মানুষ জেগেছে, নেতাদের ঘুম ভাঙবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধরিত্রী বাঁচাতে নিউইয়র্কে পা–ফেলা বিশ্বের বৃহত্তম জলবায়ু মিছিল
ধরিত্রী বাঁচাতে নিউইয়র্কে পা–ফেলা বিশ্বের বৃহত্তম জলবায়ু মিছিল

সত্যি, রীতিমতো তাক লাগানো ঘটনা। তিন-সাড়ে তিন লাখ লোক ম্যানহাটনের দুই মাইল রাস্তাজুড়ে হাঁটছে। কারও হাতে পোস্টার ও ফেস্টুন, কারও হাতে ড্রাম বা স্যাক্সোফোন, কেউ বা দলবেঁধে গান ধরেছে। ২১ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তনের জন্য আশু পদক্ষেপের দাবি জানিয়ে বিশ্বের বৃহত্তম মিছিল হয়ে গেল এই শহরে। শুধু ছাত্র বা তরুণ নন, মিছিলে এসেছেন অশীতিপর বৃদ্ধা, যাঁরা ‘জলবায়ু পরিবর্তনের পক্ষে মা-ব্রিগেড’ নামে দল বেঁধেছেন। এসেছেন ধর্মযাজক, পাড়ার ইমাম, সিনাগগের পাদ্রি। এসেছেন নামজাদা তারকা ও রাজনীতিবিদ, তাঁদের মধ্যে লিওনার্দো ডি কাপ্রিও, আল গোর ও নিউয়র্কের মেয়র। কাঁধের ওপর শিশুকন্যাকে রেখে হাতে হাত ধরে এসেছেন নবদম্পতি। পাশাপাশি হাঁটছেন স্কুলশিক্ষক, নামজাদা আঁকিয়ে, নৃত্যশিল্পী। প্রায় ১০০ দেশের মানুষ, যাঁদের কেউ কেউ এসেছেন গ্রিস, এমনকি সুদূর পাপুয়া নিউগিনি থেকে। বাংলাদেশের প্রতিনিধিও রয়েছেন সেখানে।
যথার্থই ‘পিপলস মার্চ’। মার্চটি শুরু হয়েছিল বেলা সাড়ে ১১টায়, কলম্বাস সার্কেল হয়ে সেন্ট্রাল পার্কের গা ঘেঁষে, ১১ অ্যাভিনিউ দিয়ে হাঁটতে হাঁটতে তা শেষ হলো ৩৪ স্ট্রিটের মাথায়। তখন বেলা তিনটা। আমার মেয়ের কলেজ থেকে তিনটি বাসবোঝাই ছাত্রছাত্রী এসেছে, তাদের সঙ্গে যাতে সময়মতো দেখা হয়, সেই আশায় মিছিল এড়িয়ে আমরা আগেভাগে ৩৪ স্ট্রিটে অবস্থান নিলাম। গিয়ে দেখি সেখানে চলছে স্বতঃস্ফূর্ত ‘ব্লক পার্টি’। গান, নাচ, ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ‘টিচ-ইন’। পানি বিতরণের আলাদা জায়গা, অভুক্তদের জন্য বাদাম ও কিশমিশ। হাতে হাতে টি-শার্ট বিতরণ। অতি চতুর কেউ কেউ টেবিল বিছিয়ে ব্লক প্রিন্টিংয়ের ব্যবস্থা করেছেন। যথারীতি এনারকিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টির আসন্ন বিপ্লবের আহ্বান জানিয়ে বই ও ফ্লাওয়ার বিলি চলছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক দেশ মহাদুর্যোগের সম্মুখীন, সেই অশনি সংকেত জানাতেই এই জনতার মিছিল। অথচ উদ্বেগ নয়, মিছিলকারীদের কণ্ঠে আমি শুনি আনন্দধ্বনি। আমরা যদি এক হই, এই দুর্যোগ ঠেকানো সম্ভব, পৃথিবীর মানুষ সমস্বরে যেন সেই ঘোষণা জানাচ্ছে। কিন্তু যাদের লক্ষ্য করে এই ঘোষণা, এ কথায় কি তাদের সংবিৎ ফিরবে?
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু–সংকটের প্রধান কারণ জীবাস্মভিত্তিক জ্বালানি, মুখ্যত তেল ও কয়লার ব্যবহার। এই জ্বালানিশক্তির যথেচ্ছ ব্যবহারের কারণে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস পৃথিবীর ভূভাগের উত্তাপ বাড়াচ্ছে। কমবেশি ৩০ বছর ধরে জাতিসংঘের নেতৃত্বে বিশ্বের সব বাঘা বাঘা বিজ্ঞানী চেঁচাচ্ছেন, এখনই কিছু করো। না হলে পৃথিবীর অনেক দেশ তলিয়ে যাবে। জলবায়ুর ধরন বদলে যাওয়ায় কৃষি উৎপাদনের প্রকৃতিও বদলে যাবে। অভাব, দারিদ্র্য, মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
মহাদুর্যোগের মুখে পড়বে বাংলাদেশ। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের যে মডেল নির্মাণ করেছেন, সে অনুসারে অবস্থা না বদলালে আগামী ২০ বছরে বিশ্বের গড় উত্তাপ শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। কোনো কোনো কম্পিউটার মডেল অনুসারে, ২১০০ সাল নাগাদ বিশ্বের ভূভাগের তাপমাত্রা ৪ দশমিক শূন্য সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থায় সমুদ্রে জলভাগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের মতো সমুদ্রতীরবর্তী দেশসমূহের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যেতে পারে। বাংলাদেশ এমনিতেই বন্যাপ্রবণ দেশ। সেই প্রবণতা আরও বাড়বে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কাও বাড়বে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে মরুপ্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মারাত্মক বিপাকে পড়বে দেশের কৃষিব্যবস্থা। সমুদ্রতীরবর্তী এলাকায় লবণাক্ততা বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হবে দেশের লাভজনক মৎস্যক্ষেত্র। মালদ্বীপ বা সলোমন আইল্যান্ডসের মতো দ্বীপপ্রধান দেশসমূহের জন্য রয়েছে আরও ভয়াবহ সংবাদ। সমুদ্র ভূভাগের জলমাত্রা যদি বাড়তেই থাকে, তাহলে এসব দেশ আগামী ১০০ বছরের মধ্যে পুরোপুরি সমুদ্রগর্ভে তলিয়ে যাবে।
সমস্যা হলো, বিজ্ঞানীরা আশু ভবিষ্যতের যে আশঙ্কাপূর্ণ চিত্রটি আঁকছেন, ক্ষমতাশীলদের অনেকেই তা বিশ্বাস করেন না। তাঁদের ভাড়াটে বিজ্ঞানীর অভাব নেই, যাঁরা পালটা তত্ত্ব-উপাত্ত দিয়ে বলছেন, সব বাজে কথা। তেল-কয়লা বাদ দিয়ে বাতাস ও সূর্য থেকে বিকল্প বিদ্যুৎ বা জ্বালানিশক্তি সংগ্রহ সম্ভব। সেই প্রযুক্তি এখন মানুষের করায়ত্ত। কিন্তু জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য সৌরশক্তি থেকে জ্বালানি সংগ্রহের জন্য চাই বিপুল বিনিয়োগ। তার চেয়েও বড় কথা, তেল-কয়লা থেকে মুনাফা লাভের লোভ সামলানো। এর জন্য যে রাজনৈতিক মনোবল—পলিটিক্যাল উইল—চাই, চলতি বিশ্বনেতাদের তা নেই। চীন ও ভারতকে বাদ দিলে জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার মুখ্যত ঘটে শিল্পোন্নত দেশগুলোতে। একটি নতুন হিসাবে দেখছি, মাত্র ৯০টি বহুজাতিক সংস্থা, যার অধিকাংশই তেল উৎপাদক, বিশ্বের মোট দুই-তৃতীয়াংশ গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী। এদের মধ্যে শেভরন ও বিপি-জাতীয় কোম্পানি তো আছেই, আরও আছে চীন ও সৌদি আরবের সরকারি মালিকানাধীন তেল কোম্পানি। মাদক চোরাচালানি ও অস্ত্র রপ্তানির পর বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসাই হলো তেল। এই তেলের জন্য মধ্যপ্রাচ্যে আধা ডজন যুদ্ধ হয়ে গেল, যার জের এখনো সেই অঞ্চলের মানুষদের টানতে হচ্ছে। আমেরিকার ওবামা, জার্মানির ম্যার্কেল বা ইংল্যান্ডের ক্যামেরন—সবাই তেল কোম্পানির পকেটে। কার সাধ্য তেল কোম্পানির এই একচেটিয়া ব্যবসা বন্ধ করে?
তাহলে? এই তাহলের উত্তরটা আমরা পেলাম ২১ সেপ্টেম্বরের ক্লাইমেট মার্চ থেকে। না, নিউইয়র্কে তিন লাখ লোকের মিছিল হয়েছে অথবা বিশ্বের শতাধিক দেশে লাখ লাখ লোক মিছিল করেছে বলে তেলওয়ালাদের বুকে কাঁপন ধরে গেছে, তা কিন্তু নয়। এখন আমাদের কাছে স্পষ্ট, পরিবর্তন অর্জন করতে হলে আমাদের কী করতে হবে। আমাদের অর্থ নেই, অস্ত্র নেই। কিন্তু আমাদের আছে সংখ্যার শক্তি। যত বেশি মানুষ একযোগে আওয়াজ তুলবে, পরিবর্তনের সম্ভাবনা তত নিকটতর হবে। আমাদের সংখ্যার শক্তি শুধু মিছিলের রাস্তায় নয়, রাজনীতির মাঠেও প্রকাশ হওয়া সম্ভব। যে রাজনীতিক আমাদের স্বার্থের বদলে ওয়াল স্ট্রিটের অথবা স্টক এক্সচেঞ্জের স্বার্থ রক্ষা করবে, ওই সংখ্যার শক্তি দিয়েই তাদের ঘায়েল করা সম্ভব।
এই ক্লাইমেট মার্চ থেকে আমরা আরও একটা জিনিস শিখলাম। জলবায়ুর কথা বলছি বটে, কিন্তু তা আমাদের অন্য অধিকাংশ সমস্যা থেকে বিচ্ছিন্ন নয়। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সংযুক্ত গণতন্ত্র, সুশাসন, সমানাধিকার ও সামাজিক ন্যায়বিচার। জড়িত বেঁচে থাকার ও উন্নয়নের অধিকার। জড়িত সব জাতীয় ও আন্তর্জতিক প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ ও তা সম্পাদনে অংশগ্রহণের অধিকার। ক্ষমতা যারা আঁকড়ে থাকে, তারা যদি মানুষের অধিকার রক্ষার বদলে তেল কোম্পানির মুনাফা রক্ষা করে, তাহলে ক্ষতিগ্রস্ত হই আমরা, সাধারণ নাগরিকগোষ্ঠী। এই মোদ্দা কথাটা যদি আমরা বুঝি ও মানি, তাহলে দল ও মতের ভিন্নতা ছেড়ে আমরা একত্র হতে পারি। যেমন হয়েছে এই পরিবেশ মিছিলে। পরিবেশবাদীর সঙ্গে যুক্ত হয়েছেন নারী অধিকারকর্মী। ন্যায্য বেতন চান যে শ্রমিক, তিনি হাত মেলালেন শিক্ষাক্ষেত্রের সুস্থতা যার কাম্য। যে সংখ্যালঘু গোষ্ঠী নিজের অধিকারের স্বীকৃতি চান, তিনি হাতে হাত রেখে চললেন আমাজনের আদিবাসীর, যার অরণ্য ধ্বংস করে গড়া হচ্ছে নগর সভ্যতা। ঘোষিত হলো এই সত্য, আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত, অপরের কল্যাণের ওপর নির্ভরশীল নিজেদের কল্যাণ।
যে পরিবর্তনের কথা জলবায়ু মিছিলের লাখো মানুষ তুলেছে, তার জন্য প্রয়োজন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার কাঠামোয় আমূল পরিবর্তন। এমন পরিবর্তন কি আদৌ সম্ভব? যারা মুনাফার গোছা ধরে বসে আছে, তারা রাজি হবে কেন? কানাডীয় সমাজতাত্ত্বিক ও সামাজিক অ্যাক্টিভিস্ট নেওমি ক্লাইন সম্প্রতি দিস চেঞ্জেস এভরিথিং: ক্যাপিটালিজম ভার্সাস দ্য ক্লাইমেট নামে একটি বুদ্ধিদীপ্ত গ্রন্থ লিখেছেন, যার মূল প্রতিপাদ্য সম্ভব, পরিবর্তন অবশ্যই সম্ভব। তেমন সম্ভাবনা আমাদের নিজের হাতেই রয়েছে। নেওমি বিশ্বজুড়ে প্রচলিত দাস প্রথার অবসানের উদাহরণ দিয়েছেন। একসময় দাসব্যবস্থা ছিল তেলের ব্যবসার চেয়েও অধিক লাভজনক। এক যুক্তরাষ্ট্রেই ৪০ লাখ মানুষ দাস হিসেবে বন্দী ছিল। তার চেয়েও অধিক লাভজনক ছিল উপনিবেশবাদ। ইংল্যান্ড বা ফ্রান্সের যে ফুটানি, তার সবটাই ছিল উপনিবেশসমূহে তাদের নির্বিচার লুণ্ঠন। আমরা এ দুই ক্ষত থেকেই আজ মুক্ত।
জলবায়ুর পরিবর্তন কোনো এক দেশের বা বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠীর একার সমস্যা নয়। আমরা সবাই, পৃথিবীর ছোট-বড় প্রায় সব দেশ কোনো না কোনোভাবে এর ফলে আক্রান্ত হব। আজ না হয় কাল। আমি যদিও বেঁচে যাই, আক্রান্ত হবে আমার সন্তান। সে জন্য এখনই চাই আওয়াজ তোলার, হাত বাড়ানোর।
নিউইয়র্ক
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক৷