তরাষ্ট্রে, ১৯৯০-এর দশকের প্রথমার্ধে মোহাম্মদ আলীর স্ত্রী লুনি আলী ও আলীর এক বন্ধুর মাধ্যমে তাঁর সঙ্গে ফোনালাপের সৌভাগ্য হয়। ১৯৮৪ সালে পারকিনসন্স ব্যাধি শনাক্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যগত সমস্যা পরবর্তী বছরগুলোতে আরও জটিল আকার ধারণ করে। কারও সঙ্গে দেখা করা বা কথা বলা তখন আরও সীমাবদ্ধ হয়ে পড়ে। সে পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে কথা বলা বিশাল সৌভাগ্যই ছিল বটে। রোগের কারণে তাঁর কথা জড়িয়ে গেলেও উচ্চারণে আবেগের কমতি ছিল না। তিনি উচ্ছ্বাসের সঙ্গে স্মরণ করলেন, তাঁর প্রতি বাংলাদেশের মানুষের প্রাণঢালা অভ্যর্থনার কথা। আমি যখন তাঁকে জিজ্ঞেস করলাম, তরুণদের প্রতি তাঁর কোনো বার্তা রয়েছে কি না, তিনি একই রকম আবেগের সঙ্গে বললেন, ‘প্রার্থনা...প্রার্থনা। বোন, আপনি তরুণদের বলুন, তাঁরা যেন পরম করুণাময়ের কাছে প্রার্থনা করে।’
মোহাম্মদ আলীর বিশালত্ব এখানেই যে তিনি যশ ও খ্যাতির শিখরে পৌঁছেও তাঁর বিশ্বাস সমুন্নত রাখার অঙ্গীকারে ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী এবং আফ্রিকান-আমেরিকান জাতীয়তাবাদের সমর্থক ধর্মীয় সংগঠন ‘নেশন অব ইসলামের’ মধ্য দিয়ে ষাটের দশকে তাঁর ঐতিহাসিক যাত্রা সত্তর দশকে বিবর্তিত হয় মূলধারার বিশ্বজনীন ইসলাম ধর্মে এবং পরবর্তী সময়ে তাঁর বিরামহীন আত্ম উন্নয়নের সংগ্রাম তাঁকে পৌঁছে দেয় সুফি দর্শনে। রোগের সঙ্গে লড়তে লড়তেই তিনি বিশ্বমঞ্চে আবির্ভূত হন শান্তি ও সম্প্রীতির উদ্দীপ্ত প্রতীক রূপে। জিম্মিদের উদ্ধারের জন্য কখনো ছুটে যান ইরাকে, আবার কখনো শান্তি রক্ষায় কাবুলে। তিনি রূপান্তরিত হন বিশ্ব নাগরিকে। ধর্মের অপব্যবহারকারী, নিরীহ, নির্দোষ মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে তাঁর জীবন এখনো এক উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী (১৭ জানুয়ারি, ১৯৪২) ক্যাসিয়াস মারসেলাস ক্লে ১৯৬০ সালের অলিম্পিকে লাইট হেভিওয়েট বক্সিংয়ে জিতে নেন স্বর্ণপদক। ১৯৬৪ সালে ক্লে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ‘অপরাজেয়’ সনি লিসটনকে পরাজিত করে হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়নের প্রথম মুকুট ধারণ করেন। তার পরপরই ‘নেশন অব ইসলামের’ সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা করে বিশ্ব অঙ্গনে তিনি আবির্ভূত হন মোহাম্মদ আলী রূপে।
১৯৮১ সালে মুষ্টিযুদ্ধ থেকে অবসর গ্রহণের এত বছর পরেও মোহাম্মদ আলীর খ্যাতি ও তাঁর প্রতি মানুষের ভালোবাসা যে কমেনি, তা তাঁর মৃত্যুর পর আবারও প্রমাণিত হলো। যৌবন ও খ্যাতির স্বর্ণশিখরে থাকা অবস্থায় তিনি সত্য, ন্যায় ও মানবাধিকারের জন্য খেতাব, যশ ও বিত্ত ত্যাগ করেছিলেন। তাঁর এই অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য তিনবার বিশ্বচ্যাম্পিয়নের অভূতপূর্ব রেকর্ড সৃষ্টির চেয়েও অনেক বড়। ১৯৬৭ সালে ধর্মীয় বিশ্বাস এবং বিবেকের কারণে ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবেন না—এই ঘোষণা দিয়ে তিনি হারিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়নের খেতাব, মুষ্টিযুদ্ধের লাইসেন্স, পাসপোর্ট ও মিলিয়ন ডলারের উপার্জন। তাঁর নির্ভীক কণ্ঠে উচ্চারিত হয়েছিল, ‘কেন তারা আমাকে ইউনিফর্ম পরে বাড়ি থেকে ১০ হাজার মাইল দূরে গিয়ে ভিয়েতনামের বাদামি বর্ণের মানুষের ওপরে বোমা ও বুলেট ছুড়তে বলবে, যখন লুইসভিলের তথাকথিত নিগ্রোদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয় এবং তাঁরা সাধারণ মানবাধিকার হতে বঞ্চিত! না, আমি বাড়ি থেকে ১০ হাজার মাইল দূরে গিয়ে আরেকটি দরিদ্র জাতিকে হত্যা ও পোড়ানোতে সহায়তা করব না। যারা তাদের ন্যায়, স্বাধীনতা ও সাম্যের জন্য লড়াই করছে, নিজেকে তাদের দাসত্বে বাঁধার যন্ত্রে পরিণত করে আমি আমার ধর্ম, মানুষ ও আমাকে অপমানিত করব না।’
ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে যেতে অস্বীকার করায় মোহাম্মদ আলীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার ডলার জরিমানা করা হয়। আলী আদালতে আপিল করেন। আইনি লড়াইয়ের চার বছর পর ১৯৭১ সালে সুপ্রিম কোর্ট আলীর পক্ষে রায় দেন।
মোহাম্মদ আলী বিজয় লাভ করেন। এই অনন্য বিজয়টি ছিল তাঁর অপার সৌন্দর্যমণ্ডিত মানবিক চেতনার নিষ্কলুষ বিজয়, যার আলো কয়েক প্রজন্মকে পথের দিশা দেবে।
শারমিন আহমদ: লেখক, গবেষক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা।