আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের বোরো ফসল তলিয়ে যাওয়ার খবর পেয়ে সেখানকার অবস্থা দেখতে ২১ এপ্রিল সুনামগঞ্জ গিয়েছিলাম। ২৫ এপ্রিল ঢাকা ফিরেছি। এখন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কী দেখে এলাম, তাহলে বলব: প্রথমত দেখলাম হাওরের বিস্তীর্ণ জলরাশি, ঠিক সাগরের মতো। তার নিচে যে রাশি রাশি ধান পচে গেছে, তা বোঝার উপায় নেই। তবে বাতাসে উৎকট দুর্গন্ধ পচন টের পাইয়ে দেয়: পচন শুধু দুধধানসহ কাঁচা ধানগাছ ও অন্যান্য জলজ উদ্ভিদের নয়; মাছ, ব্যাঙ ইত্যাদি জলজ প্রাণীরও।
দ্বিতীয়ত, যা দেখলাম ও শুনলাম, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। দেখলাম, হাওরবাসী মানুষের মুখগুলো শুকনো, মলিন, উদ্বিগ্ন, এমনকি আতঙ্কিতও। তারা সামনের দিকে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছে: আগামী একটা বছরের পুরোটাই। এই বৈশাখ মাসে সাধারণত তাদের এমন দূরদর্শী হওয়ার প্রয়োজন পড়ে না। বরং বৈশাখে নতুন ধান ঘরে উঠলে তারা সামনের একটা বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যায়। তখন তাদের সামনের দিনগুলোর কথা ভাবতে হয় না। ধান শুধু তাদের পেটের অন্নই জোগায় না, গরুর খাবার জোগায়, চুলোর জ্বালানি জোগায়, ঘরদোর মেরামত করার জন্য বাঁশ-কাঠ কেনার টাকা জোগায়। এক কথায়, ধান তাদের জীবন চলার পাথেয় জোগায়। এবার সেই ধান পাকার আগেই ঢলের পানিতে সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। সুনামগঞ্জের ১৪২টা হাওরের সব ধান নষ্ট হয়েছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটের কিছু কিছু হাওরের ধানও নষ্ট হয়েছে বলে খবর পাওয়া গেছে। বলা হচ্ছে সব জেলা মিলিয়ে প্রায় এক কোটি হাওরবাসী ব্যাপক ফসলহানির শিকার হয়েছে।
হাওরের ধান গেলে থাকে মাছ। কিন্তু পানির নিচে বিপুল পরিমাণ কাঁচা ধানগাছ পচে গিয়ে প্রচুর মাছও মরে গেছে। বৈশাখ মাসে মাছ মরা মানে বর্ষায় মাছের আকাল সৃষ্টি হওয়া। কারণ, মরেছে ডিমভরা মাছ, যারা ডিম ছাড়লে হাওর মাছে ভরে উঠত। কিন্তু এবার তা হবে না। যদিও সব হাওরের সমস্ত মাছ মরে যায়নি, তবু যে পরিমাণ মরেছে, মাছের মৌসুমে হাওরে মাছের আকালের জন্য তা-ই যথেষ্ট। আমি সুনামগঞ্জ শহরে মাছের বাজারে গিয়েছিলাম। তার কয়েক দিন আগে স্থানীয় প্রশাসন মাইকিং করে আপাতত মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছে। তাই বাজারে মাছ ছিল না। কিন্তু মাছ ব্যবসায়ীরা আমাকে বলেছেন, নিষেধাজ্ঞা যদি না-ও থাকত, তবু বাজারে মাছ উঠত না। কারণ, এখন নাকি হাওরে মাছ পাওয়া যাচ্ছে না; হাওরসংলগ্ন নদীগুলোতেও মাছ পাওয়া যাচ্ছে না।
পচা দুর্গন্ধ ও বিপুল পরিমাণ মাছ মরার বিষয়টি সুনামগঞ্জের মানুষের মনে বিস্ময়ের সৃষ্টি করেছে। সত্তরের বেশি বয়সী লোকজন আমাকে বলেছেন, তাঁরা তাঁদের জীবনে এর আগে কখনো হাওরের বাতাসে এমন উৎকট দুর্গন্ধ পাননি, এত মাছ মরতেও দেখেননি।
সুনামগঞ্জ প্রায় ২৫ লাখ মানুষের জেলা। বছরে তাঁদের মোট খাদ্যচাহিদা ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন, গত বছর তাঁরা উৎপাদন করেছেন প্রায় ৯ লাখ মেট্রিক টন, অর্থাৎ চাহিদার দ্বিগুণ। বাংলাদেশের খুব কম অঞ্চলেই এত বিপুল পরিমাণ উদ্বৃত্ত ধান উৎপন্ন হয়। এই ধান দেয় সুনামগঞ্জের হাওরগুলো। এবার ১ লাখ ৬৬ হাজার হেক্টর হাওরের জমিতে ধান লাগানো হয়েছিল; কিন্তু পুরোটাই নষ্ট হয়েছে। অবশ্য হাওরের বাইরে অপেক্ষাকৃত উঁচু কিছু জমি আছে, ৫০ হাজার হেক্টরের মতো। সেসব জমিতেও ধান লাগানো হয়েছে, তবে সেসব জমির ফলন হাওরের ফলনের মতো বিপুল নয়।
ফসলহানি এত ব্যাপক যে হাওরের বাইরে কতটুকু ধান বেঁচেছে তা আলোচ্য নয়। কারণ, তা দিয়ে খুব কমসংখ্যক মানুষের চাহিদা মিটবে। হাওরের ৩ লাখ ৩৩ হাজার পরিবার সব ধান হারিয়ে নিঃস্ব হয়েছে, এটাই চরম বাস্তবতা।
সংবাদমাধ্যমের বদৌলতে সরকারসহ সারা দেশের মানুষ হাওরাঞ্চলের দুর্যোগের খবর পাচ্ছে। মনে হচ্ছে, সরকার বিষয়টা বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুর্গত এলাকা সফর করেছেন; আগামীকাল সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফসলহারা কৃষকদের সাহায্য-সহযোগিতার দাবি জোরেশোরে উচ্চারিত হচ্ছে; সুনামগঞ্জকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার দাবিও উঠেছে। কিন্তু এ বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
সরকারি সহযোগিতার মধ্যে অতিসামান্য নগদ টাকা বিতরণ করা হয়েছে আর ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি (ওএমএস) চলছে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে—এমন কথা শুনতে পেয়েছি। ভিজিএফ কর্মসূচির আওতা কিছু বাড়ানো হয়েছে। কিন্তু এসব সহযোগিতা মোটেও পর্যাপ্ত নয়। প্রকৃতপক্ষে সুনামগঞ্জের সব হাওরবাসী এখন ‘ভালনারেবল’ জনগোষ্ঠী।
ফসলহারা হাওরবাসীর আসন্ন বিপদের মাত্রা অনুধাবন করা যাবে হাওরের গ্রামগুলোর অবস্থার কথা ভাবলে। আগামী কার্তিক মাস পর্যন্ত গ্রামগুলো বিচ্ছিন্ন একেকটা ছোট ছোট দ্বীপের মতো ভাসবে। চলাচলের একমাত্র বাহন হবে নৌকা। ফসল নষ্ট হয়েছে বলে গ্রামে খড়-নাড়া, খড়ি-লাকড়ি থাকবে না, মানুষের হাতে টাকা থাকবে না। ১০ বা ১৫ টাকা দরে কেন, ৫ টাকা দরেও যদি চাল বিক্রি করা হয়, সেই চাল কেনার সামর্থ্যও ফুরিয়ে যাবে বেশির ভাগ মানুষের। চাল কিনতে যাওয়ার জন্য নৌকাভাড়ার পয়সাও অনেকের থাকবে না। যারা চাল সংগ্রহ করতে পারবে, তাদের অনেকের চুলো জ্বলবে না জ্বালানির অভাবে। আর খাদ্য বলতে যদি শুধু চাল বোঝানো হয়, তাহলে এই মানুষগুলোর স্বাস্থ্যের অবস্থা কী দাঁড়াবে? হাওরের শিশুরা বাঁচবে কীভাবে? তাদের পুষ্টিহীনতা কী মারাত্মক মাত্রায় বেড়ে যাবে, তা কি কল্পনা করা যায়? অপুষ্টির কারণে রোগব্যাধি হলে তাদের চিকিৎসার কী হবে? প্রত্যক্ষ খাদ্যাভাবে না হোক, অপুষ্টিজনিত রোগব্যাধির শিকার হয়ে কত শিশু, নারী ও প্রসূতি মায়ের মৃত্যু হতে পারে, তা ভাবা দরকার।
সরকার যদি হাওর এলাকাকে ‘দুর্গত এলাকা’ হিসেবে ঘোষণা না-ও করে, তবু তা মারাত্মক দুর্গত এলাকাই—এ বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আমার সঙ্গে একমত প্রকাশ করেছেন যে সেখানে একটা দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে হাওরাঞ্চলের বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত সমগ্র জাতির। সরকারকে ত্রাণ-সাহায্য বহুগুণে বাড়াতে হবে; সেই সঙ্গে ত্রাণ বিতরণের কাজটা খুব সুষ্ঠুভাবে করতে হবে, যেন কেউ চুরি-দুর্নীতি করার সুযোগ না পায়। সুনামগঞ্জের পথেঘাটে অনেক মানুষকে বলতে শুনেছি, এখন কিছু মানুষ চুরি-দুর্নীতি করার জন্য তৈরি হচ্ছে। বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও অর্থবরাদ্দ আসবে, এই সুযোগে কিছু লোক দুর্নীতি করে আখের গোছানোর চেষ্টা করবে। তাই সরকারকে চুরি-দুর্নীতির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। দুর্নীতি দমন কমিশন শুধু দুর্নীতি হওয়ার পরে অভিযোগ পেলে তদন্ত করতে যায়। এখন তাদের উচিত কেউ যাতে দুর্নীতি করতে না পারে, সেই লক্ষ্যে আগাম পদক্ষেপ নেওয়া।
বন্যা-ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর যে সামাজিক উদ্যোগ লক্ষ করা যায়, হাওরাঞ্চলের এই বিপর্যয়ের ক্ষেত্রে তা এখনো লক্ষ করা যাচ্ছে না। কিন্তু এটা খুব দরকার। সরকারের একার পক্ষে বিপন্ন হাওরবাসীকে রক্ষা করা সম্ভব হবে না। ব্যবসায়ী-শিল্পপতি, ব্যাংক-বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসহ সমাজের ধনী অংশকেও এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উচিত হাওরাঞ্চলের মানুষগুলোর পাশে দাঁড়ানো।
হাওরে মানুষ মারা যায়নি বলে আমরা যদি তাদের দুর্গত অবস্থা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের জাতীয় সংবেদনক্ষমতা নিয়েই প্রশ্ন তুলতে হবে।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]